বৈধ আমদানির অটো রিকশা রাস্তায় অবৈধ কেন?

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৯পরিবর্তন করতে ক্লিক করুন
বৈধ আমদানির অটো রিকশা রাস্তায় অবৈধ কেন?

ব্যাটারিচালিত অটোরিকশা আটক ও ট্রাফিক পুলিশের অভিযান

শেয়ার করুন:

শুকনো মুখে অপরাধীর মতো তাকিয়ে থাকতেই পুলিশের প্রথম দুটি সপসপে বাড়ি এসে পড়ল জলিলের পিঠে। তীব্র ব্যথায় কোঁকড়ে গেল রিকশাচালকের শরীর। ঘর্মাক্ত জীর্ণ শার্টের ভেতর লালচে দাগটা ফুটে ওঠার আগেই রিকশার চাবিটা সার্জেন্টের পকেটে চলে গেল।

কাপ্তানবাজারের মোড়ে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট। আগস্টের শেষ দিক, ঠিক দুপুর। আজ বাতাসে নড়াচড়া নেই বললেই চলে, কেবলই আর্দ্রতা। শরীর বেয়ে ঘাম ঝরলেও শুকাচ্ছে না। রোদ যেন গলিত সিসার মতো পিঠে বিঁধছে। এমন দমবন্ধ করা এক দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ঠিক সার্জেন্টের সামনে এসে পড়িমরি করে ব্রেক কষলেন চালক জলিল।

জলিলের চোখেমুখে আতঙ্কের ছাপ। শুকনো মুখে অপরাধীর মতো তাকিয়ে থাকতেই পুলিশের প্রথম দুটি সপসপে বাড়ি এসে পড়ল জলিলের পিঠে। তীব্র ব্যথায় কোঁকড়ে গেল রিকশাচালকের শরীর। ঘর্মাক্ত জীর্ণ শার্টের ভেতর লালচে দাগটা ফুটে ওঠার আগেই রিকশার চাবিটা সার্জেন্টের পকেটে চলে গেল।

এরপর শুরু হলো চিরাচরিত এক নাটক। দীর্ঘ সময় দেনদরবার, অনুনয়-বিনয়, আর সবশেষে মোড়ে দাঁড়িয়ে থাকা ‘সহায়ক’ দালালের হস্তক্ষেপে ১২০০ টাকায় রফা হলো। সারা দিনের মাথার ঘাম পায়ে ফেলা জমানো আয়টা নিঃশব্দে সেই দালালের হাতে তুলে দিয়ে চাবিটা ফেরত পেল জলিল। এরপর রিকশায় যখন সে বসল, তখন তার পকেটে কালকের চাল কেনার টাকা নেই, আর পিঠে তীব্র ব্যথা।

মধ্যবিত্ত সমাজের অতিপরিচিত একটা অংশ ঠিক এই সময়েই হয়তো ফেসবুক বা চায়ের টেবিলে বসে নীতিবাক্য ছাড়ে, “এই ছোটলোকগুলা শহরে কেন আসছে? গ্রামে কৃষিকাজ করার মানুষ জোটে না!” অথচ তারা জানে না বা জানতে চায় না— জলিলের ওই ৪টি ১২ ভোল্টের ব্যাটারি, ১২০০ ওয়াটের মোটর আর কনভার্টারগুলোর মালিক জলিল নিজে নয়। সে শুধু এক বিশাল রাঘববোয়ালদের সাম্রাজ্যের ‘ঝুঁকির অংশীদার’।

কোটিপতি আমদানিকারক ও নিরাপদ অপরাধী

জলিলের ওই অটোরিকশার ফ্রেম হয়তো দেশি কোনো জীর্ণ কারখানার লোহালক্কড় জোড়াতালি দিয়ে বানানো, কিন্তু এর আসল চালিকাশক্তি দেশের মাটি থেকে জন্মায়নি। রিকশার নিচে ৪৮ বা ৬০ ভোল্টের যে পাওয়ার সিস্টেম বা বিএলডিসি মোটর বসানো আছে, সেটা সম্পূর্ণ চীনের তৈরি। জুজি মোটর, নানপু মোটর কিংবা কিউএস মোটরের মতো বড় চীনা কোম্পানির মোটরগুলো বাংলাদেশে আমদানি করছে কে? রিকশাচালকেরা তো এলসি বোঝে না!

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং কাস্টমসের ডেটা খুঁজলে দেখা যাবে, ব্যাটারি ও কন্ট্রোলার থেকে শুরু করে অন্যান্য মূল যন্ত্রাংশ দেশে ঢোকাচ্ছে একশ্রেণির মাফিয়া বা এলিট ব্যবসায়ী গোষ্ঠী। যেমন ধরা যাক সাইফ পাওয়ারটেক। এর কর্ণধার তরফদার মো. রুহুল আমিন শুধু যে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক ব্যবসা বা শিপিং নিয়ন্ত্রণ করেছেন তা নয়; বরং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘রিপাওয়ারিং’ নামের ভুয়া প্রকল্পের আড়ালে শত কোটি টাকা লুটেছেন। তার আগে বিএনপি আমলেও তার নামে গ্যাটকো দুর্নীতির মামলা হয়েছিল। রাষ্ট্রের যেকোনো পটপরিবর্তনেও তারা বহাল তবিয়তে থাকেন, কোটি টাকার মূলধন হাজার কোটিতে পৌঁছায়।

সাইফ পাওয়ারটেক, হামকো গ্রুপ, রহিমআফরোজ বা পান্না গ্রুপের মতো শীর্ষ দেশি করপোরেট প্রতিষ্ঠানগুলো ব্যাটারির বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। এর সাথে রয়েছে পুরান ঢাকার নবাবপুর ও বংশালের আমদানিকারক সিন্ডিকেট— যারা কনটেইনার বোঝাই করে চিলউই, তিয়াননেং-এর মতো বিদেশি ব্যাটারি আর ডিসি মোটর দেশে আনছে। সরকার জানে, এনবিআর জানে, কাস্টমস জানে। নির্দিষ্ট এইচএস কোড মেনে, ব্যাংক মারফত এলসি খুলে ডলার খরচ করে সম্পূর্ণ ‘বৈধভাবে’ এগুলো দেশে আসছে। আজ অবধি কোনো ব্যাটারি কারখানা সিলগালা হয়নি, কোনো গুদামে পুলিশ রেইড দেয়নি। কারখানার শেডের ভেতরে এদের সাথে সরকার, প্রশাসন আর মিডিয়ার সুগভীর সখ্য। কিন্তু রাস্তায় নামলেই সেই একই মোটর লাগানো যানের চালকের পিঠে লাঠি পড়ে, কপালে জোটে ‘অবৈধের’ সিল।

নিয়ম-নীতির প্রহসন: নিষিদ্ধ ঘোষণার রাজনীতি

রাষ্ট্রযন্ত্র যখন অকর্মণ্য হয়, তখন কেবল নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা জারি হতে থাকে। গত এক দশক ধরেই এই বাহনগুলোর বিরুদ্ধে একই সুরে গান গাওয়া হচ্ছে। গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় পুনরায় এক নির্দেশনা জারি করল। সেখানে বলা হলো— প্রধান সড়কে এই রিকশা চলবে না, ভেতরের রাস্তায় রঙের কোড মেনে চলতে হবে, বুয়েটের সনদ ও ফিটনেস পরীক্ষা লাগবে, যা সপ্তাহখানেকের মধ্যে চূড়ান্ত হতে পারে।

এগুলো কেবল সরকারের ব্যর্থতা আড়াল করার নির্লজ্জ হাতিয়ার। এই দেশে এমন অটোরিকশার সঠিক সংখ্যা কত, সেটাই সরকার জানে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে সংখ্যাটি ৪৫ থেকে ৫০ লাখ, সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে ৬০ লাখেরও বেশি (কেবল ঢাকাতেই ২০ লাখ!)। যে রাষ্ট্র নিজের পথে চলা বাহনই গুনতে পারে না, সে রাষ্ট্র তা নিয়ন্ত্রণ করবে কীভাবে?

শুল্কনীতির প্রহসন দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। ২০২১ সালে হাইকোর্ট এসব যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ করেছে। কিন্তু শুল্ক বিভাগ সেই রায়ের তোয়াক্কা না করে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বসে আছে। এমনকি ২০২৫-২৬ অর্থবছরে ১২০০ ওয়াট মোটরের ওপর শুল্ক বাড়িয়ে ২০% করা হলো ব্যবহারের লাগাম টানার উসিলায়। আবার জুনে আধুনিক লিথিয়াম-আয়নের প্রসারের কথা বলে শুল্ক ৮০ শতাংশ থেকে এক লাফে ১ শতাংশে নামিয়ে আনল রাষ্ট্র! যে যানটিকে হাইকোর্ট ও প্রশাসন নিষিদ্ধ বলছে, তার যন্ত্রাংশের শুল্ক কমবেশি করে রাজস্ব আদায়ের নৈতিক অধিকার রাষ্ট্রের থাকে কীভাবে? এখানেই স্পষ্ট হয়, এটি সাধারণ মোড়ের চাঁদাবাজি নয়— এটি এক বিশাল ‘প্রাতিষ্ঠানিক চাঁদা ও বাণিজ্যের সিন্ডিকেট’।

চুরির বিদ্যুৎ: মধ্যবিত্তের বয়ান বনাম অর্থনীতি

শহুরে শিক্ষিত শ্রেণির প্রধান অভিযোগ, রিকশাগুলো নাকি চোরাই লাইনে চার্জ হয়ে দেশের গ্রিড ধ্বংস করছে। হ্যাঁ, চোরাই লাইন যে নেই তা নয় এবং তার চাঁদা পল্লবীর কিউআর কোড টোকেন থেকে শুরু করে ওপরের টেবিল পর্যন্ত ঠিকই পৌঁছায়। কিন্তু মূল অর্থনৈতিক হিসাবটা একটু তলিয়ে দেখা দরকার।

বিদ্যুতের মূল্যের দিক থেকে একটি সাধারণ হিসাব দেখলেই পার্থক্যটা স্পষ্ট হবে। একজন সাধারণ আবাসিক গ্রাহক গড়ে ইউনিটপ্রতি ৮ টাকায় বিদ্যুতের সুবিধা পান। অন্যদিকে, সরকার নির্ধারিত ইভি বা ব্যাটারি চার্জিং স্টেশনগুলোতে বিদ্যুতের দাম ধার্য করা আছে ইউনিটপ্রতি ১১.৩৬ টাকা। যেসব গ্যারেজে ডেডিকেটেড চার্জিং স্টেশন নেই, সেখানে সাধারণ বাণিজ্যিক বা আবাসিক মিটার থেকেই লাইন টানা হয়। একসাথে অসংখ্য ব্যাটারি চার্জ দিতে গিয়ে এসব মিটারে মাসিক বিদ্যুতের ব্যবহার লাফিয়ে লাফিয়ে সর্বোচ্চ ধাপে গিয়ে ঠেকে। এই চড়া রেটে বিদ্যুৎ বিল ইউনিটপ্রতি ১৫ টাকার নিচে নামে না! অর্থাৎ রিকশাচালক বা গ্যারেজ মালিকরা সর্বোচ্চ মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করছে।


আরেকটি বাস্তবতা মধ্যবিত্তের অজানা। গরমের সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এসিসহ আবাসিক বিদ্যুতের বাড়তি চাহিদার কারণে লোডশেডিং হয়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও বিদ্যুতের সামগ্রিক চাহিদা প্রায় অর্ধেকে নেমে আসে। আর ঠিক তখনই, অর্থাৎ রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুরু হয় এই রিকশাগুলোর ব্যাটারি চার্জ দেওয়ার পালা। জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি বা ভোল্টেজ ঠিক রাখার জন্য বেস লোড পাওয়ার স্টেশনগুলো এ সময় চাইলেও বন্ধ রাখা যায় না, সেগুলো অলস বসে থাকে। রিকশাগুলো এই গভীর রাতে চড়া দামে বিদ্যুৎ কিনে একদিকে যেমন বিদ্যুৎ বিভাগকে বড় অঙ্কের রাজস্বের জোগান দেয়, ঠিক তেমনি অফ-পিক আওয়ারে গ্রিডের ভারসাম্য বজায় রাখতেও পরোক্ষ ভূমিকা রাখে।

অথচ এই ৪,০০০ কোটি টাকার বিদ্যুৎ বাণিজ্যের আর্থিক মুনাফা চলে যায় বিদ্যুৎ বিভাগ, রাষ্ট্র, গ্যারেজ মালিক ও দুর্নীতিবাজ লাইনম্যানদের পকেটে। আর শিক্ষিত মধ্যবিত্ত ফেসবুকে বসে নির্লজ্জভাবে কেবল গরিব রিকশাওয়ালার দিকে আঙুল তুলে ‘বিদ্যুৎ চুরির’ দায় চাপায়!

