বিশ্লেষণ: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প শিবিরে অস্বস্তি

ছবি: হোয়াইট হাউজ, এক্স
‘যুদ্ধ থেকে বেরিয়ে আসা একদিকে যেমন সহজ সিদ্ধান্ত, অন্যদিকে এর কৌশলগত দিকটি অত্যন্ত জটিল। তবে প্রথম পদক্ষেপ হিসেবে এই সংঘাত ত্যাগের সিদ্ধান্ত নেওয়া জরুরি।’
ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক পদক্ষেপ নিয়ে খোদ রিপাবলিকান পার্টির ভেতরেই দেখা দিয়েছে তীব্র মতভেদ ও অভ্যন্তরীণ ফাটল। ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের কট্টর সমর্থক ও ফক্স নিউজের সাবেক উপস্থাপক টকার কার্লসন সম্প্রতি একটি ভিডিও বার্তায় এই সংঘাতকে ‘ইসরায়েলের যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউটিউবে ২০ লাখের বেশি বার দেখা এই ভিডিওতে কার্লসন সতর্ক করেছেন যে, যুদ্ধের কারণে নাগরিক স্বাধীনতা সংকুচিত হয় এবং সমাজে সহিংসতা ও ঘৃণা ছড়িয়ে পড়ে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অবিলম্বে এই সামরিক পদক্ষেপ থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন।
কার্লসনের মতে, ‘যুদ্ধ থেকে বেরিয়ে আসা একদিকে যেমন সহজ সিদ্ধান্ত, অন্যদিকে এর কৌশলগত দিকটি অত্যন্ত জটিল। তবে প্রথম পদক্ষেপ হিসেবে এই সংঘাত ত্যাগের সিদ্ধান্ত নেওয়া জরুরি।’
রিপাবলিকানদের একটি বড় অংশ প্রথাগতভাবে সামরিক অভিযান সমর্থন করলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন। জনমত জরিপ বলছে, প্রতি চারজন রিপাবলিকান সদস্যের মধ্যে একজন এই যুদ্ধের বিপক্ষে।
এনবিসি নিউজের এক জরিপ অনুযায়ী, ৫৪ শতাংশ আমেরিকান নাগরিক ট্রাম্পের ইরান নীতির সঙ্গে একমত নন। এই বিভাজন এখন রিপাবলিকানদের অভ্যন্তরীণ ‘আমেরিকা ফার্স্ট’ কর্মসূচিকেও প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা কর্মসূচির একনিষ্ঠ সমর্থকদের মধ্যে ১০ জনের মধ্যে ৯ জন যুদ্ধকে সমর্থন দিলেও, যারা এই তকমা ব্যবহার করেন না, তাদের এক-তৃতীয়াংশই যুদ্ধের ঘোর বিরোধী।
নিউইয়র্কের রিপাবলিকান অ্যাকটিভিস্ট ভিশ বুরার মতে, তৃণমূল পর্যায়ের সমর্থকদের মধ্যে এমন এক প্রজন্মের মানুষ আছেন যারা ইরাক ও আফগানিস্তান যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে ফিরে এসেছেন। তারা চান বিদেশের মাটিতে অর্থ অপচয় না করে দেশের বন্ধ কারখানা সচল করা ও জনস্বাস্থ্যের উন্নতিতে মনোযোগ দেওয়া হোক।
কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে, ৮৫ শতাংশ রিপাবলিকান সামরিক পদক্ষেপের পক্ষে থাকলেও ৫২ শতাংশই ইরানে স্থল সেনা পাঠানোর বিপক্ষে। সাধারণত যুদ্ধের শুরুতে প্রেসিডেন্টের জনপ্রিয়তা বাড়ার একটি প্রবণতা দেখা যায়, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে তেমনটি ঘটেনি।
রিয়েল ক্লিয়ার পলিটিকসের তথ্যমতে, যুদ্ধ শুরুর পরও তার জনপ্রিয়তা বাড়েনি বরং স্থিতিশীল রয়েছে। রাজনৈতিক মহলে আশঙ্কা বাড়ছে যে, এই সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম বাড়লে ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তার শাসনামলে নতুন কোনো যুদ্ধ হবে না এবং তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে দেবেন। এমনকি ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দাবি করেছিলেন যে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জীবন বিপন্ন হতে দেবেন না।
কিন্তু বর্তমানে চলমান এই অভিযানে ইতোমধ্যে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়েছে। কংগ্রেসের কেন্টাকি প্রতিনিধি টমাস ম্যাসিও যুদ্ধের বিরোধিতায় সোচ্চার হয়েছেন। শেষ পর্যন্ত এই যুদ্ধের স্থায়িত্ব এবং তেলের দামের ওপরই নির্ভর করছে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ।
রিপাবলিকান পরামর্শক ম্যাট উইলি মনে করেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং স্থল সেনা মোতায়েন করা হলে ট্রাম্পকে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি সামলাতে হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



