রুমির পথ ধরে হৃদয়ের পর্দা উন্মোচন

আরিফ রহমান
আরিফ রহমান
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬পরিবর্তন করতে ক্লিক করুন
রুমির পথ ধরে হৃদয়ের পর্দা উন্মোচন
শেয়ার করুন:

মাসনবীর প্রথম লাইন আমাদের মনে করিয়ে দেয়, ঝড়ের মুখে টিকে থাকতে হলে আমাদের বিশ্বাসের শিকড়কে মাটির গভীরে নিয়ে যেতে হবে। জাগতিক মোহের ছলনা পেরিয়ে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে নিতে হবে।

জালালুদ্দিন রুমির মহাকাব্য ‘মাসনবী’। সুফি মহলে প্রচলিত আছে, মাসনবীর প্রথম ১৮টি লাইন গভীরভাবে বুঝতে হলে নাকি একজন মানুষকে পুরো ৪০ বছর সময় ব্যয় করতে হবে। আমরা সেই মহাসমুদ্রের প্রথম লাইনটি বিশ্লেষণ করলে দেখি, ৮০০ বছর আগের রুমির দর্শনের ভেতরে কীভাবে লুকিয়ে আছেন ইমানুয়েল কান্ট, সক্রেটিস, সোরেন কিয়ের্কেগার্ড কিংবা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর।

ইমানুয়েল কান্ট বলেছিলেন— দুটি জিনিস আমাদের মনকে সবসময় বিস্ময় ও প্রশংসায় ভরিয়ে দেয়। একটি হলো আমাদের মাথার ওপরে থাকা তারকারাজি এবং অন্যটি আমাদের নিজের হৃদয়ের ভেতরের নৈতিক নিয়ম বা বিবেক। কান্টের জন্মের সাড়ে চারশো বছর আগে মারা যাওয়া রুমি হয়তো কান্ট পড়েননি, কিন্তু তিনি পড়েছিলেন আল-কুরআন। যেখানে বলা হয়েছে, স্রষ্টার নিদর্শন লুকিয়ে আছে দুটি জায়গায়—একটি এই বহির্বিশ্বে, অন্যটি আমাদের নিজেদের অন্তরে।

রুমির কাছে এই অন্তরের নিদর্শনের গভীরতা ছিল সীমাহীন। আজকের পশ্চিমা বিশ্বে রুমি অত্যন্ত জনপ্রিয় কবি। কিন্তু আধুনিক অনুবাদের এক বড় ট্র্যাজেডি হলো, রুমির লেখার ভেতরের কোরআনিক থিম বা স্রষ্টার প্রতি সমর্পণকে বাদ দিয়ে সেগুলোকে স্রেফ সাধারণ মোটিভেশনাল বা রোমান্টিক কবিতা বানিয়ে ফেলা হয়েছে। অথচ রুমিকে বুঝতে হলে তাঁর আধ্যাত্মিক উৎসের খোঁজ রাখা জরুরি। 

রুমির যেকোনো লেখা পড়ার এক অনন্য সুফি সূত্র আছে। তাঁর রূপক গল্পের প্রতিটি চরিত্র আসলে আপনি নিজে। গল্পের খরগোশ যেমন আপনি, কচ্ছপও আপনি; অহংকারী রাজাও আপনি, আবার মজলুম প্রজাও আপনি। আপনার ভেতরেই ভালো-মন্দ সব চরিত্রের বাস। রুমি বলছেন, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এতটাই গভীর ও মজবুত হতে হবে, যেন জীবনের চরম দুর্যোগেও আমাদের জীবন অর্থহীন মনে না হয়।

এখানেই আসে জীবনের ‘হায়ার পারপাস’ অর্থাৎ উচ্চতর উদ্দেশ্যের কথা। আমাদের সাধারণ জাগতিক কাজের একটি তাৎক্ষণিক উদ্দেশ্য থাকে, কিন্তু তার পেছনে একটি উচ্চতর উদ্দেশ্য থাকা প্রয়োজন। ধরুন, আপনি কাউকে খেতে দিচ্ছেন। আপনার তাৎক্ষণিক উদ্দেশ্য তার ক্ষুধা মেটানো, কিন্তু উচ্চতর উদ্দেশ্য হওয়া উচিত স্রষ্টার সন্তুষ্টি অর্জন। তাই যদি কোনো দুর্ঘটনায় আপনি খাবার দিতে ব্যর্থও হন, আপনার উচ্চতর উদ্দেশ্য কিন্তু তাতে ব্যাহত হয় না। 

সোরেন কিয়ের্কেগার্ড বলতেন, কোনো জাগতিক লক্ষ্য বা সম্পর্ক হারানোর পর যদি আপনার জীবন শূন্য মনে হয়, তবে বুঝবেন সেই শূন্যতা আপনার ভেতরে আগে থেকেই ছিল। আপনার কাজ বা সম্পর্কগুলো আসলে সেই শূন্যতা ভুলিয়ে রাখার সাময়িক ‘ডিস্ট্র্যাকশন’ মাত্র। 

একে আধুনিক মনোবিজ্ঞানে ‘গোল্ড মেডেল সিনড্রোম’-ও বলা যায়। অলিম্পিকে সোনা পাওয়ার পর অনেক সময় অ্যাথলেটরা চরম বিষণ্ণতায় ভোগেন— কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় মেডেল বিজেতার জীবনের সর্বোচ্চ লক্ষ্য পূরণ হয়ে গেছে, কিন্তু এর পেছনে কোনো উচ্চতর উদ্দেশ্য ছিল না।  ক্যারিয়ার, প্রমোশন বা গাড়ি-বাড়ির পেছনে অন্ধের মতো ছোটার পর যখন মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে, তখনও এক চরম শূন্যতা তাকে গ্রাস করে, যদি না তার জীবনে কোনো ‘হায়ার পারপাস’ থাকে। রুমি বলেছিলেন, জীবনের বড় আঘাতগুলোই আমাদের অহংকার ভেঙে দেয় এবং আমাদের হৃদয়কে ঐশ্বরিক আলোর জন্য উন্মুক্ত করে। 

মাসনবীর প্রথম লাইনে রুমি আরেকটি শব্দ ব্যবহার করেছেন—‘আনভেইলিং’ বা পর্দা উন্মোচন। এই পর্দা হলো আমাদের লোভ, লালসা আর অহংকারের পর্দা। যেখানে সারাক্ষণ ‘আমি আর আমার’ ইগো কাজ করে।  রবীন্দ্রনাথের যেমন বলছেন—"মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না।" 

এই মেঘই হলো আমাদের অহংকারের পর্দা, যা ঐশ্বরিক প্রেমকে আড়াল করে রাখে। ইমাম গাজ্জালির কথা মনে পড়ে। যখন তিনি তাঁর জ্ঞান ও সম্মানের চূড়ায়, তখন তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন—এই সবকিছু কি আসলেই স্রষ্টার জন্য, নাকি নিজের খ্যাতি ও অহংকারের জন্য? অহংকার দূর না হলে স্রষ্টার সন্ধান মেলে না।

প্রথম লাইনের শেষ শব্দ হলো ‘সিক্রেটস’ বা রহস্য, যার ফারসি শব্দ ‘আসরার’। সুফি পরিভাষায় ‘সের’ বা রহস্য হলো মানুষের অন্তরের গভীরতম স্তর। সুফিদের একটি বিখ্যাত লাইন প্রায়ই বলেন—"মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।" অর্থাৎ, যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে। গ্রিক দার্শনিক সক্রেটিসের কালজয়ী বাণী ছিল—নিজেকে জানো। অথচ আজ আমরা নিজেকে না জেনে কেবল নিজের মত হও-এর মোহে অন্ধ হয়ে আছি। নিজেকে জানার এই গভীর আধ্যাত্মিক মানচিত্রই হলো মাসনবী।

 

মাসনবীর প্রথম লাইন আমাদের মনে করিয়ে দেয়, ঝড়ের মুখে টিকে থাকতে হলে আমাদের বিশ্বাসের শিকড়কে মাটির গভীরে নিয়ে যেতে হবে। জাগতিক মোহের ছলনা পেরিয়ে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে নিতে হবে।



-- --
লেখকঃ আরিফ রহমান


পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: