পশ্চিমবঙ্গের নতুন ক্ষমতার মানচিত্র

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৪:০৮পরিবর্তন করতে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের নতুন ক্ষমতার মানচিত্র

পশ্চিমবঙ্গের নির্বাচিত মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছবি: ফেসবুক পেজ

শেয়ার করুন:

রাজনৈতিক প্রতিপক্ষের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করতে প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের প্রবণতা বাড়ছে। ফলে ‘দল রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে’ থেকে পরিস্থিতি ধীরে ধীরে ‘রাষ্ট্রই দল হয়ে উঠছে’—এমন বিশ্লেষণও সামনে আসছে।

ভারতের পশ্চিমবঙ্গের ২০২৬ সালের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়; এটি রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার কাঠামো এবং সামাজিক আধিপত্যের এক বড় রূপান্তরের ইঙ্গিত। বিজেপির ঐতিহাসিক ২০৭ আসনের জয়ের পর রাজ্যজুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তা আবারও প্রমাণ করেছে— পশ্চিমবঙ্গে নির্বাচন মানে কেবল ভোট নয়, বরং ক্ষমতার ভূখণ্ড পুনর্দখলের লড়াই।

 

৪ মে ফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ে। ৬ মে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পুলিশ ব্যাপক ধরপাকড় চালালেও সহিংসতা পুরোপুরি থামানো যায়নি। রাজনৈতিক দলগুলো এসব সহিংসতাকে ‘বদলার পাল্টা বদলা’ হিসেবে তুলে ধরলেও বাস্তবতা আরও গভীর।

 

ফ্রন্টলাইন ম্যাগাজিনের বিশ্লেষণে বলা হয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সহিংসতা নতুন কিছু নয়। দেশভাগ, খাদ্য আন্দোলন, নকশালবাড়ি, বাম আমল কিংবা তৃণমূল যুগ—প্রতিটি সময়েই রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে সহিংসতা ব্যবহৃত হয়েছে। রাজনৈতিক বিজ্ঞানী দ্বৈপায়ন ভট্টাচার্য যে ‘পার্টি-সমাজ’ ধারণার কথা বলেন, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন সেই কাঠামোর মধ্যেই পরিচালিত হয়েছে। এখানে রাজনৈতিক দল কেবল ভোটের সংগঠন নয়; মানুষের সামাজিক, প্রশাসনিক ও অর্থনৈতিক জীবনের প্রধান নিয়ন্ত্রক।

 

এই বাস্তবতায় নির্বাচনে পরাজয় মানে শুধু ক্ষমতা হারানো নয়, বরং সামাজিক অস্তিত্বের সংকট। ফলে বিজয়ী দল পরাজিত দলের সংগঠন, প্রভাব ও নেটওয়ার্ক দ্রুত ভেঙে দিতে চায়। এবারের সহিংসতাকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে। অর্থাৎ, এটি আকস্মিক বিশৃঙ্খলা নয়; বরং ক্ষমতার নতুন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পিত প্রক্রিয়া।

 

বিশ্লেষকদের মতে, তবে ২০২৬ সালের পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- পশ্চিমবঙ্গের  ঐতিহ্যগত ‘ভদ্রলোক রাজনীতির’ দুর্বল হয়ে পড়া। দীর্ঘদিন ধরে রাজ্যের নেতৃত্ব ছিল শিক্ষিত, উচ্চবর্ণ, সাংস্কৃতিক পুঁজিনির্ভর অভিজাতদের হাতে। কংগ্রেস থেকে বামফ্রন্ট, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতেও এক ধরনের বাঙালি বুদ্ধিবৃত্তিক পরিচয়ের প্রভাব ছিল স্পষ্ট।

 

এখন সেই জায়গা দখল করছে নতুন এক রাজনৈতিক শ্রেণি—ব্যবসামুখী, আর্থিকভাবে শক্তিশালী এবং সরাসরি ক্ষমতাকেন্দ্রিক নেতৃত্ব। গবেষকরা বলছেন, নতুন রাজনৈতিক অভিজাতরা সাংস্কৃতিক পুঁজির বদলে অর্থনৈতিক পুঁজির ওপর নির্ভর করছে। শুভেন্দু অধিকারীর উত্থান এই পরিবর্তনের প্রতীক। তৃণমূলের ভেতর থেকে উঠে এসে তিনি বিজেপির নেতৃত্বে এমন এক রাজনৈতিক কাঠামো গড়েছেন, যা আঞ্চলিক বাঙালি পরিচয়ের বদলে বৃহত্তর হিন্দু রাজনৈতিক পরিচয়কে সামনে এনেছে।

 

এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসনিক শক্তির নতুন ব্যবহার। অতীতে রাজনৈতিক নিয়ন্ত্রণে দলীয় ক্যাডার ও স্থানীয় কমিটির ভূমিকা বেশি ছিল। কিন্তু এখন ‘বুলডোজার রাজনীতি’ নতুন বাস্তবতা তৈরি করছে। রাজনৈতিক প্রতিপক্ষের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করতে প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের প্রবণতা বাড়ছে। ফলে ‘দল রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে’ থেকে পরিস্থিতি ধীরে ধীরে ‘রাষ্ট্রই দল হয়ে উঠছে’—এমন বিশ্লেষণও সামনে আসছে।

 

পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাস্তার আন্দোলনের ঐতিহ্য। ১৯৫৯ সালের খাদ্য আন্দোলন থেকে শুরু করে নকশাল আন্দোলন কিংবা তৃণমূলের উত্থান—সব ক্ষেত্রেই রাস্তা ছিল রাজনৈতিক বৈধতার প্রধান ক্ষেত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতির সবচেয়ে সফল মুখ ছিলেন। কিন্তু ২০২৬ সালের নির্বাচন দেখাল, রাস্তার লড়াইয়ের জায়গা এখন আরও আক্রমণাত্মক এবং সাংগঠনিক শক্তিনির্ভর হয়ে উঠেছে।

 

সহিংসতার পেছনে অর্থনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের শিল্প স্থবিরতা এবং বেকারত্বের কারণে গ্রামীণ ও মফস্বল অঞ্চলের বহু তরুণ রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের জন্য দল শুধু আদর্শ নয়; জীবিকার উৎস। ফলে রাজনৈতিক আধিপত্যের লড়াই তাদের কাছে আয় ও প্রভাব রক্ষার লড়াইও। এই ‘রাজনৈতিক শ্রমশক্তি’ যতদিন বিকল্প কর্মসংস্থান না পাবে, ততদিন সহিংসতার চক্র ভাঙা কঠিন হবে।

 

একই সঙ্গে রাজ্যের সামাজিক চরিত্রেও পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। বহু বিশ্লেষকের মতে, এবার প্রথমবারের মতো বাঙালি হিন্দু ভোট বড় আকারে একক রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে একত্র হয়েছে। এটি দীর্ঘদিনের ‘বাঙালি ব্যতিক্রমবাদ’-এর ধারণাকে চ্যালেঞ্জ করছে। অন্যদিকে মুসলিম সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তা ও নাগরিকত্ব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ‘অনুপ্রবেশকারী’ ইস্যু ও ‘ইসরায়েল মডেল’-এর মতো রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।

 

এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থানও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ও আরএসএস প্রকাশ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানালেও স্থানীয় পর্যায়ে প্রতিশোধমূলক রাজনীতির প্রবণতা রয়ে গেছে। ফলে কেন্দ্রের গণতান্ত্রিক ভাবমূর্তি ও মাঠপর্যায়ের রাজনৈতিক বাস্তবতার মধ্যে একটি স্পষ্ট টানাপোড়েন তৈরি হয়েছে।

 

অর্থাৎ পশ্চিমবঙ্গ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। লাল পতাকা থেকে ঘাস-ফুল, আর এখন পদ্ম—দল বদলেছে, কিন্তু ক্ষমতার কাঠামোতে সহিংসতা, ভূখণ্ডগত নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার সংস্কৃতি রয়ে গেছে। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন জেতা নয়; বরং এই সহিংস রাজনৈতিক সংস্কৃতি ভাঙা। যদি শুধু পুরোনো দলীয় কাঠামোর জায়গায় নতুন দলীয় কাঠামো বসে, তবে সেখানের রাজনৈতিক চক্র আগের মতোই চলতে থাকবে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: