ভাঙচুর হয় দুর্গাপ্রতিমা, জার্নালে ইসলামোফোবিয়া

নূজিয়া হাসিন রাশা
নূজিয়া হাসিন রাশা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৬:২৯পরিবর্তন করতে ক্লিক করুন
ভাঙচুর হয় দুর্গাপ্রতিমা, জার্নালে ইসলামোফোবিয়া

কার্টুনঃ এআই

শেয়ার করুন:

বাংলাদেশের জনসংখ্যার ৯২ শতাংশের বেশি মুসলিম। সেই দেশে নির্দিষ্ট একটি নমুনার ৯৭.১ শতাংশের ইসলামোফোবিয়ার অভিজ্ঞতা থাকা বা এমন ঘটনা প্রত্যক্ষ করার দাবিটি তাই স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। এই সংখ্যার অর্থ কী? এটি কি বাংলাদেশের সামগ্রিক সামাজিক বাস্তবতার প্রতিফলন, নাকি এমন একটি নির্দিষ্ট নেটওয়ার্ক থেকে সংগৃহীত অভিজ্ঞতার পরিসংখ্যান, যারা সংখ্যালঘু পরিচয় নিয়ে সর্বদা প্যানিকে থাকে?

২০২৬ সালের শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে বাংলাদেশের তিনটি জেলায় নির্মাণাধীন পূজামণ্ডপে দশটিরও বেশি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পত্রিকাগুলোর প্রতিবেদন থেকে একটি তথ্যই বারবার সামনে আসছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে, হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়াও চলমান। অধিকাংশ ঘটনায় রাতের অন্ধকারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা চালানোয় তাৎক্ষণিকভাবে সবার পরিচয় নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত শনাক্ত হামলাকারীদের মধ্যে একজনের নাম সামনে এসেছে—ইসমাইল হোসেন, বয়স ৩৫। টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কী পশ্চিমপাড়ার আর্য সমিতির দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্ধকারে মণ্ডপে ঢুকে হিন্দু ধর্মাবলম্বীদের দেবদেবীর প্রতিমা যারা ভাঙে, তারা কি অপর ধর্মের প্রতি ‘ফোবিয়া’ থেকেই তা করে না?

অন্যদিকে, ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার আয়োজন চললেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বাজারে কেনাকাটার সেই আগের উৎসবের আমেজ নেই। এরই মধ্যে পূজা উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া বিভিন্ন কোম্পানি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছে। অর্থাৎ, একদিকে সংখ্যালঘুদের ধর্মীয় উৎসবের নিরাপত্তা ও সাংস্কৃতিক পরিসর নিয়ে বাস্তব উদ্বেগ রয়েছে; অন্যদিকে, সংখ্যাগুরুর ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ‘বিপন্নতা’র একটি নতুন বয়ানও তৈরি হচ্ছে। এই ঘটনাকে আমরা মাইনরিটি ফোবিয়া বলতে পারি।

এই বাস্তবতার মধ্যেই মোহাম্মদ সরোয়ার হোসেন, ফারহিন ইসলাম ও এস এম ইয়াসির আরাফাত নামের তিন গবেষকের একটি গবেষণার ফলাফল সামনে এসেছে। তাঁদের দাবি, বাংলাদেশের ১,৬৫৫ জন তরুণ মুসলমানের মধ্যে ৯৭.১ শতাংশ ইসলামোফোবিয়ার কোনো ঘটনা প্রত্যক্ষ করেছেন অথবা নিজেরা এর শিকার হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ৫৫.৭ শতাংশ সরাসরি বৈষম্যের শিকার হয়েছেন বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের জনসংখ্যার ৯২ শতাংশের বেশি মুসলিম। সেই দেশে নির্দিষ্ট একটি নমুনার ৯৭.১ শতাংশের ইসলামোফোবিয়ার অভিজ্ঞতা থাকা বা এমন ঘটনা প্রত্যক্ষ করার দাবিটি তাই স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। এই সংখ্যার অর্থ কী? এটি কি বাংলাদেশের সামগ্রিক সামাজিক বাস্তবতার প্রতিফলন, নাকি এমন একটি নির্দিষ্ট নেটওয়ার্ক থেকে সংগৃহীত অভিজ্ঞতার পরিসংখ্যান, যারা সংখ্যালঘু পরিচয় নিয়ে সর্বদা প্যানিকে থাকে? আর ইসলামোফোবিয়া বলতে এখানে ঠিক কী বোঝানো হয়েছে—ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, ধর্মীয় পোশাক নিয়ে বিদ্রূপ, নাকি ধর্মীয় রাজনীতির সমালোচনাকেও একই শ্রেণিতে ফেলা হচ্ছে?

কারণ, যে দেশে উগ্র সালাফিস্টরা একের পর এক মাজার ভাঙে, মন্দিরে হামলা হয়, একটি তথাকথিত ইসলাম বিদ্বেষী মন্তব্যের ভিত্তিতে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হয়, হিন্দু ধর্ম শিক্ষককে থানায় নিয়ে যাওয়া হয় মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলায়, নারী নিপীড়কদের থানা থেকে মুক্ত করে এনে হাতে কোরআন শরিফ তুলে দেওয়া হয় কিংবা নুরাল পাগলের লাশ পুড়িয়ে ফেলা হয় ধর্মের নামে, সেই দেশে ইসলামোফোবিয়া বা মুসলমান হিসেবে কেউ বৈষম্য কিংবা আগ্রাসনের শিকার হয়েছেন—এমন দাবি করার ভিত্তি কী? 

সংখ্যাগুরুর ‘বিপন্নতা’ একটি পুরোনো কৌশল

এই গবেষণার উপস্থাপনা বিশ্বজুড়ে ডানপন্থী রাজনীতির একটি পরিচিত কৌশলের কথা মনে করিয়ে দেয়। ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা প্রতিনিয়ত প্রচার করে, ‘হিন্দু খতরে মে হ্যায়’—হিন্দুরা বিপদে আছে। দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন দমনেও তারা সামনে আনে, দেশদ্রোহী মুসলমানরাই হিন্দুদের ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। বেকারত্বের সমস্যা? সেটাও মুসলমানদের কারণে। অর্থনৈতিক মন্দা? তার দায়ও ভারতের মুসলমানদের। কারণ, তারা রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘুকৃত।

ব্রিটেনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও চরম ডানপন্থীরা দাবি করে, অভিবাসীরা তাদের সংস্কৃতি, পরিচয় ও অস্তিত্ব ধ্বংস করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পপন্থী রাজনীতির একটি বড় অংশ অভিবাসী ও সংখ্যালঘুদের উপস্থিতিকে তথাকথিত ‘প্রকৃত আমেরিকানদের’ জন্য হুমকি হিসেবে হাজির করে। অথচ ‘প্রকৃত আমেরিকান’ বলে কোনো একক, অপরিবর্তনীয় পরিচয় নেই; যুক্তরাষ্ট্রের ইতিহাসই অভিবাসন, আদিবাসী জনগোষ্ঠীর উচ্ছেদ এবং নানা জনগোষ্ঠীর আগমন ও সহাবস্থানের ইতিহাস।

ইসরায়েলি রাষ্ট্রীয় বয়ানে ফিলিস্তিনিদের ইহুদিবিদ্বেষী এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা হয়। এই নিরাপত্তার বয়ান সামনে রেখেই ফিলিস্তিনের হাসপাতাল ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হয়। ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী ও মুসলিম জনগোষ্ঠীকে সামাজিক সংকটের জন্য দায়ী করার রাজনীতিও নতুন নয়।

এসব ক্ষেত্রে সংখ্যাগুরুর পরিচয়কে রাজনৈতিকভাবে বিপন্ন একটি পরিচয় হিসেবে নির্মাণ করা হয়। সংখ্যাগুরুকে বোঝানো হয়—তাদের সংস্কৃতি, ধর্ম, নিরাপত্তা ও অস্তিত্ব সংখ্যালঘুদের কারণে হুমকির মুখে। রাজনীতির অ আ ক খ জানলেই আমাদের বোঝার কথা, এই দাবি কতটা হাস্যকর! এই ভয়কে রাজনৈতিক সংগঠনের হাতিয়ার বানিয়ে সংখ্যালঘুদের অধিকার সংকুচিত করা, রাষ্ট্রীয় দমন-পীড়নকে বৈধতা দেওয়া এবং বিদ্যমান আধিপত্যকে আরও শক্তিশালী করা সম্ভব হয়।

শ্রীলঙ্কার উদাহরণ দেখা যাক। সেখানে গভীরভাবে প্রোথিত বৌদ্ধ সংখ্যাগুরুবাদী মতাদর্শ রাষ্ট্র ও সমাজকে একটি একচেটিয়া বৌদ্ধ রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। এই মতাদর্শ মুসলমানদের ‘বহিরাগত’ ও ‘অপর’ হিসেবে নির্মাণ করে তাঁদের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক বৈরিতাকে বৈধতা দেওয়ার পরিসর তৈরি করেছে। অর্থাৎ, সংখ্যাগুরুর ধর্মীয় পরিচয়কে বিপন্নতার বয়ানে রূপান্তর করে সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈরিতা সংগঠিত করা যায়।

এ দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, রাষ্ট্রধর্ম ইসলাম। সেই বাস্তবতায় ‘ইসলামোফোবিয়া’ শব্দটি ব্যবহার করতে হলে এর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট স্পষ্ট করা প্রয়োজন। পশ্চিমা দেশগুলোর মুসলিম সংখ্যালঘুদের অভিজ্ঞতা কিংবা ভারতের মুসলিম জনগোষ্ঠীর ওপর হিন্দুত্ববাদী নিপীড়নের বিশ্লেষণকে সরাসরি বাংলাদেশের ওপর বসিয়ে দিলেই তা সমাজবিজ্ঞান হয়ে যায় না।

১,৬৫৫ জন কি বাংলাদেশের প্রতিচ্ছবি?

গবেষণাটির সবচেয়ে বড় প্রশ্ন এর নমুনা নির্বাচনের পদ্ধতি নিয়ে। গবেষণায় অংশগ্রহণকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে। অর্থাৎ, মাত্র এক সপ্তাহে নির্দিষ্ট ইসলামি শিক্ষামূলক কর্মসূচি ও কমিউনিটি সংগঠনের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ নেটওয়ার্কে গুগল ফর্ম ছড়িয়ে জরিপটি পরিচালনা করা হয়।

যে কমিউনিটি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, সেটি আগে থেকেই সংখ্যালঘু-ভীতি বা মাইনরিটি ফোবিয়া দ্বারা প্রভাবিত কি না, তা কি চিহ্নিত করা হয়েছিল? প্রশ্নের ধরন কিন্তু সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেয় না।

গবেষণাটিতে উদ্দেশ্যমূলক নমুনা নির্বাচন ব্যবহৃত হয়েছে। এ ধরনের নমুনা নির্দিষ্ট জনগোষ্ঠীর অভিজ্ঞতা অনুসন্ধানের জন্য কাজে লাগতে পারে। কিন্তু এ পদ্ধতিতে পাওয়া ফলাফল থেকে বাংলাদেশের সব তরুণ মুসলমানের অভিজ্ঞতা সম্পর্কে সিদ্ধান্ত টানা যায় না। গবেষণাটির লেখকেরাও নমুনাটিকে বাংলাদেশের দৃশ্যমান ধর্মচর্চাকারী তরুণদের প্রতিনিধিত্বশীল জাতীয় নমুনা হিসেবে দেখানোর সীমাবদ্ধতা স্বীকার করেছেন।