ঝুঁকি কার, সমাধানই বা কোথায়?

তবে দুর্ঘটনা কি হয় না? অবশ্যই হয়। বর্তমান কাঠামোর যানগুলো মারাত্মক এক মৃত্যুফাঁদ। একটি ভারী ৪৮ বা ৬০ ভোল্টের ৮০০ ওয়াট বিএলডিসি মোটরের গতিবেগ সামলানোর মতো মজবুত চেসিস সাধারণ প্যাডেল রিকশার থাকে না। ব্রেক বলতে সাধারণ সাইকেলের ব্রেক, যা গতি আর বৃষ্টির মধ্যে সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। ফলে গত বছর দেশের ৯ হাজার সড়ক মৃত্যুর প্রতি সাতটির একটিতেই জড়িত ছিল এই অনিরাপদ বাহন। এছাড়া রয়েছে অনিরাপদভাবে ব্যবহৃত সিসা বা লিড-অ্যাসিড বর্জ্য, যা পরিবেশ ও জনস্বাস্থ্যকে ধ্বংস করছে।

অথচ সমাধান অতি সহজ। বুয়েটের বিশেষজ্ঞদের মতে, রিকশার মূল নকশাতে উন্নত ব্রেক ও কাঠামো মজবুত করতে অতিরিক্ত ব্যয় হবে মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা। এক লাখ টাকার একটা রিকশাকে নিরাপদ ও বৈধ কাঠামোর রূপ দিতে এই সামান্য বিনিয়োগ গত এক যুগেও করা হয়নি। কেন হয়নি? কারণ, আধুনিকায়ন করে রিকশাকে বৈধতা দিলে যে রাস্তার ওপেন চাঁদাবাজির রসিদগুলো অচল হয়ে যাবে!

আজ সাধারণ মানুষেরও বিকল্প নেই। বাস সিন্ডিকেট ৭ হাজার বাসের অনুমোদন নিয়েও রাস্তায় নামিয়ে রেখেছে অর্ধেকেরও কম। ফলে প্রতিদিন নগরীর ৮২% স্বল্প দূরত্বের যাতায়াতে প্রায় আড়াই কোটি ট্রিপ সাধারণ মানুষ বাধ্য হয়ে ব্যাটারি রিকশাতেই দিচ্ছে।

কাঠগড়ায় আসল অপরাধী

সবকিছুর পর একটা কথাই স্পষ্ট হয়ে ওঠে— এখানে প্রত্যেকে এক অদৃশ্য সিন্ডিকেটের কথা বলে দায় সারে। আমরা গল্প ফাঁদতে ভালোবাসি যে সব নষ্টের মূলে ওই রিকশাচালক ইঁদুরগুলো। কিন্তু নির্মম সত্য হচ্ছে, দুধের বাটি ঘিরে খোদ বিড়ালরাই পাহারা দিচ্ছে এবং তারাই চেটেপুটে খাচ্ছে।

আমদানিকারক বন্দরে পার্টস খালাস করে মুনাফা তুলছে, রাজস্ব বোর্ড নির্লজ্জের মতো ট্যাক্স কাটছে, বুয়েট সমাধান দিয়ে ফাইলবন্দী করে রেখেছে, গ্যারেজ মালিক মধ্যস্বত্বভোগী হয়ে কামাচ্ছে, আর সার্জেন্ট ১২০০ টাকার ভাগ পকেটে ভরছে। এরা সবাই এই রাষ্ট্রযন্ত্রের একেকটি সুবিধাভোগী অংশ। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতো সাহসের বড় অভাব এখানে। যারা রিকশা উল্টে ফেলে দিনমজুরের পেটে লাথি মারে, তাদের সাধ্য নেই হাজার কোটি টাকার ব্যাটারি সাম্রাজ্য চালানো করপোরেট রাঘববোয়ালদের গুদামে একটা অভিযান চালানোর।

অভিযান কেন হবে? সেখানে তো আর ঘামে ভেজা জলিলরা থাকে না; সেখানে থাকে ক্ষমতার আসল কারিগররা— যাদের ছায়াতলে সুশীল সমাজ, আমলা আর মেরুদণ্ডহীন কর্তাব্যক্তিরা সমস্বরে বলে ওঠে— ‘সহমত ভাই!’

-- --

লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: