যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন তিন দেশের কমিউনিস্টরা

‘তারা ইরানে এমন একটি অনুগত ও দমনমূলক শাসনব্যবস্থা বসাতে চায়, যারা জনগণের আকাঙ্ক্ষাকে রক্তক্ষয়ী পন্থায় দমন করবে।’
ইরানের কমিউনিস্ট পার্টি (তুদেহ), ইসরায়েলের কমিউনিস্ট পার্টি (মাকি) এবং যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টি (সিপিইউএসএ) ইরানের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তারা বিশ্বের শান্তিকামী ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বলেছে, ‘এই সংকটময় মুহূর্তে শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার এটাই সময়!’
কমিউনিস্ট পার্টিগুলো এক যৌথ বিবৃতি এ কথা বলেছে। শনিবার (৬ মার্চ) ভোরে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ অভিযানের প্রেক্ষাপটে এই বিবৃতি প্রকাশ করা হয়।
ইন ডিফেন্স অব কমিউনিজমের ব্লগ সাইটে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর সরকার এবং মার্কিন সাম্রাজ্যবাদ ইরানের বিরুদ্ধে যে আক্রমণাত্মক যুদ্ধ শুরু করেছে, তা পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষের জীবনহানি ও বিপর্যয় বাড়ছে। এই যুদ্ধ সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষার জন্য চালানো হচ্ছে, যা জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের পরিপন্থী।
ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দেশে ‘সরকার পরিবর্তনের’ ঘোষণাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এটি একটি স্বাধীন জাতির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ফিলিস্তিন, ইরাক, লিবিয়া এবং সিরিয়ার অভিজ্ঞতা থেকে দেখা গেছে, কোনো দেশের প্রকৃত মুক্তি বাইরের শক্তি দিয়ে সম্ভব নয়। স্বৈরাচারী শাসন থেকে মুক্তি কেবল সেই দেশের সাধারণ মানুষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমেই আসতে পারে।
ইরানের ওপর এই হামলাকে পুরো অঞ্চলে ‘মার্কিন-ইসরায়েলি আধিপত্য’ বিস্তারের অংশ হিসেবে বর্ণনা করে বিবৃতিতে আরও বলা হয়, এই সামরিক আগ্রাসন ইরানকে স্বৈরাচার থেকে মুক্ত করবে না, বরং এটা ইরানকে দুর্বল ও বিভক্ত করার অপচেষ্টা মাত্র। তারা ইরানে এমন একটি অনুগত ও দমনমূলক শাসনব্যবস্থা বসাতে চায়, যারা জনগণের আকাঙ্ক্ষাকে রক্তক্ষয়ী পন্থায় দমন করবে।
বিবৃতিতে শেষে আন্তর্জাতিক কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিশ্বজুড়ে শান্তিকামী ও প্রগতিশীল শক্তির প্রতি যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই সংকটময় মুহূর্তে ‘শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই’ করার জন্যও সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



