মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ৬:৪২পরিবর্তন করতে ক্লিক করুন
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির নেপথ্যে

ছবি: ইউএস এয়ারফোর্স

শেয়ার করুন:

সামরিক বিশ্লেষকরা এটিকে নিছক সতর্কতা নয়, বরং পূর্ণাঙ্গ অভিযানের প্রস্তুতি হিসেবে দেখছেন।

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আবারও জটিলতা ও উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক চাপ বাড়াতে অভূতপূর্ব সমরসজ্জা চূড়ান্ত করেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি এপ্রিলের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হবে। বর্তমানে এ অঞ্চলে প্রায় ৫০ হাজার সেনা অবস্থান করছে।

 

বিশ্লেষকরা বলছেন, নতুন এ শক্তি বাড়ানোর লক্ষ্য—তেহরানকে আলোচনার টেবিলে নমনীয় করা ও তাদের আন্তর্জাতিক বাণিজ্য রুদ্ধ করা।

 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে ইতোমধ্যে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ প্রায় ছয় হাজার সেনা নিয়ে গন্তব্যের পথে রওনা হয়েছে। এছাড়া ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’ ও ‘১১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের’ হাজারো সদস্যও যোগ দেবে। ফলে মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াবে তিনটিতে। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড ফোর্ড ইরানবিরোধী অভিযানে অংশ নিচ্ছে।

 

সামরিক বিশ্লেষকরা এটিকে নিছক সতর্কতা নয়, বরং পূর্ণাঙ্গ অভিযানের প্রস্তুতি হিসেবে দেখছেন।

 

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের ভেতরে ও বাইরে সব ধরনের সামুদ্রিক বাণিজ্য বন্ধ করতে সক্ষম হয়েছে। তবে জাহাজ চলাচলের ট্র্যাকিং ডেটা বলছে, কঠোর নজরদারি সত্ত্বেও অনেক ইরানি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে। পেন্টাগন অবশ্য তাদের অবস্থানে অনড়।

 

আশার আলো হলো সম্ভাব্য কূটনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় আগামী দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হতে পারে। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষে যদি টেকসই সমাধান না আসে, তাহলে মোতায়েন করা বিশাল বাহিনী বড় ধরনের স্থল অভিযানে নেমে পড়তে পারে।

 

ওয়াশিংটনের কৌশল দ্বিমুখী—একদিকে আলোচনার প্রস্তাব, অন্যদিকে সমরশক্তির মহড়া দিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা। তেহরান এখনো কড়া প্রতিক্রিয়া দেয়নি, তবে এই সামরিক সমাবেশকে তারা সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে। আগামী কয়েক দিন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত সংকটপূর্ণ।

 

এদিকে, মার্কিন এই সমরসজ্জার প্রতিক্রিয়ায় শুধু তেহরান নয়, বরং পুরো অঞ্চলেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সূত্র জানায়, হরমুজ প্রণালির কাছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-ইউনিটগুলো গোপনে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

 

বিশেষজ্ঞদের মতে, ইরান প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ এড়াতে চাইলেও মার্কিন ঘাঁটি বা মিত্র দেশগুলোর স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রতিশোধমূলক হামলা হতে পারে।

 

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল গভীর উদ্বিগ্ন হলেও এ পর্যন্ত প্রকাশ্যে মার্কিন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে আঞ্চলিক এই জোট ভাঙার আশঙ্কাও রয়েছে, কারণ ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসতে কিছু আরব দেশ আগ্রহী। কাতার ও ওমান কূটনৈতিক মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে, যাতে যুদ্ধ এড়ানো যায়। জাতিসংহতিসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি বৈঠক ডেকেছে। চীন ও রাশিয়া যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন ধূম্রজালে আচ্ছন্ন।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: