পশ্চিমবঙ্গ ভোট: দিদি বনাম পরিবর্তনের লড়াই

মমতা ব্যানার্জির নির্বাচনী প্রচার, ছবি: ফেসবুক পেজ
‘বাংলাকে প্রায় কাশ্মীরে পরিণত করে ভোট করাচ্ছে নির্বাচন কমিশন। তার আগে ইলেকটোরাল রোলে জেনোসাইড চালানো হয়েছে৷ লক্ষ লক্ষ ভোটারের ভোটদানের অধিকারকে খুন করা হয়েছে।’
এপ্রিলের আকাশে কালবৈশাখীর আগমনের আগে যেমন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, তেমনি এক চাপা উত্তেজনায় আচ্ছন্ন এখন প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট। দীর্ঘদিনের শাসন, বিরোধীদের পুনরুত্থান এবং প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক—সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় শব্দ হয়ে উঠেছে ‘অনিশ্চয়তা’। রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ও ২৯ এপ্রিল।
বিশ্লেষকরা বলছেন, এই অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে। সরকারি যুক্তি অনুযায়ী এটি তালিকা পরিশুদ্ধ করার একটি নিয়মিত প্রক্রিয়া হলেও, বিরোধীদের দাবি—এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক প্রকৃত ভোটার ভোটাধিকার হারিয়েছেন। বিশেষ করে সীমান্তবর্তী ও সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে নির্বাচন শুরুর আগেই ভোটাধিকার প্রশ্নটি একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।
এই প্রেক্ষাপটে শাসক দল তৃণমূল কংগ্রেসের সামনে চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ২০১১ সাল থেকেই এ রাজ্যের শাসনক্ষমতায় রয়েছেন। তিনি এবার অনেকটাই একক নেতৃত্বে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। ২০২১ সালের নির্বাচনে কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রশান্ত কিশোর-এর অনুপস্থিতি এবার স্পষ্ট। ফলে দলীয় সংগঠন, প্রশাসনিক অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর নির্ভর করেই তাঁকে লড়াই চালাতে হচ্ছে।
অন্যদিকে, অমিত শাহ’র নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের লক্ষ্য আরও জোরালোভাবে সামনে এনেছে। আগের নির্বাচনের তুলনায় সংগঠন শক্তিশালী করা, কেন্দ্রীয় নেতৃত্বের ঘনঘন প্রচার এবং স্থানীয় ইস্যুগুলোকে সামনে এনে তারা একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাচ্ছে। ফলে এবারের নির্বাচন সরাসরি দ্বিমুখী লড়াইয়ের রূপ নিয়েছে, যেখানে প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুড়ি বলেন, ‘বাংলাকে প্রায় কাশ্মীরে পরিণত করে ভোট করাচ্ছে নির্বাচন কমিশন। তার আগে ইলেকটোরাল রোলে জেনোসাইড চালানো হয়েছে৷ লক্ষ লক্ষ ভোটারের ভোটদানের অধিকারকে খুন করা হয়েছে।’
‘এত কিছু করেও বিজেপি জিততে পারবে না৷ তৃণমূল বিরোধী ভোট যাতে বামপন্থীরা বা কংগ্রেস না পায়, জনসমর্থনহীন জলঢোঁড়া বিজেপি-কে যদি আরও একবার প্রধান বিরোধী দল করা যায়, তাহলেই এই কারচুপির নির্বাচন করানো কমিশন যথেষ্ট সাফল্য পাবে,’ বলেন তিনি।
খবরে প্রকাশ, তবে কেবল শাসক ও প্রধান বিরোধী দলের লড়াইয়ে সীমাবদ্ধ নয় এবারের নির্বাচন। দলত্যাগী নেতাদের সক্রিয়তা এবং নতুন রাজনৈতিক সমীকরণ ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সংখ্যালঘু ভোটে বিভাজনের আশঙ্কা রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতির অভিযোগ। শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তৃণমূল সরকারের ভাবমূর্তিতে চাপ তৈরি করেছে। সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভ পুরোপুরি রাজনৈতিক অবস্থান বদলে দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়, তবে এটি যে নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে, তা নিয়ে সংশয় নেই।
এদিকে সাংস্কৃতিক পরিচয়ও এবার রাজনীতির বড় হাতিয়ার হয়ে উঠেছে। ‘বাঙালি পরিচয়’ বনাম ‘বহিরাগত’ বিতর্ক নতুন করে সামনে এসেছে। পহেলা বৈশাখ ঘিরে কিছু প্রশাসনিক সিদ্ধান্ত এই বিতর্ককে আরও উসকে দিয়েছে। ফলে নির্বাচন শুধু উন্নয়ন বা প্রশাসনের প্রশ্নে সীমাবদ্ধ না থেকে সাংস্কৃতিক আবেগের সঙ্গেও জড়িয়ে পড়েছে।
প্রচারণার ভাষাতেও এই মেরুকরণের প্রতিফলন দেখা যাচ্ছে। কলকাতার দেওয়াল লিখন, স্লোগান এবং রাজনৈতিক ব্যঙ্গচিত্রগুলোতে যেমন হাস্যরস আছে, তেমনি রয়েছে তীব্র আক্রমণ। এই প্রচারণা একদিকে জনমত গঠনে ভূমিকা রাখছে, অন্যদিকে রাজনৈতিক বিভাজনকেও আরও স্পষ্ট করে তুলছে।
সব মিলিয়ে ২০২৬ সালের পশ্চিমবঙ্গের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের লড়াই নয়; এটি ভোটাধিকার, প্রশাসনিক স্বচ্ছতা, সাংস্কৃতিক পরিচয় এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার এক জটিল সমীকরণ। কালবৈশাখীর মতোই এই নির্বাচনও হয়তো একদিকে ধ্বংস ডেকে আনবে, অন্যদিকে নতুন বাস্তবতার সূচনা করবে। ফলাফল যাই হোক, এই নির্বাচন বাংলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



