সিআইএর মিশনে যেভাবে নিহত হলেন খামেনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১১:১২পরিবর্তন করতে ক্লিক করুন
সিআইএর মিশনে যেভাবে নিহত হলেন খামেনি

ছবি: ভিডিও থেকে নেওয়া

শেয়ার করুন:

স্থানীয় সময় সকাল নয়টা ৪০ মিনিটের দিকে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন ইসরায়েলি জেটগুলো তেহরানের কম্পাউন্ডে একে একে ৩০টি বোমা ফেলে। সম্ভবত খামেনি তখনও কম্পাউন্ডের নিচে একটি ভূ-গর্ভস্থ বাংকারে অবস্থান করছিলেন।  

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনা সামরিক কৌশল ও গোয়েন্দা তৎপরতার এক অসাধারণ নিদর্শন হিসেবে চিহ্নিত হয়েছে। বিবিসি ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, দীর্ঘ  অনুসন্ধান চালিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-র প্রত্যক্ষ মিশনে খামেনিকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আরো কয়েক শীর্ষ নেতাসহ হত্যা করা হয়।

 

সকাল বেলার হামলা কেন

 

সাধারণত গভীর রাতে এ ধরনের হামলা চালানো হলেও, এই হামলাটি সংঘটিত হয়েছে শনিবার সকালবেলায়। মাত্র কয়েক ঘণ্টা আগে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্যই এই সময় নির্বাচন করা হয়। মাসের পর মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল, যখন ইরানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা একত্রে বৈঠকে বসবেন।

 

গোয়েন্দা সূত্রে তারা নিশ্চিত তথ্য পায় যে, শনিবার সকালে খামেনি রাজধানী তেহরানের মধ্যাঞ্চলের একটি কম্পাউন্ডে উপস্থিত থাকবেন। ওই একই সময়ে সেখানে আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার অবস্থান সম্পর্কেও তারা নিশ্চিত হয়।

 

মাসব্যাপী নজরদারি

 

বহু মাস ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আয়াতুল্লাহ আলী খামেনির দৈনন্দিন রুটিন এবং চলাচলের ওপর নজর রাখছিল। ঠিক কী পদ্ধতিতে তারা এই নজরদারি চালিয়েছিল, তা গোপন রাখা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এর আভাস দিয়েছেন। তিনি লেখেন, ‘তিনি (খামেনি) আমাদের গোয়েন্দা সক্ষমতা এবং অত্যন্ত উন্নত নজরদারি ব্যবস্থা এড়িয়ে যেতে পারেননি।’

 

প্রযুক্তিনির্ভর অনুপ্রবেশ

 

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে খামেনির কাছের মানুষদের ওপর চালানো প্রযুক্তিনির্ভর নজরদারি থেকেই এই তথ্য পাওয়া গেছে। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তাদের টার্গেট করে ইসরায়েল। সে সময় ব্যক্তি বিশেষের চলাচল বুঝতে ইরানের টেলিযোগাযোগ ও মোবাইল ফোন ব্যবস্থায় অনুপ্রবেশের কৌশল ব্যবহার করা হচ্ছিল। গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে থাকা দেহরক্ষীদের গতিবিধি অনুসরণ করে দীর্ঘমেয়াদে একটি ‘প্যাটার্ন অব লাইফ’ তৈরি করা সম্ভব হয়, যা লক্ষ্যবস্তুর দুর্বল মুহূর্ত সম্পর্কে ধারণা দেয়।

 

ইরানের গোয়েন্দা ব্যর্থতা

 

তেহরান জানত যে তাদের সর্বোচ্চ নেতা শত্রুদের নজরদারির মধ্যে আছেন। কিন্তু জুনের পর বিগত মাসগুলোতে এ ঝুঁকিপূর্ণ বিষয়গুলো শনাক্ত ও মোকাবিলায় ইরানের ব্যর্থতা তাদের নিরাপত্তা ব্যবস্থার গভীর ত্রুটি প্রকাশ করে। অথবা এর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সক্ষমতার প্রমাণ পাওয়া যায়, যারা নতুনভাবে নজরদারি চালানোর জন্য তাদের কৌশল ক্রমাগত পরিবর্তন করতে পেরেছে। ইরানিরা হয়তো ধারণা করেছিল যে দিনের আলোতে হামলা হওয়ার সম্ভাবনা কম।

 

সিআইএ-র গোয়েন্দা তথ্য

 

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই ক্ষেত্রে গোয়েন্দা তথ্য এসেছে সিআইএ থেকে, কিন্তু অভিযান পরিচালনার জন্য তা ইসরায়েলকে পাঠানো হয়। যৌথ অভিযানে কাজ ভাগ করে নেওয়া হয়—ইসরায়েল মূলত ইরানি নেতাদের ওপর টার্গেট করে হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র মনোযোগ দেয় সামরিক স্থাপনায় হামলা চালানোর দিকে।

 

৩০ বোমার আঘাত

 

স্থানীয় সময় সকাল নয়টা ৪০ মিনিটের দিকে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন ইসরায়েলি জেটগুলো তেহরানের কম্পাউন্ডে একে একে ৩০টি বোমা ফেলে। সম্ভবত খামেনি তখনও কম্পাউন্ডের নিচে একটি ভূ-গর্ভস্থ বাংকারে অবস্থান করছিলেন। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং বাংকার ভেদ করতে অনেক গোলাবারুদ প্রয়োগের প্রয়োজন হয়। ওই সময় তেহরানের অন্যান্য স্থানেও হামলা চালানো হয়, যার মধ্যে ছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অফিস। পরে তিনি জানান, তিনি নিরাপদ আছেন।

 

যে সকল শীর্ষ কর্মকর্তা নিহত

 

ইরান নিশ্চিত করেছে, এ হামলায় ডিফেন্স কাউন্সিল সেক্রেটারি আলি শামখানি, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ ও আইআরজিসি কমান্ডার জেনারেল মুহাম্মদ পাকপুরসহ তিনজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। যখন জেটগুলো ইরানে আঘাত হানে, তখন ফ্লোরিডার মার-এ-লাগোয় স্থানীয় সময় ছিল মধ্যরাত। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার কয়েকজন শীর্ষ কর্মকর্তা ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছিলেন। সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন কি-না তা নিশ্চিত হতে কয়েক ঘণ্টা লেগেছিল।

 

ভবিষ্যৎ কী বলবে

 

বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ইরান এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। কেবল খামেনির জন্যই নয়, বরং জ্যেষ্ঠ কর্মকর্তা কেউ নিহত হলে তার স্থলাভিষিক্ত কে হবেন, সে পরিকল্পনা তৈরি করে রাখা হয়েছিল। ফলে, এই হত্যাকাণ্ড চলমান সংঘাতের গতিপথে কী প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: