ভেনেজুয়েলায় মাচাদোর ৩ ঘনিষ্ঠ সহযোগীর কারামুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১পরিবর্তন করতে ক্লিক করুন
ভেনেজুয়েলায় মাচাদোর ৩ ঘনিষ্ঠ সহযোগীর কারামুক্তি
শেয়ার করুন:

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির এক মাস পর কারাবন্দী তিন শীর্ষ বিরোধী নেতাকে মুক্তি দেওয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববার কারামুক্ত হওয়া এই তিন নেতাই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদোর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশটিতে একটি ঐতিহাসিক ‘সাধারণ ক্ষমা আইন’ নিয়ে জাতীয় পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। দীর্ঘ তিন দশকের সমাজতান্ত্রিক শাসনামলে ভিন্নমতাবলম্বীদের দমনে ব্যবহৃত নানা আইনি অভিযোগ নিরসনে এই আইনটি আনা হচ্ছে। এর ঠিক আগেই এই নেতাদের মুক্তি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

মুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ৬১ বছর বয়সী হুয়ান পাবলো গুয়ানিপা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিজের মুক্তির নথিপত্র দেখিয়ে বলেন, ‘আমরা এখানে আছি, আমরা মুক্তি পেয়েছি।’

 

তিনি জানান, গ্রেপ্তারের আগে তিনি ১০ মাস আত্মগোপনে ছিলেন এবং প্রায় ৯ মাস কারাকাসে বন্দী ছিলেন। গুয়ানিপা আরও বলেন, ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে আলোচনার অনেক কিছু আছে, যেখানে ‘সত্য’ হবে তাদের পথপ্রদর্শক।

 

গুয়ানিপার মুক্তির কয়েক ঘণ্টা পর মাচাদোর সাবেক আইনি উপদেষ্টা পারকিন্স রোচা এবং ফ্রেডি সুপারলানোকেও মুক্তি দেওয়া হয়। সুপারলানো একসময় প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের নিজ এলাকা বারিনাসে গভর্নর নির্বাচনে জয়ী হয়েছিলেন। রোচার স্ত্রী মারিয়া কনস্তানজা সিপ্রিয়ানি এক্স-এ একটি ছবি পোস্ট করে তাদের ঘরে ফেরার খবর নিশ্চিত করেছেন।

 

২০২৫ সালের মে মাসে গুয়ানিপাকে গ্রেপ্তার করেছিল মাদুরো সরকার। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, অর্থ পাচার এবং সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তৎকালীন সরকারের দাবি ছিল, বিরোধী দল আয়োজিত নির্বাচনগুলোকে দুর্বল করার একটি কথিত ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন। গ্রেপ্তারের আগে দীর্ঘ সময় তিনি আত্মগোপনে ছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে একটি সমাবেশে তাকে সর্বশেষ মাচাদোর সঙ্গে দেখা গিয়েছিল।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: