৪০ হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ বসুন্ধরার কাছে দিচ্ছে সরকার: বহুমুখী ঝুঁকিতে পড়বে দেশ

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১৩:১৯পরিবর্তন করতে ক্লিক করুন
৪০ হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ বসুন্ধরার কাছে দিচ্ছে সরকার: বহুমুখী ঝুঁকিতে পড়বে দেশ
শেয়ার করুন:

সিআইডি ও দুদকের সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি ঢাকার একটি আদালত সায়েম সোবহান আনভীরের দুবাইয়ের বুর্জ খলিফায় কেনা ফ্ল্যাট, যুক্তরাজ্যে ৬টি কোম্পানির শেয়ার এবং সাইপ্রাস-স্লোভাকিয়ায় কেনা নাগরিকত্ব বা গোল্ডেন পাসপোর্ট ও বিপুল সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। অর্থ পাচার ও হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে দেশি-বিদেশি এমন কড়াকড়ির মধ্যেই তাদের হাতে তেল আমদানির পুরো লাইসেন্স দেওয়া দেশের জন্য আত্মঘাতী ছাড়া আর কী-ই হতে পারে?

দেশে প্রায় ৭৫ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করা হয়। আইন অনুযায়ী বিপিসি জ্বালানি তেল আমদানি করে; বিপণন করে বিপিসির মালিকানাধীন পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানি। সরকারের এই তিন কোম্পানি সারা দেশের পাম্প স্টেশন ও ডিলারের কাছে তেল সরবরাহ করে। শেখ হাসিনা সরকার আইন পরিবর্তন করে বিপিসির পাশাপাশি বসুন্ধরাকে তেল আমদানি ও খুচরা পর্যায়ে বিক্রি করারও অনুমোদন দেয়। অবিশ্বাস্য এই কাজের ফলেই বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি ও গোটা দেশ জিম্মি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ডক্টর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা আমলে নেওয়া বেশ কিছু জনবিরোধী আইন বাতিল করলেও বসুন্ধরার হাতে হাজার হাজার কোটি টাকার জ্বালানি তেলের বাজার ছেড়ে দেওয়ার কালো আইনটি পরিবর্তন করেনি। এমনকি আওয়ামী লীগের ঘোর বিরোধী বিএনপি সরকার আইনটি পরিবর্তন করেনি, উল্টো তড়িঘড়ি করে জ্বালানি তেলের প্রায় অর্ধেক বাজার বসুন্ধরাকে দেওয়ার জন্য মাত্র ২ দিন সময় বেঁধে দিয়েছে। এতে বিপিসির চেয়ারম্যান বাধ সাধলে তাকে সরিয়ে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান টুকু।

বসুন্ধরার হাতে জ্বালানির আমদানি ও খুচরা পর্যায়ের নিয়ন্ত্রণ চলে গেলে প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো বাজার যাবে এই ব্যবসায়ী গ্রুপটির হাতে। তেল আমদানির এলসিতে আন্ডার ইনভয়েস বা ওভার ইনভয়েস করে বিদেশে অর্থ পাচারের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনই আমদানি, পরিশোধন ও খুচরা বিক্রি একই প্রতিষ্ঠানের হাতে থাকলে তেলে ভেজাল হওয়ার সম্ভাবনা বাড়বে। তেলের বাজারের দাম নিয়ন্ত্রণ থাকবে না, এমনকি ব্যাংকের তারল্য সংকট বাড়বে একটি কোম্পানির হাতে ৪০ হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ থাকলে।

গত ২৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি আবেদন জমা পড়ে। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড (বিওজিসিএল) নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধিত জ্বালানি তেল আমদানি, বিপণন ও সরাসরি ভোক্তার কাছে বিক্রির অনুমতি চায় এতে। বছরের পর বছর ধরে যে কাজ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো করে আসছে, এর ফলে বাজারের বড় একটি অংশ একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বেসরকারি খাতে বাজার ছেড়ে দেওয়ার এই প্রস্তাবের পক্ষে মত দেননি। গত ২ ফেব্রুয়ারি তিনি বিপিসির শীর্ষ পদে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু গত ২৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ ছিল না। তবে বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বসুন্ধরার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়া এবং বেসরকারি পর্যায়ে তেল আমদানির সরবরাহকারী তালিকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত না করার জের ধরে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

রেজানুর রহমানকে সরিয়ে দেওয়ার পর ২ আগস্ট বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পান জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। গত ৬ আগস্ট মন্ত্রণালয় থেকে বিপিসিতে একটি চিঠি পাঠানো হয়। এতে ১০ আগস্টের মধ্যে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি বিপণন নীতিমালা-২০২৬’-এর খসড়া জমা দিতে বলা হয়। হাজার হাজার কোটি টাকার বাজারের একটি নীতিমালার খসড়া তৈরিতে মাত্র চার দিন সময় দেওয়ার কোনো আইনি ব্যাখ্যা ওই চিঠিতে উল্লেখ ছিল না।


কতটা বাজার চাইছে বসুন্ধরা


বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে সংস্থাটি সারা দেশে প্রায় ৪৯ লাখ ৩৫ হাজার টন ডিজেল বিক্রি করেছে। শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েল বিক্রি হয়েছে ৮ লাখ ৮০ হাজার টন। এ ছাড়া অকটেন ৩ লাখ ৯৩ হাজার টন ও পেট্রোল ৪ লাখ ৫৪ হাজার টন বিক্রি হয়।

বিওজিসিএল তাদের আবেদনে বছরে ১৫ থেকে ২০ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন চেয়েছে। ফার্নেস অয়েল চাওয়া হয়েছে ৮ থেকে ১০ লাখ টন, দুই লাখ টন অকটেন ও দেড় লাখ টন পেট্রোল আমদানির কথা বলা হয়েছে।

এই প্রস্তাব অনুমোদিত হলে দেশের ডিজেলের বাজারের ৩৩ থেকে ৪০ শতাংশ একটি কোম্পানির হাতে চলে যাবে। ফার্নেস অয়েলের ৯৫ থেকে ১০০ শতাংশ এবং অকটেনের অর্ধেক বাজার তাদের নিয়ন্ত্রণে যাওয়ার সুযোগ তৈরি হবে। বছরে বিপিসির মোট রাজস্বের পরিমাণ প্রায় ৭৫ হাজার কোটি টাকা। প্রস্তাব বাস্তবায়িত হলে এর মধ্যে ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার বিপুল অর্থের নগদ প্রবাহ বিপিসির পরিবর্তে বসুন্ধরার নিয়ন্ত্রণে চলে যেতে পারে।


২০২৩ সালের নীতিমালায় যেভাবে পথ তৈরি হয়


বেসরকারি খাতে জ্বালানি তেলের বাজার উন্মুক্ত করার আইনি কাঠামো মূলত তৈরি হয় ২০২৩ সালে। ওই বছরের ২২ নভেম্বর ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩’ নামে একটি গেজেট প্রকাশ করে তৎকালীন সরকার।

ওই নীতিমালায় শর্ত দেওয়া হয়, বিগত পাঁচ বছরের মধ্যে অন্তত তিন বছর কোনো প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন বা টার্নওভার কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা হতে হবে। জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, শর্তটির কারণে দেশের দু-একটি বড় গ্রুপ ছাড়া অন্য ব্যবসায়ীদের এই খাতে প্রবেশের পথ আইনিভাবেই বন্ধ হয়ে যায়। নীতিমালায় ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়া ঋণখেলাপিদেরও বিনিয়োগ করার সুযোগ রাখা হয়েছিল।

এই নীতিমালার আওতায় ২০২৪ সালের ১০ জুন বিওজিসিএল নিজস্ব ব্যবস্থাপনায় দেশজুড়ে ৩৮৮টি ফিলিং স্টেশন স্থাপনের প্রাথমিক অনুমতি পায়। বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ডে তাদের নিজস্ব শোধনাগার (রিফাইনারি) ও তেল মজুতের অবকাঠামো রয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তারল্যে ধাক্কার শঙ্কা

