অটোরিকশা: ঝুঁকি নাকি সম্ভাবনা?

তাহমিদ হােসেন
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫পরিবর্তন করতে ক্লিক করুন
অটোরিকশা: ঝুঁকি নাকি সম্ভাবনা?

অটোরিকশা উচ্ছেদ অভিযান

শেয়ার করুন:

পরিকল্পনাহীনতার সুযোগে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজেরা এই খাত থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। কোথাও নিবন্ধন বন্ধ, কোথাও সীমিত অনুমোদন—এই আইনি জটিলতার কারণে একদিকে চালকেরা হয়রানির শিকার হন, অন্যদিকে দেশীয় ক্ষুদ্র উৎপাদনকারীরা পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হন। অথচ দেশীয় উদ্যোক্তাদের তৈরি অনেক রিকশার মান আমদানিকৃত যানবাহনের চেয়েও টেকসই।

অটোরিকশা প্রসঙ্গে আমাদের বুঝতে হবে—প্রযুক্তি সমস্যার মূল জায়গা নয়। প্রযুক্তি ক্ষেত্রবিশেষে উপযোগী হতে পারে, আবার অনুপযোগীও হতে পারে। একই প্রযুক্তি এক জায়গায় কার্যকর হলেও অন্য জায়গায় অকার্যকর হতে পারে।

একটি দেশের নগরায়ণ তার পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করে, আবার নগরায়ণকে মাথায় রেখেই পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে। যেমন—নেদারল্যান্ডসে সাইকেল ও গণপরিবহননির্ভর যাতায়াত ব্যবস্থা গড়ে উঠেছে এবং সেভাবেই তাদের নগর পরিকল্পনা সাজানো হয়েছে। অর্থাৎ কোনো প্রযুক্তি কতটা কার্যকর বা ঝুঁকিপূর্ণ হবে, তা নির্ধারিত হয় রাষ্ট্রের সামগ্রিক পরিকল্পনার দ্বারা।

বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশা ব্যাপক সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবেই আবির্ভূত হয়েছিল। আগে থেকেই পায়ে চালিত রিকশা এ দেশের নগরাঞ্চলে প্রচলিত ও উপযোগী বাহন ছিল। বিশেষ করে সরু রাস্তায় সহজে মোড় নেওয়া কিংবা যানজটের ভেতর চলাচলের ক্ষেত্রে রিকশা বেশ কার্যকর।

তবে দেশের বড় অংশের পায়ে চালিত রিকশাচালক মারাত্মক শারীরিক সমস্যায় ভোগেন। ২০১৯ সালের এক প্রতিবেদনে দেখা যায়, ঢাকার প্রায় ৯১ শতাংশ রিকশাচালকের পেশিজনিত জটিলতা রয়েছে। রিকশা চালনায় যুক্ত প্রায় অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসংকটের সামাজিক ও অর্থনৈতিক মূল্য অপরিসীম। অথচ আর্থিক সংকটের কারণে এই চালকেরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারেন না। অর্থাৎ কাঠামোগতভাবেই বিপুল সংখ্যক মানুষ পক্ষাঘাত ও পঙ্গুত্বের ঝুঁকিতে পড়ছিলেন।

পায়ে চালিত রিকশার নকশায় আধুনিকায়নের সুযোগ সীমিত ছিল। যেমন—রিকশার উচ্চতা কমিয়ে আনলে উল্টে যাওয়ার ঝুঁকি ও ঝাঁকুনি দুটোই কমানো সম্ভব; কিন্তু প্যাডেল দেওয়ার সুবিধার কথা ভেবে একে ইচ্ছেমতো নিচু করা যায় না। অন্যদিকে, অটোরিকশার নকশায় আধুনিকায়নের সুযোগ অনেক বেশি। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অংশে ভার বাড়িয়ে বা কমিয়ে ভারসাম্য উন্নত করা যায়, যা পায়ে চালিত রিকশায় সম্ভব ছিল না।

বাংলাদেশের গণপরিবহন খাত প্রবীণ, শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অত্যন্ত প্রতিকূল—যা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। যেসব সরু রাস্তায় সাধারণ গণপরিবহন প্রবেশ করতে পারে না, সেখানে অটোরিকশাই কার্যত একমাত্র ভরসা। পরিবেশবান্ধব রূপান্তর, যানজট নিয়ন্ত্রণ ও জ্বালানি সাশ্রয়ের দিক থেকে অটোরিকশা বিশ্বজুড়েই একটি কার্যকর বিকল্প হতে পারে।

