ওসামা বিন লাদেন এখন ‘হালাল’, আর শেখ মুজিব ‘নিষিদ্ধ’!

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ৯:৪৬পরিবর্তন করতে ক্লিক করুন
ওসামা বিন লাদেন এখন ‘হালাল’, আর শেখ মুজিব ‘নিষিদ্ধ’!

ছবিঃ এআই

শেয়ার করুন:

একদিকে আল-কায়েদা আর হাক্কানি নেটওয়ার্কের উগ্রবাদী পাঠ প্রকাশ্যে ছেড়ে দিয়ে সরকার চরমপন্থাকে নির্বিঘ্নে ডালপালা মেলতে দিচ্ছে; অন্যদিকে ‘অসমাপ্ত আত্মজীবনী’র মতো বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বহনকারী একটি আকরগ্রন্থ হয়ে উঠেছে তাদের কাছে ভয়ের কারণ!

দেশে এখন দারুণ স্বাধীনতা! এই স্বাধীনতার এমনই এক চমৎকার রূপ যে, এখানে আল-কায়েদার শীর্ষ নেতাদের বই প্রকাশ্যে বেচা যায়। আন্তর্জাতিকভাবে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিতদের বই দেদারসে অনুবাদ হয়। ইসলামি বইমেলায়ও সেগুলোর মেলা বসে। এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখে কুলুপ। পুলিশের কেউ এসবের টিকিটিও ছুঁতে আসে না।

কিন্তু বিপদ অন্যখানে। আপনি যদি দেশের স্থপতি বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করেন, তবে খবর আছে! বইটি পৃথিবীতে কোথাও নিষিদ্ধ নয়। এমনকি বাংলাদেশেও না। তবু আপনাকে প্রকাশ্য দিবালোকে ধরে নিয়ে যাওয়া হবে। ঠিক এই ঘটনা ঘটেছে দেশের সবচেয়ে পুরোনো, অভিজাত প্রকাশনা সংস্থা ইউপিএল (দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড)-এর সঙ্গে।

আগে দেখে নিই স্বাধীন এ বাজারে বিনা বাধায় কাদের বই বিক্রি হচ্ছে।

খোদ আল-কায়েদা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের লেখা ‘হযরত কা’ব বিন মালেক’ বিক্রি হচ্ছে বাজারে। মিলছে ড্রোন হামলায় নিহত আল-কায়েদার শীর্ষ নেতা আনোয়ার আল-আওলাকি ও আসেম উমরের বই। আছে ইউসুফ আল-উয়াইরি এবং আবু হামজা আল-মিশরীর বইও।

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংক জালিয়াতি, প্রতারণা ও অর্থ পাচারে দণ্ডিত আহমাদ মুসা জিবরিল সিরিয়ায় বিদেশি যোদ্ধা টানতে কাজ করেছেন। সেই প্রভাবশালী বক্তার লেখা ‘তাওহিদের মূলনীতি’ ও ‘নবি ইউসুফের পাঠশালা’ বইগুলো এ দেশে দেদারসে বিক্রি হচ্ছে। আবদুর রাহমান ইবনু সালিহ আল-মাহমুদ তাঁর ‘অপরিহার্য শরীয়াহ’ বইয়ে খোদ সৌদি রাষ্ট্রপ্রধানদেরও ‘কাফের’ বলে ফতোয়া দিয়েছেন। এ দেশের বইয়ের দোকানে সেসব সহজেই লভ্য!

তালিকা এখানেই শেষ নয়। দারুল উলুম হাক্কানিয়ার প্রধান সামিউল হক হাক্কানি, ফিলিস্তিনি বংশোদ্ভূত আল-কায়েদা তাত্ত্বিক আবদুল্লাহ আযযাম, খালিদ আল হুসাইনান ওরফে আবু জায়েদ আল-কুয়েতি, হারিস আন-নাজারী—সবার বই বাংলায় অনূদিত হয়ে দিব্যি বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে কারাগারে আটক খালিদ আর-রাশিদ, সুলায়মান ইবনু নাসির আল উলওয়ান কিংবা যুক্তরাষ্ট্রে দণ্ডপ্রাপ্ত তারিক মেহান্না ও বাবর আহমেদের লেখার সংকলন। আওলাকির বক্তব্য বাংলায় ডাবিং করে চলছে চরমপন্থার অডিও বিক্রি।

এসব বই যখন বিক্রি হয়, তখন রাষ্ট্র নিশ্চুপ থাকে। সরকারের চোখে কিছুই পড়ে না। সারা পৃথিবীতে যারা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ও বিপজ্জনক, তাদের বয়ান এই স্বাধীন দেশে একেবারেই ‘মুক্ত’ আর ‘নিরাপদ’। থানার ওসি সাহেবরা তখন নাকে তেল দিয়ে ঘুমান।

অথচ পুলিশ কত তৎপর! সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সূত্রাপুরের বাংলাবাজারে ইউপিএলের শোরুমে এল দুই যুবক। তারা নিজেদের ‘স্থানীয় বিএনপির লোক’ বলে পরিচয় দিল। তারা এসে দাবি তুলল ‘অসমাপ্ত আত্মজীবনী’ নাকি নিষিদ্ধ বই! এরপর তারা রীতিমতো গুন্ডামি করে বইয়ের দোকানের শাটার নামাল। দুই কর্মীকে হেনস্তা করে তুলে দিল পুলিশের হাতে।

পুলিশ কী করল? তারা উল্টো ইউপিএলের ওই দুই কর্মীকে আটকে রাখল। এ ঘটনায় সূত্রাপুর থানার ওসি মতিউর রহমানের বয়ানটি অত্যন্ত ভয়ংকর এবং একইসাথে হাস্যকর। তিনি বলছেন, “ইউপিএলতো শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পাবলিশড করছে আগে থেকেই। তাদের কাছে হয়তো আগে ছাপানো পুরোনো বইয়ের কোনো কপি ছিল।”

একটু খেয়াল করুন, ওসি সাহেবের এই কথায় বইটি বেচা না বেচার বিষয়ে প্রচ্ছন্ন একটা সম্মতি লুকিয়ে আছে। তাঁর কথা শুনে মনে হয়, নতুন করে ছাপানো তো দূরের কথা, পুরনো কপি থাকাটাই বিরাট এক অপরাধ! এই ওসি বা তাঁর ওপরের পুলিশ কর্তাদের কারোরই কিন্তু দেশে নিষিদ্ধ জঙ্গিদের বই বেচা বন্ধে এতটুকু ভূমিকা নিতে দেখা যায়নি।

ইউপিএলের মতো একটা প্রকাশনা প্রতিষ্ঠান, যারা বাংলাদেশের প্রকাশনা জগতকে আজকের এই মানসম্মত জায়গায় এনেছে—তাদের এমন হয়রানির শিকার হওয়া চরম অপমানজনক। তারা অত্যন্ত শালীন ভাষায় বিবৃতি দিয়ে বলেছে, সরকার নিষিদ্ধ না করা পর্যন্ত তারা বৈধ বই বিক্রি করে যাবে। একই সঙ্গে তারা একটি সাবধান বাণীও দিয়েছে। তারা মনে করিয়ে দিয়েছে যে, ফৌজদারি উসকানি নেই এমন বই বিপণনে বাধা দেওয়া মূলত প্রকাশনা শিল্পে ‘গুন্ডামির রাজত্ব’ কায়েম করা।

আর এটাই এই সরকারের আমলের নগ্ন বাস্তবতা। একদিকে আল-কায়েদা আর হাক্কানি নেটওয়ার্কের উগ্রবাদী পাঠ প্রকাশ্যে ছেড়ে দিয়ে সরকার চরমপন্থাকে নির্বিঘ্নে ডালপালা মেলতে দিচ্ছে; অন্যদিকে ‘অসমাপ্ত আত্মজীবনী’র মতো বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বহনকারী একটি আকরগ্রন্থ হয়ে উঠেছে তাদের কাছে ভয়ের কারণ!

এদিকে ’চিত্রা নদীর পারে’র চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল তার ফেসবুক পোস্টে ‘বাংলাদেশ বিমানে “লালসালু” ও “চিত্রা নদীর পারে” নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ বিমান দীর্ঘকাল ধরে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রসমূহ তাদের ফ্লাইটে প্রদর্শন করে আসছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশ বিমান তানভীর মোকাম্মেলের “লালসালু” ও “চিত্রা নদীর পারে” চলচ্চিত্র দু’টো কী এক অজ্ঞাত কারণে প্রদর্শন করতে অপারগতা প্রকাশ করেছে। প্রসঙ্গত, “লালসালু” চলচ্চিত্রটি আটটি ক্ষেত্রে এবং “চিত্রা নদীর পারে” সাতটি ক্ষেত্রে জাতীয় পুরস্কার লাভ করেছিল। তানভীর মোকাম্মেলের এই দু’টো ছবিই কালজয়ী চলচ্চিত্র হিসেবে দেশে-বিদেশে আজও স্বীকৃত ও ব্যাপকভাবে সমাদৃত।

চিত্রা নদীর পারে ১৯৪৭ সালের দেশভাগের গভীর ক্ষত নিয়ে করা, এই চলচ্চিত্রে নড়াইলের চিত্রা নদী অববাহিকার মানুষের গল্প নিখুঁতভাবে উঠে এসেছে। বাংলা চলচ্চিত্রে এটাকে অমূল্য সম্পদ মনে করা হয়। আর ’লালসালু’ হলো সৈয়দ ওয়ালীউল্লাহর কিংবদন্তি উপন্যাস, এটিরই সফল চিত্রায়ন করেছেন পরিচালক তানভীর মোকাম্মেল।

বাংলাদেশ এখন এক উল্টোরাজার দেশ। এসব দেখে কবি শামসুর রহমান লিখেছিলেন, "উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।’ আমরা কিসের ওপর চলছি? যেই রাষ্ট্রে আল-কায়েদা আর জঙ্গিদের বই ‘সম্মান’ নিয়ে প্রকাশ পায়, আর দেশের প্রতিষ্ঠাতার বই রাখার দায়ে বনেদি প্রকাশকদের কর্মীকে হেনস্তা করে থানায় নিয়ে যাওয়া হয়—সেই রাষ্ট্র গুন্ডাদের হাতের মুঠোতেই থাকে। প্রশাসন কেবল তাদের চাকরগিরি করে।


____

*লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: