দুদকের জালে ৩০ হাজার কোটির সম্পদ
২০২৫ সালে আদালতের ২২১টি আদেশের মাধ্যমে দেশে ৬ হাজার ১৩৭ কোটি ২২ লাখ ৩৯ হাজার ৬৫৭ টাকা এবং বিদেশে ৯৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ২৫ টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোক করা হয়েছে।
আদালতের নির্দেশে ২০২৫ সালে দেশে ও বিদেশে মোট ৩০ হাজার ৩৫১ কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মোট ৩৭০টি আদেশের মাধ্যমে সংস্থাটি এই বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে।
দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সূত্রে জানা যায়, ২০২৫ সালে আদালতের ২২১টি আদেশের মাধ্যমে দেশে ৬ হাজার ১৩৭ কোটি ২২ লাখ ৩৯ হাজার ৬৫৭ টাকা এবং বিদেশে ৯৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ২৫ টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোক করা হয়েছে।
ক্রোক করা স্থাবর সম্পদের তালিকায় রয়েছে ৬ হাজার ৯৭৯ দশমিক ৪৩ একর জমি, ৯১টি বাড়ি, ৫৯টি ভবন, ১৯২টি ফ্ল্যাট, ৬০টি প্লট, ৪৫০টি গাড়ি, ১৪টি কমার্শিয়াল স্পেস, ১০টি দোকান, ২টি মার্কেট, ২টি জাহাজ ও ১টি শর্টগান। এর পাশাপাশি বিদেশে থাকা ২টি ফ্ল্যাট, ৮টি গাড়ি ও ২টি বাড়িসহ মোট ৯৬ কোটি ৫৩ লাখ টাকার সম্পদও ক্রোক করা হয়।
অন্যদিকে, আদালতের ২৫৬টি আদেশের মাধ্যমে দেশে ২৩ হাজার ১৭২ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৪৯৬ টাকা এবং বিদেশে ৯৪৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৯১৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।
অবরুদ্ধ এসব সম্পদের মধ্যে রয়েছে দেশের ৬ হাজার ৮৪৭টি ব্যাংক হিসাব, ১০৭টি সঞ্চয়পত্র, ৬০ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৪৯৯৭টি শেয়ার, ৪০টি এফডিআর, ৫টি লকার, ৪২১টি কোম্পানির শেয়ার, ৩২১টি পে-অর্ডার, বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ, বিদেশি মুদ্রা (ডলার ও ইউরো) এবং স্বর্ণ।
২০২৫ সালে দুদকের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমেও ব্যাপক গতি আসে। আগের বছরের অনিষ্পন্ন ৭১৭টি অনুসন্ধানের সঙ্গে নতুন ৪০০টি যুক্ত হয়ে মোট ৯০৯টি অনুসন্ধান চলমান ছিল। এর মধ্যে ১৬৩টি সম্পন্ন হয় এবং ৪৪৯টি মামলা দায়ের করা হয়। এছাড়া ৪৭টি নিষ্পত্তি ও অন্যান্যভাবে ১৩টির কার্যক্রম শেষ হয়।
অর্থ পাচারসংক্রান্ত আগের ৬০টি অনিষ্পন্ন অনুসন্ধানের সঙ্গে নতুন ২৯টি যুক্ত হয়ে ৭৩টি চলমান ছিল, যার মধ্যে ১৬টি সম্পন্ন হয়েছে। সম্পদসংক্রান্ত মোট ৩৭৭টি অনিষ্পন্ন নথির সঙ্গে নতুন ২১৯টি যুক্ত হয়ে ৪৭৮টি অনুসন্ধান চলমান ছিল। এর মধ্যে ৬০টি সম্পন্ন হয় এবং ১৩৭টি মামলা দায়ের করা হয়।
তদন্তের ক্ষেত্রেও দুদক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আগের ৪২০টি অনিষ্পন্ন মামলার সঙ্গে নতুন ৮টি যুক্ত হয়ে ৪৪৯টি তদন্ত চলমান ছিল। মোট ৭৯৪টি তদন্ত কার্যক্রমের মধ্যে ১২৯টি সম্পন্ন হয়। এর মধ্যে ১০৪টি চার্জশিট দাখিল এবং ২১টি চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
সম্পদসংক্রান্ত ৩৪৯টি আগের অনিষ্পন্ন তদন্তের সঙ্গে নতুন ১৬৬টি যুক্ত হয়ে ৪৬৮টি তদন্ত চলমান ছিল। এর মধ্যে ৭০টি সম্পন্ন এবং ৫৪টি চার্জশিট দাখিল করা হয়। অর্থ পাচারসংক্রান্ত ১৮৯টি তদন্তের মধ্যে ৫টি সম্পন্ন হয়েছে এবং ৫টি চার্জশিট দেওয়া হয়েছে।
দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মঞ্জুর মোর্শেদ বলেন, ‘অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে যেসব সম্পদ অবৈধ বলে বিবেচিত হতে পারে, সেসব বিষয়ে আদালতে আবেদন করা হলে আদালত ক্রোক ও অবরুদ্ধের আদেশ দেন। এর অংশ হিসেবে গত বছর ৩০ হাজার ৩৫১ কোটি টাকার বেশি সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।’
বিদেশে ক্রোক ও অবরুদ্ধ হওয়া সম্পদ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা যোগাযোগ করছি এবং বিভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করে এগোচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