সহজলভ্য স্বল্প দূরত্বের বাহন না থাকলে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহারে বাধ্য হতেন, যা যানজটের প্রধান কারণ। ঢাকার প্রায় ৭০-৭৫% সড়ক বর্তমানে ব্যক্তিগত গাড়ির দখলে থাকে, অথচ তারা বহন করে মাত্র ১১-১৩% যাত্রী। একটি ব্যক্তিগত গাড়ি গড়ে ৭.৫ বর্গমিটার জায়গা নেয়; বিপরীতে একটি ইজিবাইকের মতো বড় অটোরিকশা নেয় মাত্র ২.৭ বর্গমিটার—যদিও উভয়ের যাত্রী পরিবহন ক্ষমতা প্রায় সমান।

সমগ্র ব্যয় বিশ্লেষণ করলে দেখা যায়, একটি অটোরিকশা প্রতি কিলোমিটারে ০.০১ ঘনমিটার গ্যাসের সমতুল্য বিদ্যুৎ ব্যবহার করে, যেখানে একটি সিএনজিচালিত অটোরিকশায় ব্যয় হয় ০.০২৮ ঘনমিটার। ব্যক্তিগত গাড়ির চেয়ে অটোরিকশার ধারণক্ষমতা মাত্র এক-দুজন কম হলেও কিলোমিটারপ্রতি যাত্রীপ্রতি ব্যয় অটোরিকশায় মাত্র ১.৪ টাকা; যেখানে সিএনজিতে ৪.২ টাকা এবং অকটেনে ৭.২ টাকা।

বাংলাদেশে পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানি করতে হয় এবং প্রাকৃতিক গ্যাসের চাহিদাও শিল্পখাতে ব্যাপক। ফলে নগরকেন্দ্রিক পরিবহনে বিদ্যুৎচালিত রিকশা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। স্মার্ট গ্রিড, সৌরবিদ্যুৎচালিত চার্জিং ও ব্যাটারি সোয়াপিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ কমানো সম্ভব হলেও নীতিমালার অভাবে তা বাস্তবে প্রয়োগ করা হচ্ছে না।

গ্রামীণ অর্থনীতিতে কাজের সংকট থাকায় অটোরিকশা খাত বিশাল বেকার জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানে ভূমিকা রাখছে। তবে অপরিকল্পিতভাবে বিপুল সংখ্যক মানুষ শহরে আসায় নগর ব্যবস্থাপনায় চাপ বাড়ছে। প্রয়োজনের তুলনায় বাহনের সংখ্যা বেড়ে গেলে অভিজ্ঞ ও স্থায়ী চালকেরা নিয়মিত যাত্রী ও আয় থেকে বঞ্চিত হন। ফলে দীর্ঘমেয়াদে এটি আদর্শ কর্মসংস্থান না হলেও অর্থনৈতিক রূপান্তরের সংকটকালে বড় একটি অবলম্বন হতে পারে।

বাস্তবে রাস্তায় প্রায়শই অটোরিকশার নিয়ন্ত্রণ হারানো কিংবা অবৈধ সংযোগে বিদ্যুৎ অপচয় দেখে মনে হতে পারে এটি যানজট ও বিশৃঙ্খলার প্রধান কারণ। এই ধারণা পুরোপুরি সত্য নয়; কারণ মূল সংকটটি প্রযুক্তিতে নয়, বরং রাষ্ট্রীয় নীতি ও ব্যবস্থাপনায়।

প্রথমত, দুর্ঘটনার ক্ষেত্রে অটোরিকশা পরিসংখ্যানগতভাবে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। ২০২৩ সালের বিআরটিএ-র পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট দুর্ঘটনার মাত্র ৫% ঘটেছিল অটোরিকশার কারণে। অন্যদিকে মোটরসাইকেল, বাস ও ব্যক্তিগত গাড়ির দুর্ঘটনার হার ও প্রাণঘাতী রূপ অনেক বেশি। অটোরিকশা তুলনামূলক হালকা ও কম গতিসম্পন্ন হওয়ায় বড় ধরনের অভিঘাতের ঝুঁকি কম থাকে।

২০২৫ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, অটোরিকশা দুর্ঘটনার মাত্র এক-চতুর্থাংশ ছিল গুরুতর। মোটরসাইকেল যেমন প্রাণঘাতী দুর্ঘটনায় শীর্ষে (৩৮%), তেমনি অটোরিকশার সংখ্যা অস্বাভাবিক বাড়ায় সামগ্রিক দুর্ঘটনার তালিকায় এটিও দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবে মাঠপর্যায়ের বিশ্লেষণে দেখা যায়, এসব দুর্ঘটনার সিংহভাগই ঘটে মহাসড়কে ইজিবাইক ওঠার কারণে—যেখানে তাদের চলাচলের অনুমতি থাকার কথা নয়।

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ও গবেষকেরা দীর্ঘদিন ধরে এ নিয়ে কাজ করে ২০২৫ সালে একটি প্রমিত (স্ট্যান্ডার্ড) মডেলের রূপরেখা তৈরি করেছেন। শ্রমিক সংগঠনগুলোও বিগত ১৫ বছর ধরে চালকদের নিবন্ধন, প্রশিক্ষণ, যানবাহনের মান নির্ধারণ এবং ন্যায্যমূল্যে বৈধ চার্জিংয়ের দাবি জানিয়ে আসছে। রাষ্ট্রীয় উদ্যোগে এগুলো বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা বহুলাংশে কমে যেত।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানসম্পন্ন চার্জার, স্মার্ট গ্রিড ও সমন্বিত বণ্টন ব্যবস্থা চালু করা দরকার। রিকশা মূলত দিনে বেশি চলায় দিনের বেলার সৌরবিদ্যুৎ বড় সমাধান হতে পারে। এর জন্য প্রয়োজন এলাকাভিত্তিক চার্জিং স্টেশন ও ব্যাটারি সোয়াপিং সুবিধা। সরকার সৌরবিদ্যুতে অটোরিকশা চালানোর কথা বললেও এর বাস্তব রূপরেখা এখনো স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই অবকাঠামো তৈরি হলে তা যেমন সরকারের আয়ের উৎস হতে পারে, তেমনি চালকদের জন্যও ন্যায্য হবে। বর্তমানে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় অবৈধ সংযোগের কারণে প্রতি বছর বিপুল রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র। কোনো সেবা অনিয়ন্ত্রিতভাবে ব্যক্তিমালিকানায় ছেড়ে দিলে অতীতের অভিজ্ঞতার মতোই চালকদের চড়া মূল্য দিতে হতে পারে।

লেড দূষণ বা সিসার বিষয়টি ব্যাটারি রিসাইক্লিং শিল্পের অব্যবস্থাপনার সাথে জড়িত, যা পরিবেশ ও শিল্প মন্ত্রণালয়ের নজরদারির বিষয়; রিকশা থেকে সরাসরি লেড নির্গত হওয়ার সুযোগ নেই।

পরিকল্পনাহীনতার সুযোগে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজেরা এই খাত থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। কোথাও নিবন্ধন বন্ধ, কোথাও সীমিত অনুমোদন—এই আইনি জটিলতার কারণে একদিকে চালকেরা হয়রানির শিকার হন, অন্যদিকে দেশীয় ক্ষুদ্র উৎপাদনকারীরা পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হন। অথচ দেশীয় উদ্যোক্তাদের তৈরি অনেক রিকশার মান আমদানিকৃত যানবাহনের চেয়েও টেকসই।

তাই সমস্যাটির সমাধান নিছক নিষেধাজ্ঞা বা আবেগতাড়িত সিদ্ধান্তে সম্ভব নয়। প্রায় ৬০ থেকে ৮০ লাখ মানুষের কর্মসংস্থান ও পরিবেশবান্ধব প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে বাস্তবমুখী 'ট্রানজিশন প্ল্যান' দরকার। ঝুঁকিপূর্ণ ভবন যেমন রাতারাতি ভেঙে ফেলা যায় না, বরং নিয়মের মধ্যে সংস্কার করতে হয়; তেমনিভাবে অটোরিকশা খাতকেও ধাপে ধাপে মানসম্মত, নিরাপদ ও কার্যকর একটি কাঠামোর আওতায় নিয়ে আসা প্রয়োজন।

-- --

তাহমিদ হোসেন

সংগঠক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: