বিশ্লেষণ: জ্বালানি সংকটে রেশনিং সমাধান?

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ ও উৎপাদন ক্ষমতা থাকায় এগুলো নিয়ে সংকটের শঙ্কা নেই। তবে ডিজেল নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্বব্যাপী তৈরি হওয়া জ্বালানি অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, রেশনিং ব্যবস্থা এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকার এখন জরুরি ভিত্তিতে বিকল্প উৎসের সন্ধান করছে।
বিশেষ করে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ অবরুদ্ধ হওয়ার আশঙ্কায় আমদানিনির্ভর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।
খবরে প্রকাশ, এ পরিস্থিতিতে সরকার একদিকে যেমন অভ্যন্তরীণ ব্যবহার সীমিত করার চেষ্টা করছে, অন্যদিকে ভারত ও চীনসহ বন্ধুপ্রতিম দেশগুলোর কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে।
পরিস্থিতি মোকাবিলায় গত কয়েক দিনে বাংলাদেশ সরকার বেশ কিছু কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ভারত, চীন, ব্রুনেই এমনকি আফ্রিকা ও আমেরিকা থেকেও জ্বালানি তেল আনার বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।
বুধবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে এক বৈঠকে মন্ত্রী ভারতের কাছে আগামী চার মাসের জন্য অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছেন। যদিও ভারত নিজেও বর্তমানে বৈশ্বিক সংকটের কারণে চাপে রয়েছে, তবুও আগের একটি চুক্তির আওতায় বুধবার পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। এছাড়া দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করতে চীনের সহায়তাও চাওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ ও উৎপাদন ক্ষমতা থাকায় এগুলো নিয়ে সংকটের শঙ্কা নেই। তবে ডিজেল নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।
বর্তমানে প্রতি মাসে প্রায় ১৫টি জাহাজ জ্বালানি নিয়ে বাংলাদেশে আসার কথা থাকলেও যুদ্ধ শুরুর পর চলতি মাসে এখন পর্যন্ত মাত্র ছয়টি জাহাজ ভিড়তে পেরেছে। তবে বিপিসি আশ্বস্ত করেছে যে, এখন পর্যন্ত কোনো বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের পূর্বনির্ধারিত শিডিউল বাতিল করেনি।
মজুদ বৃদ্ধি এবং বিকল্প উৎস নিশ্চিত হওয়া সাপেক্ষে বর্তমানের কঠোর ‘জ্বালানি রেশনিং’ প্রক্রিয়া ধীরে ধীরে শিথিল করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ‘প্যানিক বাইং’ বা আতঙ্কিত হয়ে তেল কেনার প্রবণতা রোধে সরকার গত ৫ মার্চ ১১ দফা নির্দেশনা জারি করেছিল। এর আওতায় যানবাহনের জ্বালানি সংগ্রহের সীমা নির্ধারণ এবং আলোকসজ্জা পরিহারের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি বিভাগীয় পর্যায়ে জ্বালানি বরাদ্দের হার কিছুটা বাড়ানো হয়েছে; যেখানে আগে ২৫ শতাংশ বরাদ্দ কমানো হয়েছিল, তা এখন কমিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে।
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে জানিয়েছেন, এখনই দাম বাড়ানোর পরিকল্পনা না থাকলেও পরিস্থিতির চাপে ভবিষ্যতে সাময়িকভাবে দাম সমন্বয় করতে হতে পারে।
জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, শতভাগ আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের হাতে বিকল্প খুব সীমিত। অধ্যাপক বদরুল ইমামের মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সরকারের নেওয়া ‘টাইট স্টেপ’ বা কঠোর পদক্ষেপগুলো যৌক্তিক। কারণ, বিশ্ববাজারে তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি ৮৮ থেকে ৯০ ডলারের মধ্যে ওঠানামা করলেও সরবরাহ চেইন ভেঙে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
বিশেষ করে এলএনজি উৎপাদনে কাতার উৎপাদন কমিয়ে দেওয়ায় গ্যাসের সংকট তেলের চেয়েও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এই সংকট মোকাবিলায় সাধারণ মানুষকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সরকারের কূটনৈতিক তৎপরতাই এখন প্রধান ভরসা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



