ইরানের ‘ক্ষয় করার যুদ্ধের’ কৌশল কী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১১:১৩পরিবর্তন করতে ক্লিক করুন
ইরানের ‘ক্ষয় করার যুদ্ধের’ কৌশল কী

ছবি: ভিডিও থেকে নেওয়া

শেয়ার করুন:

‘নির্ভুল নিশানা করার ব্যাপারটা খুব গুরুত্ব পায় না। জনগণের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ভয় আর আতঙ্ক তৈরি করাই লক্ষ্য।’

 

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে ইরান এখন ‘ক্ষয় করার যুদ্ধের’ কৌশল গ্রহণ করেছে। প্রথাগত যুদ্ধে জিততে না পারলেও সংঘাত দীর্ঘায়িত করে, আঞ্চলিক মিত্রদের কাজে লাগিয়ে এবং অর্থনৈতিকভাবে প্রতিপক্ষের জন্য জয়কে ব্যয়বহুল করে তোলাই এখন ইরানের মূল পরিকল্পনা বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

বিবিসি জানিয়েছে, রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড. এইচএ হেলার বলছেন, ‘ইরান প্রথাগত যুদ্ধে জিততে পারবে না, তবে তাদের কৌশল হলো অন্যপক্ষের কাছে জয়টা যাতে অর্থের দিক থেকে বহুমূল্য আর অনিশ্চিত হয়ে ওঠে।’

 

ফ্রান্সের সিয়ঁসপোয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সহকারী অধ্যাপক নিকোল গ্রাজেউস্কিও এই মতামতে সহমত পোষণ করে বলেন, ইরান এখন ‘ক্ষয় করার যুদ্ধের’ কৌশল নিয়েছে। এই কৌশলে প্রতিপক্ষের অস্ত্র, সরঞ্জাম ও লোকবল ক্রমাগত কমিয়ে আনার চেষ্টা করা হয় এবং যতক্ষণ পর্যন্ত তাদের লড়াইয়ের সক্ষমতা শেষ না হয়, ততক্ষণ ক্ষতিসাধন করে যাওয়া হয়।

 

এর একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান বেসামরিক এলাকায় হামলা বাড়িয়ে দিয়েছিল। গ্রাজেউস্কি বলেন, ‘নির্ভুল নিশানা করার ব্যাপারটা খুব গুরুত্ব পায় না। জনগণের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ভয় আর আতঙ্ক তৈরি করাই লক্ষ্য।’

 

ইরানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে জানা যায়, দেশটির কাছে প্রায় আড়াই হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত আছে। এর মধ্যে আছে দুই হাজার কিলোমিটার রেঞ্জের ‘সেজিল’ এবং শব্দের চেয়ে দ্রুতগতির ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্র। মাটির নিচে নির্মিত ‘মিসাইল সিটি’তে এসব অস্ত্র মজুত রাখা হয়েছে, যার সঠিক পরিমাণ জানা যায়নি।

 

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৮৬ শতাংশ কমেছে এবং পরবর্তী সময়ে তা আরও ২৩ শতাংশ হ্রাস পেয়েছে।

 

ড. হেলার মনে করেন, এসব সীমাবদ্ধতা সত্ত্বেও ইরানের হামলা চালানোর সক্ষমতা এখনও বহাল আছে। ‘ইসরায়েলের স্থাপনা, এই অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন-মিত্রদের ওপরে হামলা চালানোর ক্ষমতা যেমন এখনও আছে ইরানের, তেমনই হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও তারা ঝুঁকির কারণ হয়ে উঠেছে।’

 

বিশ্বের জ্বালানি তেলের ২০ শতাংশ যে সরু হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, তা ইরান কার্যত বন্ধ করে রেখেছে। এই পথে চলাচলকারী জাহাজগুলোকে আক্রমণের হুমকি দেওয়া হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ।

 

ইরানের সবচেয়ে বড় শক্তি এখন ড্রোন। হাজারে হাজারে ‘শাহেদ’ ড্রোন তৈরি করে রেখেছে দেশটি। এই ড্রোনের মূল কৌশল হলো, এগুলো নষ্ট করতে প্রতিপক্ষকে বহুমূল্য ইন্টারসেপ্টার মিসাইল ব্যবহার করতে বাধ্য করা, ফলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত দুর্বল হতে থাকে। ইউক্রেনে রাশিয়াও একই কৌশল ব্যবহার করছে।

 

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক বাহিনী ইরানের। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, ইরানের স্থলবাহিনীতে সাড়ে তিন লাখ এবং বিপ্লবী গার্ড বাহিনীতে এক লাখ ৯০ হাজার সৈন্য আছে। এছাড়া হুতি, হেজবুল্লাহ, হামাসের মতো আঞ্চলিক মিত্র নিয়েই গঠিত তাদের ‘প্রতিরোধ অক্ষ’।

 

তবে ২০২৩ সালের পর থেকে গাজা ও লেবাননে সংঘাতে এই জোটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রাজেউস্কি মনে করেন, দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা থাকলেও ইরানের অভ্যন্তরীণ সংহতি এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘নিরাপত্তা ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব কতটা এক থাকতে পারেন, তার ওপরেই সবটা নির্ভর করছে।’

 

তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী বাহিনীর মধ্যে পরিশ্রান্তি ও চাপ স্পষ্ট। এর ফলে ভুল নিশানা ও সংঘাতের মাত্রা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

উপসাগরীয় দেশগুলোর অবস্থানও ইরানের জন্য উদ্বেগের। ড. হেলার সতর্ক করে বলেন, ‘উপসাগরীয় দেশগুলি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যে তারা ইরানের হুমকির মুখে মার্কিন হামলা সমর্থন করবে কি না। তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে।’

 

ইরানের কৌশল কতটা সফল হবে, তা নির্ভর করছে অভ্যন্তরীণ ঐক্য, আঞ্চলিক মিত্রদের ভূমিকা এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলার সক্ষমতার ওপর। সংকট দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের ওপর চাপ বাড়লেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই কৌশলই এখন তাদের প্রধান হাতিয়ার।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: