বাংলার ভাব পরম্পরায় কালী ও তারাকূল থেকে শাক্তকাব্যের ধারা

ইওরোপের কেতাবি আলোকায়ন আর তার জ্ঞানতাত্ত্বিক আধিপত্যের পরিকাঠামোর সমান্তরালে বঙ্গের তথা উপমহাদেশের মৌখিক পরম্পরা ও জ্ঞানতত্ত্ব বিরোধী অভদ্রবিত্ত তথাকথিত সাব-অল্টার্ন ঐতিহ্যকে কীভাবে আমলে নিয়েছেন কাজী নজরুল, যা কিনা একইসাথে পশ্চিমা আলোকায়নের পাশাপাশি বৈদিক জ্ঞানতাত্ত্বিক আধিপত্যবাদী পরিকাঠামো ও ইসলামিক রাষ্ট্রবাদের (মওদুদির রাষ্ট্রপ্রকল্প) বিরুদ্ধাচার।
ঔপনিবেশিক নন্দনতত্ত্ব ও ভাবের কাব্যিক প্রকাশ হিসাবে ‘কবিতা’ লিখনের বহু বহু যুগ আগে থেকেই কাব্যই ছিল যাপিত ও দার্শনিক জীবনের একমাত্র জ্ঞাপনের (কমিউনিকেশন) মাধ্যম। চর্যাপদেরও বহু আগে থেকেই যেমন বাংলা ভাষা ও বঙ্গভূমির অস্তিত্বের জানান দেয় প্রত্নতত্ত্ব ও ইতিহাসেরও আদিকাল, তেমনই বাংলা কাব্যও পুঁথি সাহিত্যেরও আগে মুখনিঃসৃত গুরুপরম্পরা থেকে বাহিত হয়েছে। যা একই সঙ্গে ধারণ করত বঙ্গের গণযাপন, সমাজচিত্র, আধ্যাত্মিকতা, নন্দনতত্ত্ব ও দার্শনিক মীমাংসাকে। তো বঙ্গে কাব্যের ধারণা অনেকাংশেই সাধনা ও দার্শনিক মীমাংসাকেন্দ্রিক। আর তাই তন্ত্রের আদিক্ষেত্র হিসাবে পরিচিত বঙ্গদেশে শক্তি সাধনার (কালী ও তারা) সঙ্গে তালমিলিয়েই গড়ে উঠেছিল বিশেষ ধর্মীয় শাক্ত ধারা। যার প্রকাশ ঘটেছিল শাক্ত পদাবলীতে।
শাক্ত পদাবলী বললেই আমরা সাধারণত রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য ও শ্রীরামদুলাল নন্দীর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাই। কিন্তু শাক্ত পদাবলীর নিবিড় পর্যালোচনায় দেখা যায় বাংলা কাব্যের উল্লেখিত তিন মহান পদকার বা কবি ছাড়াও শাক্ত পদাবলি সৃজনে গুরুত্বপূর্ণ হয়ে আছেন শম্ভুচন্দ্র, শিবচন্দ্র, রাধিকা প্রসন্ন, কালিদাস চট্টোপাধ্যায়, গোবিন্দ চৌধুরী, দাশরথি রায়, রাম বসু প্রমুখ। পরবর্তীতে কাব্যের এই ধারায় নিজেদের যুক্ত করেছেন প্রেমিক মহেন্দ্রনাথ ভট্টাচার্য, নবীনচন্দ্র বা নবাই ময়রা, গিরিশচন্দ্র ঘোষ, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও মাইকেল মধুসূদন দত্ত। এবং তারপরে বাংলার ভাব পরম্পরা ক্রমে এই ধারায় যুক্ত হয়েছেন জালালুদ্দিন খাঁ ও কাজী নজরুল ইসলাম। এমনকী চৈতন্য-নিত্যানন্দ পরম্পরা ক্রমে নদীয়াকেন্দ্রিক বাংলার ভাবান্দোলনের মহাপ্রাণ লালন শাহের কালামেও আদ্যাশক্তির আলাপ এসেছে ভিন্নভাবে।
গিরীশচন্দ্র, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, মাইকেল মধুসূদন, জালালুদ্দিন ও কাজী নজরুল যদিও কেবলমাত্র শাক্ত কবি হিসাবে পরিচিত নন, কিন্তু তাঁদের বিবিধ কাজের মধ্যে মাতৃধারার কাব্য ও কবিতা গুরুত্বপূর্ণ। যা শাক্ত পদাবলীকে আধুনিক সময়কাল অবধি প্রসারিত করেছে। আর তাই শাক্ত ভাবের সকল সৃজন কালের গণ্ডি পেরিয়ে আজও নন্দনতত্ত্ব, সমাজ ও দর্শনের প্রশ্নে সমান গুরুত্বপূর্ণ হয়েই থেকে যায়। যদিও শাক্ত পদাবলী থেকে শুরু করে পরবর্তীকালে কবিদের কবিরা কালী বা তারাকে আদ্যাশক্তি, মহাকাল বা মহাশক্তি হিসাবে বিবেচনা করে ধরাছোঁয়ার বাইরে থাকা পরম সত্তার সঙ্গে কবির ক্ষুদ্র জৈবসত্তার দূরত্বজনিত হীনমন্যতা প্রকাশ করেননি। বরং মহাকালের লৌকিক রূপান্তর ঘটিয়েছেন অনায়াসেই। পরমা শক্তি হয়ে উঠেছেন কখনও কবির মা, কখনও মেয়ে এমনকী কখনও বা প্রেয়সী। কাব্যে উঠে এসেছে প্রেম, আকুতি, বিরহ, গঞ্জনা… এমনকী মহাশক্তিকে নানা সময় অভিযুক্ত করতেও দেখা গিয়েছে রামপ্রসাদ, কমলাকান্তের মতো শাক্ত কবিকে। আবার দেবী সতীর অন্যতম প্রকাশ উমা রামপ্রসাদ সেনেদের শাক্তসঙ্গীতে হয়ে উঠেছেন ঘরের মেয়ে।
তন্ত্রের ধারা, কালী ও তারা: শাক্ত সংস্কৃতির পূর্ব প্রেক্ষাপট
বঙ্গে শাক্ত ও বৈষ্ণব, দুই ধারাই প্রবলভাবে গুরুত্বপূর্ণ। সেন যুগে স্মার্ত ব্রাহ্মণদের সাংস্কৃতিক আধিপত্য কায়েম হওয়ার তন্ত্র ও শক্তি সাধনাই ছিল বঙ্গের ভাবকেন্দ্রক। এমনকী শ্রীচৈতন্য নিজেও তন্ত্র সাধনা করেছেন। কিন্তু বর্ণাশ্রম ভিত্তিক পুরোহিত আধিপত্যবাদী সমাজ কায়েম হওয়ায় তন্ত্রের বিকৃতি ঘটে। সেই বিকৃত নব্যতন্ত্রকে খারিজ করতেই শ্রীচৈতন্য বহিরঙ্গে রাধা ও অন্তরঙ্গে কৃষ্ণের এক দেহে যুগল বিরাজ থাকার চিন্তা বা অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব সামনে আনেন। সে ভিন্ন আলাপ। কিন্তু এটা বুঝে নেওয়া জরুরি যে বৃহৎ বঙ্গের সমষ্টিগত নির্জ্ঞানবাহিত সংস্কৃতিতে শাক্ত ধর্ম ও বজ্রযানী বৌদ্ধধর্ম প্রবলভাবে ছাপ ফেলে রেখেছে। আর তার জেরেই বঙ্গের কাব্য-ইতিহাসে শাক্ত পদাবলী ব্যাপক অংশ দখল করে রেখেছে।
বেদ ও বৈদান্তিকদের বঙ্গে আগমনের বহু আগে থেকেই জল-জঙ্গলে ঢাকা বৃহৎ বঙ্গের দার্শনিক মীমাংসার উপায় ছিল তন্ত্র। চুরাশি মহাসিদ্ধদের অন্যতম মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ—চর্যাপদে ও বৌদ্ধধর্মে যাঁকে বলা হচ্ছে মীনপা—তাঁর সঙ্গে বঙ্গ ও তন্ত্র উভয়ের নিবিড় সম্পর্ক। অসমের কামাখ্যাধাম মৎস্যেন্দ্রনাথের স্মৃতিবিজড়িত। এই মৎস্যেন্দ্রনাথকেই মনে করা হয় শিব বা আদিনাথের সরাসরি শিষ্য।
ভারতবর্ষে তন্ত্রচর্চায় দক্ষিণ ভারতের শ্রী রামানুজাচার্য থেকে বঙ্গের বরিশালের মৎস্যেন্দ্রনাথ গুরুস্থানীয়। তিনি নাথপন্থার প্রতিষ্ঠাতাও। তো ভারতবর্ষের তন্ত্রচর্চার মূলত তিনটি কূল কালীকূল, তারাকূল ও শ্রীকূলের মধ্যে কালী ও তারাকূলের চর্চা হয়েছে বঙ্গে। তার মধ্যে বৃহৎ বঙ্গ অর্থাৎ আজকের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, বিহার ও উড়িষ্যা মিলিয়ে যে ভূখণ্ড, সেই প্রাচীন অঞ্চলে কালীকূল বরাবরই দার্শনিক মীমাংসা ও আধ্যাত্মিকতায় গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকেই কালীতন্ত্রে প্রসারিত হয়েছে আজকের মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও।
অন্যদিকে তিব্বত অঞ্চল থেকে বঙ্গে প্রসারিত হয়ে কালীকূলের মতোই তন্ত্রের তারাকূল অন্যতম সাধনমাধ্যম হিসাবে চর্চিত হয়েছে। আর শ্রীকূল হল মহালক্ষ্মীকেন্দ্রিক তন্ত্রের সেই ধারা যা বৈদিক দর্শনের সঙ্গে মিশে গিয়েছে দক্ষিণ ভারতে। স্বয়ং আদি শঙ্করাচার্য তন্ত্রের এই শ্রীবিদ্যা বা শ্রীকূল ধারা অনুসরণ করেছিলেন। তো আদ্যাশক্তির তিন রূপ অর্থাৎ মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর মধ্যে প্রথম ও তৃতীয় রূপের বন্দনা কালী ও তারার মাধ্যমে বঙ্গে সাধিত হয়েছে। মনে রাখতে হবে তন্ত্রে তারা হচ্ছেন নীলসরস্বতী বা মহাসরস্বতী।
এদিকে শ্রীকূল বা শ্রীবিদ্যা মূলত দশমহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী বা ত্রিপুরাসুন্দরী বা রাজ রাজেশ্বরীকে কেন্দ্র করে আবর্তিত। দেবী ষোড়শীকে অনেকেই মহালক্ষ্মী হিসাবে দেখেন। কেননা দেবী ষোড়শীর বীজমন্ত্রের সঙ্গে ঋগ্বেদের শ্রীসূক্ত (যা লক্ষ্মীর আরাধনায় ব্যবহৃত হয়) যুক্ত। তান্ত্রিক গ্রন্থ ‘ত্রিপুরারহস্য’ অনুযায়ী লক্ষ্মী স্বয়ং দেবী ত্রিপুরাসুন্দরী বা ষোড়শীর তপস্যা করেছিলেন। আবার ত্রিপুরাসুন্দরীকে কেন্দ্র করে শ্রীবিদ্যা তন্ত্র আবর্তিত হলেও ত্রিপুরাসুন্দরীর সঙ্গে বৃহৎ বঙ্গের অন্যতম ত্রিপুরা রাজ্যের গভীর সংযোগ। ত্রিপুরার উদয়পুরের মন্দিরটি ৫১ শক্তিপীঠের অন্যতম। ‘তন্ত্রচূড়ামণি’ বলছে, ৫১ শক্তিপীঠের দেবী হলেন ত্রিপুরাসুন্দরী বা দেবী ষোড়শী, যাঁর ভৈরব ত্রিপুরেশ্বর। সুতরাং শ্রীবিদ্যার প্রসার দক্ষিণ ভারতে হলেও তার সঙ্গে বৃহৎ বঙ্গের বা বৃহৎ বাংলার মূলগত সম্পর্ক রয়েছে।
তার মানে এটা বলাই যায় যে, তন্ত্রের মূল তিনটি ক্ষেত্রই (কালীকূল, শ্রীকূল, তারাকূল) বৃহৎ বঙ্গের সঙ্গে সম্পর্কিত। এক কথায় নিরাকার আদ্যাশক্তিকে বিভিন্ন রূপকল্পনার মধ্যে ধারণ করে সেই রূপ দিয়ে ফের পরম নিরাকার বা মহাকালের সঙ্গে সত্তার সম্পর্ক স্থাপন হেতু তন্ত্রবিদ্যার চর্চা চলেছে বঙ্গে, যার লৌকিক রূপান্তরের সামাজিক ও নান্দনিক প্রকাশ ঘটেছে কাব্যে।
সময়, ভাব, রস ও দেহ
শাক্তগীতি নিয়ে আলোচনায় মাঝে মাঝে ‘দর্শন’ শব্দটি ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে আগেই বলে রাখা দরকার এখানে দর্শন বলতে অতি অবশ্যই ‘ভাব’কে বোঝানো হচ্ছে। কারণ যাকে দর্শন বলা হয়, তা সত্তার বাইরের জগত সম্পর্কিত। দর্শন শব্দটির অর্থ যেহেতু ‘দেখা’, অর্থাৎ দ্রষ্টা যা দেখছেন সেই সম্পর্কিত বিশ্লেষণকে যদি ‘দর্শন’ বলা হয় তাহলে তার সঙ্গে বৃহৎ বঙ্গের ‘দর্শন’-এর ফারাক রয়েছে। কারণ সত্তা ও সময় এখানে আলাদা নয়। সত্তার অনুভূতি ও সাক্ষ্যেই নির্ণীত হয় সময় বা কাল। সুতরাং সময় ও সত্তা একইসঙ্গে বিরাজমান। শাক্ত ধর্মে এই সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার চৈতন্য-নিত্যানন্দ-অদ্বৈতাচার্য নামক নদীয়ার তিন মহাপ্রভু এই সময় ও সত্তার সংশ্লেষণের দ্বারা চিহ্নিত করলেন ‘রস’ বা ‘রসবৃত্তি’কে। পরবর্তীতে লালন সাঁইজী এই সময় ও রসবৃত্তির পরে আরও যে বিষয়টিকে গুরুত্ব দিলেন সেটি হল ‘ভাব’।
এই বিষয়গুলি এ কারণেই এখানে উল্লেখযোগ্য যেহেতু তন্ত্র সত্তা বা দেহ-জগতের মাধ্যমেই বহির্জগতের মীমাংসা করতে শেখায়, শেখায় যে ‘যাহা আছে দেহভাণ্ডে তাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে’; তাই ‘দর্শন’ এখানে শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মতো এবং পাশ্চাত্য দর্শনের বিষয়ে দেহের বাইরের বিষয় নয়, বরং তা নিতান্তই দেহের মধ্যে দিয়ে ব্রহ্মাণ্ড পর্যালোচনার বিষয়। তাই দর্শন আসলে বৃহৎ বঙ্গে ভাব।
রামপ্রসাদ, কমলাকান্ত, শ্রীরামদুলাল থেকে জালালুদ্দিন খাঁ ও কাজী নজরুলের শাক্তগীতি বা শ্যামাসংগীত পর্যালোচনার ক্ষেত্রে মনে রাখা দরকার যে ভাব এখানে গুরুত্বপূর্ণ। মনে রাখা দরকার ভাব ও ভাবকেন্দ্রিক তত্ত্বই বাংলার সামগ্রিক আধ্যাত্মিক, সামাজিক ও সাংস্কৃতিক পরম্পরার মূল জায়গা। আবার এই ভাব মানে পাশ্চাত্যের ‘ভাববাদ’ বা ‘আইডিয়ালিজম’ নয়। বাংলায় তন্ত্র থেকে শুরু অচিন্ত্যভেদাভেদ তত্ত্বে আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল লীলা। ভাব ও বস্তুর দ্বান্দ্বিক দ্বৈতাদ্বৈত প্রকাশ হচ্ছে ‘লীলা’।
সময় ও সত্তা
বর্ধমানের সাধক-কবি কমলাকান্ত ভট্টাচার্য (১৭৬৯-১৮২১) এই বৃহৎ বঙ্গের মাটিতে বসে পদ বাঁধলেন, “সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী’… এই গানে একটি বিখ্যাত লাইন আছে, সেটি হল, ‘ব্রহ্মাণ্ড ছিল না যখন মুণ্ডমালা কোথায় পেলি/ সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী/ তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি…/” কবি ও দার্শনিক ফরহাদ মজহার তাঁর ‘ভাবান্দোলন’ গ্রন্থে দেখিয়েছেন, জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার (১৮৯৯-১৯৭৬) ‘বিইং অ্যান্ড টাইম’ লেখার বহু বহু দিন আগেই বাংলার মাটিতে কমলাকান্ত ‘বিইং’ অর্থাৎ সত্তার সঙ্গে ‘টাইম’ অর্থাৎ কাল বা সময়ের সম্পর্ক নিয়ে একই অবস্থান ব্যক্ত করেছেন। কী সেটি?
কালী যদি কালের আদি হন বা তাঁর থেকে যদি কালের জন্ম হয়, তাহলে যখন ব্রহ্মাণ্ডের অস্তিত্বই ছিল না তিনি তখন কীভাবে মানুষের মুণ্ডমালা পেলেন! অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে কমলাকান্ত বুঝিয়ে দিলেন সত্তার (মানুষ) নিরিখেই সময় চিহ্নিত হয়। সত্তা আছে বলেই মহাকাল অস্তিত্বময়ী। তিনি মহাকালের মনমোহিনী, কিন্তু মন তো সত্তার অধীন। সত্তা ভাব বা উপলব্ধি দিয়ে, রসবোধ দিয়ে পরম অস্তিত্বের বিষয়ে সাক্ষ্য দেয়। অর্থাৎ বিইং অ্যান্ড টাইম একইসঙ্গে ক্রিয়াশীল। খেয়াল করলে দেখা যাবে কোরআনে উল্লেখ করা হচ্ছে, “অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব।”—( সুরা আল-আরাফ, আয়াত ১৭২)। অর্থাৎ স্বয়ং আল্লাহতালা তাঁর অস্তিত্বের বিষয়ে মানুষকে সাক্ষী করছেন। আর সেই সাক্ষীকেই আবারও শাক্ত গীতিতে কালীর সঙ্গে লীলায় মেতে হাজির করেছেন কমলাকান্ত ভট্টাচার্য।
আবার এই শাক্তভাবের লোক না হয়েও ফকির লালন শাহ নবী হযরত মোহাম্মদ (সা.)-এর কন্যা ফাতেমাতুজ জোহরার সঙ্গে আদ্যাশক্তি পরমার তুলনা করছেন যেভাবে সেখানে তিনি কালী বা পরমা আদ্যাশক্তিকে সৃষ্টি ও ধ্বংসের উপরের পরমসত্তা বলছেন এইভাবে—
“শুনেছি মা তুমি অবিম্বধারী
বেদের উপর গম্ভু তাহারি
তারে চেনা হল ভার ওরে মন আমার
ভুলে রইলি ভবের ভাব ভূষণে।
ভজরে মন জেনে শুনে।”
তিনি জন্মমৃত্যুর ঊর্ধ্বে, তাঁর সৃষ্টি নাই, ধ্বংসও নাই, আর সে কারণেই তাঁর ছায়া পড়ে না। এমনকী তিনি সমস্ত জ্ঞান, শাস্ত্র, পুঁথির উপরে অবস্থান করেন। তাঁকে উপলব্ধি করতে হলে ভোগবিলাস ও রিপুতাড়না থেকে মুক্ত হয়ে আত্মতত্ত্বে সাধনায় ডুবতে হবে। তাঁর অনস্তিত্বের অস্তিত্বকে স্বীকার করে নিয়ে আত্মতত্ত্বে মগ্ন হয়ে তাঁকে পেতে হবে। অর্থাৎ লালনও জানাচ্ছেন তিনি সময়ের আদিতে অবস্থান করেন, তাঁর ছায়া নাই, তিনি আদতে নিরাকার, কিন্তু তাঁর সাকারভাব পেতে নিজের স্বরূপকে জানতে হবে। বাংলার ভাব পরম্পায় পরম আর আত্ম বিচ্ছিন্ন কিছু নয়, সময় ও সত্তা বিচ্ছিন্ন কিছু নয়। নিজের ভিতর থেকেই উপলব্ধি, রস ও ভাবের ভিতর থেকে তাঁর সন্ধান পেতে হয়।
ভাব, ভক্তি ও বিরহ
কঠোর সাধনা, গুপ্তবিদ্যা, যন্ত্র ও মন্ত্রের ব্যবহার—ইত্যাদিকে কেন্দ্র করে তন্ত্রও যখন গুরুগম্ভীর ও সাধারণ মানুষ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তখন স্রেফ ভাব ও ভক্তির ধারাকে আশ্রয় করে শাক্ত কবিরা কালী ও তারার কাব্যিক এবাদত করেছেন। আর উমা থেকে কালী কিংবা তারা হয়ে উঠেছেন বাংলার গৃহীর আপন মেয়ে। সাধক রামপ্রসাদ সেন (১৭১৮-১৭৭৫) তো কালীকে কখনো মাতৃজ্ঞানে কখনো আবার কন্যাস্নেহেই দেখেছেন। যে কারণে জনশ্রুতি ছড়িয়ে পড়েছিল, স্বয়ং কালী রামপ্রসাদের কন্যারূপে তাঁর উঠানের ফলানো ফসলের চারপাশে বেড়া বেঁধে দিয়েছেন। আর এই জনশ্রুতির ছাপ রয়ে গিয়েছে রামপ্রসাদী গানেও—“কালী নামে দাও হে বেড়া ফসলে তছরুপ হবে না…”। হয়তো কালী নামে বেড়া দেওয়ার আবেদনটা নেহাতই প্রতীকী, বরং মনের মধ্যে বেড়া দিতে বলছেন তিনি যাতে ষড়রিপু বিভ্রান্তি না ছড়াতে পারে, যাতে আত্মজ্ঞানের ফসল লাভ করতে পারে ভক্ত। কিন্তু এ কাজের জন্য দরকার মুর্শিদ বা গুরু। কারণ, “গুরু রোপণ করেছেন বীজ/ ভক্তি ব’রে তাই সেচো না…’’। গুরুর প্রতি প্রেম ও ভক্তির যে সহজ মার্গ বাংলার ভাবান্দোলনের কেন্দ্রে অবস্থান করছে তা যে কেবলমাত্র নদীয়ার ফকিরি ধারাতে বিদ্যমান তা নয়। বরং তন্ত্র পরবর্তী শাক্তকাব্যেও গুরুপ্রেম ও ভক্তিকেই পরমাসুন্দরীকে পাওয়ার উপায় বলা হচ্ছে।
কবি দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র কবি ও সঙ্গীতজ্ঞ দিলীপকুমার রায় (১৮৯৭-১৯৮০) বিরচিত একটি জনপ্রিয় পদ, যা পরবর্তীতে গান হিসাবে তাঁরই দেওয়া সুরে পান্নালাল ভট্টাচার্য রেকর্ড করেন। সেই গানে দিলীপকুমার স্পষ্টভাবেই বলছেন--
আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা
শুধু যা জেনেছি, সেটুক হল এই
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই…”
তন্ত্রমন্ত্র নয়, বরং ভক্তি ও প্রেম হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এই পদে কালীর জন্যে অঝোর ধারায় অশ্রু বিসর্জনের কথাও আছে। কালী এখানে যেন প্রেয়সী। তাঁর বিরহে কবি এখানে কবির মূর্ছা যাচ্ছেন। তন্ত্রে বিরহের এমন কোনো নজির না থাকলেও বৈষ্ণব পরম্পরায় শ্রীকৃষ্ণের জন্য শ্রীরাধিকার যে ব্যাকুলতা ও বিরহ, সেই একইপ্রকার বিরহ তাড়া করছে কালীপ্রেমে আকুল সাধক-কবিকে। এমনকী সেই বিরহ এতটাই প্রবল যে কালীর দেখা না পেয়ে মাটির মূর্তি-সহ গঙ্গার জলে আত্মঘাতীও হন কবি রামপ্রসাদ সেন।
আবার শাক্তভাবের কাব্যে বিরহ উমাভাবের পদগুলির বিজয়া দশমীকেন্দ্রিক পদ বা কাব্যে বিশেষভাবে ফুটে ওঠে। দুর্গাপূজার সময় আসলে কৈলাসের পতিগৃহ থেকে মা মেনকার বাড়িতে সন্তানদের নিয়ে উমা বেড়াতে আসেন। কিন্তু নবমী নিশি থেকেই ভক্তের মনে ফুটে ওঠে উমাকে বিদায় জানানোর সময় আগমনের বেদনা। কারণ তাঁকে দশমীতে ফিরে যেতে হবে। এমন একটি ভাব মাইকেল মধুসূদন দত্ত বিরচিত কাব্য থেকে সামনে আসে। যেখানে উমার মা মেনকার বয়ানে মাইকেল পদটি রচনা করেছেন। আসলে উমা তো আসেন বঙ্গবাসীর ঘরে। বঙ্গবাসী উমাকে বরণ করে নেয় নিজের মেয়ের মতো। বাংলার মায়েরাই হয়ে ওঠেন উমার মা। ভক্তের রূপ হয় মায়ের। দেবী হয়ে যান সন্তান। আর কন্যাসন্তানকে পতিগৃহে যাত্রাকালের বিদায় জানাতে বিষাদে ভরে যায় বঙ্গবাসীর মন। মেনকার বয়ানে তাই মাইকেল মধুসূদন লিখছেন—
যেও না রজনী, আজি ল’য়ে তারাদলে।
গেলে তুমি, দয়াময়ী এ পরাণ যাবে।
উদিলে নির্দয় রবি উদয়-অচলে,
নয়নের মণি মোর নয়ন হারাবে।
বারমাস তিথি, সতী, নিত্য অশ্রুজলে
পেয়েছি উমায় আমি; কী সান্ত্বনা-ভাবে—
তিনটি দিনেতে, কহ লো তারা-কুন্তলে,
এ দীর্ঘ বিরহ-জ্বালা এ মন জুড়াবে?
তিন দিবস স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে
দূর করি অন্ধকার; শুনিতেছি বাণী—
মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে।
দ্বিগুণ আঁধার ঘর হবে, আমি জানি,
নিবাও এ দীপ যদি—কহিলা কাতরে
নবমীর নিশা-শেষে গিরিশের রানি।।
রামপ্রসাদ সেনের মতোই দ্বিজ রামপ্রসাদ নামের আরেক কবির সন্ধান পাওয়া যায় শাক্তভাবের কাব্যে। তিনি দ্বিজ রামপ্রসাদ। অনেকেই তাঁর গানকে রামপ্রসাদ সেনের গান ভেবে ভুল করেন। তো এই দ্বিজ রামপ্রসাদ ঘোষণা করে বসলেন যে তন্ত্রমন্ত্র নয়, স্রেফ ভক্তির জেরেই তিনি ব্রহ্মময়ীর জমিদারী কিনে নিতে পারেন। ভক্তির জেরে তিনি নিজেকে উন্মাদ স্বীকার করে স্বয়ং ব্রহ্মময়ী ও তাঁর স্বামীকেও পাগল বলে চিহ্নিত করছেন—
আপন পাগল পতি পাগল
মাগো আরও পাগল আছে।
বলে দ্বিজ রামপ্রসাদ
আছে এ মনের সাধ মা।
আমি ভক্তির জোরে কিনতে পারি
ব্রহ্মময়ীর জমিদারী
অভিযোগ, অনুযোগ, বিবাদ
তবে কালীপ্রেমের এহেন কাব্যধারায় কেবল কালীস্তুতি নেই। শিশুর মতো কালীকে অভিযুক্ত করেছেন রামপ্রসাদ সেন। এমনকী গালিগালাজও করেছেন। কালীর দোষ তিনি ভক্তের ডাকে সাড়া দিচ্ছেন না! অবশ্য কালী সাধক রামকৃষ্ণ পরমহংস কিংবা তারাসাধক বামাখ্যাপাকেও এমন অভিযোগ অনুযোগ করতে শোনা গেছে বলে ইতিহাস ও জনশ্রুতি থেকে জানা যায়। তো রামপ্রসাদ ও কমলাকান্ত উভয়ের অভিযোগ, অনুযোগমূলক ও কালীর সঙ্গে তাঁদের বিবাদের দৃষ্টান্ত হয়ে আজও সাক্ষ্য দেয় তাঁদের বহু পদ। এমনকী কালীর সঙ্গে রামপ্রসাদ সেনের বিবাদ এই পর্যায়ে গিয়েছিল যে গানে গানে কালীকে তিনি জানিয়েছিলেন যে এবার তিনি আইন-আদালতের দ্বারস্থ হয়ে উক্ত বিষয়ের একটা বিহিত করবেন।
কখনও রামপ্রসাদ সেন কালীকে বলছেন—
এবার তোরে খাবো কালী।
আমি খাবো না খাবো না গো,
ওগো দ্বীনদয়াময়ী, এবার তোরে খাবো কালী
হয় তুমি আমার খাও মা, নয় আমি
তোমায় খাবো—দূয়ের এক বৈ
আর নাইকো চালি…”
এই পদটি সংস্কার হয়ে তৈরি হয়—
তুমি খাও না হয় আমি খাই
দুয়ের একটা করে যাব
এবার কালী তোমায় খাব।।
স্বয়ং মা তাঁকে জন্মজন্মান্তর কষ্ট দিয়েছেন বলে তিনি বলছেন, “এবার ম’লে (মরলে) ডাকব সর্বনাশী বলে।” মা হয়ে কীভাবে সন্তানকে এত দুঃখ কষ্টে রাখতে পারেন, এই প্রশ্নকে সামনে রেখে রামপ্রসাদ সেন মা তারাকে বলছেন—
মাগো তারা ও শঙ্করী
কোন অবিচারে আমার পরে, করলে
দুখের ডিক্রি জারি।।
এক আসামী ছয়টা পেয়াদা,
বল মা, কিসে সামাই করি।।
আমার ইচ্ছে জরে ঐ ছ’টারে
বিষ খাওয়াইয়ে প্রাণে মারি।।
আবার ওই গানেই বলা হচ্ছে –
আমি কি তোর বাপের চাকর, মাগো
সাধলে দিতে পারিস হাড়ি?
যদিও এই গানে আসামী ও ছয়টি পেয়াদা এক মন ও ৬টি রিপুরও মেটাফর একইসঙ্গে। আবার রামপ্রসাদ এই অভিযোগ-অনুযোগের মধ্যেই থেমে থাকেননি। তিনি তাঁর আরাধ্যার বিরুদ্ধে মামলাও করতে চেয়েছেন---
শিবের দলিল সই মোহরে,
রেখেছি হৃদয়ে তুলে
এবার করব নালিশ নামের আগে,
ডিক্রি লব এক সওয়ালে।
জানাইব কেমন ছেলে, মোকদ্দমায় দাঁড়াইলে
যখন গুরুদত্ত দস্তাবেজ
গুজরাইব মিছিলকালে।
মায়ে-পোয়ে মোকদ্দমা
ধুম হবে রামপ্রসাদ বলে।
আমি ক্ষান্ত হব যখন
আমায় শান্ত করে লবে কোলে।।
রামপ্রসাদ বলছেন, শিবের সই-মোহর করা দলিল তিনি হৃদয়ে তুলে রেখেছেন। তিনি মহামায়ার বিরুদ্ধে নালিশ করবেন এক সওয়ালেই ডিক্রি নিয়ে ছাড়বেন। মা ও ছেলের এই মোকদ্দমার কথা বলে নিজেই আহ্লাদিত হয়েছেন রামপ্রসাদ। তিনি বলছেন যে তিনি তখনই শান্ত হবেন যখন মহাকালী তাঁকে কোলে তুলে নেবেন। কালীপ্রেমের এহেন প্রকাশ গোটা বিশ্বের আধ্যাত্মিক জগতে বিরল।
কালীকে এক ধাপ এগিয়ে গালি দিচ্ছেন কমলাকান্ত ভট্টাচার্য—
অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি
এবার সর্বনাশী ধরে অসি
ধর্মাধর্ম দুটো খেলি
কালীর কাছে তথাকথিত ধর্ম ও অধর্ম ভেদবিভাজন কিছু যায় আসেনি, তিনি কালের খড়গে জগতের জাগতিক নিয়ম বন্ধনকে ছিন্ন করেন। তাই তাঁকে ‘সর্বনাশী’ বলছেন কমলাকান্ত। আবার এই কমলাকান্ত রীতিমতো ব্ল্যাকমেলও করেছেন কালীকে—
বিমুখ হইয়া যদি তোমারে ডাকিতে নারি,
তবে কেন মা, মিছে আশা দিয়ে রাখো ধরি।।
কমলাকান্তের এই মিনতি শোন গো পাষাণী
এবার যদি না করো কৃপা, ত্যজিব এ পরাণী।।
পরমেশ্বরীর কৃপা না পেলে প্রাণত্যাগের হুমকি দিচ্ছেন সাধক-কবি। সম্বোধন করছেন ‘পাষাণী’ বলে। আরও বহু উদাহরণ আছে। পরমেশ্বরীকে সাধক কমলাকান্ত ‘কুপুত্রী’ ও ‘অন্ধ’ বলেও গাল দিচ্ছেন—
আর কি তোমায় ডাকব শ্যামা,
তোমার যেমন ধারা মা।
দুঃখ দিতে পারো কেবল,
সুখ দিতে পারো না।।
চক্ষু থাকিতে মা গো,
তুমি হলে নয়ন অন্ধ
ভালোমন্দ বিচার নাইকো,
কেবল করো দ্বন্দ্ব।
কমলাকান্তের কপালে মা গো,
কেবলই এই দুঃখ
কুপুত্রী তনয়া হলে
যেমন না পায় সুখ।।
আবার আরেক গানে সাধক-কবি কমলাকান্ত বলছেন—
ডেকে ডেকে মা গো আমার মুখ শুকিয়ে গেল
তবুও তোর পাষাণ প্রাণে দয়া না হইল।
জগতে সবাই জানে তুমি দয়াময়ী তারা
এবার আমি বলব সবাইকে
তুমি কেমন তর ধারা।
কমলাকান্ত বলে এবার ছড়াব তোর নাম,
জগতে কেউ ডাকবে না আর
ঘুচবে তোর ওই ধাম।
রীতিমতো মায়ের নামে কলঙ্ক রটানোর মতো হুঁশিয়ারি কমলাকান্তের। এ তো গেল রামপ্রসাদ ও কমলাকান্তের কথা। ময়মসিংহের বয়াতি কবি জালালুদ্দিন খাঁ (১৮৯৪-১৯৭২) তাঁর পদে বলছেন-
সে দেশে আছে এক মায়াবিনী রাক্ষসী
সে যে পুরুষ ছাড়া কিছু খায় না
দেখে যা নমুনা সে দেশের
দেখে যা নমুনা
যদিও এখানে পুরুষ অর্থাৎ কর্তা, আবার পুরুষ অর্থে রিপু। আর মায়া অর্থাৎ মহামায়া। রাক্ষসী অর্থাৎ রিপু থেকে যিনি মনের দ্বার রক্ষা করেন। তন্ত্রের ৬৪ যোগিনীতে রাক্ষসী এক যোগিনীর নাম, যিনি মহালক্ষ্মীর যোগিনী। তো মহামায়া পরমা শক্তির কথাই জালালুদ্দিন খাঁ তাঁর পদে তুলে এনেছেন। যিনি রিপু বা কর্তৃত্বভাবের বিনাশ ঘটান। আর সেই দেশ অর্থাৎ তাঁর স্বরূপ সন্ধানের তরিকা।
আবার আরেক পদে তিনি লিখছেন—
মেয়েরূপী কাল-সাপিনী, জগত খেয়ে চেয়ে রয়
অবিচারে পুরুষ মরে, মেয়ে কিন্তু দোষী নয় ॥
যত আছে মায়ের বংশ, আদ্য-শক্তির অর্ধ-অংশ
তার কাছে সবই ধ্বংস, ধনী কাঙাল যত হয়।।
ফুল ফোটে যার বারো মাস, তাতে হয় শক্তি বিকাশ
তার চরণে হয়ে দাস, মধু খায় সে মৃত্যুঞ্জয় ॥
উথলিয়া লোহিত-সাগর, তিন দিন ভাসে লহর
মানুষ গড়া ছাঁচের ভিতর; নতুন মানুষ জন্ম লয় ॥
আমিত্ব ও রিপুর জগত ধ্বংসসাধন এবং প্রেম ও ভক্তিতে পরিপূর্ণ সহজ মানুষের সহজ মানুষের সমাজ কায়েমই তো বাংলার সাধু-ফকির-রসিকজনের লক্ষ্য। সেই নতুন মানুষের কথাই বলছেন জালালুদ্দিন, বলছেন পিতৃতন্ত্র ও ক্ষমতার ভাষা কাঠামোকে কটাক্ষ করে। তা জালালুদ্দিনের গানের ভাষা ও বাচন ভঙ্গিমা এরকম, যাতে মনে হবে তিনি পরমা শক্তির নামে নেতিবাচক কথা বলছেন। কিন্তু এই আপাত অর্থের এই নেতিবাচকতা আদতে পরমাশক্তির সঙ্গে সাধকের লীলা।
আসলে একান্ত আপন ও লৌকিক হিসাবে মহাকালীকে ধারণ করে কালীময়তা যাপন করেছেন বলেই অভিযোগ, অনুযোগ, হুঁশিয়ারি ও ঝগড়ার ভাষাতেও কালীর সঙ্গে কাব্যালাপে রত হয়েছেন এইসব কবিরা।
ভক্ত যখন ঘর, মহামায়া তখন ঘরণী
আমি যন্ত্র তুমি যন্ত্রী
আমি ঘর তুমি ঘরণী
আমি রথ তুমি রথি
যেমন চালাও তেমনি চলি
সকলই তোমার ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
এই পদটি লিখেছিলেন শ্রীরামদুলাল নন্দী (১৭৮৫-১৮৫১)। শাক্তভাবে কাব্য ধারার অন্যতম গুরত্বপূর্ণ পদকার বা কবি। শক্তিই যেহেতু ক্রিয়ার হেতু, তাই আদ্যাশক্তি পরমাসুন্দরী আসলে সকল কর্মের স্বরূপা। তিনি অদৃষ্ট। কিন্তু তিনি চালিকা শক্তি বলে জগত সংসার চলমান। নির্গুণ ও গুণময়ীর দ্বৈতাদ্বৈত সম্পর্কেই যে বস্তুজগৎ ক্রিয়াশীল তা এই পদে রামদুলাল স্পষ্ট করছেন। অরবিন্দ ঘোষ তাঁর ‘সাবিত্রী’ মহাকাব্যে বলছেন, “পদার্থের চোখ দিয়ে আত্মা তাকাবে/ আর পদার্থ আত্মার রূপ প্রকাশ করবে। জার্মান দার্শনিক ফ্রেডরিখ হেগেল তাঁর ফেনোমেনোলজি অব স্পিরিট গ্রন্থে দেখাচ্ছেন ‘স্পিরিট’ প্রথমে প্রথমে একটি বিশুদ্ধ ধারণা বা সম্ভাবনা হিসাবে থাকে, যাকে বলা হচ্ছে, ‘থিসিস’। এরপর স্পিরিট নিজের বাইরে গিয়ে যায় পদার্থ বা অবচেতন প্রকৃতির রূপ নেয়। এখানে স্পিরিট ও পদার্থের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব, যাকে বলা হচ্ছে ‘অ্যান্টিথিসিস’। আর মানব চেতনা ও ইতিহাসের বিবর্তনের মধ্যে দিয়ে সেই প্রকৃতি আবার নিজের আধ্যাত্মিক সত্তাকে চিনতে পারে। অর্থাৎ স্পিরিট ও ম্যাটারের দ্বান্দ্বিকতায় জগত ক্রিয়াশীল হয়। এই স্পিরিটকে আত্মা না বলে বঙ্গদেশ একে বলছে ‘ভাব’। আর ভাব ও বস্তুর দ্বৈতাদ্বৈত সম্পর্কে দুনিয়া লীলাময় ও গতিশীল। অর্থাৎ ভক্তি ও প্রেমের ভিতর দিয়ে বস্তু থেকে ব্রহ্মাণ্ডের সম্পর্ক নির্ণয়ের কাজও চলেছে শাক্তভাবের কাব্যধারায়।
এক ও বহুত্ব
এই ধারার কাব্য থেকে ঘোষণা দেওয়া হয়েছে যাঁকে এখানে ‘কালী’ বা ‘তারা’ বা ‘উমা’ বলা হচ্ছে তাঁকে কেউ রাধা বলে ডাকবেন, কেউ বলবেন শিব, কেউ আবার খোদাতালা বলেও ডাকেন তাঁকে। কেউ বলেন ‘গড’। যে যা খুশি নামে তাঁকে ডাকুক তিনি সবতেই রাজি। তাঁর বহু নাম কিন্তু তিনি আদতে এক। অর্থাৎ বহুত্বের ভিতর থেকে একত্বকেই স্বীকার করছে বাংলার ভাব পরম্পরা। শ্রীরামদুলাল নন্দী লিখছেন—
মগে বলে ফরাতারা, গড বলে ফিরিঙ্গি যারা
খোদা বলে ডাকে তোমায় মোঘল পাঠান সৈয়দ কাজী
তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা।।
শাক্তে বলে তুমি শক্তি, শিব তুমি শৈবের উক্তি,
শিল্পী বলে বিশ্বকর্মা, বৈরাগী কয় রাধিকাজী
জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি,
যে তোমারে যেভাবে ডাকে তাতে তুমি হও মা রাজি।।
জালালুদ্দিনও সাকার-নিরাকার প্রসঙ্গের অবতারণা করেও বলছেন একইপ্রকার কথা—
কোন রূপে ভজিব আমি পাই না যে ঠিকানা তার
বিশ্ব জুড়ে আছো তুমি সাকারেতেই নিরাকার।।
হিন্দুরা কয় শিব-দুর্গাদি সাকার রূপে নাই অবধি
মৎস্য-কুর্ম-বরাহাদি কতই রঙের অবতার ॥
ব্রহ্মজ্ঞানী ঋষি যত অরূপ-রূপের বিশ্বাস গত
ধ্যান-ধারণায় অবিরত ভাসে জ্যোতি নাশে আঁধার ॥
লেখা দেখেই লোকে কয় কথার নাহি আছে নিৰ্ণয়
কল্পনাতে ভাব-বিপর্যয় ঠিকের ঘরে একটাই সার ॥
জালাল কহে ওরে মূর্খ মিছেই কেবল করলি তর্ক
সব রূপে সে মিশে গিয়ে নিজের রূপটি নাই রে আর।।
কালের আদি, কলঙ্ক, কালী ও আলোকায়ন বিপ্রতীপ
কালী অর্থাৎ কলঙ্ক, আলোর বিপরীত, অন্ধকার। কিন্তু অন্ধকারই তো আলোর উৎসমুখ। আলোর ধারকক্ষেত্র। আলোকের আদি। তাই আলো নয় বরং মহাবিশ্বে আঁধারই চিরব্যপ্ত ও চিরসত্য। তাই কাল ও স্থানের যেখানে শেষ সেখানেও কালো অর্থাৎ কলঙ্ক সত্য। কাজী নজরুল ইসলাম বলছেন, “কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন”। কালোর পদপৃষ্ঠে আলোর অবস্থান। আলোকে গ্রাস করে কালো। কৃষ্ণগহ্বর আবিষ্কার হওয়ার বহু আগেই কালীকে সামনে রেখে এই সত্য বুঝতে পেরেছিলেন বাংলার শাক্তভাবের কবিরা। তাই তাঁরা সাক্ষ্য দিয়েছেন যে সময় থাকবে না কিন্তু জগতে কলঙ্ক থাকবে কারণ জগতে কথাও থাকবে। কথা থাকবে কলঙ্ক থাকবে বলেই। কথা থাকবে মহাকালের সাক্ষী হিসাবে। কালো সত্য বলে গৌরবর্ণা গৌরীও কালক্রমে যে মহাকালের অংশ তাও মনে করে দিয়েছেন কাজী নজরুল ইসলাম। তিনি লিখেছেন, “মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী।” এবং এই মহাকালের কথা মাথায় রেখে কালীতত্ত্বের কেন্দ্রে নিজেকে স্থাপন করে ঔপনিবেশিক জমানায় নজরুল আমাদের খেয়াল করাচ্ছেন যে পশ্চিমা দুনিয়ার আলোক প্রগতির জ্ঞানতাত্ত্বিক ইতিহাসের সমান্তরাল আমাদের ইতিহাস চেতনা। নজরুল লিখছেন—
“আমার হাতে কালি মুখে কালি, মা
আমার কালিমাখা মুখ দেখে মা
পাড়ার লোকে হাসে খালি।।
মোর লেখাপড়া হ’ল না মা,
আমি ‘ম’দেখিতেই দেখি শ্যামা,
আমি ‘ক’ দেখিতেই কালী বলে
নাচি দিয়ে করতালি।।
কালো আঁক দেখে মা ধারাপাতের
ধারা নামে আঁখিপাতে,
আমার বর্ণ পরিচয় হলো না মা
তোর বর্ণ বিনা কালী।
যা লিখিস মা বনের পাতায়
সাগরজলে আকাশ খাতায়,
আমি সে লেখা তো পড়তে পারি
মূর্খ বলে দিক্ না গালি মা,
লোকে মূর্খ বলে দিক্ না গালি।।
ইওরোপের কেতাবি আলোকায়ন আর তার জ্ঞানতাত্ত্বিক আধিপত্যের পরিকাঠামোর সমান্তরালে বঙ্গের তথা উপমহাদেশের মৌখিক পরম্পরা ও জ্ঞানতত্ত্ব বিরোধী অভদ্রবিত্ত তথাকথিত সাব-অল্টার্ন ঐতিহ্যকে কীভাবে আমলে নিয়েছেন কাজী নজরুল, যা কিনা একইসাথে পশ্চিমা আলোকায়নের পাশাপাশি বৈদিক জ্ঞানতাত্ত্বিক আধিপত্যবাদী পরিকাঠামো ও ইসলামিক রাষ্ট্রবাদের (মওদুদির রাষ্ট্রপ্রকল্প) বিরুদ্ধাচার। বঙ্গের শাস্ত্রবিরোধিতা, জ্ঞানতাত্ত্বিক শোষণ-পরিকাঠামোর বিরুদ্ধে জিহাদ ও প্রাণ-প্রকৃতি-পরমের সহাবস্থানের যে ভূমিনিবিড় চেতনা, যা বঙ্গের ভাবান্দোলনের মধ্যে মূর্ত হয়েছিল, নজরুল তা লালন করে গেছেন তাঁর চিন্তায়, জীবনচর্যায়।
আর শাক্তভাবের কাব্য আমাদের এভাবেই দেখিয়েছে কালো ও অন্ধকার থেকে কীভাবে তৈরি হয় প্রজ্ঞার আলো। ভাব ও রসের পরম্পরা কীভাবে কায়েম করতে পারে সহজ মানুষের সমাজ।
যেসব গ্রন্থ এই গদ্যের কাঠামো নির্মাণে কাজে লেগেছে
১। ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য: শশীভূষণ দাশগুপ্ত, সাহিত্য সংসদ, কলকাতা, ১৯৬০
২। শাক্ত পদাবলী সমীক্ষা: ড. শ্রীমন্তকুমার জানা, শ্রীধর প্রকাশনী, কলকাতা, ১৪০১ বঙ্গাব্দ
৩। ভাবান্দোলন: ফরহাদ মজহার, মওলা ব্রাদার্স প্রকাশনা, ঢাকা, ২০০৮
কৃতজ্ঞতা: কুলাবধূত সৎপুরানন্দ ও কনকলতা সাহা
-- --
লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক, কলকাতা, ভারত।
ইমেইল- [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



