পরাশক্তিদের প্রতিযোগিতায় উত্তাল সাগর: বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ হারাচ্ছে ঘুমন্ত বাংলাদেশ?

তিতাস রহমান
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১:৩৮পরিবর্তন করতে ক্লিক করুন
পরাশক্তিদের প্রতিযোগিতায় উত্তাল সাগর: বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ হারাচ্ছে ঘুমন্ত বাংলাদেশ?

ছবি: উইকি

শেয়ার করুন:

এই অঞ্চলে তিনটি প্রধান শক্তির প্রতিযোগিতা ক্রমশ প্রকট হচ্ছে: চীন, ভারত ও যুক্তরাষ্ট্র। প্রতিটি পক্ষই নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে আগ্রাসী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে।

একুশ শতককে অনেক বিশ্লেষকই ‘সমুদ্র শতক’ হিসেবে অভিহিত করে থাকেন। বাংলাদেশকে সেক্ষেত্রে আশীর্বাদপ্রাপ্তই বলা চলে। বিপুল জলরাশির তীরে দাঁড়িয়ে লাল-সবুজের দেশ, সামনে অফুরন্ত সম্ভাবনার সমাহার। তবে সাম্প্রতিক বাস্তবতা ‘ব্লু-ইকোনমি’র তুলনায় ‘ব্লু-ওয়ারফেয়ারে’র আলোচনাকেই বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। বঙ্গোপসাগর ঘিরে এখন বিশ্বের বৃহৎ শক্তিগুলো শক্তি প্রদর্শন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতায় লিপ্ত। অথচ বঙ্গোপসাগরের ক্রমবর্ধমান সামরিকায়নের এই প্রেক্ষাপটে ঘরের মাঠে বাংলাদেশের অবস্থান একেবারেই দর্শকের সারিতে।

আশঙ্কা জাগছে, এই নিষ্ক্রিয়তার পরিণতিতে ভয়াবহ মাশুল দিতে হতে পারে দেশকে। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় নেই কোনো দীর্ঘমেয়াদি সমুদ্রনীতি, এমনকি অনুপস্থিত আপাত কোনো কার্যকর কৌশলও। প্রশ্ন উঠছে, তবে কি ভূ-প্রতিদ্বন্দ্বিতায় সঠিক ভূমিকা নিতে না পেরে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ হারাচ্ছে বাংলাদেশ?


বঙ্গোপসাগর ও বাংলাদেশের কৌশলগত গুরুত্ব

বেশ কিছু কারণে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিশেষ অবস্থানে এসে দাঁড়িয়েছে।

প্রথমত, এটি কেবল বঙ্গোপসাগরের বিষয় নয়, বরং ভারত মহাসাগরের একটি প্রান্ত হিসেবে ক্রিয়াশীল। বঙ্গোপসাগরে ক্রিয়াশীল শক্তিসমূহ ও এখানে সংঘটিত ঘটনাবলি ভারত মহাসাগরের পরিবহণ, নিরাপত্তা ও বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করতে সক্ষম। বর্তমানে বিশ্বের ৯০ শতাংশ বাণিজ্য সমুদ্রপথে সম্পন্ন হয় এবং বিশ্বের মোট সামুদ্রিক তেল-বাণিজ্যের ৮০ শতাংশের বেশি ভারত মহাসাগর দিয়ে পরিচালিত হয়।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের সঙ্গে চীনের ৯৫ শতাংশ বাণিজ্যও ভারত মহাসাগরের মধ্য দিয়ে যায়, অন্যদিকে ভারতের মোট সামুদ্রিক বাণিজ্যের ৭০ শতাংশের বেশি এই সমুদ্রের মধ্য দিয়ে সম্পন্ন হয়। বাংলাদেশ, চীন, ভারত, ইরান, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ফ্রান্সসহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ২৩টি দেশ বর্তমানে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (IORA) সদস্য।


বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটি অবিচ্ছেদ্য অংশ। বঙ্গোপসাগর সংশ্লিষ্ট ৭টি দেশের বাণিজ্যের প্রধান অংশ এ সমুদ্রপথের ওপর নির্ভরশীল। দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। ভূমিবেষ্টিত নেপাল ও ভূটানও এর সঙ্গে যুক্ত, কারণ তাদের আমদানি-রপ্তানিতে বঙ্গোপসাগরের বন্দরগুলো ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় অর্ধেক কন্টেইনার বঙ্গোপসাগরের মধ্য দিয়ে যাতায়াত করে এবং এখানকার বন্দরগুলো বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৩৩ শতাংশ পরিচালনা করে।

বাংলাদেশের বহির্বাণিজ্যের ৯০ শতাংশ এবং জ্বালানি বাণিজ্যের ১০০ শতাংশই সম্পূর্ণ হয় এ পথে। সামুদ্রিক সীমার মালিকানার সূত্রে কৌশলগত অবস্থানের কারণে বঙ্গোপসাগর সমুদ্রপথ তো বটেই, এমনকি ভারত মহাসাগরের ব্যবস্থাপনায়ও বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ।


দ্বিতীয়ত, এই অঞ্চলে প্রচুর প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা রয়েছে। এখানকার জ্বালানি সম্পদের মজুদ নিয়ে বাংলাদেশ বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

তৃতীয়ত, ভৌগোলিক অবস্থানের কারণে এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ‘হটস্পট’। পূর্ব ও পশ্চিম গোলার্ধের সংযোগস্থল ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে একটি সংযোগকারী কেন্দ্র হিসেবে বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের অবস্থান কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


পরাশক্তিদের প্রতিযোগিতা

বর্তমানে এই অঞ্চলে তিনটি প্রধান শক্তির প্রতিযোগিতা ক্রমশ প্রকট হচ্ছে: চীন, ভারত ও যুক্তরাষ্ট্র। প্রতিটি পক্ষই নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে আগ্রাসী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে।


চীন: ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI) এবং ‘স্ট্রিং অফ পার্লস’ কৌশলের আওতায় চীন বঙ্গোপসাগরে দীর্ঘমেয়াদী উপস্থিতি তৈরি করছে। তাদের পরিকল্পনায় বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর রয়েছে একই সমান্তরালে। এ অঞ্চলের মধ্য দিয়ে বাণিজ্য সুবিধা ও রাজনৈতিক অবস্থান নিশ্চিতকরণে মিয়ানমারের কিয়াওকপিউ বন্দরের উন্নয়নসহ বিভিন্ন দেশে বাণিজ্যিক ও সামরিক পরিকাঠামো নির্মাণ করছে চীন।

কক্সবাজারে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিত স্থায়ী সাবমেরিন ঘাঁটিটি চীনের কারিগরি সহযোগিতায় তৈরি। এটি একদিকে বাংলাদেশের নৌসক্ষমতা বৃদ্ধির উদ্যোগ হলেও চীনের সাথে এই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারত ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে।


ভারত: সংলগ্ন দেশ হিসেবে বঙ্গোপসাগর ভারতের জন্য অস্তিত্বের প্রশ্ন। তাদের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এই গুরুত্বকে আরও জোরালো করেছে। মালাক্কা প্রণালী ও বঙ্গোপসাগরের ওপর নজরদারি জোরদার করতে ভারত তার আন্দামান ও নিকোবর কমান্ডের (ANC) আধুনিকায়ন করেছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী বিমান ঘাঁটি, যুদ্ধজাহাজ মোতায়েন, অত্যাধুনিক রাডার স্থাপন এবং ক্যাম্পবেল বে-তে একটি নতুন নৌঘাঁটি নির্মাণ। সম্প্রতি ভারত পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নৌঘাঁটি ডিটাচমেন্ট স্থাপনের কাজ শুরু করেছে। হলদিয়া ডক কমপ্লেক্সের অবকাঠামো ব্যবহার করে এই ঘাঁটি গড়া হচ্ছে, যেখানে প্রায় ১০০ কর্মকর্তা ও নাবিক, ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটস (FIC) ও নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটস (NWJFAC) মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্তটি সরাসরি বঙ্গোপসাগরের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করবে এবং বাংলাদেশের ওপর নজরদারির সক্ষমতা বাড়িয়ে দেবে।


যুক্তরাষ্ট্র: চীনের উত্থান প্রতিরোধের নীতি এবং দক্ষিণ এশিয়ায় নিজস্ব স্বার্থের নিরাপত্তা নিশ্চিতকরণে ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ (FOIP) নীতির আওতায় যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরকে গুরুত্ব দিচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বিস্তৃত বাণিজ্য চুক্তিটি এই অঞ্চলের সামরিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। আপাতদৃষ্টিতে এটি বাণিজ্য চুক্তি হলেও এর ভেতরে বিস্তর সামরিক বিষয় ও প্রতিরক্ষা সংক্রান্ত দিক নিহিত রয়েছে। এই চুক্তি অনুযায়ী মার্কিন নৌযানগুলো চট্টগ্রাম ও মাতারবাড়ী বন্দর ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ২০২৬ সালের ৫-৭ মে ওয়াশিংটনের প্রতিনিধিরা এই চুক্তি বাস্তবায়ন নিয়ে ঢাকা সফর করেন। এটি অর্থনৈতিক সুবিধার আড়ালে গোয়েন্দা তথ্য বিনিময় ও মার্কিন নৌবাহিনীর উপস্থিতির মতো গভীর কৌশলগত সমীকরণ তৈরি করছে।


আঞ্চলিক সংকট ও মিয়ানমার: আঞ্চলিক শক্তি হিসেবে মিয়ানমারও বঙ্গোপসাগরের সামরিকীকরণে মরিয়া। চীন ও রাশিয়া থেকে সাবমেরিন অর্জন ছাড়াও তারা নিজস্ব প্রযুক্তিতে বড় ফ্রিগেট মোতায়েন করছে। মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র কার্যকলাপ বঙ্গোপসাগরে বড় অস্থিতিশীলতা তৈরি করেছে। আরাকান আর্মি ইতোমধ্যে সেন্ট মার্টিন এলাকাকে তাদের এলাকা বলে দাবি করেছে, যার প্রমাণ বিভিন্ন পডকাস্ট ও ভিক্টিমদের জবানবন্দিতে উঠে এসেছে। সেন্ট মার্টিন দ্বীপটি এখন ভারত-চীন-যুক্তরাষ্ট্র ত্রিপাক্ষিক প্রতিদ্বন্দ্বিতার একটি ফোকাল পয়েন্টে পরিণত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের উপকূলে জেলেদের জালে ধরা পড়া যুক্তরাষ্ট্রে নির্মিত অত্যাধুনিক আন্ডারওয়াটার গ্লাইডারটি এই অঞ্চলে পরাশক্তিদের নীরব সামরিক তৎপরতারই একটি বড় নজির।


ঘুমন্ত বাংলাদেশ

বলা হয়ে থাকে, আধুনিক নৌবাহিনী শুধু যুদ্ধের হাতিয়ার নয়; এগুলো জাতীয় নীতি, অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত প্রভাব বিস্তারের হাতিয়ার। একটি শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী ছাড়া দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ) রক্ষা করা অসম্ভব। ২০২৪ ও ২০২৫ সালে আরাকান আর্মির তৎপরতা ও মিয়ানমার নৌবাহিনীর পদক্ষেপের জেরে বাণিজ্যিক জাহাজ রক্ষায় নৌবাহিনী মোতায়েন করতে হয়েছিল, যা নৌ-সক্ষমতার প্রয়োজনীয়তাকে জরুরিভাবে সামনে নিয়ে এসেছে।


অথচ বাংলাদেশের সামুদ্রিক নীতি এখনো মূলত অর্থনীতির বলয়েই ঘুরপাক খাচ্ছে। নীতিনির্ধারণী পর্যায়ে সাগরের সামরিক হুমকি ও কৌশলগত প্রতিযোগিতা সম্পর্কে শক্তিশালী সচেতনতা দৃশ্যমান নয়। কৌশলগত পরিকল্পনার সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ নৌবাহিনী এখনো মূলত উপকূলীয় ও নদীনির্ভর কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বাংলাদেশের বর্তমান সমুদ্র বিষয়ক নীতি তিনটি প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে: (ক) সমুদ্রসীমা ও সম্পদের ওপর আইনগত অধিকার প্রতিষ্ঠা, (খ) ব্লু ইকোনমির মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো, এবং (গ) আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।


বর্তমান সামরিকায়নের তীব্রতা বিবেচনায় এই নীতি দেশের স্বার্থ রক্ষায় যথেষ্ট নয়। সবচেয়ে বড় সংকট হলো, ‘স্ট্রাটেজিক অটোনমি’ বা কৌশলগত স্বায়ত্তশাসনের অভাব। পরাশক্তিদের মাঝে বাংলাদেশ কীভাবে নিজের স্বাধীন অবস্থান বজায় রাখবে, তা নিয়ে সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি নীতি নেই। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের নীতিগত লক্ষ্য বদলে যাচ্ছে, যা দেশের দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের জন্য বড় হুমকি।


নিষ্ক্রিয়তার মাশুল কী হতে পারে

আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় আইনগত অধিকার ও কার্যকর নিয়ন্ত্রণ এক কথা নয়। ২০২৫ সালের মে মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২২তম শাং গ্রি-লা সংলাপে (Shangri-La Dialogue) বঙ্গোপসাগরসহ এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। চীন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তি তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেও বাংলাদেশ সেখানে কার্যকর ও জোরালো ভূমিকা রাখতে পারেনি। বাস্তবতা হলো, পরাশক্তিদের প্রতিযোগিতা যেকোনো সময় সংঘাতের রূপ নিতে পারে। তখন বঙ্গোপসাগর যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। হলদিয়ার ভারতীয় ঘাঁটিটি বাংলাদেশের ওপর নজরদারির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। ফলে আমাদের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ আরও বৃদ্ধি পাবে।


শেষ কথা: কালক্ষেপণের সুযোগ নেই

পরাশক্তিদের প্রতিযোগিতায় উত্তাল বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে বাংলাদেশ এখনো দ্বিধাগ্রস্ত। হলদিয়ায় ভারতের নতুন নৌঘাঁটি, কক্সবাজারে চীনের সাবমেরিন উপস্থিতি, সেন্ট মার্টিনে আরাকান আর্মির দাবি এবং যুক্তরাষ্ট্রের সাথে সামরিক প্রভাবযুক্ত বাণিজ্য চুক্তি—সবকিছুই ইঙ্গিত করছে যে ‘নীরব দর্শক’ হয়ে থাকার সময় শেষ। বাংলাদেশের এখন একটি দ্বিমুখী কৌশল প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি একটি সুস্পষ্ট, আধুনিক 'সমুদ্রনীতি' তৈরি করতে হবে। নৌবাহিনীর আধুনিকায়ন, ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’ ও সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারলে বাংলাদেশ তার ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা এবং জাতীয় সার্বভৌমত্ব—উভয়ই হারাবে। কারণ ভূ-রাজনীতিতে ‘যে নিয়ন্ত্রণ করে না, সেই নিয়ন্ত্রিত হয়’।

______

*তিতাস রহমান: লেখক।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: