ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি: চাপে মোদি সরকার

স্কেচ: এআই
‘ট্রাম্প-যুগে কোনো কিছুরই নিশ্চয়তা নেই। আজ চুক্তি হলেও কাল তিনি নতুন কোনো অজুহাতে আবারও শুল্ক আরোপ করতে পারেন।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বল্গাহীন ‘শুল্ক যুদ্ধ’ থেকে রেহাই পেতে তড়িঘড়ি করে এক নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ভারত। চলতি মাসেই এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা থাকলেও এর বিষয়বস্তু নিয়ে খোদ ভারতের ভেতরেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকরা এই চুক্তিকে ওয়াশিংটনের কাছে নয়া দিল্লির ‘নতিস্বীকার’ হিসেবে দেখছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার হোয়াইট হাউস ও ভারত সরকারের এক যৌথ বিবৃতিতে এই সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দেওয়া হয়। নয়া দিল্লি আশা করছে, আগামী মার্চের শেষ নাগাদ একটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত হবে।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, তবে চুক্তির শর্তগুলো ভারতের বিশাল কৃষিখাত এবং আমদানিকারকদের জন্য কতটা স্বস্তিদায়ক হবে, তা নিয়ে সংশয় কাটছে না।
কৃষিখাতে অশনিসংকেত
চুক্তির খবর জানাজানি হতেই ভারতের কৃষকদের বিভিন্ন সংগঠন তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র থেকে সুলভে কৃষিপণ্য আমদানির সুযোগ করে দেওয়া হলে স্থানীয় উৎপাদনকারীরা পথে বসবেন। ১৪৭ কোটি জনসংখ্যার দেশ ভারতে ৭০ কোটিরও বেশি মানুষের জীবন-জীবিকা সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। মোট জনসংখ্যার প্রায় অর্ধেক যেখানে কৃষিনির্ভর, সেখানে মার্কিন কৃষি লবির স্বার্থ রক্ষা করা মোদি সরকারের জন্য আত্মঘাতী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
৫০০ বিলিয়ন ডলারের ‘অবাস্তব’ লক্ষ্যমাত্রা
চুক্তির অন্যতম আলোচিত এবং বিতর্কিত দিক হলো—আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার অঙ্গীকার। গত অর্থবছরে ভারত যুক্তরাষ্ট্র থেকে মাত্র ৪৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল। সেই হিসেবে বার্ষিক গড় আমদানি লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়াকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন নয়া দিল্লি-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ’-এর অজয় শ্রীবাস্তব।
বিশেষজ্ঞদের মতে, ভারত এই লক্ষ্যপূরণে বিপুল সংখ্যক ‘বোয়িং’ যাত্রীবাহী উড়োজাহাজ কেনার কথা ভাবছে। তবে শ্রীবাস্তব মনে করেন, রাতারাতি বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি সম্ভব নয়। প্রতিটি উড়োজাহাজের দাম ৩০০ মিলিয়ন ডলার ধরলেও ২০০টি বোয়িং কিনতে খরচ হবে মাত্র ৬০ বিলিয়ন ডলার, যা ৫০০ বিলিয়নের লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে। তবে ‘ক্যাপিটাল ইকোনমিক্স’-এর মতো কিছু প্রতিষ্ঠান বলছে, চুক্তির ভাষায় এটিকে ‘বাধ্যবাধকতা’র বদলে ‘অভিপ্রায়’ হিসেবে দেখানো হয়েছে, যাতে পরবর্তীতে চুক্তি ভেস্তে যাওয়ার ঝুঁকি কমে।
রুশ তেল ও ট্রাম্পের খেয়ালিপনা
চুক্তির আড়ালে আরও একটি স্পর্শকাতর বিষয় হলো রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনা। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভারত মস্কোর কাছ থেকে আর তেল কিনবে না—এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতে তিনি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও যৌথ বিবৃতিতে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে বাস্তব চিত্র বলছে, গত জানুয়ারি থেকে ভারত রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে।
বাণিজ্য বিশেষজ্ঞ অভিজিৎ দাস মনে করেন, সবচেয়ে বড় ঝুঁকি স্বয়ং ট্রাম্প। তিনি বলেন, ‘ট্রাম্প-যুগে কোনো কিছুরই নিশ্চয়তা নেই। আজ চুক্তি হলেও কাল তিনি নতুন কোনো অজুহাতে আবারও শুল্ক আরোপ করতে পারেন।’
এই অনিশ্চয়তা এবং দেশীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়ার অভিযোগ মোকাবিলা করে মোদি সরকার কীভাবে এই চুক্তি এগিয়ে নেয়, এখন সেটাই দেখার বিষয়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



