বাংলা ভাগের ৭৯ বছর: প্রাপ্তি বনাম স্মৃতি, সত্তা ও ভবিষ্যতের সংকট

বাংলা ভাগের ৭৯ বছরে অখণ্ড বঙ্গভঙ্গ, জমিদারি উচ্ছেদ, এসআইআর ও জাতিরাষ্ট্রের রাজনীতি নিয়ে কলকাতার লেখক ও সাংবাদিক অতনু সিংহের রাজনৈতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ।
অখণ্ড বাংলা অর্থাৎ স্বাধীন সুবেহ বাংলা থেকে বৃটিশ সাম্রাজ্যের বাংলা প্রদেশ হয়ে; আজকের স্বাধীন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ— মাঝখানে সীমানা পিলার। বাংলাকে দ্বিখণ্ডিত করে আশি বছর ধরে, দাঁড়িয়ে রয়েছে কাঁটাতার। আর সেই কাঁটাতারে ঝুলেছে ফেলানী খাতুনদের লাশ!
তবে শুধুই যে পূর্ব ও পশ্চিম, এই দুইখণ্ডে বাংলা বিভক্ত হয়েছে তা নয়; বরং ব্রিটিশ উপনিবেশের হাত ধরেই বৃহৎ বঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়েছে ঈশান বঙ্গ, যা কি না আজকের আসাম প্রদেশের অংশ। বিচ্ছিন্ন হয়েছে মানভূমের বড় অংশ, যা আজকের ঝাড়খণ্ড রাজ্য থেকে বিহারের দ্বারভাঙা অবধি বিস্তৃত। শুধু কি তাই? বৃহৎ বঙ্গের মধ্যে ধলভূম বলে চিহ্নিত অংশটিও আজকে ভারতের ওড়িশা রাজ্যের মধ্যে মিশে রয়েছে। অন্যদিকে মায়ানমারের আরাকান রাজ্যের একটা বিরাট অংশই ছিলো অখন্ড বাঙলার অংশ। মূলত ঔপনিবেশিক ব্যবস্থাই বঙ্গের অখণ্ডতা রক্ষা করতে দেয়নি।
আর সেই উপনিবেশবাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া আরএসএস, হিন্দুমহাসভার মতো সংগঠনগুলির শেষমেশ কংগ্রেসের দক্ষিণপন্থী ও হিন্দুত্ববাদী অংশগুলির সঙ্গে হাতমিলিয়ে বাংলাকে চিরতরে দ্বিখণ্ডিত করেছে। এর জেরে আপাতভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। বৃটিশ বিরোধী আন্দোলনের জেরে ভূমিপ্রশ্ন, কৃষক ও কৃষিমজুরের শ্রেণিবৈষম্যের বুর্জোয়া গণতান্ত্রিক সমাধান নিশ্চিত হলেও অখণ্ড বঙ্গের উজ্জ্বল রাজনৈতিক ও অর্থনৈতিক স্বনির্ভরতা সম্পূর্ণভাবেই বিনষ্ট হয়েছে।
এটা ঠিক যে, মোহাম্মদ আলী জিন্নাহ কিংবা পাঞ্জাবিদের পাকিস্তানের যে জাতিবাদী চরিত্র ছিল তার সঙ্গে বাংলার কৃষিজীবী বাঙালি মুসলিমের পাকিস্তান আন্দোলনে শামিল হওয়ার প্রেক্ষিত ছিল সম্পূর্ণ ভিন্ন। মূলত শ্রেণিপ্রশ্নই ছিল এর মূল কারণ।
কেননা তিরিশের দশকে শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি জমিদারি ব্যবস্থার উচ্ছেদ তথা ভূমিসংস্কারের যে রাজনৈতিক কর্মসূচী গ্রহণ করেছিল, পরবর্তীতে মুসলিম লীগও সেই একই কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হয়। কারণ বাংলার মুসলিম লীগের জনভিত্তি ছিল মূলত প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাই।
যদিও পূর্ব পাকিস্তান হয়ে ওঠার পরবর্তীতে পশ্চিম পাকিস্তানের আগ্রাসন, খবরদারি ও অর্থনৈতিক-সাংস্কৃতিক আধিপত্যের ইতিহাস থেকে আমরা বিস্মৃত নই। স্বাধীন বাংলাদেশ গঠনের পথ ছিল রক্তক্ষয়ী এক মুক্তিসংগ্রাম। আর সেই রক্ত ও অশ্রুক্ষরণের ভিতর দিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হয়েছে ক্রমান্বয়ে।
পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ হয়ে উঠবার এই প্রক্রিয়ায়, পূর্ব-বঙ্গের বাঙালি মুসলমানের ইতিহাস বহুল চর্চিত হলেও, পশ্চিমবঙ্গ থেকে পূবে দেশান্তরিত হওয়া ছিন্নমূল বাঙালি মুসলিমের অশ্রু ও হাহাকার, যা ইতিহাসে প্রায়শই ধামাচাপা পড়েই থেকে গিয়েছে। ইতিহাসে পূব থেকে পশ্চিমে পাড়ি দেওয়া ছিন্নমূল বাঙালি হিন্দুকে যতটা পাওয়া যায়, সে তুলনায়ও পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ হওয়া বাঙালি মুসলমানের গল্প ততোটা পাওয়া যায়নি। আসলে ছিন্নমূল হওয়ার সার্বিক ইতিহাসটাই তো বেদনার, তা সে "বাঙালি হিন্দু" হোক অথবা "বাঙালি মুসলমান"; ইতিহাসের এই দাগ যে রক্তাক্ত করেছে বাঙালির সব ঘর।
তবে ৪৭-এ দুই বাংলার হিন্দু ও মুসলমানের ছিন্নমূল হওয়ার মতো যে বেদনাদায়ক ইতিহাস তৈরি হয়েছিল, ইতিহাসের সেই কালাদিনগুলি আবার পশ্চিমবঙ্গের বাঙালিকে প্রত্যক্ষ করতে হয়েছে ২০২৫ সালে।ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের নামে পশ্চিমবঙ্গের কোটি মানুষের নাগরিক অধিকার হয়েছে খর্বিত। তাঁদেরই একটা বড় সংখ্যাকে দেখা গেল, ভারত সরকার পুশব্যাক করে বাংলাদেশে পাঠানোর পাঁয়তারা করতে।
৪৭ পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে বাঙালি মুসলিমের সংখ্যা কমতে শুরু করে। বাঙালি মুসলিমদের ফেলে যাওয়া জায়গা দখল করে নেয় হিন্দু-মুসলিম নির্বিশেষে বিহারী ও হিন্দুস্তানিরা। সেই থেকে কলকাতা, হাওড়া, হুগলী এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শহরাঞ্চলে পাকাপাকিভাবে বসবাস শুরু করে হিন্দু-মুসলিম উভয় ধর্মের হিন্দি ও উর্দুভাষীরা। তাদের সংখ্যাটা রীতিমতো বৃহত্তর কলকাতার জনবিন্যাসে প্রভাব ফেলতে শুরু করে।
অন্যদিকে ৪৭ থেকে শুরু ৭১ অবধি পূর্ববঙ্গ থেকে আগত বাঙালি হিন্দু শরণার্থীরা ‘কলোনি’ তৈরি করে কোনোক্রমে মাথা গোঁজা শুরু করে পশ্চিমবঙ্গে। অবিভক্ত কমিউনিস্ট পার্টির উদবাস্ত শরণার্থীদের অধিকারের স্বপক্ষে আন্দোলন শুরু করে। এদিকে ৪৭-এর পর থেকেই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক মেরুদণ্ড আরও নুব্জ হয়ে পড়ে।
১৯৪৩-এর মন্বন্তর, ছেচল্লিশের দাঙ্গা ও ৪৭-এ বাংলা ভাগের অর্থনৈতিকভাবে বির্পযস্ত হয় পশ্চিম বাংলা। এর মূল কারণ পাটশিল্প ও চটকলগুলির উপর নেমে আসা আঘাত। অমৃতবাজার পত্রিকার সাবেক সাংবাদিক সাংবাদিক রণজিৎ রায় লিখিত ‘The Agony of West Bengal’ (১৯৭১) ও ‘ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ’ (২০২১) গ্রন্থ দুটিতে ৪৭ পরবর্তী সময় থেকে ভেঙে পড়া পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি স্ববিস্তারে উঠে এসেছে।
তিনি দেখান ভারত সরকারের মাশুল সমীকরণ নীতির জেরে কীভাবে ধাক্কা খেয়েছিল পশ্চিমবঙ্গের পাটশিল্প। তিনি আরও দেখান, দিল্লির রাজস্ব পুনর্বণ্টন নীতির জেরে পশ্চিমবঙ্গ থেকে আদায় হওয়া রাজস্বের সামান্য অংশই পশ্চিমবঙ্গে ফেরত আসার জেরে কীভাবে রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাঁর আরও পর্যবেক্ষণ, ৪৭-এ বাংলা ভাগ হওয়ার পরে পূর্ববঙ্গ থেকে আসা শরণার্থীরা পশ্চিম পঞ্জাব থেকে পূর্ব পঞ্জাবে আসা শরণার্থীদের তুলনায় অনেক কম সুযোগ-সুবিধা পেয়েছে।
তবে পশ্চিমবঙ্গের দূরবস্থার দায় একা দিল্লির নয়। বরং পশ্চিমবঙ্গের বাবু বাঙালিদের বড় অংশের উপরেও এই বর্তায়। আসলে বড় বাংলার পূর্ব কিংবা ঈশান ভুবনে নয়, বরং পশ্চিম ভুবনেই ঔপনিবেশিক ‘প্রভু’দের উপনিবেশের চিরস্থায়ী ব্যবস্থার শিকড় গভীরে প্রোথিত নিশ্চিত করা হয়েছিল এই বাবু বাঙালি উচ্চবর্ণ 'ভদ্রলোকে'দের দ্বারাই।
১৭৫৭ সালের পলাশীর প্রান্তরে নবাব সিরাজকে পরাজয়ের মধ্যে ঠেলে দিয়ে বাংলার স্বাধীনসত্তাকে পরাধীনতার ঠেলে দেওয়ার কাজটা সম্পন্ন হয়েছিল বাবু বাঙালি বা বর্ণহিন্দু বাঙালি ভূস্বামী ও মারোয়ারি বানিয়াদের চতুর মিত্রতার বদৌলতে, যার সাথে হাত মিলিয়েছিলো মীর-জাফর এর বিশ্বাসঘাতক মুসলিম কর্মকর্তারা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এই অপমিত্রশক্তি নোংরা আঁতাতের জেরেই বঙ্গের ইতিহাস ক্রমান্বয়ে রক্ত-অশ্রু-হাহাকারের ভিতরে তলিয়ে গিয়েছে।
কৃষ্ণচন্দ্র রায় ও নবকৃষ্ণ দেব, বাংলার এই দুই ভূস্বামী রাজরাজা আর রাজস্থানের বানিয়া জগত শেঠ মিলেমিশে নবাবী দরবারের মিরজাফর এর সাথে হাত মিলিয়ে যে কাজটা করেছিল তা শুধুই বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের মামুলি কোনো ঐতিহাসিক ঘটনা নয়; বরং ১৭৫৭ সেই কালপর্বই যুগে যুগে এই অন্তর্ঘাতের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে।
শস্য-শ্যামল বঙ্গদেশ; বিকেন্দ্রীভূত অর্থনৈতিক পরিসর বাংলা; স্বাধীন কৃষক-কারিগর, বাণিকদের ভুবন বাংলা সমাজকে চিরতর দাসত্ব বন্ধনে বেঁধে ফেলার অন্তর্ঘাতের সূচনাপর্ব তাই ১৭৫৭। ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দ্যোবস্তের ফলে যা চূড়ান্ত আকার নেয়। আর সেই অন্তর্ঘাতের অপ-রাজনীতিই বৃহৎ বঙ্গের ভাগ্যাকাশে বারবার অবতীর্ন হয়েছে।
এমনকী খণ্ডিত বাংলায় বা পশ্চিমবঙ্গের সামনেও আজকে যে হিন্দি-হিন্দু-হিন্দুস্তানি আধিপত্যবাদ তার করালগ্রাস নিয়ে হাজির হয়েছে, তাও আসলে ১৭৫৭-র ক্রম-পরিণতি। যা একেবারেই বাংলার ভিতরের পরিসর থেকেই উপনিবেশবাদী/আধিপত্যবাদী আগ্রাসী শক্তির সহায়কের মতো বেইমানির কারবার ছাড়া কিছুই নয়। এবং নিজভূমি থেকে বেড়ে উঠে ভূমিঘাতকে রূপান্তরিত হওয়া এই অংশের রাজনৈতিক নির্মাণ ভারততত্ত্ব বা সর্বভারতীয় জাতিবাদ। যা বাংলাবিরোধিতা তো বটেই এমনকী ভারতের মৌলিক গঠন, ইতিহাস ও সমাজতত্ত্বেরও বিরোধী। এমনকী ১৯৪৭ পরবর্তী আধুনিক ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রস্তাবনা ও কাঠামোরও পরিপন্থী।
উপমহাদেশ বা ভারতবর্ষ কোনোদিনই ‘দেশ’ হিসাবে চিহ্নিত হয়নি বরং বহুদেশীয় বৈচিত্রের সাংস্কৃতিক ঐক্যের নামই ছিল ভারতবর্ষ। যার একটি অংশ পরবর্তীতে সাংবিধানিক ঘোষণার ভিত্তিতে ভারতীয় যুক্তরাষ্ট্র হিসাবে পুনর্গঠিত হয়। কিন্তু পূর্ণ-যুক্তরাষ্ট্রের (Federal) বদলে প্রায়-যুক্তরাষ্ট্র (Quasi Federal) হয়ে ওঠার দরুণ জাতিরাষ্ট্র (Nation State) হিসাবে রাষ্ট্রীয় কার্যক্রম চালিয়ে আসছে আজকের ভারত।
যার দরুণ ভারতের সংবিধানের এক নম্বর অংশে ঘোষণা করা রয়েছে, ‘India, that is Bharat, shall be a Union of States’। এই যে বহুদেশীয় বৈচিত্রের সহাবস্থানমূলক ঐক্য কিংবা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, তার পূর্ণবিকাশের বদলে কার্যক্রমকে ক্রমেই জাতিরাষ্ট্রে পর্যবসিত করেছে। এই জাতিরাষ্ট্র ব্যবস্থাই উপনিবেশিবাদের দান। যা রাষ্ট্রকে এক জাতীয়তা ও নাগরিকসমূহকে এক রাষ্ট্রীয় জাতিতে পর্যবসিত করে জাতিসত্তার বৈচিত্র ও বিশেষ বিশেষ জাতিসত্তার গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে।
শুধু তাই নয় একটি জাতি, একটি সংস্কৃতি ও একটি গোত্রের আধিপত্য সুনিশ্চিত করে এই প্রক্রিয়াতেই। তৈরি হয় একটি নিপীড়ক বর্ণবাদী সমাজ। যেমন, হিন্দু-হিন্দি-হিন্দুস্তানি অ্যাজেন্ডা বাস্তবায়িত করে ব্রাহ্মণ্যবাদী সমাজ বিনির্মান করতে উদ্যত সংঘ পরিবার। বৃটিশ ঔপনিবেশিক হানাদাররা বাংলা দখলের পর, নিজেদের লুঠের বাণিজ্য আর উপনিবেশ সারা উপমহাদেশব্যাপী প্রসারিত করেছিলো। তাদের সেই সাম্রাজ্যের পরিধিকে বৈধতা দিতে যে ‘এক দেশ’-এর কল্পনাকে সামনে এনেছিল, সেটাই আসলে সর্বভারতীয় জাতীয়তার চেহারা।
আর সেই উপনিবেশবাদের সহযোগী শক্তি, যাদের ষড়যন্ত্র বাংলার স্বাধীন নবাবের পরাজয় সুনিশ্চিত করেছিল; তাদেরই হিন্দু অংশের উত্তরসূরীরাই মূলত (যারা শ্রেণি চরিত্রে সামন্ত, ভূস্বামী, মুৎসুদ্দি) ‘সর্বভারতীয় জাতীয়তাবাদ’-এর হোতা। মনে রাখা দরকার, বৃটিশ আমলে ভারতের জাতীয় কংগ্রেসে সমাজতন্ত্রী ও বামপন্থী অংশ সংযুক্ত হওয়ার আগে অবধি ,মূলত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়দের কংগ্রেস ছিল ‘সর্বভারতীয়’ কল্পনাকে বাস্তবে সাকার করার হিন্দু জাতীয়তাবাদী প্রকল্প; যা উপনিবেশবাদের সঙ্গে বর্ণহিন্দু বাবু বাঙালির ক্ষমতার ভাগবাঁটোয়ার রাজনৈতিক যন্ত্র বিশেষ।
তথাকথিত নবজাগরণ ও স্বদেশী আন্দোলনও তাই পশ্চিমা সভ্যতার বঙ্গদেশীয় ভারতীকরণের বিশেষ রূপান্তর। যে কারণেই কংগ্রেস থেকে বেরিয়ে ভারতীয় জাতীয়তাবাদের সমান্তরালে বঙ্গীয় জাতীয়তার উন্মেষে ১৯২৩ সালে স্বরাজ্য দল গঠন করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। রাজনৈতিক ক্ষেত্রে, বৃটিশের শতাব্দীব্যাপী ষড়যন্ত্রে ফাটল ধরা হিন্দু মুসলিম ঐক্যকে বাঙলার জমিনে পুণরায় জোড়া দিতে সর্বশক্তি নিয়োগ করে রাজনীতিতে নেমেছিলেন দেশবন্ধু। হিন্দু ও মুসলিম মধ্যবিত্তের মধ্যে ক্ষমতার আনুপাতিক সমতা সুনিশ্চিতকরণের মাধ্যমে বাংলার হিন্দু-মুসলিমের ঐক্য এবং গরীব মানুষের সুবিধার্থে ক্ষমতা-বিকেন্দ্রীকরণের লক্ষ্যে তাঁর বেঙ্গল প্যাক্ট চুক্তি ইতিহাসের কালচক্র ঘুরিয়ে দেওয়ার পথ প্রশস্ত করেছিল।
কিন্তু, ১৯২৫ সালে মাত্র ৫৪ বছর বয়সে দেশবন্ধুর অকাল মৃত্যু যে বাঙালির জাতীয় জীবনে কতবড় বজ্রপাত , কতবড় ভূমিধ্বস, কতটা সর্বনাশ তা আজকের বাস্তবতায় বসে কল্পনা করাও কঠিন। দেশবন্ধুর অকাল মৃত্যুতে বাঙালি হিন্দু ও মুসলমানে অর্থাৎ কংগ্রেস ও মুসলিম লীগে ভাগ হয়ে যায়।
মনে রাখা দরকার, তাঁর রাজনৈতিক অনুসারীরাই ৪৭-এর বাংলার ভাগের আগের মুহূর্তে চেষ্টা চালিয়েছিলেন ভারত-পাক এর সমান্তরালে অখন্ড বাংলাকে নিয়ে তৃতীয় একটি রাষ্ট্র গঠনের। সুভাষচন্দ্র বসুর ভাই শরৎচন্দ্র বসু, কিরণশঙ্কর রায়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিম মিলে বাংলার আইনসভায় এই প্রস্তাব পাস করানোর চেষ্টার ত্রুটি রাখেননি। তাদের এই প্রচেষ্টায় বাধ সেধেছিলেন কংগ্রেসের হিন্দুত্ববাদী মসিহা সর্দার বল্লভভাই প্যাটেল এবং হিন্দুমহাসভার শ্যামাপ্রসাদরা। আইনসভায় ভোটাভুটিতে ওই প্রস্তাব সেদিন খারিজ হয়ে যায়। বাংলা ভাগ হয়।
আবার এই বাংলাভাগের পূর্বে ব্রিটিশ ও মারোয়ারিদের (বিড়লা গ্রুপ) যৌথ ষড়যন্ত্রে ও বাবু বাঙালির দায়িত্বজ্ঞানহীনতার কারণে তেতাল্লিশে মন্বন্তর নেমে এসেছিল বাংলায়। সেই দূর্ভিক্ষ আর মৃত্যুর ধকল মিটতে না মিটতেই, হিন্দু মহাসভা, মুসলিম লীগ এবং কংগ্রেসের উগ্র-ডানপন্থী মদতে এবং বিট্রিশ সাম্রাজ্যের প্রযোজনায় এক ভয়াবহ সাম্প্রদায়িক হানাহানির সাক্ষী হয় কলকাতা থেকে নোয়াখালি।
সেদিন বাংলার আইনি প্রধান হিসাবে লালবাজারের কন্ট্রোলরুমে নিজে বসে থেকে হানাহানি থামানোর উদ্যোগ নিয়েও ব্রিটিশ রাষ্ট্রযন্ত্রের অসহযোগিতার কারণে ব্যর্থ হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বিহারী হিন্দু গুন্ডা, হিন্দু মহাসভার ও বিধান রায়ের লুম্পেন বাহিনী এবং বিহা্রী মুসলিম সন্ত্রাসীদের বর্বরতায় দাঙ্গার আগুন জ্বলেছিল কলকাতায়। ইতিহাসের নথি সোহরাওয়ার্দীর ভূমিকাকে ইতিবাচক হিসাবে দেখালেও ইতিহাসের হিন্দুত্ববাদী বয়ান যথারীতিই তাঁকেই কলঙ্কিত করেছে এবং বাংলা ভাগকে অনিবার্য ঐতিহাসিক পরিণতি হিসাবে দেখিয়েছে।
অথচ সমাজতাত্ত্বিক জয়া চট্টোপাধ্যায় থেকে শুরু করে হালফিলের জনম মুখোপাধ্যায়দের মতো সমাজতাত্ত্বিকরা তাঁদের গবেষণায় হিন্দুত্ববাদী সেই বয়ানকে খারিজ করলেও বেঙ্গল ফাইলসের মতো বিকৃত সিনেমা ইতিহাসবিকৃতিকে ইতিহাস হিসাবে চালিয়ে আসছে। এবং বর্ণবাদী উচ্চবর্ণীয় বাবু বাঙালি বা বর্ণহিন্দু বাঙালির সর্বভারতীয় কল্পনার ভিতরে প্যান হিন্দুত্বের সমাজ বিনির্মাণের স্বপ্নই ক্রমে বাস্তবায়িত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে পশ্চিম বাংলা।
৪৭ পরবর্তী ভারতের মাশুলসমীকরণ নীতি, রাজস্বের পুনর্বণ্টন ইত্যাদির দ্বারা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সাবলম্বনের মেরুদণ্ড ভেঙে দেওয়া থেকে শুরু করে আজকের এনআরসি, এসআইআরের মাধ্যমে রাজনৈতিক ও নাগরিক অধিকার সম্পূর্ণরূপে হরণ করার বিষয়টির অন্দরে রয়েছে আত্মঘাতী ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতি, যা আসলেই হিন্দি-হিন্দু-হিন্দুস্তানি রাজনীতির নামান্তর।
অনেকেই হিন্দুত্ববাদের তাত্ত্বিক রূপকার হিসাবে সাভারকার, গোলওয়ালকার, হেডগেওয়ার, মদনমোহন তালব্য প্রমুখের নাম উচ্চারণ করেন। কিন্তু ১৮৯২ সালে বাংলা থেকেই চন্দ্রনাথ বসু নামে এক ভদ্রলোক ‘হিন্দুত্ব’ নামে একটি বই রচনা করেন। মূলত মনুবাদী হিন্দুত্বের বর্ণবিভক্ত সমাজ ও শঙ্করাচার্যীয় ‘জগত মিথ্যা ব্রহ্ম সত্য’র ধারনার স্তুতি সেই গ্রন্থে উচ্চারিত হয়েছে।
মনে রাখা দরকার, এই বইটি প্রকাশের দশ বছর আগে ১৮৭২ সালে ভাইসরয় লর্ড মেয়োর সময়ে বঙ্গদেশে প্রথম সরকারি জনগণনা হয়। বাংলার ১৮৭২ সালের আদমশুমারি পরিচালনা করেছিলেন ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন এইচ বেভারলি। গোটা আদশুমারী সম্পন্ন হয়েছিল সরকারি কর্মচারীদের মাধ্যমে। বিশেষত পুলিশ, রেজিস্ট্রেশন অফিসের কর্মচারী এবং ম্যাজিস্ট্রেট-কালেক্টররা কাজ করেছিলেন। গ্রামাঞ্চলে পাটোয়ারি, রায়ত গণনাকারী হিসেবে কাজ করেছিলেন; জমিদাররা সম্ভবত স্থানীয় গণনাকারীদেরকে তদারক করে এ প্রকল্পে সহায়তা করেছিলেন।
এই আদমশুমারীর আগে অবধি ‘হিন্দু’ শব্দটি ধর্মীয় পরিচয় হিসাবে কোনো সাংগঠনিক আকার পায়নি। সিন্ধু সভ্যতার পারসিক উচ্চারণে হিন্দু বা হিন্দ শব্দটি মুসলিমদের তৈরি হলেও, ইসলাম ও প্রকৃতিবাদীদের আলাদা করার লক্ষ্যে ‘হিন্দু’ বলে একটি ধর্মীয় পরিচয় চিহ্নিত হতে শুরু করে এই জনগণনার সুবাদেই।
বাংলার শাক্ত, শৈব, বৈষ্ণব ইত্যাদি অনৈসলামিক ধর্মীয় পরিচিতিগুলিকে এগুলির একেবারের বিপরীতে থাকা বৈদিক ধর্মের ছত্রছায়ায় এনে ‘হিন্দু’ বলে চিহ্নিত করা হয়। এই জনগণনার কাঠামোগত ভিত্তি ছিল ১৮১৭ সালে প্রকাশিত জেমস মিলের তিন খণ্ডের বই ‘হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া’, যেখানে তিনি ভারতীয় ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগে ভাগ করেন।
পাল যুগের শেষ ও সেনযুগের শুরু থেকে যে বৈদিক উচ্চবর্ণীয় ‘আর্য’রা সেটেলার হিসাবে বাংলায় আসা শুরু করে। ক্রমে বঙ্গীয় অধিবাসীদের সঙ্গে তাদের সামাজিক ও নৃতাত্ত্বিক সংমিশ্রণও শুরু হয়। কিন্তু বৈদিক বর্ণাশ্রম প্রথাকে বাংলার সমাজ জীবনে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়াটা চলতে থাকে নিরন্তরভাবে। স্বাধীন বাঙ্গলা সালতানতের যুগে এই বর্ণাশ্রম ব্যবস্থার আগ্রাসন নানাভাবে প্রতিহত হয়।
নদীয়ায় ‘তিন পাগল’ শ্রীচৈতন্য, নিত্যানন্দ ও অদ্বৈতাচার্যদের ভাবান্দোলন, বঙ্গের আদিতন্ত্র ও সাংখ্যের বিনির্মাণ ঘটিয়ে যে অচিন্ত্যভেদাভেদ তত্ত্বের উন্মেষ ঘটিয়েছিল, তা ছিল শূদ্র ও মজলুমের পুনরুত্থানবাদী প্রকল্প। বিকেন্দ্রীভূত গণমানুষের সমাজ ব্যবস্থা গঠনের রাজনৈতিক সংগ্রাম।
কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে শ্রী চৈতন্যের হত্যা, নানাবিধ কারণে সুলতানি যুগের অবসানে এই প্রক্রিয়া ব্যাহত হলেও বিকেন্দ্রীভূত সমাজ কাঠামো টিকে ছিল, যা মুর্শিদাবাদ দরবার ও নবাবী যুগের অবসানের পরে সম্পূর্ণতই ভেঙে পড়ে। শুরু হয় ঔপনিবেশিক সেটেলারদের যুগ এবং সেই যুগের ভিতর থেকেই ব্রিটিশরা তাদের বিশ্বস্ত দালাল হিন্দুত্ববাদীদের পৃষ্ঠপোষকতা শুরু করে।
আর এই ব্রিটিশ ব্যবস্থাকে ধরে রাখা ও উচ্চবর্ণীয়দের জন্য ক্ষমতার ভাগাভাগির জন্যেই সর্বভারতীয় জাতীয়তাবাদের নির্মাণ ও তার অগ্রযাত্রা। বেনেডিক্ট আন্ডারসন (Benedict Anderson) তাঁর "কল্পিত সম্প্রদায়: জাতীয়তাবাদের উৎপত্তি ও বিস্তারের প্রতিফলন" গ্রন্থে কল্পিত সম্প্রদায় বা জনগোষ্ঠীগুলির ভিতরে জাতীয়বাদী উন্মেষ তৈরির পিছনে পুঁজিবাদের সম্পর্ককে চিহ্নিত করেছিলেন।
ভারত-কল্পনা ও সর্বভারতীয় জাতীয়তবাদের ভিতর দিয়ে হিন্দুত্ববাদী সমাজ বিনির্মাণের প্রক্রিয়াটাও খানিকটা সেভাবেই। যদিও ভারতের স্বাধীন রাষ্ট্র ও জাতীয় পুঁজিবাদের বিকাশের আগেই, বৃটিশ ঔপনিবেশিক রাজনীতির দ্বারাই এই সর্বভারতীয় জাতীয়তাবাদের বয়ানের ভিতর থেকে, মনুবাদী হিন্দুত্বের সমাজকল্পনা সামনে চলে এসেছে।
পরবর্তীতে টাটা-বিড়লা ইত্যাদি ভারতীয় পুঁজিপতি শ্রেণী এবং পশ্চিমা সাম্রাজ্যবাদীদের ব্যবসায়িক স্বার্থের বদৌলতে হিন্দুত্ববাদের কল্পনা তথা হিন্দুত্ববাদী মিথ ও মিথ্যাকে সামনে রেখে বর্ণাশ্রমভিত্তিক মুনবাদী সমাজ গঠনের প্রক্রিয়া আরও জোরদার হয়েছে। কিন্তু এই প্রক্রিয়া বা এই প্রকল্প কোনওভাবেই সফল হবেনা, যদি না বঙ্গদেশের সমাজকাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে সেই পরিসর দখল করা যায়।
কারণ প্রথম বাংলার সমাজ সমসত্ত্ব নয়, বরং তা বহুমাত্রিক। পুরুষ ও প্রকৃতির দ্বৈতাদ্বৈত দার্শনিক ভাবনায় অগ্রসর হওয়া বাংলার ভূমিসমাজ মৈত্রী ও সহাবস্থানে বিশ্বাস করে। সে দেহ ভাণ্ডের সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের সম্বন্ধ স্থাপন করতে জানে।
ফলত দৃষ্টিপ্রসারতা ও ঔদার্য ও সমগ্রকে ধারন করতে পারার পরম্পরা বঙ্গদেশেরে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অংশ। তাছাড়া বঙ্গের বৃহৎ জাতিসত্তা হিসাবে চিহ্নিত বাঙালি কোনো নৃতাত্ত্বিক সমসত্ত্বের ধারনা নয়। বরং বাঙালি নিজেই একটি সংকর জাতিসত্তা। আর সেই সংকর জাতিসত্তার মূলগত ভিত্তি পুরোটাই জল ও ভূমিসম্পৃক্ততা আর ধর্ম-বর্ণের উর্ধ্বে ভাষা ভিত্তিকতা। তাই তার কল্পনায় খুব স্বাভাবিকভাবেই খুব স্বাভাবিকভাবেই আগ্রাসী হবার বাসনা অনেকাংশেই ক্ষীণ। তাই ভূমিসম্পৃক্ত বাঙালি ইতিহাসে কখনো কোনো উগ্র জাতীয়তাবাদী প্রকল্পের সঙ্গে নিজেকে জড়ায়নি। কেননা তার যৌথ অবচেতনে কর্তৃত্ব কায়েমের বাসনা এক অর্থে অনুপস্থিত।
কিন্তু সংকর বাঙালি জাতিসত্তার ভিতরে মিশে যাওয়া যে অংশের মধ্যে বৈদিক উপাদান বেশি; তার ভিতরের ইমাজিনেশনটা আসলে হিন্দু পুনরুত্থানবাদী পরম্পরা; যা কিনা এক অর্থে এডোয়ার্ড সাইদের ভাষায় বললে প্রাচ্যবাদীও বটে।
এই উচ্চবর্ণের বৈদিক হিন্দুত্ববাদী ভদ্রলোক বাঙালি অংশটাই বাংলা ভূমিপুত্র সত্ত্বাকে ধারন করে না, তার কাছে কাশী-বেনারস হয়ে ওঠে ইউরোপ, আমেরিকাই তার আপন। তাই তারা বাংলার ওপর নেমে আসা বহিরাগতের কর্তৃত্ববাদী রাজনীতির সাথী হয়েছে বরাবর।
কিন্তু এর বাইরে বাংলার ভূমিসমাজ তো বরাবরই প্রতিরোধী। তা কৈবর্ত বিদ্রোহ, ফকির বিদ্রোহ, থেকে শুরু করে কংগ্রেস-হিন্দুমহাসভার বাইরে, ব্রিটিশ বি্রোধী মুক্তিসংগ্রামে, বিদ্রোহী নকশালবাড়িতে কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো ঘটনায় প্রমাণিত। এমনকী বাংলাদেশের ৯০এর গণ-অভ্যূত্থান বা সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানেও রয়েছে এর প্রমাণ।
তো পশ্চিমবঙ্গের বঙ্গীয় ভূমিসমাজেরও গণতান্ত্রিক অধিকার অর্জনের সংগ্রাম তথা আত্মমর্যাদা কায়েমের লড়াই হয়ে উঠতে পারে হিন্দি-হিন্দুত্ববাদী-হিন্দুস্তানি প্রকল্পকে মোকাবিলা করার একমাত্র পথ। ২০২৬ সালে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ২০২৫ সাল জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া কার্যকর করেছে ভারতের নির্বাচন কমিশন। যার জেরে দেখা গেল, পশ্চিমবঙ্গের ১ কোটি বঙ্গীয় ভূমিসন্তানের নাম বাদ গিয়েছে ভারতের নাগরিকত্বের মূলগত ভিত্তি ভোটার তালিকা থেকে।
এর মধ্যে ৫০ লক্ষ জীবিত বৈধ ভোটাররা রয়েছেন।
ভারতের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানি চলাকালীন সময়ে; এই বঙ্গ-সন্তানদের অনেকেই ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় অনুমোদিত পাসপোর্ট বা অনেক ক্ষেত্রে নাগরিকত্বের বৈধ নথি জমা দিলেও তা গ্রাহ্য করেনি হিন্দি-হিন্দুস্তানি সংঘ পরিবার নিয়ন্ত্রিত ভারতের ‘জাতীয়’ নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের অনেকটাই নিহিত রয়েছে এই বিরাট প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রে।
এর পিছনে হিন্দুত্ববাদ ও হিন্দি আধিপত্যবাদী ‘বৈদিক’ সেটেলার উত্তর-পশ্চিম ভারতীয়দের সুদীর্ঘকালের বাংলা দখলের প্রচেষ্টা যেমন রয়েছে, তেমনই এর সহায়ক শক্তি পশ্চিমবঙ্গের বঙ্গীয় মধ্যবিত্ত শ্রেনীর বৈদিক-মন্য সর্বভারতীয় জাতীয়তাবাদী আত্মঘাতী রাজনীতিরও দায় রয়েছে। এই রাজনীতিই সর্বগ্রাসী হিন্দুত্ববাদী রাজনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছে।
যদিও এই দালালির রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক ইতিহাস সুদীর্ঘ। জায়ানবাদ যেমন করে পশ্চিম এশিয়ার প্যালেস্তাইন ভূখণ্ডকে দখল করে ইজরায়েল ও বৃহত্তর ইজরায়েল গঠন করতে মরিয়া, ঠিক সেভাবেই হিন্দু-হিন্দি-হিন্দুস্তানি মতাদর্শের ফলিত ঔপনিবেশিক সেটেলার রাজনীতির ধারক-বাহকরা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করল। আর তাকে সফল হয়ে উঠতে সাহায্য করল বঙ্গীয় জনগোষ্ঠীরই একটি অংশ, উচ্চবর্ণের বাবু বাঙালিরা।
উত্তর ও পশ্চিম ভারতীয় সেটেলাররা তামাম পশ্চিম বঙ্গীয় অধিবাসীকে সংঘ পরিবার ও আদানি-আম্বানিদের দাসানুদাস করে তুলতে যেভাবে মরিয়া, তাদের সেই টার্গেটকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে অনেকাংশে অনুঘটকের ভূমিকায় দেখা যাচ্ছে এই উচ্চবর্ণীয় বাবু বাঙালির বড় একটা অংশকে।
আমরা দেখলাম এসআইআরকে সম্পূর্ণরূপে রুখে দেওয়ার প্রোগ্রাম নিল না পশ্চিম বাংলার কোনো রাজনৈতিক দল। কোনো মহামিছিল, মরিয়া কোন বিক্ষোভ-অবস্থান সংগঠিত হল না। যেটুকু হল বা হয়েছে সবটাই পকেটে, পকেটে, বিচ্ছিন্নভাবে। অথচ বাঙালি মুসলিম ও নমশূদ্র বাঙালি-সহ নিম্নবর্গের ও নিম্নমধ্যবিত্ত অংশের বাঙালিকে বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ করা হল।
এর বিরুদ্ধে মোথাবাড়ি-সহ যেখানে যেখানে গণপ্রতিরোধ গড়ে উঠল, সেগুলিকে বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে কেউ-কেউ নানা কিছু ট্যাগ দিলেন। এর আগে আমরা দেখেছি কীভাবে বিজেপির সুবিধা করে দিতে বাংলা গণতান্ত্রিক অধিকার অর্জনের লড়াই ও বাঙালি-সহ বাংলার নিপীড়িত জাতিসত্তাসমূহের লড়াইকে ‘প্রাদেশিকতা’, ‘শ্রেণিচেতনাবিচ্যুত’ ইত্যাদি বলে দাগিয়ে দিয়ে অবলীলায় নিজেদের ভোট রামের বাক্সে পাঠিয়েছে ভুয়া-বামেরা।
এসবই হয়েছে বাংলার স্বাধিকারের রাজনৈতিক বয়ানকে এড়িয়ে বা দাবিয়ে রেখে, সর্বভারতীয় জাতিবাদের কাছে আত্মসমর্পণ করা এবং হিন্দু-হিন্দি-হিন্দুস্তানের জন্য বাংলার দ্বার খুলে দেওয়ার রাজনীতির কারনে। অন্যদিকে বিজেপি কিন্তু মগজধোলাই ও বিদ্বেষের বাতাবরণ তৈরির খেলা চালিয়ে যাচ্ছে। জারি রয়েছে বাংলাবিদ্বেষের রাজনীতি।
যে অখণ্ড ইতিহাস ও সংস্কৃতিসূত্র, পশ্চিমবঙ্গ-সহ ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্গত বঙ্গীয় অঞ্চলগুলির সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত রেখেছিল; বাংলাদেশ-বিদ্বেষ ও বাংলাদেশি অনুপ্রবেশের তত্ত্বে সেই সংযোগকে বিচ্ছিন্ন করে; পশ্চিমবঙ্গকে ঘেটু (Ghetto) বানাতে চাইছে হিন্দি-হিন্দু-হিন্দুস্তানওয়ালারা। অথচ যাবতীয় পরিসংখ্যান থেকে স্পষ্ট যে বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের মাটিকে তিল-তিল করে দখল করেছে বিহারী-হিন্দুস্তানি-গুজরাতি-মারোয়ারিরা।
এতেও ক্ষান্ত হয়নি আরএসএস-বিজেপি ও নির্বাচন কমিশন। একদিকে পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বেনাগরিক করার পাঁয়তারার পাশাপাশি; ফর্ম-সিক্স পূরণ করে বহু বিহারী, হিন্দুস্তানি, গুজরাতিদের বাইরে থেকে এনে পশ্চিমবঙ্গের ভোটার বানানো হয়েছে। পাশাপাশি যেকজন পশ্চিমবঙ্গীয়ের নাম ভোটার তালিকায় উঠত তার থেকেও একটা অংশকে ফর্ম-সেভেনের দ্বারা বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে যেকজন অনুপ্রবেশকারী বাংলাদেশী পশ্চিমবঙ্গ-সহ ভারতে রয়েছে, তারা সকলেই রয়েছে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ছত্রছায়াতেই। বাংলাদেশকে দিল্লি তার কলোনি বানাতে গিয়ে ব্যর্থ হয় ২০২৪ সালে গণঅভ্যুত্থানে। তারপর থেকে বাংলাদেশি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগাররা ভারতে রয়েছে কোনো বৈধ নথি ছাড়াই।
অনেকেই মনে করছেন, পশ্চিমবঙ্গে ভোট লুঠ করে বিজেপির যেভাবে ক্ষমতায় এলো সেই ইলেক্টোরাল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় ইভিএম হ্যাকিং, ভোট গণনা প্রক্রিয়ায় লুঠতরাজ চালানোর পাশাপাশি মাঠপর্যায়ে যে লুম্পেন বাহিনী কাজ করেছে, তার একটা বড় অংশই ছিল বাংলাদেশের আওয়ামী লীগার।
এসআইআর আর ভোট লুঠের মাধ্যমে রাজ্যের মসনদ বিজেপি দখল করার পর থেকেই পশ্চিমবঙ্গের গণজীবনে নেমে এসেছে দুর্ভোগ। চলছে হকার উচ্ছেদ, গুমখুন, সংখ্যালঘু নাবালিকার গণধর্ষণ, সংখ্যালঘুর ধর্মাচরণে বাধাপ্রদান, চলছে বাঙালিকে তার ভূমি থেকে উৎখাত করার প্রক্রিয়া।
চলছে বাংলার ইতিহাসবিকৃতি। চলছে বিরোধী রাজনৈতিক নেতৃবর্গের প্রতি বিমানবিকীকরণ। তাঁদের লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে পচাডিম। চলছে গণপ্রহার, গণপিটুনি। বাংলার বীর বিপ্লবী সুভাষ বসুকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে তৎপর ভারত ও পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল বিজেপি।
এটা আজ স্পষ্ট যে, পশ্চিমবঙ্গে যদি বাংলার ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও বিকেন্দ্রীভূত অর্থনীতির ধারণার পূণর্জাগরনের মাধ্যমে, বাঙলার মানুষের স্বাধিকারের রাজনৈতিক বয়ান ও সংগঠন নির্মাণ করা না যায়; সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ হয়ে উঠবে আগামীর গাজা।
আর রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার সমূহ সুযোগ অর্জনের পরেও বাংলাদেশ যদি কেবলমাত্র ক্ষমতাধর রাষ্ট্রগুলির স্বার্থবাহী ক্রীড়াভূমি হয়েই দিনগুজরান করে, তাহলে সুদূর ভবিষ্যতে বৃহৎ বঙ্গ কোন পথে যাবে, তা নিয়ে চিন্তার যথেষ্ট কারণ তৈরি হয়।
--
লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক, কলকাতা, ভারত।
ইমেইল- [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



