পাক-আফগান সংঘাত: কেন ইসলামাবাদে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১১পরিবর্তন করতে ক্লিক করুন
পাক-আফগান সংঘাত: কেন ইসলামাবাদে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

স্কেচ: এআই

শেয়ার করুন:

হুকার স্পষ্টভাবে উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং তারা তালেবানের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার পদক্ষেপকে’ সমর্থন দেয়।

 

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইসলামাবাদের প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। তালেবান সরকারের হামলার বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে বলে মনে করে ওয়াশিংটন।

 

সম্প্রতি পাকিস্তান বিমানবাহিনীর বিশেষ অভিযানে আফগানিস্তানে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনার পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল।

 

শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের প্রতি এই সংহতি প্রকাশ করেছেন। তিনি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক সংঘাতে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানান।

 

হুকার স্পষ্টভাবে উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং তারা তালেবানের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার পদক্ষেপকে’ সমর্থন দেয়।

 

এদিকে এই সংঘাতের আবহে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির অত্যন্ত শক্তিশালী নেতা।

 

পাকিস্তানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে তিনি দেশটিকে বর্তমান পরিস্থিতিতে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেন। প্রয়োজনে এই সংকটে হস্তক্ষেপ করার সম্ভাবনাও নাকচ করে দেননি মার্কিন প্রেসিডেন্ট।

 

বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, তাদের পরিচালিত ‘অপারেশন গজব লিল হক’ অভিযানে আফগানিস্তানে অন্তত ২৯৭ জন নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে প্রায় ৮৯টি সেনা চৌকি এবং শতাধিক ট্যাংক ও সাঁজোয়া যান।

 

অন্যদিকে আফগানিস্তানের অভ্যন্তরে এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আফগান সেনাপ্রধান ফসিউদ্দিন ফিতরাত। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তানের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে তালেবান বাহিনী।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট করে দিয়েছেন যে, আফগান ভূখণ্ড থেকে কোনো অপতৎপরতা চালানো হলে ইসলামাবাদ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। সেনাপ্রধানের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী যেকোনো আগ্রাসন রুখতে সদা প্রস্তুত। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: