মার্কিন জনমনে ইসরায়েল-বিমুখতার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ৯:৫৫পরিবর্তন করতে ক্লিক করুন
মার্কিন জনমনে ইসরায়েল-বিমুখতার নেপথ্যে

ছবি: ইউএস সেন্ট্রাল একাডেমি

শেয়ার করুন:

‘আমি জানি না ইসরায়েলে ঠিক কী ঘটছে, কিন্তু আমি জানি যে যেসব রাজনীতিক ইসরায়েলের পক্ষে কথা বলেন, তাদের আমি অপছন্দ করি।’

 

 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের জনমনে ইসরায়েলের প্রতি সহানুভূতি ক্রমশ কমছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান গ্যালাপের সর্বশেষ জরিপ বলছে, বর্তমানে মাত্র ৩৬ শতাংশ মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতি বেশি সহানুভূতিশীল, অন্যদিকে ৪১ শতাংশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছেন। ২০০৩ সালের পর এই প্রথম ফিলিস্তিনের প্রতি সমর্থন ইসরায়েলকে ছাড়িয়ে গেল।

 

এক বছর আগেও অবশ্য চিত্র ছিল ভিন্ন। তখন ৪৬ শতাংশ মার্কিনি ইসরায়েলের প্রতি ও ৩৩ শতাংশ ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে এই ব্যবধান ছিল আরও বড়—৫৪ শতাংশ বনাম ৩১ শতাংশ।

 

গ্যালাপের তথ্য বলছে, ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ইসরায়েলের পক্ষেই ছিল মার্কিন জনমত। ২০১৯ সালে সেই ফারাক কমতে শুরু করে এবং গত দুই বছরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ব্যাপক প্রাণহানির পর মার্কিনিদের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে থাকে।

 

রাজনৈতিক দলভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাটদের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন এখন ৬৫ শতাংশ, যা সর্বকালের সর্বোচ্চ। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এখনও ৭০ শতাংশ ইসরায়েলের পক্ষে থাকলেও গত এক বছরে তা ১০ শতাংশ কমেছে। ২০০৪ সালের পর রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলপ্রীতি এতটা কম ছিল না।

 

বয়সভিত্তিক বিশ্লেষণ আরও চমকপ্রদ। ১৮ থেকে ৩৪ বছর বয়সী মার্কিনিদের মধ্যে মাত্র ২৩ শতাংশ ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, যা সর্বকালের সর্বনিম্ন। এই বয়সীদের একটি বড় অংশ সমাজমাধ্যমে গাজার ধ্বংসযজ্ঞের ছবি দেখে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছেন।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রও তাতে অংশ নিয়েছে। কিন্তু এই হামলার আগের দিনই প্রকাশিত গ্যালাপের জরিপ বলছে, ইসরায়েল তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জনমনে চিরাচরিত যে সমর্থন পেয়ে এসেছিল, তা হারাতে বসেছে।

 

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাখ লাখ মার্কিনি টেলিভিশন ও সমাজমাধ্যমের পর্দায় গাজায় ইসরায়েলের গণহত্যা, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস ও বসতি স্থাপন দেখেছেন। যুক্তরাষ্ট্রের অস্ত্র ও কূটনৈতিক সমর্থন নিয়েই ইসরায়েল এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

 

ওকলাহোমার বাসিন্দা জেনিফার ওয়েলশের মতো অনেক মার্কিনি এখন বলছেন, ‘আমি জানি না ইসরায়েলে ঠিক কী ঘটছে, কিন্তু আমি জানি যে যেসব রাজনীতিক ইসরায়েলের পক্ষে কথা বলেন, তাদের আমি অপছন্দ করি।’

 

২০০১ সালে গোপন এক বক্তৃতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘আমি আমেরিকাকে চিনি। আমেরিকার মনোভাব সহজে বদলে দেওয়া যায়।’ ইতিহাসের পরিহাস, সেই আমেরিকার মনোভাবই এখন বদলে যাচ্ছে—ইসরায়েলের বিরুদ্ধে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: