আরব উপসাগরে মার্কিন সেনা সমাবেশের নেপথ্যে

ছবি: ইউএস নেভি
চলতি মাসের শুরুতে খার্গ দ্বীপে বিমান হামলার পর ট্রাম্প এক পোস্টে সতর্ক করেন যে, ইরান যদি প্রণালীটি খুলে না দেয়, তবে তাদের তেল অবকাঠামো পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে।
‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার প্রায় চার সপ্তাহ পার হতে চলল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় নিয়োজিত আছে—যদিও ইরান এই আলোচনার খবর অস্বীকার করেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা সমাবেশ করছে যুক্তরাষ্ট্র।
আল জাজিরা জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানীয় সামরিক অবকাঠামো লক্ষ্য করে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান অভিযান মার্চের শেষ সপ্তাহে এসে ইরাক যুদ্ধের পর এই অঞ্চলে বৃহত্তম সেনা মোতায়েনে রূপ নিয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে, বিমান অভিযানে এ পর্যন্ত ইরানের নয় হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সংশ্লিষ্ট স্থান, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদর দপ্তর, ব্যালিস্টিক মিসাইল সুবিধা, ড্রোন উৎপাদন কেন্দ্র এবং নৌ-সম্পদ।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ১৪০টিরও বেশি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর জবাবে ইরান প্রতিদিন ইসরায়েল, উপসাগরীয় আরব রাষ্ট্র এবং মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। একই সঙ্গে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের মোট তেলের ২০ শতাংশ পরিবহনের পথ।
প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারির শেষ দিকেই সাংবাদিকদের বলেছিলেন, ‘ইরানের দিকে আমাদের বিশাল বাহিনী যাচ্ছে। আমাদের অনেক জাহাজ সেদিকে যাচ্ছে। যদি প্রয়োজন হয়, আমাদের একটি বড় নৌবহর সেখানে থাকবে।’ চলতি মাসের শুরুতে খার্গ দ্বীপে বিমান হামলার পর ট্রাম্প এক পোস্টে সতর্ক করেন যে, ইরান যদি প্রণালীটি খুলে না দেয়, তবে তাদের তেল অবকাঠামো পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে।
গত মঙ্গলবার পেন্টাগন মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় দুই হাজার সৈন্যকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেয়। এর সঙ্গে প্রশান্ত মহাসাগরের দুই প্রান্ত থেকে আসা দুটি মেরিন এক্সপিডিশনারি ইউনিট (এমইইউ) যুক্ত হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ব্রিফিংয়ে ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের ভেতরে পারমাণবিক সামগ্রী সুরক্ষিত করতে সেখানে সশরীরে যাওয়ার প্রয়োজন হতে পারে।
উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়া এই শক্তিবৃদ্ধি তিনটি ভিন্ন রূপরেখা অনুসরণ করছে:
১. ইউএসএস ত্রিপোলি ও ৩১তম এমইইউ: ১৩ মার্চ জাপানের সাসেবো থেকে রওনা হয়ে এটি বর্তমানে ডিয়েগো গার্সিয়ার কাছাকাছি রয়েছে। এপ্রিলের শুরুতে এটি সেন্টকম এলাকায় পৌঁছাবে।
২. ইউএসএস বক্সার ও ১১তম এমইইউ: ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ১৯ মার্চ রওনা হওয়া এই গ্রুপটি এপ্রিলের মাঝামাঝির আগে যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে পারবে না।
৩. ৮২তম এয়ারবোর্ন ডিভিশন: নর্থ ক্যারোলিনা থেকে আসা এই দুই হাজার সৈন্যের দলটি বিশ্বের যেকোনো স্থানে ১৮ ঘণ্টার মধ্যে মোতায়েন হতে সক্ষম।
এই বাহিনীর সমন্বয়ে বর্তমানে ওই অঞ্চলে প্রায় সাত হাজার অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন হতে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই বাহিনী কোনো দীর্ঘমেয়াদী স্থল যুদ্ধের জন্য নয়, বরং নির্দিষ্ট ও সীমিত সময়ের অভিযানের জন্য উপযুক্ত। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) ফেলো রুবেন স্টুয়ার্ট আল জাজিরাকে বলেন, ‘২০০৩ সালে ইরাক আক্রমণের জন্য এক লাখ ৬০ হাজার সৈন্যের প্রয়োজন ছিল। বর্তমানে মোতায়েন হওয়া তিন হাজার ৬০০ জনের কমব্যাট ফোর্স (মেরিন ও প্যারাট্রুপার) বড় কোনো দেশ দখলের ক্ষমতা রাখে না।’
তবে এই বাহিনী তিনটি কাজ করতে পারে:
· খার্গ দ্বীপ দখল বা অবরোধ: ইরানের তেল রপ্তানির ৯০ শতাংশ এই দ্বীপ দিয়ে হয়।
· হরমুজ প্রণালী উন্মুক্ত করা: ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোন সাইটগুলো ধ্বংস করে জাহাজ চলাচল স্বাভাবিক করা।
· পারমাণবিক কেন্দ্র সুরক্ষিত করা: রুবিওর বক্তব্য অনুযায়ী এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বিতর্কিত মিশন হতে পারে।
এই সামরিক তৎপরতাকে রুবেন স্টুয়ার্ট ‘জবরদস্তিমূলক লিভারেজ’ হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ আলোচনার টেবিলে ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই এই শক্তি প্রদর্শন।
এদিকে, কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়েই ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ রাখছেন। ২৪ মার্চ এক পোস্টে শাহবাজ শরীফ পাকিস্তানেকে এই সংকটের মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করেছেন।
যুদ্ধ আর কূটনীতির এই দোলাচলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