আরও গুরুত্বপূর্ণ হলো, নমুনায় অন্তর্ভুক্তির শর্তের মধ্যে ধর্মীয় পোশাক বা দৃশ্যমান ধর্মীয় চিহ্ন ব্যবহারের পাশাপাশি ইসলামি কার্যক্রমে সক্রিয় থাকার বিষয়টিও ছিল। অর্থাৎ, অংশগ্রহণকারীদের সবাই যে কেবল পোশাকের মাধ্যমে ধর্মীয় পরিচয় প্রকাশ করতেন, তা নয়; ইসলামি কার্যক্রমে সক্রিয় থাকার কারণেও কেউ কেউ নমুনায় অন্তর্ভুক্ত হতে পারেন। ফলে গবেষণার শিরোনামে ব্যবহৃত ‘দৃশ্যমান ধর্মচর্চাকারী তরুণ’ পরিচয়ের সঙ্গে নমুনায় অন্তর্ভুক্তির শর্তের সম্পর্কটি ব্যাখ্যা করা জরুরি।

ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে মতিঝিল আইডিয়াল স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এই স্কুলে মেয়েদের মাথায় বড় ঘোমটা টানা এবং ছেলেদের টুপি পরার বাধ্যবাধকতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। যোহরের নামাজেও ছেলেদের স্বেচ্ছায় অনুপস্থিত থাকার সুযোগ ছিল না বলে জানা যায়। অথচ পূজা-পাঠ কিংবা অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য নিজ নিজ ধর্মচর্চার সমতুল্য কোনো আয়োজন নেই বলে অভিযোগ রয়েছে।

এই শিক্ষাব্যবস্থাকে ইসলামি অনুশাসননির্ভর বলা যেতে পারে, কিন্তু সেকুলার বা ধর্মনিরপেক্ষ বলা যায় কি? বাংলাদেশের ডানপন্থীরা ইসলামোফোবিয়াকেই সেকুলারিজমের কাউন্টারপার্ট মনে করেন। অথচ সেকুলারিজমের প্রশ্নটি ধর্মবিদ্বেষের প্রশ্ন নয়; বরং ধর্মবিশ্বাস ও অবিশ্বাসের স্বাধীনতা এবং কোনো একটি ধর্মীয় অনুশাসন অন্যদের ওপর চাপিয়ে না দেওয়ার প্রশ্ন। আমাদের ডানপন্থীদের কাছে এই উত্তর ভালো লাগে না। কিন্তু ভারতের সেকুলাররা ভালো, যারা মুসলমানদের অধিকারের পক্ষে কথা বলেন; কিন্তু নিজ দেশের সেকুলাররা খারাপ, যারা অন্য ধর্মের জনগণের অধিকারের পক্ষে কথা বলেন। সে জন্যই এত তোরজোড় ইসলামোফোবিয়ার অস্তিত্ব প্রমাণ করা নিয়ে!

৯৭.১ শতাংশের অর্থ কী?

গবেষণায় ৯৭.১ শতাংশ উত্তরদাতা কোনো না কোনো ইসলামোফোবিয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন অথবা নিজেরা এর শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এখানে একটি প্রশ্নের মধ্যে দুটি ভিন্ন অভিজ্ঞতা একত্র করা হয়েছে: সরাসরি বৈষম্যের শিকার হওয়া এবং অন্য কাউকে বৈষম্যের শিকার হতে দেখা।

কিন্তু এই দুই অভিজ্ঞতার সামাজিক তাৎপর্য এক নয়। কেউ নিজের ধর্মীয় পরিচয়ের কারণে চাকরি, শিক্ষা বা জনপরিসরে বৈষম্যের শিকার হওয়া এক ধরনের অভিজ্ঞতা। অন্যদিকে, কোনো ঘটনা প্রত্যক্ষ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখা কিংবা কারও কাছ থেকে বৈষম্যের কথা শোনা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। এসবের প্রকৃতি, তীব্রতা ও প্রভাবও এক নয়।

গবেষণায় বৈষম্যের জন্য দায়ী হিসেবে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পথচারীদের উল্লেখ করার তথ্যও রয়েছে। আত্মীয়স্বজনের ক্ষেত্রে ৩৯.৫ শতাংশ, প্রতিবেশীদের ক্ষেত্রে ২৬.৯ শতাংশ এবং পথচারীদের ক্ষেত্রে ১৬.৭ শতাংশের কথা বলা হয়েছে।

পরিবারে ধর্মীয় পোশাক নিয়ে মতবিরোধ, প্রতিবেশীর বিদ্রূপ, জনপরিসরে অপমান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য—এসব ঘটনার প্রকৃতি এক নয়। এগুলোর কোনোটি ধর্মীয় বিদ্বেষের প্রকাশ হতে পারে, কোনোটি সামাজিক রক্ষণশীলতা বা ব্যক্তিগত দ্বন্দ্বের সঙ্গে যুক্ত হতে পারে; আবার কোনো ঘটনায় একাধিক বিষয় একসঙ্গে কাজ করতে পারে। প্রতিটি ঘটনার প্রকৃতি যাচাই না করে সবকিছুকে একই শ্রেণিতে ফেললে তার সামাজিক ব্যাখ্যা দুর্বল হয়ে পড়ে।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, ৫৫.৪ শতাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু এই সংখ্যার হর ও লব কীভাবে নির্ধারণ করা হয়েছে, তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। যদি এমন উত্তরদাতাদেরও হিসাবের মধ্যে রাখা হয়, যাঁরা কোনো প্রতিষ্ঠানে বৈষম্যের ঘটনার মুখোমুখি হননি, তাহলে ‘প্রতিষ্ঠান ব্যবস্থা নেয়নি’—এই ফলাফল কীভাবে ব্যাখ্যা করা হবে?

এসব প্রশ্নের উত্তর ছাড়া গবেষণাটির পরিসংখ্যান ও সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা যাচাই করা সম্ভব নয়।

এডওয়ার্ড সাঈদ, জ্ঞানগত বর্ণবাদ ও তত্ত্বের ব্যবহার

এখানে এডওয়ার্ড সাঈদের অরিয়েন্টালিজম, জ্ঞানগত বর্ণবাদ বা এপিস্টেমিক রেসিজম এবং আনিবাল কুইহানোর কলোনিয়ালিটি অফ পাওয়ার—এ ধরনের ধারণার প্রসঙ্গ এসেছে। কিন্তু এই ধারণাগুলো পরস্পরের বিকল্প নয়, আর একটির উপস্থিতি দিয়ে অন্যটির অস্তিত্ব প্রমাণ করা যায় না।

এডওয়ার্ড সাঈদের অরিয়েন্টালিজম মূলত পশ্চিমা জ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক বয়ানে ‘প্রাচ্য’কে কীভাবে একটি অধস্তন, পশ্চাৎপদ ও নিয়ন্ত্রণযোগ্য সত্তা হিসেবে নির্মাণ করা হয়েছে, তা বিশ্লেষণ করে। অন্যদিকে, এপিস্টেমিক রেসিজম জ্ঞান উৎপাদন ও বৈধ জ্ঞান হিসেবে কোনো অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় বর্ণবাদী শ্রেণিবিন্যাসের প্রশ্ন তোলে। কুইহানোর কলোনিয়ালিটি অফ পাওয়ার ঔপনিবেশিক শাসনের আনুষ্ঠানিক অবসানের পরও ক্ষমতা, জ্ঞান, শ্রম ও সামাজিক শ্রেণিবিন্যাসে ঔপনিবেশিক সম্পর্ক কীভাবে টিকে থাকে, তা ব্যাখ্যা করে।

এই তত্ত্বগুলোর আলোকে বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠ্যক্রম বা কর্মক্ষেত্রে মুসলমানদের জ্ঞান ও পরিচয়কে কীভাবে দেখা হয়, তা অনুসন্ধান না করেই প্রশ্ন সাজানো হলো। গবেষণায় দেখানো নাই—কোন জ্ঞানকে প্রান্তিক করা হচ্ছে, কোন প্রতিষ্ঠান বা বয়ান সেই প্রক্রিয়ায় ভূমিকা রাখছে এবং তার সঙ্গে ঔপনিবেশিক জ্ঞানকাঠামো বা ক্ষমতার সম্পর্ক কীভাবে যুক্ত। কেবল ধর্মীয় পোশাক নিয়ে বিরূপ মন্তব্য বা বৈষম্যের স্ব-প্রতিবেদিত অভিজ্ঞতা থেকে সরাসরি অরিয়েন্টালিজম কিংবা এপিস্টেমিক রেসিজম-এর সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

তত্ত্বকে গবেষণার প্রশ্ন, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্তের সঙ্গে যুক্ত করে দেখাতে হয়।

ফিরে আসা যাক ক্ষমতার সমীকরণে। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম, জনসংখ্যার ৯২ শতাংশের বেশি মুসলিম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ কিংবা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে মুসলমানদের উপস্থিতি সংখ্যাগতভাবে ব্যাপক। এই বাস্তবতায় ইসলামোফোবিয়াকে যদি প্রাতিষ্ঠানিক বা কাঠামোগত নিপীড়ন হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে সেই দাবির পক্ষে প্রমাণ, ক্ষমতার সম্পর্কের বিশ্লেষণ এবং প্রাতিষ্ঠানিক বৈষম্যের ধরন দেখাতে হবে। শুধু সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বৈষম্যের অভিজ্ঞতা তুলে ধরলেই কাঠামোগত নিপীড়নের দাবি প্রতিষ্ঠিত হয় না। 

সমস্যা হলো, ডানপন্থী রাজনীতিতে ভিক্টিমহুড বা নিপীড়িত হওয়ার বয়ানও আধিপত্য টিকিয়ে রাখার হাতিয়ারে রূপান্তর করে। অন্যদিকে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও পূজামণ্ডপে হামলা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা, পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর ওপর জাতিগত আধিপত্য এবং ধর্মীয় অভিযোগের নামে ভিন্নমতাবলম্বীদের ওপর আক্রমণের বাস্তবতা রয়েছে। মুক্তচিন্তার মানুষ, বামপন্থী ও প্রগতিশীলদের ‘নাস্তিক’ বা ‘মুরতাদ’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হুমকি দেওয়া কিংবা সহিংসতার লক্ষ্য বানানোর ঘটনাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অংশ।

কারা নিজেদের পরিচয়কে রাষ্ট্র ও সমাজের স্বাভাবিক মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, আর কাদের পরিচয়কে বারবার ব্যাখ্যা করতে হয়, সন্দেহের মুখোমুখি হতে হয় কিংবা নিরাপত্তাহীনতার মধ্যে বাঁচতে হয়? দেশের বামপন্থীদের, হিন্দুদের, আদিবাসীদের কথায় কথায় ডানপন্থীরা সীমান্ত দেখায়। এটা কি ইসলামোফোবিয়া থেকে আগ্রাসন, নাকি সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের ওপর সংখ্যাগুরুর আধিপত্য প্রতিষ্ঠার রাজনীতি? সেটাও যাচাই করা হোক।

গবেষণা নিরপেক্ষ নয়, শিক্ষা নিরপেক্ষ নয়

গবেষণা নিরপেক্ষ নয়। শিক্ষা নিরপেক্ষ নয়। নিরপেক্ষ থাকার নাটকীয়তা বরং শাসকশ্রেণির পক্ষে অবস্থান নেয়।

আওয়ামী লীগের ঘোরতর ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি, স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে। যে জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে, তার সম্পাদকীয় পরিসর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক অবস্থানও একই ঘটনার উদাহরণ।

এই জার্নালের সম্পাদক সুলতান মাহমুদ। ২০২২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীলীগপন্থী শিক্ষকদের হলুদ দল থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুলতান মাহমুদ যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। যে শিক্ষা ও গবেষণা আসলে ক্ষমতাকে সার্ভ করে জনগণের বিপক্ষে, তারা বরাবরই সব রেজিমের সুবিধাভোগী হয়ে বিদ্বেষ ছড়ায়।

সংখ্যাগুরুর পরিচয়কে বিপন্নতার বয়ানে রূপান্তর করে সংখ্যালঘুদের বিরুদ্ধে সামাজিক বৈরিতা সংগঠিত করার ইতিহাস আমাদের সামনে রয়েছে।

____

*লেখক: নূজিয়া হাসিন রাশা
গবেষক ও সাংবাদিক



পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: