বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ভোট: ‘ভূমিধস’ জয় বিএনপির
ছবি: বিএনপির সৌজন্যে
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পর্যবেক্ষণে উঠে এসেছে যে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘ মেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী ‘নতুন বাংলাদেশে’ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন আন্তর্জাতিক সব প্রভাবশালী গণমাধ্যমের প্রধান শিরোনাম। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়কে বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো ‘ভূমিধস বিজয়’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে একাধিক প্রতিবেদনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পর্যবেক্ষণে উঠে এসেছে যে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘ মেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
উৎসবের ভোট ও ‘ঈদের আমেজ’
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়া নিয়ে ছিল ঈদের আমেজ। বিশেষ করে তরুণ ভোটারদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৮ সালের পর এই প্রথম অনেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ভোটারদের স্বপ্ন—একটি নতুন সরকার দেশে টেকসই গণতন্ত্র ও নিরাপত্তা নিশ্চিত করবে।
নিরাপত্তা ও শান্তি
তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, মাত্র দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশের পরিবেশ ছিল অভাবনীয়ভাবে শান্ত। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ১০ লাখ নিরাপত্তা কর্মীর সক্রিয় ভূমিকার কথাও তারা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে।
শীর্ষ গণমাধ্যমের নজর
লন্ডনভিত্তিক বিবিসি, আমেরিকার সিএনএন এবং বার্তা সংস্থা এপি তাদের সংবাদে বিএনপির এই জয়কে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, দুই শতাধিক আসনে জয়লাভের মধ্য দিয়ে বিএনপি একক শক্তিতে রাষ্ট্রক্ষমতায় ফিরছে।
এসব প্রতিবেদনে নির্বাসন থেকে তারেক রহমানের রাজনৈতিক উত্থান এবং রাষ্ট্রক্ষমতার নেতৃত্বে তার আসীন হওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে।
প্রতিবেশী দেশ ও জাতিসংঘের প্রতিক্রিয়া
ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি বিএনপির এই সাফল্যকে ‘বিশাল জয়’ হিসেবে আখ্যা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পর্যবেক্ষক দল সরাসরি না এলেও দেশি-বিদেশি সংবাদকর্মীরা মাঠের সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেছেন।
অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম ডন তারেক রহমানকে জয়ী ঘোষণা করে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের এনডিটিভি তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই জাতিসংঘ এই নির্বাচনকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



