মাওলানা জালালউদ্দীন রুমির রহস্যময় রূপান্তরের ইতিহাস

মাহাথির মুহাম্মদ
মাহাথির মুহাম্মদ
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১১:২৪পরিবর্তন করতে ক্লিক করুন
মাওলানা জালালউদ্দীন রুমির রহস্যময় রূপান্তরের ইতিহাস
শেয়ার করুন:

দুনিয়ার লোভ ত্যাগ করে ধার্মিক লোকে কিন্তু এই কবি বলছেন তিনি পরকালের বেহেশতের লোভও ত্যাগ করেছেন প্রেমের নেশায়। যিনি নিজেকে বলছেন, কোরআনের দাস, নবীজির পায়ের ধুলো আবার সেই তিনিই বলছেন তার প্রেমাস্পদের মুখের মূর্তির তিনি পূজা করবেন আর সেই পূজা করাটাই শ্রেয়। যে ধর্মে মদ হারাম, সেই ধর্মের নামেই গাইছেন মাতলামির জয়গান, যেই ধর্মের মোল্লারা সবসময়ই দেখায় বেহেশতের লোভ সেই ধর্মে থেকেই তিনি ত্যাগ করছেন বেহেশতের আকাঙ্ক্ষা।

আমি মুহাম্মদ মুস্তাফার পথের ধুলো, আমি কোরআনের দাস।

কেউ যদি আমার কথা থেকে এর বাইরে কিছু বলে,

আমি তার থেকে মুক্ত, সে কথায় আমি ক্ষুব্ধ

লাইনগুলো শুনে মনে হবে, এটা কোনো কওমি আলেমের লেখা। কিন্তু এবার আরেকটা কবিতার দুইটি লাইন শুনুন। লাইনগুলো এরকমের,

মূর্তি যদি তোমার মুখ হয়, তবে মূর্তিপূজাই শ্রেয়;

মদ যদি তোমার প্রেমের পেয়ালার হয়, তবে মাতলামিই শ্রেয়।

আর এটা শুনে যে কারোরও মনে হতে পারে শুঁড়িখানার বেপরোয়া কোনো মাতাল কবির লেখা। তবে ভিন্নরকম হলেও দুটি কবিতাই একই মানুষের। তিনি হলেন পারস্যের অমর কবি মাওলানা জালালউদ্দীন রুমি।

রুমি লিখেছেন, শুঁড়িখানার গলিতে এক মূর্তির দেখা পাওয়ার কথা, আর যার দুই গুচ্ছ চুলের সুবাস পেয়ে, এই দুনিয়া আর পরকালের লোভের হাত কেটে ফেলেছেন। প্রেমে পড়ে তো মানুষ দুনিয়া আর আখিরাতের সর্বনাশ করে একথা সকলেই জানে, কিন্তু এই কবি সেকথাই বলছেন সর্বনাশ হিসেবে নয় বরং ভালোবেসে। তিনি যে জান্নাতের লোভও হারিয়েছেন এটা তার অনুতাপ নয়, আনন্দ! যেন এমনটাই হওয়া উচিত।

লক্ষ্য করুন, দুনিয়ার লোভ ত্যাগ করে ধার্মিক লোকে কিন্তু এই কবি বলছেন তিনি পরকালের বেহেশতের লোভও ত্যাগ করেছেন প্রেমের নেশায়। যিনি নিজেকে বলছেন, কোরআনের দাস, নবীজির পায়ের ধুলো আবার সেই তিনিই বলছেন তার প্রেমাস্পদের মুখের মূর্তির তিনি পূজা করবেন আর সেই পূজা করাটাই শ্রেয়। যে ধর্মে মদ হারাম, সেই ধর্মের নামেই গাইছেন মাতলামির জয়গান, যেই ধর্মের মোল্লারা সবসময়ই দেখায় বেহেশতের লোভ সেই ধর্মে থেকেই তিনি ত্যাগ করছেন বেহেশতের আকাঙ্ক্ষা।

তাহলে তিনি কে; মুমিন, নাকি কাফের—এই বিচারের দায়ভার আমরা মানুষ হাতে তুলে নিতে পারি না। কারণ ইহকালে মানুষ কিংবা প্রাণী কারও বিচারের ক্ষমতা আমাদের নেই। গতকাল ছিলো ৩০ সেপ্টেম্বর। আজ থেকে ৮১৯ বছর আগে এই দিনে জন্মেছিলেন পারস্যের এই রহস্যময় কবি। পৃথিবী তাকে চেনে রুমি নামে, তিনি মাওলানা জালালুদ্দিন রুমি।

প্রথম জীবনে রুমি ছিলেন পুরোদস্তুর মোল্লা। তিনি ছিলেন হানাফি মাতুরিদি ফিকাহের অনুসারী এক জবরদস্ত আলেম, তিনি ফতোয়া দেন, তুরস্কের কোনিয়ার মসজিদে খুতবা দেন, মাদ্রাসায় দরস দেন। খচ্চরের পিঠে চড়ে তিনি যখন বাজার দিয়ে যান, পেছনে চলে মাদ্রাসার ছাত্রদের সারি। মাদ্রাসার প্রধানের দায়িত্ব তারই উপরে। বয়স তখন তাঁর সাঁইত্রিশ। সম্মান, খ্যাতি, নিরাপদ জীবন, আলেম হিসেবে সম্মান সবই হাতের মুঠোয়। বাইরে থেকে দেখলে এর চেয়ে গোছানো জীবন আর হয় না।

কিন্তু এর মধ্যেই, এক নভেম্বরের শীতের দুপুরে, কোনিয়ার বাজারে এসে দাঁড়ালেন এক ভবঘুরে দরবেশ। সময়টা ১২৪৪ সাল, নভেম্বর মাস। দরবেশের বয়স প্রায় ষাট। পরনে মোটা কালো আলখাল্লা। শহরে শহরে ঘুরে ঘুরে তিনি ঝুড়ি বেচেন, কোমরবন্ধনী বেচেন। নাম তার শামসুদ্দিন, তাবরিজের মানুষ। ইতিহাস তাঁকে চেনে শামস-ই তাবরিজি নামে।

জবরদস্ত মৌলভি রুমির সঙ্গে দরবেশ শামসের প্রথম দেখা হয়েছিল ওই শীতের দুপুরে।

সেই সাক্ষাতের পরে যা ঘটল, কোনিয়ায় কেউ তা কল্পনাও করেনি। নিজের মাদ্রাসা, পরিবার, সামাজিক বিষয়কর্ম সব ভুলে গেলেন রুমি। শামসের সঙ্গে দিনের পর দিন, মাসের পর মাস একান্তে কাটাতে লাগলেন। মাদ্রাসার দরস বন্ধ। ফতোয়ার খাতা বন্ধ। খুতবার মিম্বার খালি। ছাত্ররা দরজায় দাঁড়িয়ে থাকে, মাওলানা বের হন না।

ছাত্ররা ক্ষুব্ধ হলো, ঈর্ষায় জ্বলল। শহরে কানাঘুষা শুরু হলো, মাওলানা পাগল হয়ে গেছেন, এক ভবঘুরে জাদুকর তাঁকে বশ করেছে। চাপের মুখে একদিন শামস চলে গেলেন দামেস্কে। রুমি ভেঙে পড়লেন। আর সেই বিরহের ভেতর থেকে, জীবনে প্রথমবার, তাঁর মুখ থেকে বেরিয়ে এল কবিতা। বিশ্বসাহিত্যে আগমন ঘটলো কিংবদন্তি জালালউদ্দিন রুমির।

রুমি তার ছেলে সুলতান ওয়ালাদকে পাঠালেন দামেস্কে। লোককাহিনি বলে, রুমির ছেলে গিয়ে শামসকে দেখতে পেলেন এক খ্রিস্টান কিশোরের সঙ্গে দাবা খেলতে। শামস শিষ্য রুমির কাছে ফিরলেন ১২৪৭ সালে। কিন্তু বেশিদিন নয়। ১২৪৮ সালের এক শীতের রাতে শামস চিরদিনের মতো হারিয়ে গেলেন। কেউ বলে ঈর্ষান্বিত শিষ্যরা তাঁকে হত্যা করেছিল। কেউ বলে তিনি নিজেই চলে গিয়েছিলেন দূরে কোথাও।

শামস নিরুদ্দেশ হলেন নাকি তাকে হত্যা করা হলো এটা আজ আর জানা যাবে না।

এবার রুমি নিজেই ছুটলেন দামেস্কে। অলিতে-গলিতে খুঁজে ফিরছেন গুরু শামসকে। তার পরনের বস্ত্র ছিঁড়ে গেছে, তিনি ধুলোয় লুটোপুটি খাচ্ছেন, তাঁর নাওয়া খাওয়া ঘুম কিছুরই খবর নেই! কিন্তু যাকে রুমি খুঁজছেন সেই আলুথালু দরবেশ শামস তাবরিজি কোথাও সে নেই! কোথাও না! উদভ্রান্ত রুমি সারা দামেস্ক খুঁজেও শামসকে পেলেন না।

বলা হয়, সেই খোঁজের শেষে রুমি এক আশ্চর্য সত্য উপলব্ধি করলেন: বিস্মিত হয়ে রুমি দেখলেন কাকে তিনি খুঁজছেন?!? যাকে খুঁজছেন সে যে তাঁর মধ্যেই আছেন। বিস্মিত রুমি আবিষ্কার করলেন শামস তার ভেতরেই আছেন! শামস আর রুমি তখন আর দুজন নন। রুমি বিস্ময় নিয়ে আবিষ্কার করেন নিজের ভেতরে তার মুর্শিদ শামসকে আবিষ্কারের সাথে সাথে তিনি নিজের ভেতরেই আবিষ্কার করেছেন সমগ্র মহাবিশ্বকে। তিনি যেন এক জলবিন্দু আর তার ভেতরেই আছে সমগ্র জগত সমুদ্র সফেন।

সেই উপলব্ধির পরে চিরতরে পালটে গেলেন রুমি! যে মানুষ একদিন মিম্বারে দাঁড়িয়ে ফতোয়া দিতেন, মাদ্রাসায় শেখাতেন শরিয়তের কঠোর বিধান; তিনি এখন ঘোরেন, ঘুরতে থাকেন, ঘুরতে থাকেন! ঢোল বাজতে থাকে, বাদ্য বাজতে থাকে, আর রুমি ঘুরতে থাকেন। তিনি যখন ঘোরেন চারপাশ আবিষ্ট হয়ে যায়, মানুষগুলো সব ঘুরতে থাকে তার চারপাশে, ঘুরতে ঘুরতে সংসার ভুলে যায়, সাম্রাজ্য ভুলে যায়, আইন ভুলে যায়, ধর্ম ভুলে যায়, শাস্ত্র ভুলে যায়। ঘুরতে ঘুরতে রুমির মুখ থেকে কবিতা বের হয়। সেই কবিতা যেন তার ঠোঁট থেকে ঝরে পড়া আশ্চর্যসব ফুলের মতো চেনা-অচেনা গন্ধ নিয়ে সবাইকে বুঁদ করে দিলো।

ততদিনে এই পাগল দরবেশ ভবঘুরে মাওলানা রুমির অজস্র শিষ্য তৈরি হয়েছে, তারা নাওয়া-খাওয়া ভুলে মাওলানার পাশে পাশে ঘোরে। তারা অপেক্ষা করে কখন মাওলানা রুমির মুখ থেকে দু লাইন বের হবে, আর তারপর তারা সেই আশ্চর্য শব্দগুলো লিখে রাখবে। এভাবেই রুমির মুখ থেকে বের হওয়া পঙক্তি জন্ম নেয় হাজার হাজার কবিতা-গজলে।

আর কী আশ্চর্য, অনেক গজলের শেষে রুমি নিজের নাম বসাননি, বসিয়েছেন শামসের নাম। সেই সংকলনের নাম তাই "দিওয়ান-ই শামস-ই তাবরিজি"। লিখেছেন রুমি, কিন্তু নাম শামসের। রুমি যে শামসেরই দিওয়ানা আর রুমির হৃদয় কাবা ছাড়া আর কোথায় থাকবেন তার মুর্শিদ শামস? তাই রুমি আর শামস আর আলাদা কেউ নয়। শামসের কথাই রুমির মুখ দিয়ে বের হয়েছে, এ যেন গুরুদক্ষিণা। যে গুরু নিরুদ্দেশ হয়েছেন কিন্তু বেঁচে আছেন শিষ্যের কবিতার ভেতর, শব্দের ভেতর, গজলে। সেই কবিতা, গজল শতকের পর শতক মানুষের ভেতর ঘুরেফিরে বেঁচে আছে রুমি, জেগে আছে শামস তাবরিজি।

এরপর রুমির কাব্য পক্ষ নিলো এমন এক মানুষের যার নাম শুনলেও সারা পৃথিবীর মোল্লাতন্ত্রের ভিত্তিমূলে রীতিমত ভূমিকম্প তৈরি হয়। তিনি হলেন মনসুর হাল্লাজ, তিনি ছিলেন পারস্যের আরেক শক্তিমান সুফি সাধক ও কবি। রুমি লিখলেন, মনসুর হাল্লাজের মুখ দিয়ে যে কথা বেরিয়েছিল, তা হাল্লাজের কথা ছিল না। হাল্লাজের মুখ দিয়ে স্বয়ং খোদা দয়াময়ই বলেছিলেন আনাল হক বা আমিই সত্য!

আমরা এবার মাওলানা রুমিকে একবার কোনিয়ার আলেমদের চোখ দিয়ে দেখব। যে রুমি একসময় হানাফি ফিকহের ফতোয়া দিতেন, তিনি এখন বাজনার তালে নাচেন। যে মানুষ মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, তিনি এখন এক ভবঘুরে দরবেশের প্রেমে দিওয়ানা। যে মানুষ শরিয়তের পাহারাদার ছিলেন, তিনি এখন মদ আর মূর্তির গান লেখেন। আর মনসুর হাল্লাজকে ধর্মদ্রোহী বলে পাথর মেরে হত্যা করা হয়েছিল তার বাক্যকেই রুমি দাবি করছেন খোদার কণ্ঠস্বর হিসেবে!

প্রশ্ন উঠল, আর উঠবেই: রুমি কি শরিয়তের বিরোধী হয়ে যাননি? এই রুমি কি এখনো মুমিন? নাকি কাফের? প্রশ্নটা কঠিন। কিন্তু উত্তরটা রুমি নিজেই দিয়ে গেছেন।

তিনি লিখেছেন:

কুফরি আর ইসলামের ওপারে আছে এক মরুপ্রান্তর,

যে জ্ঞানী সেখানে পৌঁছায়, সে সিজদায় মাথা রাখে,

কারণ সেখানে না ইসলাম আছে, আর না তো কুফর,

আর সেখানে যে পৌঁছায় সে প্রশ্ন করে না যে সে এখন "কোথায়"

যিনি এই কথা লিখছেন, তিনি তার শামস-পরবর্তী জীবনের শেষ বারো বছর কাটিয়েছেন "মসনবি" রচনায়। প্রায় ছাব্বিশ হাজার শ্লোকের সেই মহাগ্রন্থের পাতায় পাতায় কোরআনের আয়াত। তাঁর মতো এমন ঘনঘন কোরআন ফারসি ভাষার খুব কম মরমি কবিই উদ্ধৃত করেছেন। সেই রুমিই যখন কুফর আর ইমানের ঊর্ধ্বে এক জগতের কথা বলছেন।

প্রশ্ন হচ্ছে, সেই জগৎ কি শুধু মুসলমানদের জন্য? প্রেমের আগুনে পোড়া কবি রুমি বলছেন,

কুফর আর ইসলাম এসেছে এই সেদিন,

কিন্তু প্রেম আদি থেকেই আছে।

প্রেমে যে খুন হয়েছে,

সেই কাফেরকে কাফেরদের দলে গণ্য কোরো না।

অর্থাৎ রুমি ঘোষণা করছেন সত্যের দরজা কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় আর সেই দরজার তালার চাবি হলো প্রেম।

রুমি মৃত্যুকে কখনো বিদায় বলেননি। কোনো সুফি মৃত্যুকে দুঃখ হিসেবে নেন নাই। মৃত্যুকে তারা প্রেমময় স্রষ্টার সাথে আলিঙ্গন হিসেবে নিয়েছেন। রুমিও তাই, তিনি বলতেন মৃত্যু হলো তার বিয়ের দিন। সে রাত ছিল ১২৭৩ সালের ১৭ ডিসেম্বর। রবিবার, সূর্যাস্তের দিকে মাওলানা জালালুদ্দিন রুমি চোখ বুজলেন। বয়স তখন তাঁর ছেষট্টি।

দুনিয়ার জীবনে ৬৬ কি খুব বেশি? হয়তো না। রুমি বলতেন "শব-ই আরুস", বিয়ের রাত। যে রাতে প্রেমিক অবশেষে মিলিত হয় প্রিয়তমের সঙ্গে। পরদিন তুরস্কের কোনিয়ার পথে নামল মানুষের ঢল। ভিড় এত বেশি ছিল যে কফিন সমাধিস্থলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এসেছিল। সেই ভিড়ে শুধু মুসলমান ছিল না। ছিল খ্রিস্টান, ছিল ইহুদি, ছিল গ্রিক, আরব, তুর্কি।

খ্রিস্টানরা পড়ছিল ইঞ্জিল। ইহুদিরা পড়ছিল তাওরাত আর দাউদের জবুর। সবাই কাঁদছিল, যার যার ধর্মগ্রন্থের ভাষায়। কিছু মুসলমান এতে ক্ষুব্ধ হলেন। তাঁরা অমুসলিমদের সরিয়ে দিতে চাইলেন। বললেন, একজন মুসলমান আলেমের জানাজায় তোমাদের কী কাজ? উত্তরে খ্রিস্টান আর ইহুদিরা বলেছিল,

"এই মানুষটির ব্যাখ্যা থেকেই আমরা মুসা আর ঈসার সত্য বুঝেছি, বুঝেছি সব নবীর সত্য। আমাদের কিতাবে যে পূর্ণ নবীদের কথা পড়েছি, তাঁদের আচরণ আমরা দেখেছি এই মানুষটির মধ্যে। তোমরা যদি তাঁকে এই যুগের মুহাম্মদ বলো, আমরা তাঁকে বলি এই যুগের মুসা, এই যুগের ঈসা।"

রুমির জানাজা হলো ইসলামি রীতিতেই। গোসল, কাফন, জানাজার নামাজ, দাফন, সবই একজন মুসলমান হিসেবে। কিন্তু সেই কফিনের পেছনে যারা কাঁদছিল, তারা একটি ধর্মের মানুষ ছিল না। রুমির মাজারও আজ সর্বধর্ম-জাতি-নির্বিশেষে সমগ্র বিশ্ব-মানবতার জন্যই উন্মুক্ত।

বলা হয় রুমি নিজের মাজার ও খানকা নিয়ে বলে গিয়েছিলেন,

“ফিরে এসো, ফিরে এসো,

যা-ই হও তুমি, ফিরে এসো;

কাফের হও, অগ্নি-উপাসক হও, মূর্তিপূজক হও,

ফিরে এসো।

আমাদের এই দরগাহ হতাশার দরগাহ নয়;

শতবার যদি তওবা ভেঙে থাকো,

তবু ফিরে এসো।”

এই কথাটি রুমি নিজে বলেছেন নাকি পরে তার নামে প্রচলিত হয়েছে এটা ঐতিহাসিকভাবে নিশ্চিত হওয়া যায় না। কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে, তিনি যদি এটা নাও বলে থাকেন, এমন মহৎ কথা শুধু তাঁর নামেই প্রচলিত হতে পারে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: