বাজারে স্বস্তি ফিরলেও কৃষকের সংকটের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৬পরিবর্তন করতে ক্লিক করুন
বাজারে স্বস্তি ফিরলেও কৃষকের সংকটের নেপথ্যে

ছবি: ভিডিও থেকে নেওয়া

শেয়ার করুন:

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, পণ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়া যেমন ভোক্তাদের জন্য কষ্টকর, তেমনি অস্বাভাবিক কমে যাওয়া কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেয়।

 

পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে এসে রাজধানীর নিত্যপণ্যের বাজারে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে। মাসটির শুরুর দিকের চড়া দামের তুলনায় বর্তমানে সবজি, ফল এবং বেশ কিছু আমিষ জাতীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

 

তবে বাজারে এই দরপতন সাধারণ ক্রেতাদের জন্য খুশির খবর হলেও দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে উৎপাদনকারী কৃষকদের। পাইকারি বাজারে পণ্যের দাম দ্রুত কমে যাওয়ায় অনেক কৃষকই এখন লোকসানের মুখে পড়েছেন।

 

রাজধানীর শেওড়াপাড়া, ইব্রাহিমপুর ও কারওয়ান বাজারসহ বেশ কিছু বড় বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের অপরিহার্য উপকরণ লেবুর দাম গত দুই সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক কমেছে। আগে যে লেবুর হালি ছিল ১৫০-২০০ টাকা, তা এখন ১০০-১২০ টাকায় নেমেছে। একইভাবে দেশি শসার দাম কেজিতে ৪০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি এখন ৩০-৬০ টাকার মধ্যে সীমাবদ্ধ।

 

সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে পেঁয়াজ ও আলুর দামে। রমজানের শুরুতে যে পেঁয়াজ ৬০-৭০ টাকায় বিক্রি হয়েছিল, তা এখন খুচরা বাজারে ৩৫-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আলুর দামও নেমে এসেছে কেজিপ্রতি ১৫-২০ টাকায়। ফলের বাজারে আপেল, মাল্টা ও সাগর কলার দাম কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে। আমিষের বাজারেও কিছুটা পরিবর্তন এসেছে; ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা এবং গরুর মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

তবে এই বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আড়তদার ও ব্যবসায়ীরা। কারওয়ান বাজার কাঁচাবাজার আড়ত ব্যবসায়ী মালিক সমিতির মতে, সরবরাহ বাড়লেও ক্রেতার সংখ্যা কম থাকায় দাম দ্রুত কমছে।

 

ফরিদপুরের পেঁয়াজ চাষিদের উদাহরণ টেনে ব্যবসায়ীরা জানান, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে যেখানে ৩৬-৩৭ টাকা খরচ হয়, সেখানে গ্রামের বাজারে এখন তা বিক্রি হচ্ছে মাত্র ২৪-২৫ টাকায়। একইভাবে আলুর বাজারেও কৃষকেরা কেজিপ্রতি ৪-৫ টাকা লোকসান গুনছেন।

 

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, পণ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়া যেমন ভোক্তাদের জন্য কষ্টকর, তেমনি অস্বাভাবিক কমে যাওয়া কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেয়। তাই বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং কৃষকের স্বার্থ রক্ষায় একটি দীর্ঘমেয়াদী ন্যায্যমূল্য কাঠামো গড়ে তোলা জরুরি।

 

অন্যথায় চলতি মৌসুমে লোকসান গুনে কৃষকেরা পরবর্তী মৌসুমে চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: