ইরান যুদ্ধ যেভাবে আঘাত হানছে বিশ্বজুড়ে

ছবি: পিক্সেল
‘আধুনিক তেল বাজারের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সরবরাহ ধাক্কা।’
মার্কিন ও ইসরায়েলের ইরান যুদ্ধের প্রভাব এখন আর কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়া এবং উৎপাদনকারী দেশগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় জ্বালানি বাজারে সৃষ্টি হয়েছে এক বিরাট ধাক্কা।
বিবিসির বিশ্লেষণে বলা হয়, একপর্যায়ে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছে গেলেও পরে কিছুটা কমলেও তা যুদ্ধপূর্ব অবস্থার তুলনায় এখনও অনেক উপরে। ফলে শেয়ারবাজারে অস্থিরতা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অর্থনীতিতে বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এই যুদ্ধ আবারও মনে করিয়ে দিয়েছে যে বিশ্ব এখনও জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর কতটা নির্ভরশীল। ১৯৫০ ও ১৯৭০-এর দশকের জ্বালানি সংকটের মতো পরিস্থিতি তৈরি হলেও বিশ্লেষকরা বলছেন, এবারের প্রভাব আরও ভয়াবহ। বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে, যা এখন যুদ্ধের কারণে বন্ধ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ব্রাজিল বা নরওয়ের মতো দেশগুলো উৎপাদন বাড়িয়ে এই ঘাটতি পূরণের সক্ষমতা রাখে না। স্থানীয় পাইপলাইনগুলো বিকল্প পথ হলেও তাদের ধারণক্ষমতা সীমিত। ফলে ইরাকে তেল উৎপাদন ৬০ শতাংশেরও বেশি কমে গেছে, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও উৎপাদন কমিয়েছে।
শুধু তেল নয়, প্রাকৃতিক গ্যাসের ওপরও বড় ধাক্কা লেগেছে। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ রাখায় বিশ্বের প্রায় ২০ শতাংশ গ্যাস সরবরাহ বন্ধ। জেপি মরগানের বিশ্লেষকদের মতে, এই শূন্যস্থান পূরণের কোনো সহজ উপায় না থাকায় আগামী এক সপ্তাহের মধ্যে এশিয়া ও ইউরোপে তীব্র ঘাটতি দেখা দিতে পারে।
ইতিমধ্যে এশিয়ার কয়েকটি দেশ মূল্যবৃদ্ধি ও রেশনিং চালুর ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঈদুল ফিতরের ছুটি আগেই শুরু করে দিয়েছে। ব্রিটেনের চ্যান্সেলর র্যাচেল রিভস সতর্ক করে বলেছেন, মুদ্রাস্ফীতির বড় ঝুঁকি তৈরি হয়েছে।
কিছু দেশ তেলের মজুদ বাজারে ছাড়ার পরিকল্পনা করলেও র্যাপিড এনার্জি গ্রুপের বিশ্লেষক হান্টার কর্নফাইন্ড বলছেন, চাহিদার তুলনায় এই উদ্যোগ নিতান্তই ‘চিনাবাদামের সমতুল্য’।
তিনি বলেন, ‘আধুনিক তেল বাজারের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সরবরাহ ধাক্কা।’
এই ধাক্কার ফলে সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে, তা হলো জ্বালানির দাম বৃদ্ধি। ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—উভয়ের দামই বেড়েছে। সোমবার একপর্যায়ে ১২০ ডলার ছুঁইছুঁই করলেও পরে তা ৮৫ ডলারের নিচে নেমে এলেও এখনও যুদ্ধপূর্ব সময়ের চেয়ে অনেক উপরে।
ব্রিটেন ও ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এমনকি যুক্তরাষ্ট্রে, যা নিজেরা বড় জ্বালানি উৎপাদক হওয়ায় বৈশ্বিক দামের ওঠানামা থেকে সাধারণত কিছুটা সুরক্ষিত থাকে, সেখানেও জ্বালানি তেলের দাম গ্যালনপ্রতি ৩.৫০ ডলারে পৌঁছেছে। এক মাস আগে যা ছিল ২.৯০ ডলার, আর এটা ২০২৪ সালের পর সর্বোচ্চ।
গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে উঠলেই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৪ শতাংশ পয়েন্ট কমে যেতে পারে। আর যদি এ মাসের মধ্যে এই সংকটের সমাধান না হয়, তাহলে তেলের দাম ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়কার রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে এবং কোনো কোনো পরিস্থিতিতে ১৫০ ডলারেও পৌঁছতে পারে।
কর্নফাইন্ডের ভাষ্য, তখন অর্থনীতির ওপর প্রভাব হবে ‘বেশ মারাত্মক’, কারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানকে অন্যান্য খাতে খরচ কমাতে হবে এবং অর্থনীতি মন্দার দিকে যাবে।
তাইওয়ান, যা চিপ উৎপাদনের বড় কেন্দ্র, তারা জ্বালানি আমদানির ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে সেখানে জ্বালানি সঙ্কট চিপ উৎপাদনে বিঘ্ন ঘটাতে পারে, যার প্রভাব পড়বে স্মার্টফোন থেকে গাড়ি সবকিছুতেই।
যুক্তরাষ্ট্রে আবার কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামো গড়ে তোলার কাজে নিয়োজিত টেক কোম্পানিগুলোর ওপর জ্বালানি খরচের চাপ অর্থনীতির একটি বড় চালিকাশক্তিকে দুর্বল করে দিতে পারে।
শুধু জ্বালানি নয়, মধ্যপ্রাচ্য থেকে আসা অ্যালুমিনিয়াম, সালফার ও সারের উপাদানের দামও বাড়ছে। ফলে খাদ্য ও তৈরি পণ্যের দামেও তার প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রে মার্চ ও এপ্রিল মাসে বপন মৌসুমের শুরুতেই সার আমদানির ২৫ শতাংশ হয়ে থাকে।
সাউথ ক্যারোলিনার কৃষক হ্যারি অট বলেন, এর চেয়ে খারাপ সময় আর হতে পারে না। তিনি সম্প্রতি সার দেওয়ার জন্য সরবরাহকারীকে ফোন করলে তারা জানান, যুদ্ধের প্রভাব বুঝতে না পারা পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে। পরে সেই ব্যবসা মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা তার সার বিল প্রতি একরে প্রায় ১০০ ডলার বাড়িয়ে দেবে।
অটের ভাষ্যে, এই অপ্রত্যাশিত ব্যয়বৃদ্ধি এ মৌসুমে লাভের সম্ভাবনা প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। ‘কারও বাজেটেই এই সমন্বয়ের জায়গা ছিল না,’ তিনি বলেন।
এশিয়া ও ইউরোপে অর্থনৈতিক ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ তারা জ্বালানি আমদানিতে সবচেয়ে নির্ভরশীল। শেয়ারবাজারেও তার প্রতিফলন ঘটেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ায় প্রধান শেয়ার সূচক যথাক্রমে ১০ ও ১৫ শতাংশ কমেছে, জার্মানির ড্যাক্স কমেছে ৭ শতাংশের বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এসঅ্যান্ডপি ৫০০ কমেছে মাত্র ১.২ শতাংশ।
কিন্তু নভেম্বরের কংগ্রেসনাল নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় যখন প্রধান ইস্যু, তখন মূল্যবৃদ্ধি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। হোয়াইট হাউসের পরস্পরবিরোধী বার্তা ইঙ্গিত দেয়, ট্রাম্পের হয়তো দীর্ঘমেয়াদি লড়াইয়ের তেমন আগ্রহ নেই।
তবে যুদ্ধ শেষ হলেও বিশ্লেষকরা সতর্ক করছেন, পরবর্তী অস্থিরতার আশঙ্কা তেলের দাম উঁচুতে রাখতে পারে। স্যাঙ্কে রিসার্চের পল স্যাঙ্কে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতই অভিযান শেষ বলে ঘোষণা করুক, ইরান হয়তো সেটা সেভাবে দেখবে না। ফলে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ শেষের ঘোষণার অনেক পরেও এই পরিস্থিতি চলতে পারে।’
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



