অভিনব সাইবার অপরাধে এআই, মরিয়া ইন্টারপোল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৩পরিবর্তন করতে ক্লিক করুন
অভিনব সাইবার অপরাধে এআই, মরিয়া ইন্টারপোল
শেয়ার করুন:

সাইবার অপরাধীদের হাতে এআই-এর অস্ত্রীকরণই বর্তমানে সবচেয়ে বড় হুমকি। তারা এই প্রযুক্তিকে যেভাবে পারছে সেভাবেই ব্যবহার করছে।’

 

নিখুঁত ভাষার ফিশিং ইমেইল থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের ভুয়া ভিডিও—সাইবার অপরাধের ধরন দ্রুত বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই ক্রমবর্ধমান ডিজিটাল হুমকি মোকাবিলায় সিঙ্গাপুরের উচ্চপ্রযুক্তির নিয়ন্ত্রণকক্ষ থেকে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-- ইন্টারপোল।

 

সংস্থাটির সাইবার অপরাধবিষয়ক পরিচালক নীল জেটন এএফপিকে বলেন, ‘সাইবার অপরাধীদের হাতে এআই-এর অস্ত্রীকরণই বর্তমানে সবচেয়ে বড় হুমকি। তারা এই প্রযুক্তিকে যেভাবে পারছে সেভাবেই ব্যবহার করছে।’ ইন্টারপোলের বিশেষজ্ঞরা এখন বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য র‍্যানসমওয়্যার হামলা বা ছদ্মবেশী প্রতারণা ঠেকানোর চেষ্টা করছেন।

 

এআই প্রযুক্তির সাহায্যে অপরাধীরা এখন পরিচিত ব্যক্তিদের কণ্ঠ ও ভিডিওর উন্নত মানের নকল (ডিপফেক) তৈরি করছে। এগুলো ব্যবহার করা হচ্ছে ভুয়া বিনিয়োগ বা প্রতারণামূলক প্রচারণায়। এমনকি কম দক্ষ অপরাধীরাও এখন ডার্ক ওয়েব থেকে তৈরি হ্যাকিং সরঞ্জাম কিনতে পারছে। ফলে যেকোনো স্মার্টফোন ব্যবহারকারী এখন সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।

 

ফ্রান্সের লিওঁ শহরের পর সিঙ্গাপুরে ইন্টারপোলের এই দ্বিতীয় সদরদপ্তরটি মূলত একটি উদ্ভাবনী কেন্দ্র। এখানে থাকা ‘সাইবার ফিউশন সেন্টার’-এ ১৯৬টি সদস্য দেশের মধ্যে অনলাইন হুমকি সংক্রান্ত গোয়েন্দা তথ্য বিনিময় করা হয়। সাইবার ইন্টেলিজেন্স ইউনিটের সমন্বয়ক ক্রিশ্চিয়ান হেগেন জানান, তারা এক বিশাল অপরাধী নেটওয়ার্কের মুখোমুখি, যা মূলত চুরি হওয়া তথ্য, গুপ্তচরবৃত্তি ও ম্যালওয়্যার কেনাবেচার একটি বৈশ্বিক কালোবাজার।

 

ইন্টারপোল তাদের সক্ষমতা বাড়াতে আর্থিক ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে। গত বছর এশিয়ায় পরিচালিত ‘অপারেশন সিকিউর’-এর মাধ্যমে ২০ হাজারের বেশি ক্ষতিকর আইপি ও ডোমেইন নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া আফ্রিকায় ‘অপারেশন সেরেঙ্গেটি ২.০’ অভিযানে ১২০৯ জন অপরাধীকে গ্রেপ্তার এবং ৯ কোটি ৭০ লাখ ডলারের বেশি অর্থ উদ্ধার করা হয়।

 

ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশনের প্রধান তোশিনোবু ইয়াসুহিরা সতর্ক করে বলেন, ‘এআই-এর তো আত্মা বা হৃদয় নেই—ভবিষ্যতে এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দায় কার ওপর বর্তাবে, সেটিই বড় প্রশ্ন।’ এই ডিজিটাল যুদ্ধে এগিয়ে থাকতে বিশেষজ্ঞরা এখন ভার্চ্যুয়াল রিয়্যালিটি ও কোয়ান্টাম প্রযুক্তির ব্যবহার নিয়েও কাজ করছেন।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: