বিশ্লেষণ: ইরান যুদ্ধে ট্রাম্পের লক্ষ্যহীন সামরিক চাপ

ছবি: হোয়াইট হাউজ, এক্স
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের সামনে এখন পাঁচটি পথ খোলা আছে। বিমান হামলা জোরদার করা, সীমিত স্থল অভিযান, সাইবার যুদ্ধ, একটি দুর্বল চুক্তিতে ইরানকে বাধ্য করা অথবা অভ্যন্তরীণ বিদ্রোহে উস্কানি দেওয়া। তবে এর কোনোটিই এখন পর্যন্ত ফলপ্রসূ হওয়ার নিশ্চয়তা দিচ্ছে না।
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ দ্বাদশ দিনে গড়িয়েছে। তবে এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য আসলে কী, তা নিয়ে খোদ হোয়াইট হাউসের ভেতরেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ও রাজনৈতিক কৌশল ক্রমাগত পরিবর্তন হওয়ায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রাথমিক পর্যায়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস ও পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করার কথা বলা হলেও, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ‘শাসন পরিবর্তনের’ প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের অসংলগ্ন ও পরস্পরবিরোধী অবস্থান যুদ্ধক্ষেত্রকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তিনি একদিকে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করছেন, আবার পরক্ষণেই শত্রু নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। বিশেষ করে কুর্দি যোদ্ধাদের এই সংঘাতে জড়াতে নিষেধ করে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বন্ধের হুমকির বিপরীতে ২০ গুণ কঠোর আঘাতের হুমকি দিয়েছেন। এই ধরনের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদী ও বিধ্বংসী যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্পের এই অনির্ধারিত কৌশলের সুযোগ নিচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা স্পষ্ট করে দিয়েছে যে, যুদ্ধের সমাপ্তি ও ফলাফল তারাই নির্ধারণ করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের সামনে এখন পাঁচটি পথ খোলা আছে। বিমান হামলা জোরদার করা, সীমিত স্থল অভিযান, সাইবার যুদ্ধ, একটি দুর্বল চুক্তিতে ইরানকে বাধ্য করা অথবা অভ্যন্তরীণ বিদ্রোহে উস্কানি দেওয়া। তবে এর কোনোটিই এখন পর্যন্ত ফলপ্রসূ হওয়ার নিশ্চয়তা দিচ্ছে না।
বিশেষ করে ইরানে শাসন পরিবর্তনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ভিত্তি বা বিকল্প নেতৃত্বের অভাব ওয়াশিংটনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কোনো সুস্পষ্ট ‘ডে আফটার’ বা যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা ছাড়াই এই সামরিক অভিযান চালানো হচ্ছে বলে সামরিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। ফলে ট্রাম্পের এই লক্ষ্যহীন রণকৌশল ইরান সংকটকে নিরসনের বদলে আরও ঘনীভূত করছে।
তেহরানের অনমনীয় মনোভাব এবং ওয়াশিংটনের অস্থির সিদ্ধান্ত পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা কেবল ইরান নয়, পুরো বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত এই যুদ্ধের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে এখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



