‘অপারেশন এপিক ফিউরি’র অত্যাধুনিক অস্ত্রশস্ত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১০:২৬পরিবর্তন করতে ক্লিক করুন
‘অপারেশন এপিক ফিউরি’র অত্যাধুনিক অস্ত্রশস্ত্র

ছবি: ইউএস সেন্ট্রাল একাডেমি

শেয়ার করুন:

এই যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মার্কিন নবীন প্রজন্মের ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ বা লুকাস ড্রোন।

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ ইরানের বিরুদ্ধে শুরু হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এল মার্কিন অস্ত্রভাণ্ডারের প্রায় পুরো জাদুঘর। পেন্টাগন এখন পর্যন্ত যত অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছে, তার অধিকাংশই ব্যবহার করা হচ্ছে এই যুদ্ধে ।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ, এই যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মার্কিন নবীন প্রজন্মের ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ বা লুকাস ড্রোন। ইরানের শাহেদ ড্রোনের নকশায় তৈরি প্রায় ৩৫ হাজার ডলার মূল্যের এই ড্রোন ‘অ্যাফোর্ডেবল মাস’ কৌশলের অংশ, যা সস্তায় বিরাট সংখ্যায় উৎপাদন করা সম্ভব। অ্যারিজোনাভিত্তিক স্পেকট্রেওয়ার্কস এই ড্রোন তৈরি করেছে বিশেষ করে ইরানের ড্রোন কৌশল মোকাবিলার জন্য।

 

মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রকাশিত তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ব্যবহার করা হচ্ছে বি-২ স্ট্র্যাটেজিক বোম্বার, এফ-২২ ও এফ-৩৫ স্টিলথ ফাইটার, এফ-১৮ ও এফ-১৬ যুদ্ধবিমান। বি-২ বোম্বার মিসৌরি থেকে উড্ডয়ন করে ৩৪ ঘণ্টার মিশনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় ২ হাজার পাউন্ড বোমা নিক্ষেপ করেছে।

 

সমুদ্রপথে আঘাত হানছে আরলেই বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ার থেকে নিক্ষিপ্ত টমাহক ক্রুজ মিসাইল। এই মিসাইলের নতুন ভার্সনে ব্যবহৃত হয়েছে রাডার-শোষণকারী কালো প্রলেপ।

 

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট ও থাড (টার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স) প্রতিরক্ষা ব্যবস্থা । তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উচ্চমূল্যের এই ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত শেষ হয়ে যেতে পারে। স্টিমসন সেন্টারের কেলি গ্রিকো বলেছেন, ‘ইরানের মিসাইল ফুরানোর আগেই যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার আশঙ্কা আছে’।

 

এই যুদ্ধেই প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নৌবাহিনীর জাহাজে বসানো হাই-এনার্জি লেজার অস্ত্র, যা সেকেন্ডের মধ্যে ড্রোন পুড়িয়ে দিতে পারে। প্রতিটি লেজার শটের খরচ মাত্র কয়েক ডলার বিদ্যুৎ, যা মিলিয়ন ডলার দামি ইন্টারসেপ্টরের তুলনায় বিপ্লবী পরিবর্তন ।

 

ইতিমধ্যে ছয়জন মার্কিন সেনা নিহত ও ব্যাপক অস্ত্র ক্ষয় হওয়ার পরও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘আমরা গতি কমাচ্ছি না, বরং আরও বাড়াচ্ছি’। তবে সেনেটর মার্ক ওয়ার্নার সতর্ক করে বলেছেন, সাতটি দেশে ট্রাম্পের সামরিক অভিযানের ফলে মার্কিন অস্ত্রের মজুত ‘নিচের দিকে’ নেমে এসেছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: