মোদির ইসরায়েল সফরে পাকিস্তানের বিপদ কোথায়
স্কেচ: এআই
পাকিস্তানের এই উদ্বেগের কেন্দ্রে রয়েছে নেতানিয়াহুর প্রস্তাবিত ‘হেক্সাগন অ্যালায়েন্স’ বা ষড়্ভুজ জোট, যার একেবারে কেন্দ্রে রাখা হয়েছে ভারতকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইসরায়েল সফর এবং দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান সামরিক সখ্যতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।
আল জাজিরার খবরে বলা হয়, আন্তর্জাতিক সমালোচনা ও যুদ্ধাপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমন্ত্রণে মোদির এই সফর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকে পাকিস্তানের জন্য আরও জটিল করে তুলেছে।
বিশেষ করে তেল আবিব ও নয়াদিল্লির মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি এবং সামরিক প্রযুক্তি হস্তান্তরের আলোচনা ইসলামাবাদকে নিজেদের জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।
পাকিস্তানের এই উদ্বেগের কেন্দ্রে রয়েছে নেতানিয়াহুর প্রস্তাবিত ‘হেক্সাগন অ্যালায়েন্স’ বা ষড়্ভুজ জোট, যার একেবারে কেন্দ্রে রাখা হয়েছে ভারতকে। ইসরায়েল সম্প্রতি হামাস ও হিজবুল্লাহর মতো ‘শিয়া অক্ষকে’ দুর্বল করার পর এখন উদীয়মান ‘সুন্নি অক্ষের’ দিকে নজর দিয়েছে।
বিশ্লেষকদের মতে, তেল আবিবের এই নতুন নিশানায় রয়েছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। বিশেষ করে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইসরায়েল ইসলামাবাদকে নিজেদের সমীকরণের একটি বড় বাধা হিসেবে দেখছে। ফলে ভারতের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে পাকিস্তানকে চাপে রাখাই ইসরায়েলের অন্যতম কৌশল।
ভারত বর্তমানে ইসরায়েলি সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। মোদির এই সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তার পাশাপাশি ইসরায়েলের অত্যাধুনিক ১০০ কিলোওয়াট ক্ষমতার লেজার অস্ত্র ‘আয়রন বিম’ এবং ‘আয়রন ডোম’ প্রযুক্তি ভারতে হস্তান্তরের বিষয়ে আলোচনা হচ্ছে। পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক মহলের জন্য এটি একটি বড় সতর্কবার্তা।
পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ও বিশ্লেষকেরা স্মরণ করিয়ে দিচ্ছেন যে, গত শতকের আশির দশকে পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় যৌথ হামলা চালানোর জন্য ভারতকে রাজি করানোর চেষ্টা করেছিল ইসরায়েল।
এ ছাড়া ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার তীব্র আকাশযুদ্ধে ভারতীয় বাহিনী ইসরায়েলি ড্রোন ব্যবহার করেছিল। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং ইসরায়েলি ‘মোসাদের’ দীর্ঘদিনের গভীর সম্পর্ক এখন প্রকাশ্যে সামরিক রূপ নেওয়ায় পাকিস্তানের নিরাপত্তাঝুঁকি বহুগুণ বেড়েছে।
সরাসরি সামরিক সংঘাত না হলেও, ইসরায়েল, ভারত ও পশ্চিমাদের তৈরি করা অভিন্ন ‘হুমকি আখ্যানের’ কারণে পাকিস্তান কূটনৈতিক ও পরোক্ষভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
উপসাগরীয় অঞ্চলে ভারসাম্য রক্ষা করা এখন ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে পাকিস্তানের অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাত ভারতের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে, অন্যদিকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে টিকে থাকতে হচ্ছে মধ্যপ্রাচ্যের সহায়তার ওপর।
এই জটিল পরিস্থিতিতে ভারত-ইসরায়েল বলয় মোকাবিলায় পাকিস্তানকে কেবল উপসাগরীয় দেশগুলোর ওপর নির্ভর না করে তুরস্ক, ইরান, রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্রুত অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



