গণমানুষের শিল্পী কামরুদ্দীন আবসার: বরণীয়, অনুসরণীয় একজন মানুষের মতো মানুষ

আনিস রায়হান
আনিস রায়হান
প্রকাশ: ১ জুন ২০২৬, ৬:০০পরিবর্তন করতে ক্লিক করুন
গণমানুষের শিল্পী কামরুদ্দীন আবসার:  বরণীয়, অনুসরণীয় একজন মানুষের মতো মানুষ
শেয়ার করুন:

"গান গাওয়া ছাড়াও আমি আর সব রাজনৈতিক কর্মীর মতোই কাজ করেছি। নিজে শিল্পী হওয়ার জন্য কখনো প্রতিযোগিতায় নামিনি। তাই নিজের কথা বলে যেভাবে অন্যরা সাক্ষাৎকার দেয়, সেভাবে আমি কখনো দিইনি। আমি এসব পারি না। এমনকি ওই যে বলে অটোগ্রাফ, ওটাও দিতে পারতাম না। কেউ এসে খাতা-কলম বাড়িয়ে দিলে শুধু লিখে দিতাম—আমরা করব জয় একদিন!”

আগেও ছিল, এখনও আছে রেওয়াজটা; প্রবীণদের কাছে কেউ আশীর্বাদ বা দোয়ার জন্য গেলে তারা মাথায় হাত বুলিয়ে বলেন, ‘মানুষের মতো মানুষ হও’। তারা বলেন না যে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অমুক-তমুক হও। কারণ ওগুলো তো হওয়াই যায়, কিন্তু কঠিনতম কাজটি হচ্ছে ‘মানুষ’ হওয়া। মানুষ হয়ে আমরা জন্মাই বটে, কিন্তু ক্রমে ক্রমে নানা কারণেই ‘আমিত্ব’ গ্রাস করে ফেলে আমাদের ভেতরকার সেই মানুষটাকে।

কিন্তু কেউ কেউ এমন নন, তারা হন ‘মানুষের মতো মানুষ’। যে মানুষ নিজের স্বার্থের কথা ভাবেন না, অন্যদের জন্য, জনগণের জন্য, নিপীড়িতের জন্য নিজেকে বিলিয়ে দেন। ‘মানুষ’ হওয়ার অর্থ তাই নিঃস্বার্থ হওয়া, জনগণের সেবা করা, তাদের মুক্তির জন্য নিজেকে পূর্ণরূপে নিয়োজিত করা।

কামরুদ্দীন আবসার তেমনই একজন মানুষ, পরিপূর্ণ মানুষ। তাঁর জীবনে সেই অর্থে সফলতা বা উন্নতি হয়নি, তেমন উন্নতি তিনি চাননি। তেমন সফল তিনি নন, যেমন সফলকে খোঁজা হয় টিভি-পত্রিকার সাক্ষাৎকারের জন্য। তিনি রাস্তায় রাস্তায় জীবন কাটিয়েছেন, ফুটপাতে দোকানদারি করেছেন, অসুস্থ জীবনটা চলে গেছে দীনহীনভাবে।

তবু তিনি অনন্য, কারণ ‘আপনারে লয়ে বিব্রত রহিতে’ আসেননি তিনি এই অবনী ’পরে! তাই কামরুদ্দীন আবসার দু’একজন নয়, লাখো মানুষের কাছে অনন্য এক মানুষ।

কামরুদ্দীন আবসারদের মূল বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে। দেশভাগের সময় তারা পূর্ব পাকিস্তানে চলে আসেন। জন্ম ১৯৫৪ সালের ১৫ নভেম্বর। তারা তিন ভাই, দুই বোন। থাকতেন রাজধানী ঢাকার মতিঝিল সংলগ্ন গোপীবাগের অভয় দাস লেনে। বাবার নাম আবদুল মুকিত। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে চাকরি করতেন তিনি।

কামরুদ্দীন আবসারের পড়ালেখা শুরু হয় গোপীবাগে রামকৃষ্ণ মিশন স্কুলে। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তাঁর বাবা মারা যান। স্বাভাবিকভাবেই পরিবারে অভাব নেমে এলো। তাঁর মা ফাতিমা বেগমই সব সামাল দিলেন। তিনি কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিলেন। এ দেশে আসার পর তিনি নারী শিক্ষার অগ্রদূত হেনা দাসের সঙ্গে সময় দিতেন। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্কুলে পড়ানোর জন্য নিয়ে আসতেন, তাদের পরিবারকে রাজি করাতেন। টিকাটুলিতে ছিল কামরুন্নেছা স্কুল, হেনা দাসের নির্দেশে তিনি কামরুন্নেছা স্কুলে ইংরেজি পড়ানো শুরু করেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার সার্কুলার দিল, টিচার্স ট্রেনিং পাস ছাড়া কেউ সরকারি স্কুলের শিক্ষক হতে পারবে না। ফাতিমা বেগমের তখন চাকরি চলে যায়, তিনি ছিলেন মাধ্যমিক পাস। তারপরও বাসায় শিক্ষকতা করে বহু কষ্টে সংসার চালিয়ে নেন।

কঠিন পরিবেশে বেড়ে উঠলেও কামরুদ্দীন আবসার ছিলেন সদা হাসিখুশি ও প্রাণবন্ত। রামকৃষ্ণ মিশন স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর ভর্তি হন নারিন্দা সরকারি হাই স্কুলে। সেখানে বেশিদিন লেখাপড়া করতে পারেননি। তখন খুব প্যারোডি গান গাইতেন। যেকোনো অনুষ্ঠানের মঞ্চে তাঁকে তুলে দেওয়া হতো প্যারোডি গাওয়ার জন্য। প্যারোডি গাইলে ৩০০ টাকা পেতেন। ওয়াজ-মাহফিলের অনুষ্ঠানে গাইতেন হামদ-নাত। প্যারোডি গাওয়ার জন্যই নারিন্দা স্কুল থেকে কামরুদ্দীন আবসারকে টিসি দিয়ে বের করে দেওয়া হয়।

হেডস্যারের নাম জানা ছিল না, কিন্তু একটা প্যারোডি বেঁধেছিলেন, ‘ওহে নিবারণ, বিলাইতে ডিম পাড়ে ইহার কী কারণ!’ হেডস্যার বারান্দা দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গান শুনলেন। এরপর দপ্তরিকে দিয়ে ডেকে পাঠিয়ে বললেন, “এই নাও টিসি। আস্তে টিসিটা নিয়ে চলে যাও। অন্য স্কুলে গিয়ে ভর্তি হও। এ নিয়ে আর কথা বাড়িও না, কোনো ফল হবে না।”

এরপর ভর্তি হলেন সেগুনবাগিচা স্কুলে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় বেতনের টাকা জোগাড় করতে না পেরে পড়ালেখা বন্ধ হয়ে গেল। তাঁর খালা ছিলেন নারায়ণগঞ্জের বিখ্যাত কে এম শামসুজ্জোহার স্ত্রী, শামীম ওসমানের মা। খালার হস্তক্ষেপে তাঁর পড়ার খরচ সংক্রান্ত ঝামেলা মেটে। ক্ষমতার সামনে শিক্ষক ও শিক্ষাব্যবস্থার করুণ অসহায়ত্ব ধরা পড়ে তাঁর বর্ণনায়। শামীম ওসমানের বড় ভাই নাসিম ওসমানের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, “...অতটুকু ছেলে, তাকে হেডস্যারও কিছু বলার সাহস পেল না। বলল না যে, এই বেয়াদবি করিস না। এভাবেই তারা বেড়ে উঠেছে এবং এরকম হয়েছে। আরামে পরীক্ষা দিলাম। পড়ালেখা তো আমি বাসায় বসে কিছু করেছি। কিন্তু অঙ্কটা ঝামেলা হচ্ছিল। হেডস্যার পরীক্ষার হলে এসে জিজ্ঞেস করলেন, কী অবস্থা! নাসিম বলল, এগুলো তো আমি পড়িনি, আমার জানা নেই। স্যার নাসিমের খাতা নিয়ে নিলেন। আমারটাও নিতে এলে আমি বললাম, কী হলো! আমাকে চুপ থাকতে বললেন, তারপর পরীক্ষার খাতায় স্যার নিজেই অঙ্ক করে দিলেন। পরীক্ষা শেষ হওয়ার কিছু আগে আমাদের হাতে খাতা দিয়ে দিলেন। এভাবে প্রাইভেটে মেট্রিক পাস হলো। যেমন শিক্ষা ব্যবস্থা, তেমন পাস।”

ছোটবেলা থেকেই গানের সঙ্গে তাঁর সংযোগ। মায়ের আগ্রহে ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা)। গোপীবাগ থেকে ওয়াইজ ঘাট অবধি পায়ে হেঁটে যেতেন গান শিখতে। তাঁর ভাষায়, “ভোরবেলা ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে হাঁটা দিতাম। এদিক-সেদিক অলিগলি দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম। গান গাইতে গাইতে হাঁটতাম। খারাপ লাগত না। সেখানেই প্রথম গান শিখেছি। ওস্তাদ ফজলুল হক আর সুধীন দাস ছিলেন সেখানে শিক্ষক। তখন আমার কোনো হারমোনিয়াম ছিল না। এজন্য সকালে গলা সাধার জন্য বাফায় চলে যেতাম। ওখানে যে দারোয়ান ছিলেন তাঁকে গিয়ে একদিন বলেছিলাম যে, আমার তো হারমোনিয়াম নেই। আপনি কি একটু আমাকে প্র্যাকটিস করতে দিবেন? তিনি খুশিমনেই রাজি হয়ে গেলেন। এরপর প্রতিদিন সকালে আমি পৌঁছালেই তিনি ঘর খুলে দিতেন। ক্লাস শুরু হওয়ার আগ অবধি আমি হারমোনিয়ামে একাই প্র্যাকটিস করতাম। ওখানেই একদিন সকালে জাহেদুর রহিম আমাকে দেখেছিলেন। এরপর তাঁর সঙ্গে পরিচয়ের সূত্রে গান শিখতে যাই ছায়ানটে। ছায়ানটের বয়স তখন খুব একটা বেশি না।”

হারমোনিয়াম নিয়ে ছোটবেলার একটা দুঃখের ঘটনা তাঁর হৃদয়ে গেঁথে ছিল আজীবন। বাবার চাচাতো ভাই আবুল হাশিম চাচার বাসায় গিয়েছিলেন একদিন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার মুসলিম লীগের অবিসংবাদিত নেতা। কামরুদ্দীন আবসারের কাছে গান শেখার কী অবস্থা জানতে চাইলেন। কোনো হারমোনিয়াম না থাকায় অনেক কষ্ট হচ্ছে জানালে তিনি ড্রাইভারকে দিয়ে বাসার হারমোনিয়ামটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন।

কামরুদ্দীন আবসার বলেন, “আমার তো আর আনন্দ ধরে না। বাসায় এসে কোথায় হারমোনিয়াম রাখব, ভেবে পাই না। এত সুন্দর হারমোনিয়াম রাখার মতো জায়গাও আমাদের ঘরে নাই। আবার টিনের বাসা, চোরের ভয়। এত দামি হারমোনিয়াম, চুরি হয়ে যেতে পারে। ভয়ে হারমোনিয়ামের আংটার সঙ্গে দড়ি লাগিয়ে কোমরের তাগার সঙ্গে বেঁধে ঘুমাতাম, যাতে চোর এসে অন্ধকারে টান দিলেও আমি যেন জেগে যাই।

যাই হোক, হারমোনিয়ামের সুখ বেশিদিন টিকল না। একদিন চাচি আমাকে ডেকে পাঠালেন। ওই বাড়িতে গেলে তিনি বললেন, তুমি নাকি হারমোনিয়াম নিয়ে গেছো! বললাম, আমি নিলাম কই? চাচাই তো তাঁর ড্রাইভার দিয়ে হারমোনিয়াম আমাদের বাসা অবধি পৌঁছে দিলেন। তিনি বললেন, উনি কি আর ঘর-সংসার বুঝেন নাকি? উনি দিলেন, আর তুমিও নিয়ে গেলে? বদরুদ্দীন উমররা দুই ভাই, দুই বোন। ছোট বোনটার কথা বললেন যে, সে গান শিখবে, তার জন্য হারমোনিয়াম দরকার। ড্রাইভারকে ডেকে বললেন, যাও ওর সঙ্গে। হারমোনিয়ামটা এনে আবার জায়গামতো রেখে দাও। আমি আর কিছু বললাম না। হারমোনিয়াম চলে গেল।

সাধারণত জীবনের এসব নেতিবাচক ঘটনায় আমার মধ্যে কষ্ট অন্যদের চেয়ে কম হতো, এখনও তেমন একটা হয় না। আমি হেসে, একটা প্যারোডি গেয়েই উড়িয়ে দিতে পারি। কিন্তু কীভাবে যেন হারমোনিয়ামের কষ্টটা আমার বুকে রয়ে গেছে।”

ছায়ানটে জাহেদুর রহিমের কাছে রবীন্দ্রসংগীত শিখতেন কামরুদ্দীন আবসার। তখন পাকিস্তান সরকার মানে আইয়ুব খান ঘোষণা করল, কেউ প্রকাশ্যে রবীন্দ্রসংগীত গাইতে বা বাজাতে পারবে না। জাহেদুর রহিম স্যার বললেন, “আগে তোদের বলেছিলাম, গলা ছেড়ে গা। এখন বলছি, গলাটা বেশি জোরে ছাড়িস না, চুপচাপ গান শেখ। নিজের মধ্যে রাখ, ঘরের ভেতর গাইবি। কিন্তু জোরে না, বাইরে সুর গেলে পুলিশ ধরবে।”

কামরুদ্দীন আবসার বললেন, “স্যার এভাবে কি গান শেখা যায়! আমি তো আস্তে গাইতে পারি না।” এভাবে কিছুদিন চলল। ছাত্ররা সবাই তাঁর কাছে নানা অসুবিধার কথা বলতে লাগলেন। ছাত্রও কমে যাচ্ছিল। তিনি একদিন বললেন, “সরকার বললেই কি আমরা সব মেনে নেই? তোরা আজ সবাই প্রেসক্লাবে আয়। আজ আমরা এর বিরুদ্ধে মিছিল করব।” শিক্ষার্থীরা সবাই হাজির হলেন। পাপিয়া সারোয়ার, আফসারী খানম—এরাও তখন গান শিখতেন। জাহেদুর রহিম স্যার বললেন, “আবসার গান ধর। দেখব আজ তোর গলার জোর।”

আমি গান ধরলাম, ‘ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বন্দী প্রাণ মন হোক উধাও। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্দাম কৌতুক, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মাভৈঃ মাভৈঃ মাভৈঃ কোন নূতনেরই ডাক।’ আরও অনেকেই গান ধরলেন, একের পর এক গান চলতে থাকল। একপর্যায়ে পুলিশ এসে সেই গানের মিছিলের গতিরোধ করে এবং সবাইকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

গণসংগীতে কামরুদ্দীন আবসারের আগ্রহ তৈরি হয় পল্টনে রাজনৈতিক সমাবেশে গান শুনে শুনে। পল্টন দিয়ে ছিল বাসায় যাওয়া-আসার পথ। একদিন শুনলেন ছাত্র ইউনিয়নের এক সমাবেশে একটা গান হচ্ছে, ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি।’ কামরুদ্দীন আবসারের ভাষায়, “গানটার কথা, সুর আমার হৃদয় ছুঁয়ে গেল। মনে হলো, আরে, গান তো এরকমই হওয়া চাই। আমি তো চোখে কম দেখতাম, চশমা থাকত চোখে। তারপরেও লোকজনকে ঠেলেঠুলে মঞ্চের সামনে গেলাম। গিয়ে দেখলাম আলতাফ মাহমুদ গানটা গাইছেন। ভাবলাম যে, তাঁর কাছে এই গান শিখতে হবে।

গান শেষ করে মঞ্চ থেকে নেমে আলতাফ মাহমুদ দেখলাম রিকশা ঠিক করছেন। আমি দৌড়ে গিয়ে তাঁকে থামালাম। বললাম, আপনার গানটা আমার খুবই ভালো লেগেছে। আপনি কি গণসংগীত করেন? আমি গণসংগীত শিখতে চাই। বললাম যে, ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে আমি ক্ল্যাসিকাল শিখি, আর জাহেদুর রহিমের কাছে রবীন্দ্রসংগীত শিখি। আপনার কাছে গণসংগীত শিখতে চাই। তিনি বললেন, তুমি ভালো জায়গায় আছো, ভালো কাজ করছো, এগুলো মন দিয়ে শেখো। গণসংগীত শেখার তোমার কোনো দরকার নেই। ও তুমি এমনি পারবে। কিন্তু আমি তাঁকে ছাড়লাম না, জোরাজুরি করতে থাকলাম। শেষ পর্যন্ত তিনি বললেন, আচ্ছা।”

অফিসার্স ক্লাবের উল্টোদিকে একটি বাড়ির দোতলার ছাদে শুরু হলো আলতাফ মাহমুদের কাছে গণসংগীতের তালিম নেওয়া। সেখানে গিয়ে পেলেন শিমূল ইউসুফ, আবিদা সুলতানাকে। পরিচয় ঘটল রফিক আজাদের সঙ্গেও। একাত্তরের পর ‘আলতাফ মাহমুদ সংগীত বিদ্যানিকেতনে’ ওস্তাদ শেখ লুৎফর রহমান ও দীনু বিল্লাহদের সঙ্গে অনেকদিন কাজ করেছেন।

মেট্রিক পাসের পর ১৯৭৪ সালে ভর্তি হলেন সেগুনবাগিচায় মিউজিক কলেজে। শিল্পী বাপ্পা মজুমদারের পিতা উচ্চাঙ্গসংগীতের গুরু বারীণ মজুমদার ছিলেন এর প্রতিষ্ঠাতা। মিউজিক কলেজে কামরুদ্দীন আবসারের শিক্ষক ছিলেন লুৎফর রহমান, ফুল মোহাম্মদ, সুধীন দাস। এখান থেকে তিনি সংগীতে ডিগ্রি (বি. মিউজিক) পাস করেন।

অল্প বয়সে এলাকার জনপ্রিয় ছাত্রনেতা সাদেক হোসেন খোকা এবং চাচাতো ভাই বদরুদ্দীন উমরের সংস্পর্শে রাজনীতির প্রতি আগ্রহ জন্মায়। তবে রাজনীতিতে তাঁর সংযোগ ঘটে কার্যত আশির দশকে লেখক শিবিরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে। তিনি বলেন, “লেখক শিবিরে যুক্ত হওয়ার আগে আমি রাজনৈতিক কাজের জন্য, জনগণের মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করার চেতনা পাইনি। তবে প্রথম ওই সংগঠনের ওখানে গিয়েছিলাম মাস্টারদা আতিউল ইসলাম, ডাক্তারদা সইফ-উদ-দাহারদের টানে।”

এলাকায় গুন্ডা-মাস্তানদের পিটুনি দিয়ে আলোচনায় আসায় বদরুদ্দীন উমর চাইছিলেন না কামরুদ্দীন আবসার লেখক শিবিরের সাংস্কৃতিক ফ্রন্টে যুক্ত হোক। কিন্তু একদিন ঘটনাক্রমে সেই ফ্রন্টের এক রিহার্সেলে হাজির হয়ে গানের নির্দেশনায় সহযোগিতা করে সেখানে জায়গা করে নিলেন। কামরুদ্দীন আবসারের বর্ণনায়, “গিয়ে দেখি শামীম আক্তার, আজফার আজিজ, শাহরিয়ার কবিরসহ আরও অনেকেই আছে। পুরো রিহার্সেল কোঅর্ডিনেট করছিলেন ও ডিরেকশন দিচ্ছিলেন শাহরিয়ার কবির। দেখলাম শাহরিয়ার কবির বসে আছে আর আজফার আজিজ লিড করছে। ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ গাইছে। দেখলাম সে গাইছে, আবার ‘ওওওও-ও’ বলে সে নিজেই টান দিচ্ছে। আমি তখন বললাম, আপনি একাই গাইছেন আবার একাই টান দিচ্ছেন, এটা তো হচ্ছে না। এখানে অন্য কেউ গলা মেলালে ভালো হতো।

আমাকে জিজ্ঞেস করলেন, আপনি পারেন এটা? আমি বললাম, পারব না কেন, এটা তো এই দেশের অধিকাংশ মানুষই পারে। কারও হয়, কারও হয় না। তখন শাহরিয়ার ভাই বললেন, আপনি গান তো দেখি। আমি গাইলাম, আর কোথায় কে কীভাবে কোরাস মেলাবে বলে দিলাম। শাহরিয়ার ভাই বললেন, এটাই ঠিক আছে। এখন থেকে আপনি আর আজফার দুজনেই গাইবেন। এভাবে ইন্টারভিউ দিয়ে লেখক শিবিরের সদস্য হয়ে গেলাম।

আবরার ভাই মনে হয় তখন সাধারণ সম্পাদক, মনে নেই। তবে আনু মুহাম্মদ আমার পরে লেখক শিবিরে এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাবের দোতলায় একদিন হারমোনিয়াম বাজিয়ে অনুষ্ঠান করে নামার সময় সি আর আবরার চৌধুরী আমার হাতে পঞ্চাশটা টাকা দিলেন। আমি বললাম, কী করব? বললেন, আবার আসবেন তো? আপনাদের দরকার আমাদের। আমি বললাম, আপনি বলছেন দরকার, এদিকে আমি তো শুনি নিতেই চায় না। দেখলাম ভালোই তো। আসা-যাওয়ার ভাড়া দেয় আবার জনগণের মুক্তির গান গাওয়া যায়। এরপর তো আমি একেবারে কাছা মেরে লেগে গেলাম। লেখক শিবিরের খুব সক্রিয় সদস্য হয়ে গেলাম।”

তবে লেখক শিবিরের অভ্যন্তরে বুদ্ধিজীবীদের অন্তর্কোন্দলের রাজনীতি তাঁকে পীড়া দিয়েছে সবসময়। সংগঠনের একটি অংশ চাইত নাম পরিবর্তন করতে; আরেকটি অংশ ছিল এর বিরুদ্ধে। বদরুদ্দীন উমর সরাসরি এ বিতর্কে না জড়িয়ে কামরুদ্দীন আবসারকে উৎসাহিত করেন নাম পরিবর্তন না করার বিষয়ে জোর চেষ্টা চালাতে। ফলে সংগঠনের অভ্যন্তরে নাম পরিবর্তনকামীদের চক্ষুশূল হন তিনি। স্মৃতিচারণায় কামরুদ্দীন আবসার বলেন, “সেই সম্মেলনে আনু মুহাম্মদের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব যখন এলো, তখন তিনি বলেছিলেন, আবসার ভাই কেন্দ্রীয় কমিটির সদস্য থাকলে আমি দায়িত্ব নেব না। তাঁর এই রাগটা স্বাভাবিক ছিল, আমিই তাঁকে রাগিয়ে দিয়েছিলাম। তখন আখতারুজ্জামান ইলিয়াস আমাকে বললেন, এখন আমরা কী করব? আমি বললাম, ঠিক আছে, আপনি বলেন যে, কামরুদ্দীন আবসার বলেছে সে আর কেন্দ্রীয় কমিটিতে থাকবে না। ইলিয়াস ভাই আমার কথা শুনে খুব খুশি হলেন। বললেন, এই সিদ্ধান্তটা আপনি বলেই নিতে পেরেছেন, আপনার মনে জোর আছে। আমাকে তিনি চা খাওয়ালেন এবং ওইদিনই প্রথম ক’টা বেনসন সিগারেট কিনে দিলেন।...

তবে লেখক শিবিরে প্রথম আমাকে এসব দলাদলির মধ্যে ফেলেছিলেন শাহরিয়ার কবির। তিনি আজফার আজিজের বিরুদ্ধে আমাকে একটা পক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেন। বুদ্ধিজীবীরা এসব কাজ পেছন থেকে করে, নিজেরা সামনে থাকে না। লেখক শিবির আমাকে আদর্শের পথ চিনিয়েছে এটা যেমন সত্য, তেমনি এটাও বলতে হবে যে, এখানে কাজ করার অভিজ্ঞতাটা আমার খুব তিক্ত।”

রাজনীতিতে কামরুদ্দীন আবসারের দীক্ষাগুরু ছিলেন ডাক্তারদা নামে খ্যাত কমরেড সইফ-উদ-দাহার। তিনি বলেন, “বদরুদ্দীন উমর আমাদের নেতা ছিলেন। কিন্তু আমি তাঁকে নয়, ডাক্তারদাকে আদর্শ হিসেবে নিয়েছিলাম। ডাক্তারদা বিয়ে-থা, সহায়-সম্পদ কিছুই করেননি। আমিও সেই পথে হাঁটব মনস্থ করেছিলাম। কমিউনিস্ট হতে হলে আত্মপ্রতিষ্ঠার বিরুদ্ধে একটা লড়াই জারি রাখতে হবে এটা বুঝেছিলাম। ডাক্তারদার সঙ্গেই থাকতাম। একজন ভালো কমিউনিস্ট হব, জনগণের জন্য জীবন ব্যয় করব—এই ছিল প্রতিজ্ঞা। ডাক্তারদাকে খুব মান্য করতাম। শেষ জীবনে তিনি আমার সঙ্গে কয়েকবছর ছিলেন। পরে মাস্টারদা আতিউল ইসলামের বাসায় ছিলেন মৃত্যুর আগ অবধি।”

জনগণের সঙ্গে একাত্ম হতে বলতেন ডাক্তারদা। তাই কৃষকদের সঙ্গে মিশতেন। পুরোপুরি কমিউনিস্ট হওয়ার জন্য কী লাগবে, সেগুলো জানতে চাইতেন ডাক্তারদার কাছে। তিনি যেভাবে বলতেন, সেভাবে চলার চেষ্টা করতেন। কিন্তু কঠিন পড়ালেখা তখন আর মাথায় ঢুকতে চাইত না। গানটাই থাকল তাঁর সঙ্গে। তাঁর ভাষায়, “যেনেতেন গান নয়, এটা ছিল গণসংগীত। গণসংগীত আর অন্য গানের মধ্যে পার্থক্য আছে।... আমার মতে, গণসংগীত হচ্ছে সেই গান, যে গানগুলো মার্কসবাদী লাইনে শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের সংগ্রামের ও তাদের মুক্তির কথাগুলোকে ধারণ করতে পারে। সে হিসেবে হেমাঙ্গ বিশ্বাসের কিছু গান দেখা যাবে গণসংগীত না। আবার আমাদের দেশে গণসংগীত হিসেবে পরিচিত এমন অনেক গানই বাতিল হয়ে যাবে। সেগুলো যে গান নয়, আমি তা বলছি না। কিন্তু এগুলো গণসংগীত হবে না। জীবনমুখীসহ এই ধারার যেসব গান আছে, এগুলো অধিকাংশই মধ্যবিত্তের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে। আর আছে দেশাত্মবোধক গান, যাতে কি না দেশপ্রেম ও আক্রমণকারী বিদেশি জাতির প্রতি ঘৃণা থাকে। এগুলোর মধ্যে ভাববাদও থাকে। কিন্তু গণসংগীত হতে হবে ভাববাদমুক্ত।

এমনকি এটা আমি জোর দিয়ে বলতে পারি, একাত্তরে এত বড় যুদ্ধ হলেও আমাদের কিন্তু কোনো গণসংগীত হয়নি। ফকির আলমগীর হেমাঙ্গ বিশ্বাসের কাছে গান শিখেছিলেন, তাঁর গানই গেয়েছিলেন। এখানে মুক্তিযুদ্ধের যেসব গান গণসংগীতের স্তরে উঠেছে বলে ধরে নেওয়া হয়, সেগুলো সবই ভারতীয়দের লেখা। কলকাতার গীতিকাররা লিখে দিয়েছিলেন। ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটা গাজী মাজহারুল আনোয়ারের লেখা, সুর দিয়েছিলেন আনোয়ার পারভেজ। এ ছাড়া সব গানই কলকাতার বুদ্ধিজীবীদের রচিত ও সুর করা। এমনকি ওই যে ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের’ গানটাও কলকাতার গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের করা, সুরও করেছিলেন সেখানকারই একজন। ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’সহ বেশ কিছু গানের গীতিকার ছিলেন কলকাতার গোবিন্দ হালদার। যদিও ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটিতে সুর করেছিলেন আপেল মাহমুদ। এটা সম্ভব হয়েছিল কামাল লোহানী ভাইয়ের কারণে। কিছু গান যুদ্ধক্ষেত্রে হয়েছিল, কিন্তু সেগুলোর অধিকাংশ সংরক্ষিত হয়নি।”

একাত্তরের স্মৃতি প্রসঙ্গে কামরুদ্দীন আবসার বলেন, “মহল্লার মুরাদ ভাইরা যখন যুদ্ধে যাচ্ছেন শুনলাম, তখন আমি তাঁদের সঙ্গে দেখা করে যুদ্ধে যাওয়ার আগ্রহ প্রকাশ করি। তারা বললেন, এই তুমি চোখে দেখতে পাও না, তুমি কীভাবে যুদ্ধে যাবা? তুমি তো যুদ্ধে গেলে গুলি দেখতে পাবা না। এখানে আমাদের লোকজন দরকার হবে। তুমি এখানে থেকেই ভালো সাহায্য করতে পারবা। পরে চিঠিপত্র নিয়ে এদিক-সেদিক যেতাম।

কমিউনিস্ট পার্টির নেতাদেরসহ আমাদের পরিচিত অনেকের চিঠি এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেতাম। মাঝেমধ্যে পাকিস্তানি সেনাদের হাতেও পড়েছি। তারা আমার চশমা খুলে নিয়ে নিজেরা চোখে দিত। বলত, এটা দিয়ে তো কিছু দেখা যায় না। আমি বলতাম, এটা জাদুর চশমা, তোমরা দেখতে পাবে না। ছোটবেলা থেকেই পাঞ্জাবি পরতাম আর বেশ লম্বা-চওড়া ছিলাম। উর্দুতে বেশ কথা বলতে পারতাম। তাই সহজেই তাদের চোখে ধুলো দিতে পারতাম।

ঢাকার নিম্নবিত্তরা অধিকাংশই একাত্তরে এক ধরনের নিস্তরঙ্গ জীবন কাটিয়েছে। আমরাও সেভাবেই একাত্তর পার করেছি। অপেক্ষা করতাম কখন দেশ স্বাধীন হবে। মাঝামাঝি অবধি কিছু কাজে ঢাকার বাইরেও গিয়েছি। কিন্তু যুদ্ধের শেষদিকে মহল্লার বাইরে দূরে কোথাও যেতাম না।”

তিনি আরও জানান, “যুদ্ধের সময় চিঠিপত্র সরবরাহের কাজ করতাম আমি। এরকমই এক কাজের অংশ হিসেবে একবার গিয়েছিলাম শিবপুরে। সেখানে কমিউনিস্টরা স্বনির্ভর ঘাঁটি গড়েছিল। মান্নান ভূঁইয়া ছিলেন এই বাহিনীর প্রধান। আমাদের মহল্লার অনেকেই ওই ক্যাম্প থেকে যুদ্ধ করেছে।

তো, শিবপুরের শহীদ আসাদ কলেজের ক্যাম্পে গিয়ে দেখলাম একটা গিটার রাখা। আমি জিজ্ঞেস করলাম, এখানে আবার গান গায় কে! একজন বললেন, তা বলা যাবে, যদি আপনি একটা গান করেন আগে। আমি গাইলাম, গাওয়ার সময় তাঁদের মধ্যে একজন এসে গিটার হাতে তুলে নিয়ে বাজানো শুরু করলেন। পেয়ে গেলাম গিটার বাদককে; শুনলাম তারা মুখে মুখে গান বাঁধেন। ‘মুক্তির গান’ সিনেমায় তারেক মাসুদ এই অংশটিকে কিছুটা ধরার চেষ্টা করেছিলেন। এরকম কাজ নিশ্চয়ই বিভিন্ন জায়গায় হয়েছে।”

বিখ্যাত গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের গান এদেশে জনপ্রিয় করার ক্ষেত্রে কামরুদ্দীন আবসারের অবদানটা বিশেষ। বেশ কিছুদিন তাঁর সাহচর্যও পেয়েছিলেন। শাহরিয়ার কবিরের বাসায় বৈচিত্র্যপূর্ণ গানের বিশাল সংগ্রহ ছিল। তিনিই প্রথম হেমাঙ্গ বিশ্বাসের গানগুলো শুনে সেগুলো রপ্ত করতে কামরুদ্দীন আবসারকে উৎসাহিত করেন। হেমাঙ্গ বিশ্বাসের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, “তিনি দেশাত্মবোধক গান ও গণসংগীতের মধ্যেকার পার্থক্যরেখা আমাকে চিনিয়েছিলেন। তাঁর লেখা দুটি বই এখানে পাওয়া যায়—‘উজান গাঙ বাইয়া’ আর ‘গানের বাহিরানা’।

এসব বইয়ে তিনি গণসংগীত, জীবন, মানুষ, মুক্তি সম্পর্কে অনেক কিছুই লিখেছেন, ইতিহাসও আছে। তাঁর চিন্তার সঙ্গে আমার চিন্তার মিল অনেক। তাঁর মতে, দেশাত্মবোধক গান হলো সেগুলো যাতে দেশকে ভালোবাসার কথা থাকে, বিদেশি আক্রমণকারীদের বিরোধিতা থাকে। গণসংগীতেও বিদেশি আক্রমণকারী অর্থাৎ সাম্রাজ্যবাদীদের বিরোধিতা থাকে। বাড়তি যেটা থাকে সেটা হলো শোষণমুক্তির চেতনা, শ্রেণিহীন সমাজের বাসনা। যদি শোষণমুক্তির চেতনা না থাকে, যদি মানুষ ও তাঁর লড়াই না থাকে, যদি সাম্রাজ্যবাদ বিরোধিতা না থাকে, তাহলে সেটা গণসংগীত হয় না। তাঁর এই চিন্তা-চেতনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত।... হেমাঙ্গ বিশ্বাস আকার-আকৃতিতে ছোট মানুষ ছিলেন, কিন্তু তাঁর কাজের দিক থেকে বিবেচনা করলে তিনি ভারতবর্ষের সবচেয়ে বড় সংগীতসাধকদের একজন। লোকসংগীতের ওপর তাঁর অসম্ভব দখল ছিল। মানবমুক্তির চেতনাকে তিনি তাঁর সব গানেই জীবন্ত রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন।”

গণসংগীতের জন্য কামরুদ্দীন আবসারকে গ্রেপ্তার, কারাবরণ, দৈহিক নির্যাতনের শিকার—সবই সইতে হয়েছে। ১৯৭৪ সালে প্রথম ১৭ মার্চ শেখ মুজিবের জন্মদিন উদযাপনের সময় ‘ঘরে ঘরে অনাহারে, মানুষ মরে অনাদরে, কেউ তো দেখে না, হ্যাপি বার্থডে বঙ্গবন্ধু! হ্যাপি বার্থডে বঙ্গবন্ধু!’ শীর্ষক প্যারোডি গান গেয়ে পুলিশের হাতে ধৃত হন।

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ‘আজব দেশের আজব লীলা’ গানে এরশাদকে তাচ্ছিল্য করে ‘মেশিনগানে কাব্য লেখে তোমরা কি ভাই হুনছনি’ গেয়ে টিএসসির মঞ্চ থেকে নামামাত্রই গ্রেপ্তারের শিকার হন।

লেখক শিবিরের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পর কিছুদিন ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত ‘সৃজন’ ও ‘গণসাংস্কৃতিক কেন্দ্র’ গড়ে উঠলে সেখানে দায়িত্ব পালন করেন। গানের টিউশনি করেই এ সময় ভরণ-পোষণ করতেন কামরুদ্দীন আবসার। প্রতিদিনের ধরাবাঁধা কাজ হওয়ায় তাতে নানা অসুবিধেও হতো। বিভিন্ন প্রোগ্রামে ঠিকমতো যেতে পারতেন না।

ডাক্তারদার পরামর্শে এ পর্যায়ে বিয়ে করে ফেললেন। বউয়ের একটা চাকরি আছে বটে। তবু কিছু তো করা লাগে, নইলে চলে না। মাথায় একটা আইডিয়া এলো। পল্টনে বাসস অফিসে ঢোকার গলির মুখে একটা দোকান দেওয়ার কথা ভাবলেন। অনুমতিও পেলেন। ফুটপাত থেকে কিনলেন একটি কাঠের আলমারি। বাংলাবাজার থেকে বইপত্র সংগ্রহ করে আলমারিতে এনে রাখতেন। ওই দোকানকে বলা হতো ‘সৌদি আরবের দোকান’। সৌদি আরবে কঠোর শাস্তির বিধান থাকায় চুরি হয় না, এজন্য সেখানে খোলা দোকান রেখে যেদিক ইচ্ছা ঘোরাঘুরি করা যায়। কামরুদ্দীন আবসারের দোকানও ছিল সেরকম। যার ইচ্ছা বই নিতে পারত এবং বাক্সের মধ্যে টাকা রেখে যেত। চুরি হয় কি না পরীক্ষা করার জন্য সহযোদ্ধারা বই নিতে গিয়ে হকারদের কাছে ধরা পড়েছেন।

স্থানীয় হকাররা সবাই কামরুদ্দীন আবসারকে চিনতেন। তিনি ছিলেন তাঁদের পরম ভালোবাসার মানুষ। গানই শ্রমজীবী মানুষদের তাঁর বন্ধু করেছিল। ‘দীপ্র প্রকাশনী’ নামে একটি প্রকাশনা সংস্থা করার কাজও কিছুটা এগিয়েছিলেন এ সময়। সেখান থেকে কয়েকটি বইও প্রকাশ হয়েছিল।

নিজের করা তাঁর সবচেয়ে প্রিয় গানের মধ্যে রয়েছে—‘আমি কোনো ভালোবাসার গল্প বলিনি, যেটুকু বলেছি সবটুকু যুদ্ধের, দিনরাত্রি জীবনভর, মানুষের সাথে মানুষের, যেটুকু বলেছি সবটুকু যুদ্ধের’। নিজের সুর দেওয়া গানগুলোর মধ্যে ভালোবাসতেন ‘চল রে ভাই উজান বেয়ে ধাই’ গানটি। নিজের লেখা গান তেমন বেশি নয় কামরুদ্দীন আবসারের। যা লিখেছেন তা সংরক্ষণও করা যায়নি অধিকাংশ। অসুস্থ হওয়ার পর তো আরও গেছে। তবে তাঁর সুর করা গান অনেক। রাজনীতিরও ভূমিকা আছে এখানে।

তিনি বলেন, “লেখক শিবির করার সময় বুঝেছিলাম, নেতারা চায় না আমরা নতুন গান লিখি। আমি যখন নতুন কোনো গানে সুর দিতাম, তারা এটা-ওটা ভুল ধরতেন। একদিন করলাম কী—একটা গানে সুর দিয়ে বললাম, এটা সলিল চৌধুরীর গান। কয়েকজন শুনে বললেন, ‘বাহ, কী চমৎকার!’ এই ছিল অবস্থা। এজন্য লেখক শিবিরের আমলে নতুন গান হয়নি। তারা যেরকম বই-পত্রিকার দিকে ঝুঁকেছিল, তার সিকি পরিমাণও গান, ক্যাসেট, সিডির দিকে ঢোকেনি। অথচ এটাও কিন্তু বিরাট এক মাধ্যম। আমার ‘মে দিবসের গান’ ক্যাসেটটিতে যদিও লেখক শিবিরের নাম লেখা আছে, কিন্তু ওই ক্যাসেটে আসলে তাদের কোনো অবদান নেই। তারা কোনো আগ্রহও দেখায়নি।

এক ছুটির দিনে ফার্মগেটের ঝংকার স্টুডিওতে অনেক কম খরচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করে ১৩টি গান রেকর্ড করলাম। মানের দিক থেকে তেমন কিছু হওয়ার কথা নয়, এক দিনে ১৩টা! ব্যয় যাতে কম হয় সেটাই ছিল লক্ষ্য। লেখক শিবিরের কেউ রেকর্ডিংয়ের সময় এলো না। পরে তারা এর প্রচারের দায়িত্বও নেয়নি। টাকা এসেছিল লেখক শিবিরের সদস্য কাজী মোমেনের বন্ধু রফিক ভাইয়ের কাছ থেকে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আমি অনেক গানে সুর করেছিলাম। কিন্তু তাঁর মধ্যে দু’একটা বাদে কোনো গণসংগীত ছিল না। অধিকাংশই ছিল প্যারোডি—পুরনো গানের সুরে নতুন কথা বসিয়ে দেওয়া, কোথাও কিছু শব্দ বদলে দেওয়া, এরকম আর কী। হেমাঙ্গ বিশ্বাসের একটা গান ছিল ‘আজব দেশের আজব লীলা’, ওটাকে আমি এরশাদের বিরুদ্ধে লাগালাম। গানটা হয়ে গেল এরকম—‘আজব দেশের আজব লীলা, কোনোদিন কি হুনছনি, স্বজনী/ মেশিনগানে কাব্য লেখে, খবর জানোনি/ আরে বাংলাদেশের সিংহাসনে, বসেন মেশিনগান/ ক্ষণে পরে উর্দি, ক্ষণে পরে.../ মরি হায় হায়, হায় হায়’। আরেকটা গান ছিল এরকম—‘এক দফা এক দাবি, ও রাজা তুই কবে যাবি’।

প্যারোডি কত করেছি আর কত লিখেছি তা আমি নিজেও গুণে শেষ করতে পারব না। এ ছাড়া অনেক ছড়ায় আমি সুর দিয়েছি—সুকুমার রায়, শামসুর রাহমান, রিটনসহ অনেকের ছড়ায় আমি সুর বসিয়েছি। একটা ছড়ার গানের ক্যাসেট করার ইচ্ছে ছিল। কিন্তু অসুস্থতার পর তো আর কিছুই হলো না।”

২০১১ সালে কামরুদ্দীন আবসার ব্রেইন স্ট্রোকের শিকার হন। মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে ডাক্তাররা অপারেশন করেন। কিন্তু এর মধ্য দিয়ে শরীরের বাঁ পাশটা অচল হয়ে যায়। তখন অপারেশন হয়েছিল ঢাকার সেন্ট্রাল হাসপাতালে। এরপর দীর্ঘদিন ছিলেন পক্ষাঘাতগ্রস্তদের সহযোগিতার প্রতিষ্ঠান সিআরপির তত্ত্বাবধানে। এই অসুস্থতা তাঁকে অনেকখানি সীমাবদ্ধ করে ফেলে। অসুস্থতা থেকে বেরিয়ে আসার সুযোগ ছিল, কিন্তু যথাযথ তত্ত্বাবধানের অভাব তাঁকে আটকে ফেলেছিল চার দেয়ালের মধ্যে।

কখনো-সখনো হাজির হতেন প্রতিবাদী কোনো অনুষ্ঠানে। তবে মনোবলের দিক থেকে ছিলেন যথেষ্ট শক্তিশালী। ২০১৬ সালে আত্মজৈবনিক সাক্ষাৎকার প্রদানকালে বলেন, “মৃত্যু নিয়ে আমি কখনো ভাবি না। এটা স্বাভাবিক নিয়মেই আসবে। আমার যা কাজ তা করে যেতে হবে। মৃত্যু নিয়ে ভাবনার কিছু নেই।... জীবনের এই শেষ পর্যায়ে এসে বলতে পারি, আমি তো অত তত্ত্ব বুঝি না, তাই সঠিক পথ বা ভুল পথ অনেক ক্ষেত্রেই নির্ণয় করতে পারিনি। কিন্তু মেহনতি মানুষের পক্ষে থাকার চেষ্টা করেছি সারাজীবন। মেহনতি জনগণের শোষণমুক্তির সংগ্রামে যেখানে যা সুযোগ পেয়েছি করার চেষ্টা করেছি। শ্রেণিহীন সমাজের স্বপ্নটা ত্যাগ করিনি। একদিন সেই সমাজ আসবেই। সেজন্য কাজ করে যেতে হবে। নব্বইয়ে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, তখন অনেক বন্ধুবান্ধব ঠাট্টা করত। বলত—সারাজীবন তো ব্যয় করে ফেলছিস, ওসব লাল পতাকা, মার্কসবাদে কিছু হবে না। আমাদের পথে আয়। তখন আমি এ নিয়ে আমার মনোভাব ব্যক্ত করলাম একটা গানে—‘কারা বলছো সামনের পথ অন্ধকার?/ পৃথিবীর বুকে সূর্যটাকে টান টান করে বেঁধে, আমরা পথ হাঁটি/ তোমরা যদি বলো, মাথা নিচু করে বাঁচা যায়/ আমি মানবো না/ আমি মানবো না’। এই আদর্শ বাস্তবায়ন করতে আজীবন লেগে থাকার নীতিতেই রয়েছি।”

৩০ মে ২০২৬ জীবনাবসান ঘটেছে শিল্পী কামরুদ্দীন আবসারের। তাঁর মৃত্যু হয়তো বর্তমান সামাজিক পরিসরে বিরাট কোনো আলোড়ন তোলেনি, কারণ আত্মপ্রতিষ্ঠার জন্য, আত্মপ্রচারের জন্য একটুও সময় ব্যয় করেননি তিনি।

সাক্ষাৎকার নিতে গেলে বলেন, “আসলে তো আমি কোনো শিল্পী নই। আমি যদি শিল্পী হতাম, তাহলে একটা ব্যাপার ছিল। আমি রাজনৈতিক কর্মী, গণমানুষের মুক্তির সৈনিক হিসেবেই নিজের পরিচয় দিই। গান আমার রাজনৈতিক কাজের একটা হাতিয়ার মাত্র। গান গাওয়া ছাড়াও আমি আর সব রাজনৈতিক কর্মীর মতোই কাজ করেছি। নিজে শিল্পী হওয়ার জন্য কখনো প্রতিযোগিতায় নামিনি। তাই নিজের কথা বলে যেভাবে অন্যরা সাক্ষাৎকার দেয়, সেভাবে আমি কখনো দিইনি। আমি এসব পারি না। এমনকি ওই যে বলে অটোগ্রাফ, ওটাও দিতে পারতাম না। কেউ এসে খাতা-কলম বাড়িয়ে দিলে শুধু লিখে দিতাম—আমরা করব জয় একদিন!”

স্বাভাবিকভাবেই তাই মিডিয়াও তাঁর খবর রাখেনি, সুধীসমাজ তাঁকে চেনেনি। কিন্তু ঠিকই তাঁকে চেনে শ্রমজীবী সেই রিকশাওয়ালারা, যাদের মেসে গিয়ে তিনি দিন কাটাতেন, আবার তাদের গানও শেখাতেন। সেই কৃষকেরা তাঁকে চেনে, যাদের বঞ্চনা তাঁর কণ্ঠে অগ্নি হয়ে ঝরত।

তাঁকে চেনে বিশ্বের মুক্তিকামী মানুষেরা, যাদের জন্য তিনি শুধু গানই করেননি, উৎসর্গ করে দিয়েছেন নিজেকেই। কামরুদ্দীন আবসার একজন মানুষের মতো মানুষ হয়ে জীবন যাপন করেছেন, উদাহরণ সৃষ্টি করে গেছেন সমাজের সবার জন্য।

_________

*আনিস রায়হান: লেখক ও গবেষক 

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: