ইরান যুদ্ধ: বাংলাদেশে আমদানি-রপ্তানি-রেমিট্যান্স নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ৯:৫৮পরিবর্তন করতে ক্লিক করুন
ইরান যুদ্ধ: বাংলাদেশে আমদানি-রপ্তানি-রেমিট্যান্স নিয়ে শঙ্কা

ছবি: ভিডিও থেকে নেওয়া

শেয়ার করুন:

‘বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় সবসময় ভূরাজনৈতিক উত্তেজনার শিকার হয়। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রথম আঘাত লাগবে জ্বালানি খাতে।’

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের আমদানি ব্যয় বেড়ে যাওয়া, রপ্তানি বাণিজ্য ব্যাহত হওয়া এবং রেমিট্যান্স প্রবাহে ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূরাজনৈতিক এই অস্থিরতা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

 

গবেষক ও লেখক আলতাফ পারভেজ ঢাকা পেপারসকে  বলেন, ‘ইরান যুদ্ধের কারণে বাংলাদেশ সরাসরি সংকটে পড়বে। যুদ্ধের কারণে তেলের দাম বাড়বে বলে বাংলাদেশে মূল্যস্ফিতি দেখা দেবে। ফলে জিনিসপত্রের দাম বাড়বে। এ যুদ্ধে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ জড়িয়ে পড়েছে বলে প্রবাসী আয়ও ক্ষতিগ্রস্ত হবে। সবমিলিয়ে অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে।’

 

বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হারুন-উর-রশিদ বলেন, ‘বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় সবসময় ভূরাজনৈতিক উত্তেজনার শিকার হয়। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রথম আঘাত লাগবে জ্বালানি খাতে।’

 

ডেল্টা এলপিজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের মতে, দেশের জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা কার্যকর না থাকায় আমরা পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও এলএনজির দাম বাড়লে তার প্রভাব পড়বে অভ্যন্তরীণ বাজারে।

 

শুধু জ্বালানি নয়, হুমকির মুখে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকও। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘আমরা রপ্তানিনির্ভর দেশ। যুদ্ধের কারণে ইউরোপ-আমেরিকায় ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমলে পোশাকের চাহিদা কমবে। অন্যদিকে, সুয়েজ খালের কাছাকাছি সংঘাত বাড়লে পরিবহন ব্যয় ও সময় দুটোই বাড়বে।’ ফলে বিকল্প নৌপথ বেছে নিতে হলে পণ্য পরিবহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

 

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ তিনটি বড় ঝুঁকির কথা উল্লেখ করেন। প্রথমত, মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রধান আমদানি উৎস হওয়ায় জ্বালানি ও কাঁচামালের সরবরাহ শৃঙ্খল ব্যাহত হবে। দ্বিতীয়ত, সুয়েজ খাল সংকটে ইউরোপমুখী রপ্তানি বাণিজ্য স্থবির হতে পারে। তৃতীয়ত, প্রবাসী আয়ের প্রধান উৎস মধ্যপ্রাচ্যে নতুন কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে রেমিট্যান্সে ধাক্কা লাগবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করবে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে ইরানের প্রায় ৬৫০ বিলিয়ন ডলারের বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় ১ কোটি ৯ লাখ ডলারের পণ্য, যার সিংহভাগ পোশাক ও ফার্মাসিউটিক্যালস। ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবেও রয়েছে উল্লেখযোগ্য রপ্তানি বাজার। এই বাজারগুলো যুদ্ধের কারণে চাহিদা কমলে দেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে।

 

হারুন-উর-রশিদ আরও সতর্ক করে বলেন, ‘রাশিয়া ও চীন যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে বৈশ্বিক পণ্য পরিবহন পুরোপুরি বিপর্যস্ত হতে পারে।’

 

হুতি হামলার কারণে ইতোমধ্যে লোহিত সাগর দিয়ে পণ্য পরিবহন কমিয়ে দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: