বিজেপি বিরোধী সর্বদলীয় জোটের বার্তা দিলেন মমতা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:৪৭পরিবর্তন করতে ক্লিক করুন
বিজেপি বিরোধী সর্বদলীয় জোটের বার্তা দিলেন মমতা
শেয়ার করুন:

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধী সর্বদলীয় জোটের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ছাত্র আন্দোলনের সঙ্গে সশরীরে যোগ দেয়ার ঘোষণা দিলেন তিনি।

"দিল্লিতে ছাত্রজনতার অবস্থানে আমিও যোগ দিতে চাই", মঙ্গলবার কলকাতার বিড়লা প্ল্যানোটিরাম সংলগ্ন রাজপথে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসে এ কথা জানালেন দলের সর্বভারতীয় সভানেত্রী ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি তাঁর বার্তা, 'বিজেপির বিরুদ্ধে আমরা সবদলের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করতে চাই৷'" স্পষ্টতই তাঁর এই বার্তা ইন্ডিয়া জোটের বাকি দুই শরিক কংগ্রেস ও সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টকে৷ মমতা এদিন আরএসএস-বিজেপি নিশানা করে বলেন, "ওরা দেশ লুঠ করছে৷ লুঠ চলছে৷ এই লুঠের বিরুদ্ধে রাস্তাই একমাত্র রাস্তা।"

সোমবার দিল্লিতে ছাত্রজনতার ভারতের সংসদ ভবন অভিযান কর্মসূচিতে পুলিশি দমনপীড়নেরও কড়া প্রতিবাদ করেন তিনি৷ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সঙ্গেই দিল্লিতে চলমান আন্দোলন ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে এক সারিতে দাঁড় করাতে ইঙ্গিতপূর্ণভাবে এদিন মমতা বলেন, "জুলাই বারবার ফিরে আসে৷ আবারও জুলাই এসেছে৷" তাঁর এই বক্তব্য বিজেপি শাসনকে উৎখাত করার স্পষ্ট বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ 

নব্বই দশকে বামফ্রন্ট সরকারের সময়ে পশ্চিমবঙ্গের ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যুব কংগ্রেস আন্দোলন করেছিল, সেই আন্দোলনে মহাকরণ অভিযান কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন তৃণমুল কংগ্রেসের অনেক কর্মী৷ তারপর থেকেই তৃণমূলের উদ্যোগে পালিত হচ্ছে একুশে জুলাইয়ের শহিদ দিবস৷

মমতার সভা ছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই৷ অভিযোগ উঠেছে সোমবার রাতে মমতার সভার মঞ্চে হামলা চালায় বিজেপি৷ ভেঙে দেওয়া হয় সভামঞ্চ৷ যার জেরে সভাস্থলে সারারাত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তায় অবস্থান করেন মমতা। সোমবার রাতভর তাঁকে রাস্তাতেই বসে থাকতে দেখা যায়৷



মঙ্গলবার সকাল থেকেই তাঁর সভায় পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা আসতে শুরু করে। নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক কর্মকর্তার ভাষায়, মমতার সভায় এদিন প্রায় ৫০ হাজার লোক উপস্থিত হয়েছিলেন৷ যদিও মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দাবি, লক্ষাধিক জনতা উপস্থিত ছিলেন৷ মমতা এদিন অভিযোগ করেন, তাঁর বহু কর্মী-সমর্থককে রাস্তা থেকে ফিরিয়ে দেয় পুলিশ। অনেককে মারধর ও আটক করা হয়েছে৷

এদিন মমতা তাঁর বক্তব্যে বিজেপির বিষয়ে বলেন, ''ওরা রেড রোডে ঈদের জমায়াত বন্ধ করে দিয়েছে৷ ওরা মুসলিম বিদ্বেষী৷ ওরা নমশূদ্র ও আদিবাসীদেরও বিরুদ্ধে।" এর পাশাপাশি হকার উচ্ছেদের মতো ঘটনার বিরুদ্ধেও তিনি মুখ খোলেন৷ তাঁর বক্তব্যে উঠে আসে বারুইপুর গণধর্ষণ প্রসঙ্গও৷ তিনি বলেন, "বারুইপুরে গণধর্ষণের পর সাক্ষী-প্রমাণ নিকেষ করতে এনকাউন্টার (ক্রস ফায়ারিং) হয়েছে৷ আর যারা প্রতিবাদ করছেন তাঁদের গ্রেফতার করা হচ্ছে৷" 

অযোধ্যার রামমন্দির-সহ দেশের বিভিন্ন মন্দির থেকে গয়না ও প্রণামির নগদ বাক্স চুরি ও লুঠ হওয়ার বিরুদ্ধেও মুখ খোলেন মমতা৷ তিনি বলেন, ''বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে রাম মন্দিরের গয়না লুঠ করছে৷ পশ্চিমবঙ্গেও বর্ধমান, ব্যারাকপুর ও পানিহাটিতে প্রণামির নগদ বাক্স তুলে নিয়ে গিয়েছে ওরা৷ বুঝে নিন ওরা কেমন হিন্দু , ওদের পতনের পর লুঠের হিসাব হবে৷"

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: