এপস্টেইন ফাইল ‘ধামাচাপা’ দেওয়ার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

স্কেচ: এআই
বিলের এপস্টেইন বিমানে ভ্রমণের বিষয়ে হিলারি জানান, ২০০০-এর দশকের শুরুর দিকে ক্লিনটন ফাউন্ডেশনের মানবিক কাজের জন্য তার স্বামী বিমানে যাতায়াত করেছিলেন, কিন্তু তিনি কখনও এপস্টাইনের বিতর্কিত ব্যক্তিগত দ্বীপে যাননি।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন যে, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত স্পর্শকাতর নথিগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ‘ধামাচাপা’ দেওয়া হচ্ছে। বার্লিনে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। সংবাদ সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন ট্রাম্প প্রশাসনের ধীরগতির সমালোচনা করে বলেন, ‘নথিগুলো জনসমক্ষে নিয়ে আসুন। তারা খুব ধীরগতিতে কাজ করছে।’ এপস্টেইনের হাই-প্রোফাইল অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তের অংশ হিসেবে মার্কিন কংগ্রেসের একটি কমিটির সামনে শিগগিরই হিলারি ক্লিনটনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
গত মাসে মার্কিন বিচার বিভাগ এপস্টেইন মামলার সর্বশেষ ফাইলগুলো প্রকাশ করেছে, যেখানে ৩০ লাখেরও বেশি নথি, ছবি ও ভিডিও রয়েছে। জেফ্রি এপস্টাইন ২০১৯ সালে কারাগারে থাকা অবস্থায় আত্মহত্যা করেন। এরপর থেকেই তাঁর সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সংযোগ ও গোপন অপরাধের তথ্য নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়।
এপস্টেইনের নথিপত্রে হিলারির স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম বারবার আসলেও এখন পর্যন্ত তার কোনো সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডের অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। হাউস ওভারসাইট কমিটি বর্তমানে তদন্ত করছে যে, প্রভাবশালী ব্যক্তিদের সংযোগ থাকা এই মামলার তথ্যগুলো কীভাবে পরিচালনা করা হয়েছিল। কমিটি ক্লিনটন দম্পতিকে গোপন সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছে।
হিলারি ক্লিনটন বিবিসিকে বলেন, ‘আমরা কমিটির সামনে হাজির হব। তবে আমরা মনে করি, এই বিষয়গুলো গোপন না রেখে পুরোপুরি জনসমক্ষে প্রকাশ করা ভালো হবে। আমাদের লুকানোর কিছু নেই। আমরা শুরু থেকেই এই ফাইলগুলো সম্পূর্ণ প্রকাশের দাবি জানিয়ে আসছি।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু চাই বিষয়টি ন্যায়সঙ্গত হোক এবং সবার সঙ্গে যেন একই আচরণ করা হয়।’
হিলারি অভিযোগ করেন যে, তদন্তকারী রিপাবলিকানরা মূলত ট্রাম্পের দিক থেকে জনদৃষ্টি সরিয়ে নিতে তাদের দিকে আঙুল তুলছেন। কারণ এপস্টাইনের ফাইলগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নামও অসংখ্যবার এসেছে।
বিলের এপস্টেইন বিমানে ভ্রমণের বিষয়ে হিলারি জানান, ২০০০-এর দশকের শুরুর দিকে ক্লিনটন ফাউন্ডেশনের মানবিক কাজের জন্য তার স্বামী বিমানে যাতায়াত করেছিলেন, কিন্তু তিনি কখনও এপস্টাইনের বিতর্কিত ব্যক্তিগত দ্বীপে যাননি।
২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করা হিলারি ক্লিনটন স্পষ্ট করে বলেন, এপস্টাইনের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ ছিল না এবং তিনি কখনও তার বিমানে বা দ্বীপে ভ্রমণ করেননি।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



