ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যা করবেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৩পরিবর্তন করতে ক্লিক করুন
ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যা করবেন ট্রাম্প

স্কেচ: এআই

শেয়ার করুন:

ইরানের কয়েকটি প্রতিবেশী দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেহরানে হামলার জন্য তারা নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই সহায়তার আশ্বাস তেল আবিবের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে তেহরানের ওপর সম্ভাব্য ইসরায়েলি হামলায় পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল যদি নতুন করে হামলার পরিকল্পনা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমানে আকাশে জ্বালানি সরবরাহ (রিফুয়েলিং) অথবা প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ব্যবহারে মধ্যস্থতা করতে পারে। গত বছরের জুনে ১২ দিনব্যাপী ইসরায়েল-ইরান যুদ্ধের আট মাস পর আবারও বড় ধরনের সংঘাতের এই আলোচনা সামনে এল।

 

তবে এবার পরিস্থিতির কিছুটা ভিন্নতা রয়েছে। ইরানের কয়েকটি প্রতিবেশী দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেহরানে হামলার জন্য তারা নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই সহায়তার আশ্বাস তেল আবিবের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এদিকে, পারমাণবিক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার জন্য আজ সোমবার জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে, তেহরানে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি বিবিসিকে বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে তারা সমঝোতায় আগ্রহী। তিনি বিষয়টি ‘আমেরিকার কোর্টে’ বলে মন্তব্য করেন।

 

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আলোচনার শর্ত হিসেবে ইরানের সব পারমাণবিক অবকাঠামো ধ্বংসের দাবি জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনা ব্যর্থ হওয়ার আশঙ্কা উড়িয়ে না দিলেও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: