অস্ট্রিয়ায় বাংলাদেশিদের কাজের সুযোগ: জব অফার ছাড়াই মিলবে ভিসা

ভিসা পাওয়ার পর ছয় মাসের মধ্যে যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে ‘রেড-হোয়াইট-রেড কার্ড’ বা ওয়ার্ক পারমিটের আবেদন করা যাবে। কার্ড পাওয়ার পর বৈধভাবে কাজ শুরু করা যাবে।
ইউরোপের উন্নত দেশ অস্ট্রিয়ায় আগে থেকে চাকরির প্রস্তাব (জব অফার) ছাড়াই গিয়ে কাজ খোঁজার সুযোগ পাচ্ছেন দক্ষ বাংলাদেশিরা। দেশটির পয়েন্টভিত্তিক ‘জব সিকার ভিসা’ (ক্যাটাগরি ডি)-এর আওতায় সর্বোচ্চ ছয় মাস অবস্থান করে চাকরি খুঁজতে পারবেন উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবীরা। তবে সাধারণ শ্রমিকদের জন্য এ ভিসার সুযোগ নেই।
অস্ট্রিয়ার নিয়ম অনুযায়ী, এ ভিসা পেতে ১০০ পয়েন্টের মধ্যে অন্তত ৭০ পয়েন্ট অর্জন করতে হবে। শিক্ষাগত যোগ্যতায় সর্বোচ্চ ৪০ পয়েন্ট পাওয়া যায়। সাধারণ স্নাতক ডিগ্রিতে ২০, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে স্নাতকে ৩০ এবং পিএইচডি ডিগ্রিতে ৪০ পয়েন্ট নির্ধারিত রয়েছে।
বয়স ৩৫ বছরের কম হলে ২০, ৪০ বছরের কম হলে ১৫ এবং ৪৫ বছরের কম হলে ১০ পয়েন্ট পাওয়া যাবে। এ ছাড়া কাজের অভিজ্ঞতায় সর্বোচ্চ ২০ এবং ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতার জন্য ১০ পয়েন্ট রয়েছে।
ভিসা পাওয়ার পর ছয় মাসের মধ্যে যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে ‘রেড-হোয়াইট-রেড কার্ড’ বা ওয়ার্ক পারমিটের আবেদন করা যাবে। কার্ড পাওয়ার পর বৈধভাবে কাজ শুরু করা যাবে।
আবেদনকারীদের শিক্ষাগত সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার অস্ট্রিয়ান কনস্যুলেটে সত্যায়িত করে নয়াদিল্লির অস্ট্রিয়ান দূতাবাসে জমা দিতে হবে। পাশাপাশি ছয় মাসের থাকা-খাওয়ার ব্যয় নির্বাহের সামর্থ্য এবং স্বাস্থ্যবিমার প্রমাণও দেখাতে হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



