বিশ্লেষণ: ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ৭:৪১পরিবর্তন করতে ক্লিক করুন
বিশ্লেষণ: ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ

ছবি: হোয়াইট হাউজ

শেয়ার করুন:

ইন্টারন্যাশনাল এনার্জি ইনস্টিটিউট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তেলের বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহের সংকট তৈরি করছে।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে ডোনাল্ড ট্রাম্প নিজ দেশের নাগরিকদের সমর্থন তো পানইনি, বরং এই সংঘাত যুক্তরাষ্ট্রে চরম অজনপ্রিয় হয়ে উঠেছে। এর ওপর তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতির প্রায় সব খাতেই তার নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের ফলাফল যা-ই হোক, এই অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত দেশটির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

 

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এখনো তার সিদ্ধান্তে অটল ও আত্মবিশ্বাসী। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে তিনি বড় সাফল্য মনে করছেন। তার মতে, এর ফলে ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ যেমন এসেছে, তেমনি কিউবাকেও চাপে ফেলা সম্ভব হয়েছে।

 

ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযানের মাধ্যমে ইরানের ক্ষেত্রেও একই সাফল্যের আশা করছেন ট্রাম্প। আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটির দিকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়লেও ট্রাম্প তার অবস্থানে অনড়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমবে। বর্তমান উচ্চমূল্যকে তিনি নিরাপত্তা ও শান্তির জন্য ‘সামান্য মূল্য’ বলে অভিহিত করেছেন।

 

তবে পরিস্থিতি ট্রাম্পের ভাবনার চেয়েও জটিল হতে পারে। উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র জ্বালানিতে আগের চেয়ে বেশি সুরক্ষিত থাকলেও বৈশ্বিক বাজারের অস্থিরতা পুরোপুরি এড়ানো অসম্ভব। বর্তমানে যুক্তরাষ্ট্রে তেলের ব্যবহার ৩৮ শতাংশে নেমে এলেও পেট্রল ও ডিজেলের দাম বাড়লে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে গিয়ে লাগে। ইতোমধ্যে দেশটিতে পেট্রলের দাম গ্যালন প্রতি ৩.৫০ ডলার ছাড়িয়েছে, যা ট্রাম্পের মেয়াদে সর্বোচ্চ।

 

জ্বালানির এই মূল্যবৃদ্ধি পরিবহন ও কৃষি খাতে সরাসরি আঘাত করছে, যার ফলে খুচরা পণ্যের পাশাপাশি খাদ্যের দামও বাড়ছে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ২.৪ শতাংশ থাকলেও মার্চ থেকে তা ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে।

 

পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং ভেনেজুয়েলার উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।

 

ইন্টারন্যাশনাল এনার্জি ইনস্টিটিউট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তেলের বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহের সংকট তৈরি করছে। তেলের দাম দীর্ঘ সময় ১৪০ ডলারের কাছাকাছি থাকলে যুক্তরাষ্ট্রে মন্দার ঝুঁকি বাড়বে। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে উঠবে।

 

ট্রাম্প তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করলেও দীর্ঘমেয়াদী এই যুদ্ধের ধকল সামলানো তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: