রেলসেবায় দিনবদলের প্রত্যাশা: জনবান্ধব উন্নয়ন

 মোঃ আতিকুর রহমান
মোঃ আতিকুর রহমান
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৯:২২পরিবর্তন করতে ক্লিক করুন
রেলসেবায় দিনবদলের প্রত্যাশা: জনবান্ধব উন্নয়ন

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

রেল শুধু একপ্রকার যানবাহন নয়, বাঙালির সংস্কৃতিতে ওতপ্রোতভাবে মিশে থাকা এক এবং অদ্বিতীয় আপনজন। আমাদের সেই চিরচেনা আপনজনকে আমাদের নাগালেই রাখতে হবে। এর জন্য প্রয়োজন রেলের আধুনিকায় ও সংস্কার।

রেলওয়ে শুধু একটি রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠানই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য, সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় নিরাপত্তা, পরিবেশ, জ্বালানি, দারিদ্র বিমোচন, জনগণের অধিকার ও আকাঙ্খার বিষয়গুলো। দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। একে লাভজনক একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি এর সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন। রেল পরিচালনার ক্ষেত্রে যে ব্যয় হচ্ছে তা পূরণ করে এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যেমন জরুরি, ঠিক তেমনি দেশের মানুষের যাতায়াত ও পরিবহন সুবিধা নিশ্চিত করা জরুরি, যা একটি রাষ্ট্রের জনগণের সাংবিধানিক অধিকার। 



১৮৬২ সালে সোনার চামচ (ব্রডগেজ লাইন) মুখে দিয়ে যাত্রা শুরু করার নানা বাঁক পেরিয়ে প্রায় ১৬৪ বছরের ইতিহাস আমাদের রেলওয়ের। সময়ের পরিক্রমায় মাত্র কয়েক বছরের ব্যবধানে যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক সড়কপথের প্রতি অতিমনোযোগ রেল ব্যবস্থাকে সঙ্কটের দিকে ঠেলে দেয়। রেলওয়েকে ঢেলে সাজানোর পরিকল্পনায় ২০১১ সালের ৪ঠা ডিসেম্বর স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করেন। কিন্তু রেলওয়ের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন, রেল বাজেট বৃদ্ধি, রেললাইন, লোকোমোটিভ ও কোচ বৃদ্ধিসহ হাজার হাজার কোটি টাকার প্রকল্প সম্পূর্ণ হলেও তেমন কোন সুফল মিলছে না। গত দেড় দশকে রেলওয়ের অবকাঠামো উন্নয়নে প্রায় ১ লাখ ৬৫ হাজার ৮৭২ কোটি টাকা বিনোয়গ করা হলে তার প্রতিফলন ঘটছে না। ফলে প্রশ্ন উঠছে, এত বড় বিনিয়োগের প্রকৃত সুফল শেষ পর্যন্ত কোথায়? সঠিক পরিকল্পনার অভাব, ভুলনীতি, দূর্নীতি আর অব্যবস্থাপনার কারণে মন্ত্রাণালয় প্রতিষ্ঠার যে উদ্দেশ্যে ছিল তা ব্যহত হচ্ছে।

  ২


গ্রামাঞ্চলে একটি বহুল প্রচলিত প্রবাদ হলো ‘গরীবের সুন্দরী বউ সকলের ভাবী’। আর বাংলাদেশ রেলওয়ের বিশাল ভূ সম্পত্তি সেই সুন্দরী বউয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মোট জমির পরিমাণ ৬১ হাজার ৮৬০ একর। অবৈধ দখলে থাকা জমির পরিমাণ প্রায় ৩ হাজার ৫৮৩ একর। এর মধ্যে পূর্বাঞ্চলে ৬৭০ ও পশ্চিমাঞ্চলে ২ হাজার ৯১৩ একর জমি অবৈধ দখলে রয়েছে। রেলওয়ের জমি নিয়ে দেশজুড়ে চলছে দখল বাণিজ্য, ইজারা জালিয়াতি, ইজারা নিয়ে লাইসেন্স ফি বা মাশুল না দেয়া, বছরের পর বছর ধরে জমি ফেলে রাখা ও একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর অদক্ষতা, অব্যবস্থাপনা ও অনিয়মের কারনে রাষ্ট্রের এই বিপুল পরিমাণ সম্পত্তি অবৈধ দখলে যেমন চলে যাচ্ছে তেমনি খুঁজে পাওয়া যাচ্ছে না রেলের প্রায় ১ হাজার ৮৭১ একর জমি।


অন্যদিকে, রেলের হৃদপিন্ড খ্যাত রেল কারখানাগুলো বছরের পর বছর জনবল, অর্থ ও প্রয়োজনীয় কাঁচামালের সংকট এবং যুগোপযোগী পরিকল্পনার অভাবে মৃতপ্রায়। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের প্রধান ৩টি কারখানা সৈয়দপুর রেলওয়ে কারখানা,পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এবং পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন কারখানায় গড়ে প্রায় ৬০ শতাংশ জনবল ঘাটতি রয়েছে। পাশাপাশি বাজেট ঘাটতি, যন্ত্রাংশের স্বল্পতা, আধুনিক মেশিনের অভাব, অনিরাপদ কাজের পরিবেশের কারণে রেল কারখানাসমূহের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন কারখানায় ৪৩১টি মেশিনের মধ্যে ২০০টিরও বেশি মেশিন মেয়াদোত্তীর্ণ এবং সৈয়দপুর কারখানায় ৭৮৭টি মেশিন এরমধ্যে ৫০ বছরের উর্দ্ধে ৪৪৮ টি মেশিন। 


৩

বাংলাদেশ রেলওয়ের বহরে লোকোমোটিভ রয়েছে ২৯২টি। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ রয়েছে। একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। বর্তমানে ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের আয়ুষ্কাল ইতোমধ্যেই শেষ। এছাড়া ৬২টি মিটারগেজ লোকোমোটিভের বয়স ৪০ বছরেরও বেশি, যা এখনও ট্রেন চলাচলে ব্যাহত হয়। এসব মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয় বহুল। যাত্রীবাহী প্রায় ১৭৬৪ টি কোচের মধ্যে ৫৯২টি মিটার গেজ ও ২৬৬টি ব্রড গেজ বগির আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।  অপর দিকে পণ্যবাহী ৮ হাজার ৬৮০টি ওয়াগনের মধ্যে ৩ হাজার ৯৩৯ টির আয়ুষ্কাল পেরিয়ে গেছে। 

অপরদিকে, রেললাইনও পড়ে আছে জড়াজীর্ণ অবস্থায়। রেললাইনের যন্ত্রাংশের সংকটও, রেলওয়ের সংশ্লিষ্টদের অবহেলা,লোকবল ঘাটতি,নিয়মিত তদারকি ও মেরামতের অভাব, মানসম্মত পর্যাপ্ত পাথরের স্বল্পতা এবং ঝুঁকিপূর্ণ সেতুর কারনে ট্রেন দূর্ঘটনা ঘটছে। এক প্রতিবেদনে দেখা যায় ২ হাজার ৯২৯ কি.মি. রেললাইনের মধ্যে ২ হাজার ১৯০ কি.মি.রেললাইন চলছে নির্ধারিত মান ছাড়া। অর্থ্যাৎ ৭৪.৭৭ শতাংশ লাইনের গুণগত মান নেই। যার ফলে ট্রেনগুলো রেললাইনে গতি তুলতে পারছে না। গত ১৫ বছরে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৯৪৮ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ হয়েছে। কিন্তু এ অঞ্চলের অর্ধশত বছরের পুরোনো রেলপথগুলো রক্ষণাবেক্ষণে দেওয়া হয়নি প্রয়োজনীয় বরাদ্দ। রক্ষণাবেক্ষণের অভাবে রেলপথগুলোর ১৫ শতাংশ পর্যন্ত ক্ষয়প্রাপ্ত, দিন যতই গড়াচ্ছে ক্ষয়ের পরিমাণও বাড়ছে। 

৪

বর্তমানে রেলপথে ছোট-বড় কালভার্ট ব্রিজ রয়েছে প্রায় ৩ হাজার ১৪৩টি। ৩২৬ টি বড় সেতু (৬০ ফুট বা তার বেশি) এবং ছোট সেতু রয়েছে ২ হাজার ৮১৭। অধিকাংশেরই নির্মাণ করা হয়েছে ব্রিটিশ আমলে। বছরের পর বছর এ সেতুগুলো সংস্কার না করার কারণে এর মধ্যে ৪০২টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে মাঝে মধ্যে ব্রিজ ভেঙে, কিংবা স্লীপার না থাকায় লাইনচ্যুত হয়ে রেল দুর্ঘটনা হচ্ছে। ঝুঁকিপূর্ণ রেলসেতুর সাথে যুক্ত হয়েছে লোকবল সংকটও। বাংলাদেশ রেলওয়ের জনবল সংকট দিন দিন বাড়ছে। বাংলাদেশ রেলওয়ে জনবল কাঠামো অনুযায়ী ৪৭ হাজার ৬৩৭ জন কর্মরত থাকার কথা থাকলেও আছে মাত্র ২৪ হাজার। অর্থাৎ ৫০ শতাংশ পদই শূন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লোকোমোটিভ/ইঞ্জিন মেইনটেন্যান্স সেকশন। এই শাখায় ৭৫ শতাংশ পদ শূন্য, আছে মাত্র ২৫ শতাংশ। বিগত ২০২২ সালে ৫৮৭ জন সহকারী স্টেশন মাস্টারকে (এএসএম) চুড়ান্ত নিয়োগ দিলেও যোগদান করেছে মাত্র ৩৫২ জন। অন্যদিকে, ২০২৫ সালে ৩৫৩ জন সহকারী লোকো মাস্টারের (এএলএম) বিপরীতে যোগ দিয়ে চাকরি ছেড়েছে ৪৫ জন। জনবল সংকটের কারণে রেলের পরিচালন, রক্ষণাবেক্ষণ, মেরামত, দাপ্তরিক কার্যক্রম সবকিছুই ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের পণ্য পরিবহন ব্যবস্থাও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ইঞ্জিনের সংকট, অব্যবস্থাপনা ও নিয়মিত ট্রেন পরিচালনায় ব্যর্থতার কারণে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে রেলের ভূমিকা কমছে। গত তিন বছরে কনটেইনার পরিবহন থেকে রেলের আয় কমেছে প্রায় ২৪ শতাংশ। ঢাকা-চট্টগ্রাম রুটে কনটেইনারবাহী একটি ট্রেন থেকে আয় হয় যাত্রীবাহী ট্রেনের চার গুণ। রেলওয়ের পূর্বাঞ্চলের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার ৫৩৬ মেট্রিক টন পণ্য পরিবহন করে ৮০ হাজার ৭১৯টি ওয়াগন থেকে আয় হয় ১১৪ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৬১৮ টাকা। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে ৫ লাখ ৫৮ হাজার ৫৯৭ মেট্রিক টন পণ্য পরিবহন করে ৫৪ হাজার ৫৬৯টি ওয়াগন থেকে আয় হয় ৮৭ কোটি ৬৭ লাখ ৪ হাজার ১০৫ টাকা।

৫

রেলের ভূমি ব্যবস্থাপনায় দরকার কার্যকর সংস্কার। রেলওয়ের ভূমি সম্পদকে আয়ের অন্যতম উৎসে পরিণত করতে হলে প্রথমেই প্রয়োজন পূর্ণাঙ্গ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা। প্রতিটি জমির অবস্থান, পরিমাণ, মালিকানা, বর্তমান ব্যবহার, দখল ও ইজারার তথ্য নিয়ে একটি সমন্বিত ডেটাবেজ তৈরি করতে হবে। একই সঙ্গে অবৈধ দখল উচ্ছেদ, সীমানা নির্ধারণ এবং জমির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। স্টেশন, রেলওয়ে ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার আশপাশের জমি পরিকল্পিতভাবে মার্কেট, গুদাম, লজিস্টিক হাব, হোটেল ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনা নির্মাণে ব্যবহার করা যেতে পারে। 

পণ্য পরিবহনে আমাদের সুপারিশসমূহ

দেশের বিভিন্ন স্থানে আইসিডি নেটওয়ার্ক গড়ে তোলা; কনটেইনার পরিবহনে সক্ষমতা বাড়ানো; ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ও কম খরচে মালামাল পরিবহন করতে পারে তার ব্যবস্থা করা; পণ্য পরিবহনে রেলের সংশ্লিষ্ট বিভাগসমূহকে বিশেষ করে মার্কেটিং বিভাগকে সচল করা; পোশাক শিল্প খাতের পণ্য, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পণ্য এবং কৃষিপণ্য রেলের মাধ্যমে পরিবহনে পদক্ষেপ গ্রহণ করা; রেলওয়ে সাথে সমগ্র দেশের বন্দর ও শিল্প কারখানাগুলোর সংযোগ সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ।  বাংলাদেশ রেলওয়ের কারখানা আধুনিকায়নে প্রয়োজন কার্যকর উদ্যোগ নেওয়া: সৈয়দপুর, পাহাড়তলী ও পার্বতীপুর রেলওয়ে কারখানাকে আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে সক্ষম করে তুলতে হবে। বিদেশ থেকে নতুন ইঞ্জিন ও কোচ কেনার পাশাপাশি দেশেই কোচ সংযোজন, যন্ত্রাংশ উৎপাদন এবং ইঞ্জিন-কোচের ভারী মেরামতের সক্ষমতা গড়ে তুলতে হবে। এতে আমদানি নির্ভরতা ও মেরামত ব্যয় কমবে, বাড়বে রেলের নিজস্ব সক্ষমতা। রেলওয়েরর আধুনিকায়ন শুধু নতুন ইঞ্জিন ও কোচ কেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজস্ব কারখানাগুলোকে উৎপাদন ও মেরামতের শক্তিশালী কেন্দ্রে পরিণত করতে হবে। 

রেলওয়ের প্রশিক্ষণ একাডেমিকে শক্তিশালী করা

নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি প্রশিক্ষণ, হাতে-কলমে শিক্ষা, সিমুলেটরভিত্তিক অনুশীলন এবং নিয়মিত দক্ষতা মূল্যায়নের ব্যবস্থা চালু করা জরুরি। পাশাপাশি বিদেশের উন্নত রেলব্যবস্থার সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, বিশেষজ্ঞ প্রশিক্ষক নিয়োগ এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা যেতে পারে।

গবেষণা সেল গঠন

আধুনিক, নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী রেলব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ রেলওয়েতে একটি স্বতন্ত্র ও কার্যকর গবেষণা সেল গঠন করা জরুরি। লোকোমোটিভ ও কোচের কার্যক্ষমতা, যন্ত্রাংশের স্থানীয় উৎপাদন, রেললাইনের স্থায়িত্ব, দুর্ঘটনা প্রতিরোধ, ট্রেনের আসন ব্যবহার, যাত্রী চাহিদা, পণ্য পরিবহন এবং আয়-ব্যয়ের দক্ষতা নিয়ে নিয়মিত গবেষণা করা উচিত। বিশ্ববিদ্যালয়, বুয়েট, প্রকৌশল গবেষণা প্রতিষ্ঠান ও দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথ গবেষণার ব্যবস্থাও গড়ে তুলতে হবে। একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে বাংলাদেশের এক লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারের ৭৫ শতাংশ স্থলভাগ; বাকি জলাশয়, নদী-নালা, অরণ্য ও চারণভূমি। এটুকু জায়গায় ১৬ কোটি (?) লোকের বাস। প্রতিনিয়ত ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মিত হওয়ায় ওই ৭৫ শতাংশ জমিও কমে যাচ্ছে ধীরে ধীরে। কাজেই বাংলাদেশের যাতায়াত-ব্যবস্থা সুষ্ঠু, নিরাপদ ও নিয়মতান্ত্রিক করতে হলে রেলপথকেই প্রাধান্য দিতে হবে। রেল শুধু একপ্রকার যানবাহন নয়, বাঙালির সংস্কৃতিতে ওতপ্রোতভাবে মিশে থাকা এক এবং অদ্বিতীয় আপনজন। আমাদের সেই চিরচেনা আপনজনকে আমাদের নাগালেই রাখতে হবে। এর জন্য প্রয়োজন রেলের আধুনিকায় ও সংস্কার।
_________________


লেখক: গবেষক




পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: