জন্মদিনে গ্রেপ্তার ও মুক্তি পেলেন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১০পরিবর্তন করতে ক্লিক করুন
জন্মদিনে গ্রেপ্তার ও মুক্তি পেলেন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু

স্কেচ: এআই

শেয়ার করুন:

গত ৪০০ বছরের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের কোনো উচ্চপদস্থ সদস্যকে গ্রেপ্তারের এটিই প্রথম ঘটনা।



সরকারি দায়িত্বে অনিয়মের অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করার পর শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে পুলিশ। ৬৬তম জন্মদিনেই তাকে এমন নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হতে হলো। 


গত ৪০০ বছরের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের কোনো উচ্চপদস্থ সদস্যকে গ্রেপ্তারের এটিই প্রথম ঘটনা।


বিবিসির খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় স্যান্ড্রিংহ্যাম থেকে অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে টেমস ভ্যালি পুলিশ। একই সঙ্গে নরফোক ও বার্কশায়ারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন সন্ধ্যায় তাকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়। এলশাম পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় তাকে একটি গাড়ির পেছনের আসনে বিষণ্ন অবস্থায় বসে থাকতে দেখা যায়।


পুলিশ জানিয়েছে, প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম এবং গুরুত্বপূর্ণ দাপ্তরিক তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে। যদিও অ্যান্ড্রু শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।


 এই গ্রেপ্তারের বিষয়ে রাজা তৃতীয় চার্লস তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আইন তার নিজস্ব পথে চলবে এবং পুলিশের তদন্তে তার পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।


পুলিশের তদন্তে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত কিছু নথিতে তাদের মধ্যে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। 


এছাড়া ২০১০ সালে এক তরুণীকে অ্যান্ড্রুর কাছে পাঠানোর একটি পৃথক অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। তবে টেমস ভ্যালি পুলিশ স্পষ্ট করেছে যে, বৃহস্পতিবারের গ্রেপ্তার অভিযানটি কোনো যৌন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয়, বরং সরকারি দায়িত্বে অনিয়মের অভিযোগেই তাকে আটক করা হয়েছিল।


টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্তারিত মূল্যায়ন শেষে এই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। গ্রেপ্তারের আগে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরকেও বিষয়টি অবহিত করা হয়েছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক এই রাজপুত্রকে পুলিশের নজরদারিতে থাকতে হবে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: