যুদ্ধের দুই কারিগর, এক বিপজ্জনক আঁতাত

স্কেচ: এআই
যুদ্ধই তাদের ক্ষমতার প্রধান জ্বালানি। দেশপ্রেমের নাম করে তারা অভ্যন্তরীণ বিরোধীদের কণ্ঠরোধ করছেন।
নাৎসি জার্মানির পতনের ৮০তম বার্ষিকী। এক ঐতিহাসিক মুহূর্ত, যা মানবতাকে ফ্যাসিবাদের অন্ধকার থেকে মুক্তির কথা মনে করিয়ে দেয়। কিন্তু এই বিশেষ দিনটি উদ্যাপনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন টেলিফোনে একে অপরের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলাপ করেন, তখন সেই আলাপের সুরটি উদযাপনের চেয়েও বেশি ছিল আত্মরক্ষার কৌশলের।
বিশ্লেষকরা বলছেন, এই দুই নেতার মধ্যে বর্তমান বিশ্বরাজনীতিতে এক অদ্ভুত ও বিপজ্জনক মিল লক্ষ্য করা যাচ্ছে। তারা দুজনেই দাবি করেন যে তারা এখনো সেই পুরোনো নাৎসিবাদের প্রেতাত্মার বিরুদ্ধে লড়াই করছেন—নেতানিয়াহুর ক্ষেত্রে সেই শত্রু গাজায়, আর পুতিনের ক্ষেত্রে ইউক্রেনে। অথচ এই কল্পিত বীরত্বের আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু, নিজ নিজ দেশের সেনাবাহিনীর অপূরণীয় ক্ষতি এবং এক গভীর অর্থনৈতিক ও কূটনৈতিক বিপর্যয়।
দ্য গার্ডিয়ান জানায়, ‘বিবি’ ও ‘ভ্লাদ’—সম্ভবত বর্তমান বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত অপরাধী এবং সবচেয়ে বিতর্কিত দুই ব্যক্তিত্ব। তাদের শাসনশৈলীর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো শিশুদের প্রতি চরম নিষ্ঠুরতা। হাজার হাজার শিশুকে হত্যা, পঙ্গু করা কিংবা মানসিকভাবে বিধ্বস্ত করার মধ্য দিয়ে তারা তাদের ‘শক্ত নেতা’র ভাবমূর্তি টিকিয়ে রাখতে চাইছেন। কিন্তু এর পরিণামে তারা তাদের নিজ নিজ রাষ্ট্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একঘরে করে ফেলেছেন।
নৈতিকভাবে আজ ইসরায়েল ও রাশিয়া উভয়েই খাদের কিনারায় দাঁড়িয়ে। যুদ্ধই তাদের ক্ষমতার প্রধান জ্বালানি। দেশপ্রেমের নাম করে তারা অভ্যন্তরীণ বিরোধীদের কণ্ঠরোধ করছেন। কোনো আন্তর্জাতিক সমালোচনা এলেই তারা ঢাল হিসেবে ব্যবহার করেন নির্দিষ্ট কিছু তকমা—নেতানিয়াহুর কাছে সমালোচক মানেই ‘ইহুদিবিদ্বেষী’ বা ‘সন্ত্রাসবাদ-সহানুভূতিশীল’, আর পুতিনের কাছে তারা ‘রুশবিদ্বেষী’। মূলত তারা শান্তিকে যমের মতো ভয় পান, কারণ শান্তি মানেই তাদের একনায়কতন্ত্রের অবসান।
আইনি দিক থেকেও তারা একই সমান্তরালে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) উভয়ের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের রাজনৈতিক দর্শনেও রয়েছে উগ্র আধিপত্যবাদের ছাপ। নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী মিত্ররা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার বা স্বাধীন রাষ্ট্রের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করেন।
একইভাবে, পুতিন ইউক্রেনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে মানতে নারাজ। এই মানসিকতার মূলে রয়েছে বর্ণবাদী উগ্র-জাতীয়তাবাদ। একদিকে ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের অবাস্তব স্বপ্ন, অন্যদিকে ‘পুনর্জন্মলাভ করা সোভিয়েত সাম্রাজ্য’ বা রুশ সাম্রাজ্যের পুরোনো গৌরব পুনরুদ্ধারের নেশা। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতারা এখন শঙ্কিত; তাদের ধারণা পুতিন যদি ইউক্রেনে জয়ী হন বা শাস্তি এড়াতে পারেন, তবে তার পরবর্তী লক্ষ্য হবে ইউরোপের অন্য দেশগুলো।
অন্যদিকে, নেতানিয়াহু গাজার যুদ্ধকে লেবানন, ইয়েমেন ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, তিনি তেহরানের সঙ্গে ওয়াশিংটনের পরমাণু আলোচনা নস্যাৎ করতে ইরানেও বড় ধরনের হামলার ছক কষছেন।
এই দুই নেতার টিকে থাকার একমাত্র মন্ত্র হলো অবিরাম সহিংসতা। লড়াই থেমে গেলে তাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। পুতিন জানেন, তার সামরিক জুয়া যদি রাশিয়ার অভিজাত শ্রেণির স্বার্থে বড় আঘাত হানে, তবে ক্রেমলিনে তার দিন ফুরিয়ে আসবে। নেতানিয়াহুর ভয় আরও সরাসরি—নির্বাচনে পরাজয় মানেই তার বিরুদ্ধে ঝুলে থাকা ঘুষ ও দুর্নীতির পুরোনো মামলায় শ্রীঘরে যাওয়া। তাই যুদ্ধ দীর্ঘায়িত করাই তাদের জন্য জীবন বাঁচানোর লড়াই।
আন্তর্জাতিক সম্প্রদায় যদি সত্যিই এই ধ্বংসযজ্ঞ থামাতে চায়, তবে ইউক্রেনকে পর্যাপ্ত সামরিক সহায়তা এবং ইসরায়েল সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিকল্প নেই।
লক্ষ্যনীয়, তারা এখন একে অপরকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। তাদের টেলিফোন আলাপে হয়তো ব্রিটিশ লেবার নেতা কিয়ার স্টারমারের মতো নেতাদের দমনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে, কারণ নেতানিয়াহু সম্প্রতি ব্রিটিশ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছেন। ৭ অক্টোবর ২০২৩-এর হামাসের নৃশংসতাকে নেতানিয়াহু তার সমস্ত অনৈতিক কাজের ‘ব্ল্যাঙ্ক চেক’ হিসেবে ব্যবহার করতে চাইছেন, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী।
এই সমীকরণে তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু-পুতিন-ট্রাম্প—এই ত্রয়ী এখন বিশ্ব শান্তির পথে সবচেয়ে বড় বাধা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতিগুলো আগের চেয়েও বেশি অগোছালো ও বিপজ্জনক হয়ে উঠছে। তিনি মধ্যপ্রাচ্য সফরে একজন রাষ্ট্রনায়কের বদলে ব্যবসায়িক ফেরিওয়ালার মতো আচরণ করছেন। গাজার ক্ষুধার্ত মানুষের চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ইসরায়েলি অস্ত্রচুক্তি এবং নিজের ইমেজ।
ট্রাম্পের ব্যক্তিগত হঠকারিতা পুতিন ও নেতানিয়াহু উভয়কেই সুবিধাজনক অবস্থানে রাখছে। ট্রাম্প মনে করেন তিনি একাই সব সমস্যার সমাধান হতে পারবেন, কিন্তু বাস্তবে তিনি পুতিনের কাছে নতি স্বীকার করে ইউরোপ ও আমেরিকার দীর্ঘদিনের মিত্রতায় ফাটল ধরাচ্ছেন। তিনি গাজা ও ইউক্রেনের মতো স্পর্শকাতর ইস্যুগুলোকে অভিজ্ঞ কূটনীতিক বা সামরিক বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দেওয়ার বদলে নিজের আত্মমুগ্ধতা দিয়ে পরিচালনা করছেন। ফলে প্রতিদিন আরও শিশুর রক্তে রঞ্জিত হচ্ছে মাটি। এই ধ্বংসাত্মক চক্র ভাঙতে হলে প্রয়োজন বিশ্বনেতাদের একতাবদ্ধ অবস্থান এবং এই দুই যুদ্ধবাজ নেতার প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