সারা দেশে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের হাজার হাজার পেট্রল পাম্প রয়েছে। এসব পাম্প থেকে জ্বালানি বিক্রির টাকা প্রতিদিন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে জমা হয়। বিদেশ থেকে কেনা তেলের দাম মেটানোর আগ পর্যন্ত বিপুল অঙ্কের এই অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হিসাবে থাকে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তাদের দৈনন্দিন নগদ টাকার চাহিদা মেটাতে বিপিসির এই ফান্ডের ওপর অনেকাংশে নির্ভরশীল। বছরে ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার এই নগদ প্রবাহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সরে বেসরকারি ব্যাংকে চলে গেলে সরকারি ব্যাংকগুলো তারল্য বা নগদ টাকার সংকটে পড়বে। শুধু তাই না, এতে করে বসুন্ধরা অঘোষিতভাবে বেসরকারি ব্যাংক বা যেসব ব্যাংকে এই টাকা লেনদেন করা হবে সেসব ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।

দৈনন্দিন নগদ টাকার চাহিদা মেটাতে তখন ব্যাংকগুলোকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে (কলমানি মার্কেট) গিয়ে চড়া সুদে ধার করতে হবে। এতে সাধারণ ব্যবসায়ীদের ঋণ দেওয়ার সক্ষমতা কমবে। বেসরকারি খাতের ঋণের সুদহার বেড়ে গেলে উৎপাদন খরচ বাড়ে, যা শেষ পর্যন্ত বাজারে মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে।

সরবরাহ-ব্যবস্থা এক হাতে যাওয়ার আইনি দিক

বাংলাদেশ প্রতিযোগিতা আইন, ২০১২-এর ১৫ নম্বর ধারায় বাজারে কোনো প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে বিওজিসিএল একই সঙ্গে তেল আমদানিকারক, রিফাইনারি মালিক, স্টোরেজ মালিক, পরিবহনকারী, পাইকারি বিক্রেতা এবং ৩৮৮টি পেট্রল পাম্পের মালিক হবে।

আমদানি থেকে শুরু করে রিফাইনারি, গুদাম, পরিবহন এবং ভোক্তার গাড়ির ট্যাংক পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থা একটি প্রতিষ্ঠানের হাতে চলে যাওয়ার এমন নজির দেশের জ্বালানি খাতে নেই। এতে বাজারে নতুন কোম্পানির প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে। নিজস্ব মজুত অবকাঠামো ব্যবহার করে কোনো কোম্পানি জরুরি সেবার সরবরাহ নিয়ন্ত্রণ করলে তা প্রতিযোগিতা আইনের পরিপন্থী।

বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে জ্বালানি খাতের দায়মুক্তির ‘কুইক রেন্টাল অ্যাক্ট’ বাতিল করেছে। আইনি কাঠামোর ‘পাবলিক ট্রাস্ট ডকট্রিন’ অনুযায়ী, রাষ্ট্র জনগণের জ্বালানি সম্পদের পাহারাদার। বিনা দরপত্রে বা তড়িঘড়ি করে একটি কোম্পানির হাতে জ্বালানি বাজারের অর্ধেক তুলে দেওয়ার এ ধরনের সিদ্ধান্ত প্রশাসনিক আইন ও প্রতিযোগিতা আইনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সে প্রশ্ন তুলছেন আইনবিদেরা।

আন্তর্জাতিক মানদণ্ড ও ভেজালের ঝুঁকি

বিশ্বের কোনো উন্নত দেশে একক কোনো বেসরকারি কোম্পানির হাতে পুরো জ্বালানি সাপ্লাই চেইন ছেড়ে দেওয়ার নজির নেই। চীন, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে রাষ্ট্র সরাসরি রিফাইনারি ও পাম্পের মান নিয়ন্ত্রণ করে। ভারতে রিলায়েন্স, নায়ারা, শেল, ট্রুঅল্ট বায়োএনার্জির মতো বেসরকারি প্রতিষ্ঠান থাকলেও তাদের বাজার হিস্যা অত্যন্ত সীমিত এবং কঠোর নজরদারির মধ্যে থাকে। ভারতে তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারতের জ্বালানি খাতের মেরুদণ্ড। এরা একসঙ্গে দেশের ৯০ ভাগের বেশি খুচরা জ্বালানি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে উন্নত বিশ্বে তেলের মান ঠিক রাখতে 'অথেনটিক্স'-এর মতো স্বাধীন ফুয়েল মার্কিং সিস্টেম ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশে বিওজিসিএল যদি নিজেরাই রিফাইনারি ও পাম্পের মালিক হয় এবং অপরিশোধিত তেল এনে পরিশোধন করে সরাসরি ভোক্তাকে দেয়, তবে তেলের মান নিশ্চিত করার জন্য বর্তমান ব্যবস্থায় স্বাধীন কোনো ল্যাবরেটরি বা ফুয়েল মার্কিং সিস্টেম আছে কি না, তা প্রশ্নবিদ্ধ।

বাংলাদেশে বিওজিসিএল নিজেরাই তেল এনে পরিশোধন করে বিক্রি করলে, সেই তেলের মান যাচাই করবে কে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিপিসির বাইরে বেসরকারি পাইপলাইনে তেলের মান মাপার কোনো আধুনিক পদ্ধতি বা স্বাধীন পরীক্ষাগার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বা বিপিসির হাতে নেই।

টাকা পাচারের ঝুঁকি

গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগ্রিটি-এর ২০২৬ সালের মার্চে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ১০ বছরে বাংলাদেশ থেকে বাণিজ্য কারসাজির মাধ্যমে মোট ৬৮.৩ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা টাকায় প্রায় ৮ লাখ ২০ হাজার কোটি টাকা। পণ্য আমদানি ও রপ্তানি করা হয়েছে এলসির মাধ্যমে, ব্যবসায়ীদের করা এই এলসি কম অথবা বেশি করে বাংলাদেশ থেকে বৈধ পথেই টাকা পাচার হয়েছে, যে দেশে এই টাকা ব্যাংকের মাধ্যমে গেছে, সেই দেশে এই অর্থ সাদা টাকা বা বৈধ অর্থ হিসেবেই গেছে।

কিন্তু কত বড় ক্ষতি হয়েছে, তার একটা আলাপ তোলাই দরকার। ৬৮.৩ বিলিয়ন ডলার বা ৬৮ হাজার ৩০০ মিলিয়ন ডলার একটি বিপুল পরিমাণ অর্থ—টাকায় প্রায় ৮ লাখ ২০ হাজার কোটি টাকা। এ অর্থে ২৩টি পদ্মা সেতু বানানো যেত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানানো যেত ৫টি। ঢাকায় স্থাপিত মেট্রোরেলের মতো ২২টি মেট্রোরেল বানানো যেত। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের মতো প্রায় ৩১টি টার্মিনাল বানানো যেত।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কেনা যেত ২৩৫টি। যুক্তরাষ্ট্রের টমাহক ক্রুজ মিসাইল কেনা যেত ৩৪ হাজার। এই টাকায় ২৭টি সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড ব্যাটারি কিনে পুরো দেশের আকাশ নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে আনা যেত। এফ-১৬ ফাইটার জেট কেনা যেত ৬৮০টি, রাশিয়ার সুখোই-৩৫ ফাইটার জেট কেনা যেত ৮০০টি।

১০০০ শয্যার বিশ্বমানের হাসপাতাল প্রায় ৩০০টি। বিশ্বব্যাংক ও ব্র্যাকের মডেল অনুযায়ী, একটি অতিদরিদ্র পরিবারকে দীর্ঘমেয়াদে চরম দারিদ্র্য থেকে স্থায়ীভাবে তুলে আনতে ঘর, গবাদিপশু, চিকিৎসা, পুঁজি এবং প্রশিক্ষণ বাবদ ১০০০ থেকে ২০০০ ডলারের সরাসরি প্রণোদনা একটি গেম-চেঞ্জার হিসেবে কাজ করে।

এ হিসেবে এই টাকায় দেশের হতদরিদ্র প্রতিটি পরিবারকে ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ টাকা করে একেবারে নগদ পুঁজি বা অনুদান দেওয়া হত, তবে ৬৮ লাখ ৩০ হাজার পরিবার বা পরিবারপ্রতি ৪ জন ধরলে প্রায় ২ কোটি ৭৩ লাখ মানুষ স্থায়ীভাবে দারিদ্র্যসীমার অনেক ওপরে উঠে যেত। এটি দেশের দারিদ্র্যের হার প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে আনার জন্য যথেষ্ট।

দেশের ব্যবসায়ীদের অতীত রেকর্ড ভালো না

জ্বালানি আমদানির মতো সংবেদনশীল খাত পুরোপুরি বসুন্ধরা গ্রুপের মতো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেলে ৪০ হাজার কোটি টাকার এক বিশাল বাজার তাদের একক হাতের মুঠোয় চলে যাবে। সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে এই বিশাল অঙ্কের এলসি বা ঋণপত্র ঘিরে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগ্রিটি (জিএফআই) এবং অন্যান্য অর্থনৈতিক হিসাব বলছে, বাংলাদেশ থেকে বিদেশে যত টাকা পাচার হয়, তার প্রায় ৮০ শতাংশই হয়ে থাকে বাণিজ্যের আড়ালে ওভার-ইনভয়েসিং বা আন্ডার-ইনভয়েসিংয়ের (আমদানি মূল্য কম বা বেশি দেখিয়ে) মাধ্যমে।

এক হিসাব অনুযায়ী, গত ১০ বছরে মূলত এলসি কারসাজির মাধ্যমেই দেশ থেকে প্রায় ৭-৮ লাখ কোটি টাকার বেশি অর্থ পাচার হয়েছে। তেল আমদানির নামে অতিরিক্ত মূল্য দেখিয়ে দেশ থেকে অর্থ সরিয়ে নেওয়ার তিক্ত অভিজ্ঞতা অতীতেও রয়েছে। বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য ফার্নেস অয়েল ও অন্যান্য জ্বালানি আমদানিতে কারসাজির মাধ্যমে ‘সামিট পাওয়ার’, ‘বারাকা পতেঙ্গা পাওয়ার’ ও ‘ইউনাইটেড পাওয়ার’-এর মতো কোম্পানিগুলো অতিরিক্ত মূল্য দেখিয়েছে, যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অতীত তদন্ত ও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছিল।

এসব লুটেরা গোষ্ঠীর অর্থ কীভাবে বিদেশে যায়, তা এর আগে পরিষ্কার হয়ে উঠেছিল ইংরেজি দৈনিক 'নিউ এজ'-এ প্রকাশিত সাংবাদিক ডেভিড বার্গম্যানের অফশোর লিকস-সংক্রান্ত এক প্রতিবেদনে। প্যারাডাইস পেপার্স ও পানামা পেপার্সের ওই ফাঁস হওয়া ডেটার বরাত দিয়ে ডেভিড বার্গম্যান দেখিয়েছিলেন, সামিট, ওরিয়ন ও ইউনাইটেডের মতো শীর্ষস্থানীয় গ্রুপগুলো কর ফাঁকি ও কালো টাকা লুকানোর স্বর্গরাজ্যখ্যাত অফশোর এলাকা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বা বাহামাসে কোম্পানি খুলে দেশের সম্পদ পাচার করেছে।

বর্তমানে আরেক প্রভাবশালী ব্যবসায়ী এস আলম গোষ্ঠীর পাচার হওয়া টাকার চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। বাণিজ্যের আড়ালে অবৈধ উপায়ে দেশের ব্যাংকের লক্ষ কোটি টাকা লুটে নিয়ে এস আলম সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সাইপ্রাসের মতো দেশগুলোতে ভুয়া অফশোর কোম্পানি বানিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন, যার একাংশ ইতিমধ্যে বিদেশি আদালত ফ্রিজ করেছে।

যাদের হাতে ৪০ হাজার কোটি টাকার তেলের বাজারের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই বসুন্ধরা গ্রুপও পাচারের রেকর্ডে পিছিয়ে নেই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তাঁদের পরিবার ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি ও হুন্ডির মাধ্যমে সাইপ্রাস, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও অফশোর এলাকাগুলোতে সরিয়েছেন।

সিআইডি ও দুদকের সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি ঢাকার একটি আদালত সায়েম সোবহান আনভীরের দুবাইয়ের বুর্জ খলিফায় কেনা ফ্ল্যাট, যুক্তরাজ্যে ৬টি কোম্পানির শেয়ার এবং সাইপ্রাস-স্লোভাকিয়ায় কেনা নাগরিকত্ব বা গোল্ডেন পাসপোর্ট ও বিপুল সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। অর্থ পাচার ও হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে দেশি-বিদেশি এমন কড়াকড়ির মধ্যেই তাদের হাতে তেল আমদানির পুরো লাইসেন্স দেওয়া দেশের জন্য আত্মঘাতী ছাড়া আর কী-ই হতে পারে?

-- --

লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: