যত দেখি শুভেন্দুর ফুটা মস্তানি

দুয়েন্দে চাকমা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৪:২১পরিবর্তন করতে ক্লিক করুন
 যত দেখি শুভেন্দুর ফুটা মস্তানি
শেয়ার করুন:

পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর ভূমিকা, নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাস থেকে বর্তমান প্রশাসনিক পদক্ষেপ—যাদবপুর বিতর্ক, গুণ্ডাদমন আইন এবং বুলডোজার রাজনীতির প্রভাব নিয়ে একটি বিস্তারিত রাজনৈতিক বিশ্লেষণ

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত (?) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিন দিন নিজেকে পাড়ার মস্তান হিসেবে প্রতিপন্ন করছেন। কখনও সাবেক মুখ্যমন্ত্রীকে ঘরবন্দি রাখার নিদান দিচ্ছেন তো কখনো আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার বাম ছাত্র সংগঠনকে নির্মূল করে হিন্দুত্ববাদী ছাত্ররাজ চালু করার হুঙ্কার ছাড়ছেন। তাঁর মাস্তানি থেকে বাদ পড়ছেন না ফুটপাতবাসীও। গোটা রাজ্যটাকে তিনি তাঁর পৈতৃক ভিটা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের কোনো কানাগলি বলে মনে করেছেন। আর তাঁর আচরণ সেই কানাগলির ফুটা মস্তানের মতোই।


রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফুটপাতের এক মহিলার কাছে গিয়ে রীতিমতো শাসিয়েছিলেন, ওই মহিলার অপরাধ ছিল তিনি তাঁর শিশু সন্তানের জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন। ফুটপাতে কেন দুধ গরম করা হবে, ফুটপাত কি বসবাসের জায়গা, ফুটপাতে গরিব মানুষকে বাস করতে দেখলে বিজাতীয় পুঁজিপতিরা নাকি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে না— এসব কথা বলে তিনি রীতিমতো রে রে করে তেড়ে গিয়েছিলেন। তাঁর আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়েছিল পশ্চিমবঙ্গের সংবেদনশীল গণমানুষ থেকে নাগরিক সমাজ। আর অগ্নিমিত্রার সেই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দেখা গেল, ফুটপাতের ওই মহিলাকে নবান্নে ডেকে একপ্রকার হুঙ্কারের সুরেই বর্তমান রাজ্য সরকারের প্রতি সমর্থন আদায় করতে। এমনকী তিনি একপ্রকার জোর করেই ওই মহিলার মুখ দিয়ে বলালেন যে তাঁর ফুটপাতবাসের নিয়তির দায় বিদায় নেওয়া তৃণমূল সরকারের। পরে ওই মহিলা আবার সংবাদমাধ্যমের সামনে একপ্রকার জানিয়েই দিলেন যে তাঁকে জোর করা হয়েছিল। অবশ্য তাঁকে যে হুঙ্কার দেওয়া হয়েছে, সেটাও গণমাধ্যমের সামনেই।


একজন মুখ্যমন্ত্রী যে এই ভাষায় কথা বলতে পারেন, রাজ্য সরকারের সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির আচরণ যে এই প্রকার হতে পারে, তা শুভেন্দুকে না দেখলে উপমহাদেশের কেউ কল্পনাও করতে পারতেন না। উপমহাদেশ এর আগে কেন্দ্রীয় কিংবা প্রাদেশিক ক্ষমতায় থাকা প্রভূত স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের প্রত্যক্ষ করেছে। তা সে আয়ুব খান বা ইয়াহিয়া খানই হোক কিংবা ইন্দিরা গান্ধী কিংবা সিদ্ধার্থশঙ্কর রায় কিংবা শেখ হাসিনা— কিন্তু অতীতে কারও আচরণই আজকের ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো নয়। নরেন্দ্র মোদির নানাবিধ মিথ্যা, বানোয়াট বক্তব্য বা ভাঁড়ামি ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের নজির থাকলেও দিল্লির অমিত শাহকে নানা সময় সরাসরি মস্তানের ভাষায় কথা বলতে দেখা গিয়েছে। মোদির হয়ে ভারতীয় রাজনীতিতে গুণ্ডামি ও অপরাধমনস্ক কার্যকলাপের হোতা এই অমিত শাহই।

আর তাঁরই পদাঙ্ক অনুসরণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতীতে পশ্চিমবঙ্গের আগের দুই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরোধী রাজনৈতিক নেতৃবর্গের প্রতি নানা প্রতিহিংসামূলক আচরণ করেছেন কিন্তু সেসব কোনোটাই রুচি ও সৌজন্যের সম্পূর্ণ সীমানা লঙ্ঘন করে গুণ্ডামির আচরণে পর্যবসিত হয়নি। আর এখন রীতিমতো অপরাধীদের ভাষা ও সংস্কৃতির চর্চা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। নেতৃত্বে স্বয়ং বর্তমান মুখ্যমন্ত্রী।


‘দুধেল গাই’ কিংবা ‘শুক্রবারী’


বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার আগে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার এবং অতীতের বামফ্রন্ট ও কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ এনে হিন্দুত্ববাদী পালে হাওয়া তোলার চেষ্টা করেছিল। স্বীকার করতে অসুবিধা নেই যে আরএসএস-বিজেপির লাগাতার রাজনৈতিক ও সাংস্কৃতিক তৎপরতা ও গোদি মিডিয়ার গোয়েবলসীয় প্রচারে সেই চেষ্টা কিছুটা হলেও সার্থক করে তুলতে পেরেছে তামাম হিন্দুত্ববাদী শিবির। কিন্তু তখন থেকেই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ প্রমুখ বিজেপি নেতা সংখ্যালঘু মুসলিমদের হেয় করার জন্য এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যা রীতিমতো বর্ণবাদী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক।

এমনকী এমন শব্দবন্ধ সমাজের লুম্পেন অংশের মুখেই শোভা পায়। পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে রাজ্যের তিরিশ শতাংশ বাঙালি-অবাঙালি নির্বিশেষে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তথাকথিত সেক্যুলাররা নাকি তোষণ করে, এই যুক্তি সাজিয়ে সংখ্যালঘুদের ‘দুধেল গাই’ আখ্যা দিয়েছিলেন শুভেন্দুরা। দুধেল গাই, অর্থাৎ যে গরু বেশি দুধ দেয়। মুসলিমরাই নাকি তথাকথিত সেক্যুলারদের বারবার ক্ষমতায় বসিয়েছে এ রাজ্যে তাই তাঁদের ভোট দুধের মতো, আর তাই তাঁরা নাকি তৃণমূলের বা অতীতের বামফ্রন্ট ও কংগ্রেসের ‘দুধেল গাই’। এখানেই শেষ নয় রাজ্যে ক্ষমতায় এসেই বাঙালি মুসলিমদের ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ হিসাবে চিহ্নিত করে কেন্দ্রের সাহায্যে তাঁদের বাংলাদেশে পুশব্যাক করার মতো আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক নীতিমালা বিরোধী জাতিবিদ্বেষী কর্মকাণ্ড চালাতে দেখা গিয়েছে শুভেন্দুর।

আর এরপর অসাম্প্রদায়িক রাজনীতিকে দুরমুশ করতে রাজ্যে নয়া আমদানি ‘শুক্রবারী’ শব্দ। দিল্লির যন্তরমন্তরের ছাত্র-জনতার আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই কলকাতায় লাখো ছাত্রজনতার মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে গোদি মিডিয়ার (ক্ষমতাবানদের দালালি করা গণমাধ্যম) বেশ কিছু সাংবাদিকদের উস্কানির ফাঁদে পা দিয়ে কিছু ছাত্র তাঁদের প্রতি বিষোদগার করলে সেটাকেই প্রচার করা হয় গণমাধ্যম ও পুলিশের ওপর ‘হামলা’ হিসাবে। এক্ষেত্রে বেছে বেছে ১৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন বাদে বাকি প্রত্যেকেই ছিলেন মুসলিম। ওঁদের গ্রেফতার করার আগেই শুভেন্দুকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বলতে শোনা যায়, “যারা সাংবাদিক ও পুলিশের ওপর হামলা করেছে, তারা প্রত্যেকেই শুক্রবারী। ওদের কাউকে ছাড়ব না।

গুণ্ডাদমন আইনে এমন ব্যবস্থা করব যাতে ওদের তিন প্রজন্ম অবধি মনে রাখতে পারে।” উল্লেখ্য, ওই মিছিল অনুষ্ঠিত হয়েছিল শুক্রবার বা জুম্মাবারে। শুভেন্দুর দাবি ছিল, শুক্রবারে নমাজে অংশ নিয়ে নমাজিরাই সাংবাদিক ও পুলিশের উপর হামলা চালিয়েছে। ‘শুক্রবারী’ শব্দটি উঠে এসেছিল মুসলিম সম্প্রদায়কে বোঝাতে। শুধু তাই নয় গ্রেফতার করার আগেই মুখ্যমন্ত্রী বলে দিলেন গুণ্ডাদমন আইন বলবত হবে। এক্ষেত্রে আরও উল্লেখযোগ্য বিষয়, পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতায় এসেই একটি আইন পাস করেছে। সেটি হলো ‘গুণ্ডাদমন আইন’। এই আইনে কাউকে গ্রেফতার করা হলে তাঁদের এক বছর অবধি বিনা বিচারে হাজতবাস করতে হবে। ধৃতদের বিরুদ্ধে কোনো আইনজীবীও আদালতে সওয়াল করতে পারবেন না। ব্রিটিশ জমানার রাওলাট আইনের মতোই খতরনাক এই আইন। স্বাধীনতা সংগ্রামীদের দমনপীড়নের লক্ষ্যে রাওলাট আইন চালু হয়েছিল ভারতবর্ষে।

স্বাধীন ভারতের দিল্লির সরকার ইউএপিএ আইন বা সন্ত্রাস দমন আইন সেই ঔপনিবেশিক আইনের প্রায় অনুকরণেই লাগু করে। কিন্তু এবার পশ্চিমবঙ্গের ‘গুণ্ডাদমন আইন’ ইউএপিএ আইনের থেকেও খতরনাক। যা আসলে রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার রাজনৈতিক গুণ্ডামি ছাড়া কিছুই নয়। অর্থাৎ ক্ষমতাসীনের গুণ্ডাগার্দি করার আইনকেই হাস্যকরভাবে নাম দেওয়া হয়েছে ‘গুণ্ডাদমন আইন’। তো এই আইনে গ্রেফতারের কথা বললেন শুভেন্দু। কিন্তু দেখা গেল ধৃতদের বিরুদ্ধে ওই আইন লাগু করতে পারেনি রাজ্য সরকার। কারণ আইনসভায় আইন পাস হলে তা উচ্চ আদালতের দ্বারা গেজেট হিসাবে প্রকাশ হলে তবেই তা বলবতযোগ্য আইনের চেহারা নেয়।

গুণ্ডাদমন আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করলে আদালত সূত্রে এই সত্য সামনে আসে যে গেজেট প্রকাশ না হওয়ায় গুণ্ডাদমন আইন কার্যকর হয়নি। ফলতঃ গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করতে পারেনি রাজ্য সরকার। যার জেরে তাঁরা প্রত্যেকেই জামিন পেয়ে যান। এবং প্রমাণিত হয় শুভেন্দু আসলেই একটি ফুটা মাস্তান। কারণ একজন মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী হিসাবে তিনি এটাও জানতেন না যে এখনও অবধি গুণ্ডাদমন আইন বলবতযোগ্যই হয়ে ওঠেনি।


বুলডোজার সংস্কৃতি ও ফেক এনকাউন্টার


উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বে যবে থেকে বিজেপি সরকার ক্ষমতায় বসেছে, তবে থেকেই দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দল সমাজবাদী পার্টি ও কংগ্রেসের নেতা-কর্মীদের নানাভাবে হেনস্তা করতে। আর মুসলিম হলে তো কথাই নেই। বিরোধী কণ্ঠস্বর দমন করা থেকে শুরু করে সাধারণ মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মতো প্রকৃতপক্ষে ফ্যাসিস্ট কর্মসূচি প্রণয়ন করেন যোগী। যোগীর যুক্তি, সমাজের দাগি ব্যক্তিদের গণবিচ্ছিন্ন করা এবং সন্ত্রাসী কার্যকলাপ থেকে উত্তরপ্রদেশকে মুক্ত করাই তাঁর লক্ষ্য।

কিন্তু আদতে তিনি এই কাজ করেন উত্তরপ্রদেশের মুসলিম জনগোষ্ঠীকে সন্ত্রস্ত করতেই। শুধু তাই নয়, নানা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ফেক এনকাউন্টারের মাধ্যমে হত্যাযজ্ঞও চালিয়েছে ইউপি সরকার। যার জেরে প্রশ্ন ওঠে, একজন অভিযুক্তের আইন প্রক্রিয়ায় বিচার না করে তাঁর এনকাউন্টার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কীভাবে সম্ভব!! কিন্তু এইসকল প্রশ্নের মাঝেই সম্প্রীতি ও সহাবস্থানের ক্ষেত্র বলে পরিচিত পশ্চিমবঙ্গে আড়াই লক্ষ আধাসামরিক সেনা কর্মী, পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, আরএসএস ক্যাডার এবং বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরাট অংশের কর্মীবাহিনীকে নিয়োগ করে ভোট লুঠের মাধ্যমে রাজ্যের শাসন ক্ষমতা দখল করে বিজেপি।

আর এই ক্ষমতাদখলের সঙ্গে সঙ্গে বদলে যায় রাজ্যের সামাজিক ভারসাম্য ও সহাবস্থানের ছবি। প্রথমে কলকাতার নানা সংখ্যালঘু এলাকায় তড়িঘড়ি বুলডোজার নিয়ে হানা দেয় বিজেপির গুণ্ডা বাহিনী। অবৈধ নির্মাণের অভিযোগ খাটিয়ে তপসিয়ায় ভাঙা হয় মানুষের ঘরবাড়ি ও রুটিরুজির জায়গা। এরপর হিন্দু-মুসলিম নির্বিশেষে রেল হকারদের জীবনজীবিকায় বুলডোজার চালানো শুরু হয়। নানা অংশের বাম-গণতান্ত্রিক সংগঠনের আন্দোলন ও আইনি পদক্ষেপে কিছুটা পিছু হটতে বাধ্য হয় শুভেন্দুর রাজ্য সরকার। আর তারপরেই ঘটে বারুইপুরে সংখ্যালঘু কিশোরীর গণধর্ষণকাণ্ড। অভিযুক্ত হয় এক বিজেপি নেতা। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত আরেক ব্যক্তি সংবাদমাধ্যমের সামনেই গোটা ঘটনার কথা ফাঁস করে দিতে শুরু করেন। আর তার জেরে কোনো এক ভোরে তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণে নিয়ে ওই ব্যক্তিকে এনকাউন্টারে খুন করে রাজ্য পুলিশ।

পরিষ্কার হয়ে যায়, অভিযুক্ত বিজেপি নেতাকে বাঁচাতে এবং গেরুয়া শিবিরের সঙ্গে সুন্দরবন অঞ্চলের নারী পাচারচক্রের যোগসাজশকে আড়াল করতেই এনকাউন্টারের ঘটনা। অন্যদিকে এই অবৈধ এনকাউন্টারকে জায়েজ করতে সামাজিক মাধ্যমে আরএসএস-বিজেপির ভক্তমণ্ডলী শুরু করে উত্তরপ্রদেশের ধাঁচে গৈরিক প্রোপাগান্ডা। বলা হয়, ধর্ষণের ঘটনায় যুক্ত থাকা ধৃত ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনা পুলিশ ও প্রশাসনের বিরাট কৃতিত্ব। রাজসাক্ষী খুন হয়ে যাওয়ায় ধামাচাপা পড়ে সেই গণধর্ষণের ঘটনা। গোটা ঘটনাটাই ঘটে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দুর নির্দেশে।


যাদবপুরের আকাশে ড্রোন ওড়ানোর হুঙ্কার


সকল প্রকার বামপন্থীদের ঘাঁটি যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে চেয়ে আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির হামলা সম্প্রতি পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট তৎপরতা ও তার বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রজনতার ঐক্যের জেরে রাজ্য রাজনীতিতে নয়া মাত্রা যোগ হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলায় সরাসরি গেরুয়া বাহিনীকে লেলিয়ে দিতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে। তাঁর মন্তব্য ‘যাদবপুরে রাতভর তাণ্ডব চলবে’র জেরেই হামলা চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর তারপর থেকেই যাদবপুর নয়া টার্গেট গেরুয়া ফ্যাসিস্টদের। তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন লেনিন মূর্তি ভাঙতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাদের মিডিয়া প্রচার চালাচ্ছে, যাদবপুর লাল সন্ত্রাসীদের ঘাঁটি। এই পরিস্থিতিতেই সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুরে দশ হাজার কণ্ঠে ‘বন্দেমাতরম’ গাওয়ার কর্মসূচী নেন।

সেই কর্মসূচিতে দেখা যায় সর্বোচ্চ ৫০০ জন অংশ নিয়েছেন। আর এর জেরে অভিমানী শুভেন্দুকে বলতে শোনা যায়, “যাদবপুরে আজাদি স্লোগান চলবে না। দেশবিরোধী কার্যকলাপ চলবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নকশাল আর মদ-গাঁজা-ফেনসিডিল-ব্রাউন সুগারের আখড়া থেকে মুক্ত করব। ক্যাম্পাসের মধ্যে ড্রোন নজরদারি চালাব।” প্রথমত, ক্ষুধা-বৈষম্য-অস্বাস্থ্য থেকে আজাদি চাওয়া স্লোগানকে বিজেপি ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তারা প্রমাণ করেছে তারা নিজেরাই বাংলা ও ভারত বিরোধী। দ্বিতীয়ত, ফ্যাসিবাদ ও পুঁজিবাদ বিরোধী স্লোগানকে গায়ের জোরে ‘দেশবিরোধী’ আখ্যা দেওয়াটা নিতান্তই গুণ্ডামি ছাড়া কিছু নয়। তৃতীয়ত, এই ক্যাম্পাসকে ‘নেশার আখড়া’ বলে প্রচার ভারতের সেরা মেধাতালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানের চরম অপমান, যা একজন মূর্খ ও লুম্পেনের পক্ষেই করা সম্ভব। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের ওপর রাষ্ট্রীয় নজরদারির বার্তা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকারের ওপর হুমকি। আর এই হুমকি ও ক্ষমতার অপব্যবহারই পূর্ব মেদিনীপুরের গুণ্ডার এখন চারিত্রিক বৈশিষ্ট্য।


শুভেন্দুর উত্থান


তো এহেন শুভেন্দুর উত্থান মূলত নন্দীগ্রাম আন্দোলনের জেরে। পূর্বতন বামফ্রন্ট সরকার ২০০৬-০৭ সালে সিঙ্গুর এবং নন্দীগ্রামে কৃষি জমি অধিগ্রহণ করে মোটরগাড়ি কারখানা ও কেমিক্যাল হাব গড়ার পরিকল্পনা করলে ফ্রন্টের বাইরে থাকা র‍্যাডিক্যাল লেফটরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে পরে যুক্ত হয় তৃণমূল কংগ্রেস। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশ গুলি চালালে ১৪ জন কৃষক শহীদ হন। তার আগেই ২০০৭ সালের জানুয়ারি মাসে নন্দীগ্রামে নকশালপন্থী, মাওবাদী, এসইউসি, কংগ্রেস ও জমিয়তে-উলেমায়ে-হিন্দের উদ্যোগে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ওই বছর জানুয়ারির ৩ তারিখে নন্দীগ্রামের একটি এতিমখানায় এই সংক্রান্ত মিটিং চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোন করে তাঁর দলকে ওই কমিটিতে যুক্ত করার অনুরোধ জানান। তিনি জানান, তাঁদের এক তরুণ কর্মীকে পাঠানো হচ্ছে, তাঁকে অনুগ্রহ করে যেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে রাখা হয়। মমতার অনুরোধ কেউই ফেলতে পারেননি।

শুভেন্দু তাঁর বাবা শিশির অধিকারীর হাত ধরে এতিমখানায় পৌঁছান। তৃণমূল কংগ্রেস যুক্ত হয় ওই আন্দোলনে। ক্রমে গোটা সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতৃত্বস্থানীয় জায়গায় চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা হন শুভেন্দু। জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। এরপর বামফ্রন্ট বিরোধী ব্যাপক আন্দোলনে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় বসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু হয়ে ওঠেন দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা। যে শুভেন্দুকে একদা নকশালপন্থী ও মাওবাদীরা সাহায্য করেছিল, সেই শুভেন্দুই রাজ্য ও কেন্দ্রীয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর মাধ্যমে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান ঘটান। শহিদ হন মাও নেতা কিষেণজী। ২০১৬ সালে নারদ স্টিং অপারেশনকে কেন্দ্র করে বৈদ্যুতিন গণমাধ্যমের সংবাদ প্রতিবেদনে শুভেন্দুকে মোটা অঙ্কের নগদ টাকা ঘুষ নিতে দেখা যায়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যাপকভাবে সরব হয় বিজেপি।

এরপর তৃণমূল কংগ্রেসে মমতার ভাইপো অভিষেকের গুরুত্ব বৃদ্ধি পায়। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর দুর্নীতির তদন্ত ও দলে অভিষেকের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব— এই দুই কারণে ২০২০ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু দলবদলের আগে বিজেপি ও হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শুভেন্দু যেসব বক্তব্য রেখেছিলেন, সেগুলো এখন যখন সামনে আসে, প্রবল লজ্জায় পড়ে বিজেপি। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও ক্ষমতার সমীকরণে বিজেপিকে চাপে রাখতে শুভেন্দু তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙিয়ে বি-টিম তৈরি রেখেছেন।

ত্রিপুরার বিপ্লব দেবকে যেভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছিল বিজেপি, তেমন যদি শুভেন্দুর ক্ষেত্রে ঘটে তাহলে তিনি দলভাঙা তৃণমূল নেতাদের নিয়ে তাঁর সরকার যাতে টিকিয়ে রাখতে পারেন, সেই চেষ্টা করছেন। কিন্তু প্রথমে বিজেপির হয়ে রাজ্যের বিরোধী দলনেতা ও পরে মুখ্যমন্ত্রী হয়ে তিনি জাতিবিদ্বেষ, সাম্প্রদায়িক উস্কানি ও রাজনৈতিক গুণ্ডামিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ছাপিয়ে গিয়েছেন। কিন্তু তাঁর ও তাঁর সরকারের জনপ্রিয়তা পশ্চিমবঙ্গে যে একশো দিন পার হতে না হতে তলানিতে এসে ঠেকেছে, এটা তাঁর মাথায় ঢুকছে না। ক্ষমতার দম্ভে ও রাজনৈতিক মস্তানিতে তিনি এখন মশগুল।


দুয়েন্দে চাকমা—পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার বাসিন্দা।

প্রাবন্ধিক, সাংবাদিক ও সমাজকর্মী।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: