বিশ্লেষণ: কতটা সুরক্ষিত ভারতের জ্বালানি ভবিষ্যৎ?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ৬:৪৪পরিবর্তন করতে ক্লিক করুন
বিশ্লেষণ: কতটা সুরক্ষিত ভারতের জ্বালানি ভবিষ্যৎ?

ছবি: পিক্সেল

শেয়ার করুন:

আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি সতর্ক করে দিয়ে বলেছেন, বোমাবর্ষণ বন্ধ হলেও তেল স্থাপনার ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে মাসের পর মাস লেগে যাবে। ফলে তেল ও এলএনজির দাম দীর্ঘদিন চড়া থাকবে।

 

ইরান ও ইসরায়েল-মার্কিন জোটের মধ্যে চলমান সংঘাত এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধেও রূপ নিয়েছে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়া এবং সৌদি আরব, কাতার, বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় একের পর এক হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে। এর প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশগুলোর ওপর।

 

বিবিসির খবরে বলা হয়, গত শনিবার রাতে তেহরানের একটি প্রধান তেল ডিপোতে হামলার পর রোববারই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২৩ ডলার বেড়ে ১০৩ ডলারে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে এই দাম ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুড, হিটিং অয়েল ও পেট্রোলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে এশিয়ার শেয়ার বাজারেও ধস নেমেছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনের শেয়ার সূচক ১ থেকে ৬ শতাংশ পর্যন্ত পড়ে গেছে।

 

এই সংকট মোকাবিলায় জি-৭ দেশগুলো তাদের কৌশলগত তেলের মজুদ থেকে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার কথা ভাবছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তরফে জাপানসহ জি-৭ দেশগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভারতের মতো দেশ, যারা আইইএ-র সহযোগী সদস্য, তাদের জন্যও এটা বড় চ্যালেঞ্জ।

 

ভারতের মোট চাহিদার ৯০ শতাংশের বেশি জ্বালানি আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্য এখন পর্যন্ত সেই জ্বালানি সরবরাহের প্রধান উৎস। ফলে এই অঞ্চলে অস্থিরতার অর্থ সরাসরি ভারতের শক্তি নিরাপত্তায় ধাক্কা। এরই মধ্যে তার প্রভাব দেখা গেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল রান্নার গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে ৬০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা।

 

সোমবার দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি মোকাবিলায় তারা ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে। তেল শোধনাগারগুলোকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে গৃহস্থ পর্যায়ে রান্নার গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেইসঙ্গে মজুতদারি রোধে একটি সিলিন্ডার বুকিংয়ের ২৫ দিনের মধ্যে দ্বিতীয়বার বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে আমদানি করা গ্যাস সেসব খাতে দেওয়া হবে। রেস্তোরাঁ ও হোটেলের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানের চাহিদা পর্যালোচনায় তিন নির্বাহী পরিচালকের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

ভারতের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ হর্ষ ভি পন্থ বলছেন, এই সংকটের প্রভাব শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই পড়বে। আইএমএফ বারবার সতর্ক করে দিয়েছে যে দেশগুলোকে এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি মনে করেন, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল আমদানি করে ভারত অভিজ্ঞতা সঞ্চয় করলেও বর্তমানে সংকটের কেন্দ্রস্থল পশ্চিম এশিয়া হওয়ায় তা এড়ানো কঠিন।

 

জ্বালানি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা জানান, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল সরবরাহের ওপর বড় ধাক্কা লেগেছে। ভারতের কৌশলগত মজুদ (স্ট্র্যাটেজিক রিজার্ভ) আছে ২৫ দিনের চাহিদা মেটানোর মতো। বাণিজ্যিক মজুদ মিলিয়ে মোট ৪০-৫০ দিনের তেল মজুদ রয়েছে। তবে সেই মজুদ পুরোপুরি ব্যবহার করাও সম্ভব নয়।

 

তানেজা আরও বলেন, চীন ইরান থেকে বিপুল পরিমাণ তেল মজুদ করেছে, যা তাদের পাঁচ মাস চলবে। ভারতের উদ্বেগের মূল বিষয় সরবরাহ নয়, দাম। সরকার আপাতত দাম স্থিতিশীল রাখতে পারলেও যুদ্ধ দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়বে।

 

আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি সতর্ক করে দিয়ে বলেছেন, বোমাবর্ষণ বন্ধ হলেও তেল স্থাপনার ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে মাসের পর মাস লেগে যাবে। ফলে তেল ও এলএনজির দাম দীর্ঘদিন চড়া থাকবে।

 

এই পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমদানি উৎসের বৈচিত্র্যকরণ। ভেনেজুয়েলা থেকে তেল আমদানির সম্ভাবনা রয়েছে, তবে তা কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় তার প্রভাব তত গভীর হবে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: