নেপালের নির্বাচনে দিল্লি না বেইজিং, কার পাল্লা ভারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ৮:১৬পরিবর্তন করতে ক্লিক করুন
নেপালের নির্বাচনে দিল্লি না বেইজিং, কার পাল্লা ভারী
শেয়ার করুন:

‘নেপালে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা খুব কম।’

 

নেপালে গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে ওঠা জেন জি-র আন্দোলনের পথ ধরে বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আন্দোলনের মুখে ওলি পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন সুশীলা কার্কি।

 

১৯৯০ সালে রাজতন্ত্রের পতনের পর নেপালে মোট ৩২টি সরকার দেখেছে দেশটি, কিন্তু স্থিতিশীলতা আসেনি।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পর্যবেক্ষকরা মনে করছেন, এবারও শক্তিশালী একক সরকার গঠনের সম্ভাবনা ক্ষীণ। ভারতের মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস-এর গবেষক নীহার আর নায়েক বলেছেন, ‘নেপালে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা খুব কম।’

 

নেপালের কমিউনিস্ট পার্টি (ইউএমএল)-এর নেতা সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই নির্বাচনে লড়ছেন ঝাপা-৫ আসন থেকে। ১৯৯১ সাল থেকে এই আসনে একটানা জয়ী হয়েছেন তিনি, শুধু ২০০৮ সালের নির্বাচন বাদে। তবে এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত।

 

সাবেক র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ জেন জি আন্দোলনের সময় তরুণ সমর্থন পেয়ে আলোচনায় আসেন। তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর প্রতিনিধিত্ব করছেন, যা ২০২২ সালের নির্বাচনে চতুর্থ স্থান পেয়েছিল। এবার দলটি আগের তুলনায় ভালো ফল করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহকে ইতিমধ্যেই আরএসপি-এর সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে।

 

অন্যদিকে নেপালি কংগ্রেস ৪৯ বছর বয়সী গগন থাপাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে। এছাড়াও নির্বাচনে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’র নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টি (মাওবাদী)।

 

নেপালের কমিউনিস্ট পার্টি (ইউএমএল)-এর ক্রমবর্ধমান চীন-ঘনিষ্ঠতা ভারতের জন্য মাথাব্যথার কারণ হয়েছে বারবার। অন্যদিকে বালেন্দ্র শাহ নিজেকে আদর্শগতভাবে ভারত-বিরোধী হিসেবে প্রচার করেছেন। মেয়র থাকাকালীন নিজের অফিসে 'অখণ্ড নেপাল' এর মানচিত্র টাঙিয়ে রেখেছিলেন তিনি, যেখানে ভারতের লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি ছাড়াও বিহারের মিথিলাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ও সিকিমকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে।

 

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নেপাল বিষয়ক বিভাগের অধ্যাপক এন. পি. সিং বলেছেন, ‘অলি বা প্রচণ্ডের সরকার এলে নেপাল বেশির ভাগ সময় চীনের দিকে ঝুঁকে যায়।’ তবে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতে উদ্বেগ থাকলেও তা নিয়ে সরাসরি নেপাল সরকারের বিরোধিতা করেনি দিল্লি।

 

ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বিবিসিকে জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে নেপালের সুসম্পর্কের মাধ্যমেই সেই দেশে উন্নয়ন সুনিশ্চিত হওয়া সম্ভব। ফলে যে সরকারই আসুক, তাদের ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই হবে।’

 

নিজের গড় বলে পরিচিত ঝাপা-৫ আসনে এবার পরিস্থিতি পাল্টেছে। ‘নয়া পত্রিকা’র সাংবাদিক চিরঞ্জীবী ঘিমিরে জানান, আগে ওলি এই আসনে কম সময় দিলেও এবার তিনি শুধু ঝাপা-৫-এ প্রচার করছেন, অন্যদিকে বালেন শাহ ঝাপা-৫ বাদে সর্বত্র প্রচার চালাচ্ছেন।

 

বালেন শাহ যদি সংখ্যাগরিষ্ঠতা পেতে সক্ষম হন, তবে তিনি হবেন নেপালের প্রথম ‘মধেশি’ জনগোষ্ঠী থেকে উঠে আসা নেতা। বিহার লাগোয়া অঞ্চলের এই জনগোষ্ঠীর মানুষদের তিনি প্রতিনিধিত্ব করেন।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬৫টি আসন থেকে ব্যালট বাক্স সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। এই ফলাফলের ওপর নির্ভর করছে নেপালের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা—চীন-ঘনিষ্ঠ নাকি ভারত-বিরোধী শক্তির হাতে দেশটির নেতৃত্ব যাচ্ছে, তা স্পষ্ট হবে আগামী কয়েক দিনে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: