লালন সাঁইয়ের চোখে নবী মোহাম্মদ (সাঃ)


লালনকে ‘ধর্মবিরোধী’ বললে ভুল বলা হয়, তাঁকে ‘হিন্দুত্ববাদি’ বললেও তাঁর তত্ত্বকে আটকে রাখা হয়। কারণ লালনের কাছে ধর্মের সত্য কেবল মসজিদ, মন্দির বা বাহ্যিক আচারে আটকে নেই। সেই সত্যের সন্ধান তিনি করেছেন মানুষের শরীরে, মনের গভীরে, মুর্শিদের কাছে, কোরআনের বাতেনি অর্থে—আর সেই সাধনার কেন্দ্রে বারবার ফিরে এসেছে একজন মানুষ। আর সে হলেন, নবী মোহাম্মদ।
ফকির-বাউল মানেই কি ধর্মবিরোধী? লালন মানেই কি হিন্দু ধর্মের সমর্থক? আর বাউলদের মানেই কি ইসলামবিরোধী কোনো লোকায়ত সম্প্রদায়?
আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর লালনের নিজের গান থেকে খুঁজি, তাহলে ছবিটা একেবারেই অন্যরকম। কারণ লালনের গান খুললে সেখানে শুধু ‘মানুষ’ নেই, শুধু ‘মনের মানুষ’ নেই, শুধু হিন্দু-মুসলমানের বিভেদ অতিক্রমের কথা নেই। সেখানে আছেন নবী মোহাম্মদ। আছে নূরে মুহাম্মদী। আছে আহাদ ও আহমদের তত্ত্ব। আছে কোরআনের হরফের বাতেনি ব্যাখ্যা। আছে মিরাজ। আছে পাক পাঞ্জাতন। আছে নবীর শাফায়াত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—লালনের সাধনতত্ত্বে নবী মোহাম্মদ কেবল ইতিহাসের একজন নবী নন; তিনি তাঁর আধ্যাত্মিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র।
লালনের একটি পদে তিনি বলছেন— “আশমান জমিন জল আদি পবন; যে নবীর নূরে হয় সৃজন।” এই দুটি লাইনই লালনকে বোঝার জন্য বিশাল একটি দরজা খুলে দেয়। এখানে আকাশ, পৃথিবী, জল, বায়ু—সৃষ্টিজগতের উপাদানগুলোকে তিনি নবীর নূরের সঙ্গে যুক্ত করছেন। এটি কোনো সাধারণ প্রশংসা নয়। এটি নূরে মুহাম্মদী-র সুফি তত্ত্বের সঙ্গে যুক্ত একটি সৃষ্টিতাত্ত্বিক ধারণা—যেখানে মুহাম্মদের নূরকে সৃষ্টির আদিম প্রকাশ হিসেবে দেখা হয়। লালনের গানে সেই তত্ত্ব বাংলার লোকজ ভাষায় নতুন রূপ পেয়েছে।
আরেকটি গানে লালন আরও গভীরে যান। তিনি বলেন— “আহাদে আহাম্মদ এসে নবী নাম কে জানালে?” এখানে ‘আহাদ’ এবং ‘আহমদ’—দুটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহাদ মানে এক, অদ্বিতীয়। আর আহমদ নবী মোহাম্মদের একটি নাম। সুফি হরফতত্ত্বে ‘আহাদ’ ও ‘আহমদ’-এর সম্পর্ক নিয়ে যে ব্যাখ্যা আছে, লালন সেটিকে নিজের গানের ভাষায় নিয়ে এসেছেন। অর্থাৎ, লালনের কাছে নবী কেবল শরিয়তের ইতিহাসের একজন মানুষ নন; তিনি স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক বোঝার একটি গভীর আধ্যাত্মিক চাবিকাঠি। তবে এখানেই শেষ নয়।
লালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন—“নবী না চিনলে সে কি খোদার ভেদ পায়?” কী অসাধারণ কথা! লালনের সাধনায় খোদাকে চেনার প্রশ্নের সঙ্গে নবীকে চেনার প্রশ্ন সরাসরি যুক্ত। অর্থাৎ, তাঁর কাছে নবীপ্রেম কোনো আনুষ্ঠানিক ধর্মীয় আবেগ নয়; বরং খোদাতত্ত্ব বোঝার পথের অংশ। এখানেই লালনের ‘মানুষ’ ধারণাটাকেও বুঝতে হবে। আমরা প্রায়ই শুনি—“মানুষ ভজলে সোনার মানুষ হবি।”
কেউ কেউ এটিকে কেবল মানবতাবাদী বক্তব্য হিসেবে পড়েন। কিন্তু লালনের তত্ত্বের ভেতরে ‘পূর্ণ মানুষ’-এর ধারণার সঙ্গে সুফি ইনসানে কামিল ধারণার গভীর সম্পর্ক আছে। সুফি ঐতিহ্যে নবী মোহাম্মদকে পূর্ণ মানবের আদর্শ হিসেবে দেখা হয়। লালনের ‘মানুষ’-ভাবনাকে সেই বৃহত্তর মরমি কাঠামোর ভেতরে পড়লে তাঁর কথাগুলোর আরেকটি অর্থ উন্মোচিত হয়। আর লালন যে কোরআন থেকে বিচ্ছিন্ন কোনো সাধক ছিলেন—এই ধারণাটিও তাঁর গান পড়লে সহজে টেকে না। শুনুন তাঁর আরেকটি পদ—
“আলিফ লাম মিমেতে কোরান তামাম শোধ লিখেছে
আলিফে আল্লাহজী মীম মানে নবী
লামের হয় দুই মানে
এক মানে হয় শরায় প্রচার আরেক মানে মারফতে।”
এখানে আলিফকে আল্লাহ, মীমকে নবী এবং লামকে শরিয়ত ও মারিফতের সংযোগ হিসেবে ব্যাখ্যা করছেন লালন। অর্থাৎ, লালন কোরআনকে বাতিল করছেন না; বরং কোরআনের অক্ষরের আড়ালে থাকা আধ্যাত্মিক অর্থ অনুসন্ধান করছেন। এমনকি নবী মোহাম্মদের মিরাজও লালনের গানে এসেছে।
“নবীজি মেরাজে গিয়ে
যে ভেদ তিনি এলেন নিয়ে ।
নবীজি যা বুঝাইলো
চারজনা চার মতে পলো
লালন পলো মহাগোলে।”
এরপর আলীর প্রশ্ন, নবীর উত্তর—সবকিছুর মধ্য দিয়ে লালন মিরাজের ঘটনাকে আত্মজ্ঞান ও অন্তর্জগতের সঙ্গে যুক্ত করেছেন। অর্থাৎ, ইসলামের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ঘটনাগুলো লালনের কাছে বহিরাগত কোনো বিষয় নয়; তাঁর সাধনতত্ত্বের ভেতরেই সেগুলো নতুন ভাষায় ফিরে এসেছে।
শুধু নবী নয়। লালনের গানে আছে ‘পাক পাঞ্জাতন’—মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান ও হোসেন। তিনি গেয়েছেন—“পাক পাঞ্জাতন নূরনবীজি চারযোগে হইলেন উদয়; একসঙ্গে পীচটি তারা থাকে সেই আকাশের গায়।” আবার নবীর শাফায়াতের আশ্রয়ও তাঁর গানে বারবার ফিরে আসে। লালনের অবস্থানকে বোঝার জন্য ‘শরিয়ত, তরিকত, হকিকত ও মারিফত’—এই সুফি কাঠামোটিকে মনে রাখতে হয়।
তিনি বাহ্যিক ধর্মাচারের চেয়ে অন্তরের সত্যকে গুরুত্ব দিয়েছেন। তাঁর আপত্তি ছিল ধর্মের নামে অহংকার, ভণ্ডামি ও বিভেদের বিরুদ্ধে। আর তাঁর নিজের পরিচয়? তিনি নিজেকে বারবার বলেছেন ফকির লালন। তাঁর গুরু ছিলেন সিরাজ সাঁই—যাঁর সঙ্গে লালনের সুফি সাধনা ও মুর্শিদ-শিষ্য সম্পর্কের কথা তাঁর পদে বারবার এসেছে। তাই লালনকে বুঝতে হলে তাঁকে শুধু ‘হিন্দু-মুসলমানের ঊর্ধ্বে থাকা বাউল’ বলে একটি সুন্দর কিন্তু অসম্পূর্ণ বাক্সে ঢুকিয়ে রাখলে চলবে না।
তাঁকে পড়তে হবে তাঁর নিজের ভাষায়। তাঁর নিজের পদে। তাঁর নিজের তত্ত্বে। সেখানে দেখা যায়—লালনের জগৎ হিন্দু ও মুসলমান—দুই সাংস্কৃতিক পরিসরের নানা প্রতীক গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তাঁর নবীতত্ত্বের ভেতরে মোহাম্মদ কোনো পার্শ্বচরিত্র নন। নবি নূর। নবী পথের কাণ্ডারি। নবি আত্মতত্ত্ব বোঝার একটি কেন্দ্রীয় প্রতীক। আর তাই লালনের একটি গান আমাদের আবার শুনতে হয়—“পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ-কাঠের নৌকাখানির নাই ডোবার ভয়।”
এই লালনকে ‘ধর্মবিরোধী’ বললে ভুল বলা হয়, তাঁকে ‘হিন্দুত্ববাদি’ বললেও তাঁর তত্ত্বকে আটকে রাখা হয়। কারণ লালনের কাছে ধর্মের সত্য কেবল মসজিদ, মন্দির বা বাহ্যিক আচারে আটকে নেই। সেই সত্যের সন্ধান তিনি করেছেন মানুষের শরীরে, মনের গভীরে, মুর্শিদের কাছে, কোরআনের বাতেনি অর্থে—আর সেই সাধনার কেন্দ্রে বারবার ফিরে এসেছে একজন মানুষ। আর সে হলেন, নবী মোহাম্মদ। লালনের ভাষায়—“নবী না চিনলে সে কি খোদার ভেদ পায়।” এই একটি প্রশ্নই হয়তো লালনকে নতুন করে পড়ার জন্য যথেষ্ট।
-- --
লেখকঃ আরিফ রহমান
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



