জাপানে ইতিহাস গড়ে ক্ষমতায় সানায়ে তাকাইচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৭পরিবর্তন করতে ক্লিক করুন
জাপানে ইতিহাস গড়ে ক্ষমতায় সানায়ে তাকাইচি
শেয়ার করুন:

জাপানের ইতিহাসে এক অভাবনীয় জয় ছিনিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির লিবারাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত দেশটির আকস্মিক (স্ন্যাপ) নির্বাচনে এলডিপি একাই ৩১৫টি আসনে জয় লাভ করেছে।

টোকিও থেকে এএফপি জানায়, মঙ্গলবার প্রকাশিত সরকারি ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন এই জোট নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।

 

৪৬৫ সদস্যের নিম্নকক্ষে ক্ষমতাসীন জোটের মোট আসন সংখ্যা এখন ৩৫১। এর মধ্যে এলডিপির জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) পেয়েছে ৩৬টি আসন। এলডিপির ইতিহাসে এটিই বৃহত্তম বিজয়। এই বিশাল ব্যবধানের জয় ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচিকে আগামী চার বছর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করার সুযোগ করে দিল।

 

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি এবং সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। তাদের আসন সংখ্যা ১৬৭ থেকে কমে মাত্র ৪৯-এ নেমে এসেছে। অন্যদিকে, অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত সানসেইতো পার্টি চমক দেখিয়ে ১৫টি আসন দখল করেছে, যা আগের সংসদে ছিল মাত্র দুটি।

 

বিজয় পরবর্তী এক সংবাদ সম্মেলনে সানায়ে তাকাইচি বলেন, ‘জাপানকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে এটি এক বড় দায়িত্বের শুরু। আমরা বিশ্বাস করি, নীতিগত পরিবর্তনের জরুরি প্রয়োজন নিয়ে আমাদের আহ্বানে জনগণ ব্যাপক সমর্থন ও সহমর্মিতা দেখিয়েছে।’

 

তবে এই বিশাল বিজয়ের পরও তাকাইচির সামনে রয়েছে বহুমুখী চ্যালেঞ্জ। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীদের আশ্বস্ত করে অর্থনীতি চাঙা করা তার সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি রক্ষা করাও সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

 

ব্যক্তিগত জীবনে দারুণ জনপ্রিয় তাকাইচি তরুণ প্রজন্মের কাছে ‘স্টাইল আইকন’ হিসেবে পরিচিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার ‘কে-পপ’ গানের তালে নাচের ভিডিও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

 

তবে নারী প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সংসদে নারী সদস্যের সংখ্যা ৭৩ থেকে কমে ৬৮-তে নেমে আসায় কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সামাল দেওয়া এখন তাকাইচি সরকারের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।

 

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: