মধ্যপ্রাচ্য যুদ্ধে পানিই কি আগামীর মূল অস্ত্র?

ছবি: পিক্সেল
তেহরানের লক্ষ্য হলো, পানি সংকটের ভয় দেখিয়ে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ বন্ধের চাপ দিতে বাধ্য করা।
উপসাগরীয় অঞ্চলে চলমান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা এক ভয়াবহ নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছেন। এতদিন এই অঞ্চলের যুদ্ধের মূলে জ্বালানি তেল থাকলেও, এখন অত্যন্ত সীমিত প্রাকৃতিক সম্পদ ‘পানি’ হয়ে উঠেছে রণকৌশলের প্রধান লক্ষ্যবস্তু।
বিশ্বের মাত্র ২% মিষ্টি পানির জোগান থাকা এই অঞ্চলে সমুদ্রের পানিকে লবণমুক্তকরণ (Desalination) প্রক্রিয়াই জীবনধারণের একমাত্র অবলম্বন। কুয়েত, ওমান ও সৌদি আরবের মতো দেশগুলো তাদের চাহিদার ৭০% থেকে ৯০% পানির জন্য এই কৃত্রিম পদ্ধতির ওপর নির্ভরশীল। ফলে এই কারখানাগুলোতে হামলা চালালে পুরো জনপদ অচল করে দেওয়া সম্ভব।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি সামরিক শক্তির চেয়ে বরং পানি সরবরাহের পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করে এক ধরনের 'আতঙ্ক তৈরির কৌশল' নিয়েছে। বাহরাইনের লবণমুক্তকরণ কারখানায় হামলা বা দুবাইয়ের জেবেল আলিতে ড্রোন হামলা তারই ইঙ্গিত দেয়।
তেহরানের লক্ষ্য হলো, পানি সংকটের ভয় দেখিয়ে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ বন্ধের চাপ দিতে বাধ্য করা। অন্যদিকে, ইরান দাবি করছে তারা কেবল যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিচ্ছে। তবে এই কৌশলের ফলে ইরানের নিজস্ব ভঙ্গুর পানি ব্যবস্থাও এখন চরম ঝুঁকির মুখে। দেশটিতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল তেল বা গ্যাসের পাইপলাইনে সীমাবদ্ধ নেই। নদী, বাঁধ এবং লবণমুক্তকরণ কারখানাগুলো এখন কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হেলমান্দ নদী নিয়ে আফগানিস্তান কিংবা টাইগ্রিস-ইউফ্রেটিস নিয়ে তুরস্কের সঙ্গে ইরানের বিদ্যমান বিরোধ এই সংকটকে আরও জটিল করে তুলেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এই অঞ্চলের ক্ষমতার লড়াই আর তেলের ওপর নির্ভর করবে না; বরং পানিই হয়ে উঠবে তেলের চেয়েও দামি ও শক্তিশালী যুদ্ধের অস্ত্র।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



