সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গিয়ে জোরপূর্বক খাওয়াচ্ছে দিল্লি পুলিশ, অনশন চালাচ্ছেন ছাত্ররা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৫:৩৫পরিবর্তন করতে ক্লিক করুন
সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গিয়ে জোরপূর্বক খাওয়াচ্ছে দিল্লি পুলিশ, অনশন চালাচ্ছেন ছাত্ররা

স্কেচ: এআই

শেয়ার করুন:

সোনমকে হাসপাতালে ভর্তির পর ককরোচ জনতা পার্টির সর্বোচ্চ নেতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, এবার তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন, ততক্ষণ তাঁর এই অনশন জারি থাকবে।

কলকাতা, ভারত: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশনের ২১তম দিনে লাদাখের বিজ্ঞানী, শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে যন্তরমন্তর থেকে হাসপাতালে নিয়ে গেছে দিল্লি পুলিশ। তবে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন সিপিআইএমএল-লিবারেশনের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) তিন ছাত্রছাত্রী।অনশনরত এই ছাত্ররা হলেন নেহা বোরা, আমিন আতাজ ও মনীশ।


জানা গেছে, শনিবার ভোরে যন্তরমন্তরে দিল্লি পুলিশ প্রবেশ করে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যায়। তাঁকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে ‘ফোর্স ফিডিং’ (জোরপূর্বক খাওয়ানো) চলছে। দিল্লি পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশেই সোনমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এদিকে সোনমকে হাসপাতালে ভর্তির পর ককরোচ জনতা পার্টির সর্বোচ্চ নেতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, এবার তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন, ততক্ষণ তাঁর এই অনশন জারি থাকবে। অন্যদিকে, অভিজিৎ এদিন পুলিশের বিরুদ্ধে তাঁকে শারীরিক হেনস্তার অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, যন্তরমন্তরে চলমান বিক্ষোভস্থলে প্রবেশ করতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়, মারধর করে এবং তাঁকে আটকও করা হয়।


সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে ভর্তি করাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। বিশিষ্ট এই শিক্ষাবিদকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। উনি শুধু সরকারের সঙ্গে আলোচনা চেয়েছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহে অনশন করে কেন্দ্রীয় সরকারের নীরবতা ছাড়া কিছুই পাননি। ঠিক যেভাবে দেশের হাজার হাজার ছাত্র-যুবর প্রশ্নে সরকার নীরব, সেভাবেই। গণতন্ত্রে পিসফুল (শান্তিপূর্ণ) বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত। এভাবে নীরব থাকা যায় না।” এই বক্তব্যের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তির আর্জি জানিয়েছেন। তাঁর সাফ কথা, “এই সরকারকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না।”


এদিকে সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তির পর যন্তরমন্তর খালি করতে তৎপরতা চালাচ্ছে দিল্লি পুলিশ। আগামী সোমবার অর্থাৎ ২০ জুলাই যন্তরমন্তর থেকে ভারতের সংসদ ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে ছাত্র-জনতার। সেই মিছিলে শামিল হতে ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টিসহ আন্দোলনকারী সংগঠনগুলির কাছে নাম নথিভুক্ত করেছেন ভারতের আড়াই লাখ ছাত্র-যুব। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। আর এই কর্মসূচি বানচাল করতেই দিল্লি পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। উল্লেখ্য, মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু হলেও, তা এখন ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের রূপ নিয়েছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: