ইরান যুদ্ধে কেন বাংলাদেশের আমদানি-রপ্তানি নিয়ে শঙ্কা
ছবি: ভিডিও থেকে নেওয়া
শিপিং কোম্পানিগুলো ইতোমধ্যে নতুন সারচার্জ আরোপ শুরু করেছে। ১৪ টন ধারণক্ষমতার কনটেইনারে ৮০০ থেকে ২ হাজার ডলার পর্যন্ত সারচার্জ নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় ইতোমধ্যে বাড়তে শুরু করেছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি ব্যয়। প্রচলিত পরিবহন রুট বন্ধ বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জাহাজ ও কার্গো বিমানকে অনেক বেশি পথ ঘুরে আসতে হচ্ছে, যা পণ্য পরিবহন খরচ বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কবির আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর কাতার, কুয়েত, ওমান ও এয়ার এরাবিয়াসহ অন্তত ছয়টি আন্তর্জাতিক এয়ারলাইন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো পরিবহন স্থগিত করেছে। ঢাকা থেকে যেসব এয়ারলাইন এখনো চলাচল করছে, তারাও কার্গো বহন সীমিত করছে। ফলে তৈরি পোশাকসহ ১ হাজার ২০০ টনের বেশি পণ্য বিমানবন্দরে আটকে আছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, সমুদ্রপথেও সংকট তৈরি হয়েছে। বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথে পরিবহন করা হয়। বাংলাদেশের আমদানি করা এলএনজির বড় অংশ কাতার থেকে আসে, যা এই রুট ব্যবহার করে।
শিপিং কোম্পানিগুলো ইতোমধ্যে নতুন সারচার্জ আরোপ শুরু করেছে। ১৪ টন ধারণক্ষমতার কনটেইনারে ৮০০ থেকে ২ হাজার ডলার পর্যন্ত সারচার্জ নির্ধারণ করা হয়েছে। মার্স্ক লাইন, এমএসসি, সিএমএ সিজিএমের মতো বড় শিপিং কোম্পানি যুদ্ধঝুঁকি সারচার্জ আরোপ করছে। কেপ অব গুড হোপ হয়ে জাহাজ চলাচলে ১১-১৩ দিন বেশি সময় লাগছে এবং ব্যয় ১৫-২০ শতাংশ বাড়ছে।
জ্বালানি খাতে সবচেয়ে বড় চাপ পড়েছে। হরমুজ প্রণালি সংকটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে, তবে এলএনজির দাম ব্যাপক হারে বেড়েছে। জানুয়ারিতে ১০ ডলার/এমএমবিটিইউ-তে এলএনজি কিনলেও মার্চে তা ২৮ ডলারে পৌঁছেছে, যা প্রায় তিনগুণ। বাধ্য হয়ে সরকার স্পট মার্কেট থেকে প্রায় তিনগুণ দামে দুই কার্গো এলএনজি কিনছে, যাতে বাড়তি খরচ পড়ছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।
গ্যাস সংকটের কারণে কাফকো ও সিএফএল-সহ চারটি সার কারখানার মধ্যে তিনটি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি চালু রাখা হয়েছে। বোরো মৌসুমে এই সংকট সার সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করছে কৃষকরা।
পেট্রোল পাম্পে জ্বালানি বরাদ্দ ১০ শতাংশ কমানো হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ ৫০ এমএমসিএফডি কমানো হয়েছে। ড্রাম ও কন্টেইনারে তেল বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে দেশে ডিজেল মজুদ আছে ৯ দিনের, অকটেন ১৫ দিনের এবং ফার্নেস অয়েল ৬০ দিনের।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিকল্প রুট ব্যবহার করলেও শিপিং ভাড়া বাড়ায় পরিবহন ব্যয় বাড়বে। এলএনজির দাম বাড়লেও উৎপাদন ব্যয় বাড়বে।
ভোজ্য তেলের বাজারেও প্রভাব পড়েছে। মেঘনা গ্রুপের উপমহাব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার জানান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানিতে পরিবহন ভাড়া প্রতি টনে ৮ থেকে ১০ ডলার বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে প্রতি টনে ৩০ থেকে ৪০ ডলার।
সবজি রপ্তানিকারকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালায়েড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মনসুর জানান, গ্রীষ্ম মৌসুমের আগে এ অস্থিরতা উদ্বেগের কারণ, কারণ এ সময় মধ্যপ্রাচ্যে চার গুণ পর্যন্ত বেশি বাংলাদেশি সবজি রপ্তানি হয়।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেন, মূলত আমদানি নির্ভর দেশ হওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিকল্প উৎস এবং আর্থিক সংস্থানের বিষয়ে আগেভাগেই প্রস্তুতি নেওয়া জরুরি।
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা মনে করেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে সমস্যা তৈরি হবে, তবে এক সপ্তাহ বা ১০ দিন বন্ধ থাকলে বড় সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



