যুদ্ধের রাজকূট: বিপন্ন ইরানের স্বাস্থ্য পরিষেবা

ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, হাসপাতাল এবং সব ধরনের চিকিৎসা ইউনিট যুদ্ধের সময় সুরক্ষিত থাকার কথা।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক দেশটির চিকিৎসা অবকাঠামো ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে। বিশেষ করে রাজধানী তেহরানের পাস্তুর ইনস্টিটিউটের মতো একটি প্রাচীন ও সংবেদনশীল গবেষণা প্রতিষ্ঠান হামলার শিকার হওয়ায় জনস্বাস্থ্য ও মানবিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে এবং আন্তর্জাতিক মানবিক আইন রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক রেড ক্রসের মতো বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারই এই গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রে হামলা চালানো হয়, যা দেশটির চিকিৎসাসেবার মেরুদণ্ড হিসেবে পরিচিত।
আল জাজিরা জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই আগ্রাসনে এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২৬ হাজার ৫০০ জন। এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে চিকিৎসা কেন্দ্রগুলোতে পরিকল্পিত হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, হাসপাতাল, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং পাস্তুর ইনস্টিটিউটের মতো একটি গবেষণা কেন্দ্রে হামলা চালিয়ে বিশ্বকে আসলে কী বার্তা দেওয়া হচ্ছে? ৭১ বছর বয়সী এই চিকিৎসক-প্রেসিডেন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চিকিৎসক সমাজ, রেড ক্রস এবং ডক্টরস উইদাউট বর্ডারসকে এই ‘মানবতাবিরোধী অপরাধের’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, পাস্তুর ইনস্টিটিউট কেবল ইরানের নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্র। ১৯২০ সালে প্যারিসের পাস্তুর ইনস্টিটিউট এবং তৎকালীন ইরান সরকারের মধ্যে এক চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি সংক্রামক ব্যাধি প্রতিরোধে কাজ করে আসছে। বিশেষ করে গুটিবসন্ত ও কলেরার মতো মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এই কেন্দ্রের ভূমিকা ছিল অগ্রগণ্য। বর্তমানে এটি ইরানের জাতীয় টিকাদান কর্মসূচির প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে এবং হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার ও হামের মতো রোগের টিকা উৎপাদন করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক বার্তায় জানিয়েছেন, এই ইনস্টিটিউটের দুটি বিভাগ সরাসরি ডব্লিউএইচওর সাথে নিবিড়ভাবে কাজ করে থাকে। তিনি সতর্ক করে বলেছেন যে, ইরান ও এই অঞ্চলে চলমান সংঘাত স্বাস্থ্যসেবা প্রদানকারী, রোগী এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মার্চ থেকে ইরানে চিকিৎসা অবকাঠামোর ওপর অন্তত ২০টি হামলার ঘটনা যাচাই করা হয়েছে। এই হামলায় একজন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ এবং ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির এক সদস্যসহ অন্তত ৯ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গত শুক্রবার সকালে ইরানের বুশেহর প্রদেশে রেড ক্রিসেন্টের একটি ত্রাণ গুদামে ড্রোন হামলা চালানো হয়। যদিও এতে প্রাণহানি ঘটেনি, তবে ত্রাণসামগ্রী বোঝাই কন্টেইনার, অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধারকারী যানবাহন ধ্বংস হয়ে গেছে।
এর আগে গত ৩১ মার্চ তেহরানে ইরানের বৃহত্তম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘তৌফিগ দারু’তে হামলা চালানো হয়। রাষ্ট্রচালিত এই প্রতিষ্ঠানটি মূলত ক্যানসার প্রতিরোধী ওষুধ, হৃদরোগের প্রতিষেধক এবং মাদকাসক্তি নিরাময়ের অষুধ তৈরি করত। এই হামলার ফলে ইরানের জীবনদায়ী ওষুধ সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে।
হামলার শিকার হয়েছে তেহরানের নবনির্মিত ‘দিলারাম সিনা’ সাইকিয়াট্রিক হাসপাতালও। গত ২৯ মার্চ এই মানসিক স্বাস্থ্য কেন্দ্রে হামলার সময় অন্তত ৩০ জন রোগী সেখানে চিকিৎসাধীন ছিলেন। একইভাবে খোররামশাহর প্রদেশের আন্দিমেশক শহরের ‘আলী হাসপাতাল’ গত ২১ মার্চ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সেখান থেকে রোগী ও স্বাস্থ্যকর্মীদের সরিয়ে নিতে এবং কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এমনকি তেহরানের গান্ধী হাসপাতালও পার্শ্ববর্তী একটি টেলিভিশন টাওয়ারে হামলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, হাসপাতাল এবং সব ধরনের চিকিৎসা ইউনিট যুদ্ধের সময় সুরক্ষিত থাকার কথা। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের নির্দেশনা অনুসারে, অসুস্থ, আহত এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অ্যাম্বুলেন্সের মতো পরিবহনগুলো কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু হতে পারে না।
২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ‘২২৮৬’ নম্বর প্রস্তাব গ্রহণ করে, যেখানে স্বাস্থ্যসেবায় হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তা সত্ত্বেও গত এক বছরে বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাতের সময় চিকিৎসা কেন্দ্রগুলোতে হামলার ঘটনা রেকর্ড পরিমাণ বেড়েছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, গত বছর বিভিন্ন সংঘাতে এক হাজার ৩৪৮টি হামলার ঘটনায় অন্তত এক হাজার ৯৮১ জন স্বাস্থ্যকর্মী ও রোগী নিহত হয়েছেন। এই মৃত্যুর তালিকায় সুদানের পরেই এখন ইরান ও লেবাননের নাম উঠে আসছে। লেবাননেও ইসরায়েলি হামলায় গত এক মাসে ৫৩ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন এবং ৮৭টি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস করা হয়েছে।
ডক্টরস উইদাউট বর্ডারসের প্রতিনিধিরা জানিয়েছেন, চিকিৎসা অবকাঠামো লক্ষ্য করে এই ধরনের হামলা এখন একটি নথিবদ্ধ পদ্ধতিতে পরিণত হয়েছে, যা সাধারণ মানুষকে জরুরি চিকিৎসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। ইরানের এই সংকট কেবল একটি দেশের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার নৈতিক ভিত্তি ও আন্তর্জাতিক আইনের প্রয়োগযোগ্যতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। পেশাদার চিকিৎসা কর্মীদের সুরক্ষা নিশ্চিত না করা গেলে এবং গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলো এভাবে ধ্বংস হতে থাকলে দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য বিপর্যয় এড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



